The science whose opposite is ignorance is the science of letter, and the ignorance whose opposite is science is the ignorance of letter.
(আল নিফারি, উমর আল রাখাবি-র অনুবাদ, তাঁর স্নাতকোত্তর গবেষণাপত্র থেকে গৃহীত)
সেই বিজ্ঞান, যার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে ‘অজ্ঞানতা’, তা হল অক্ষরের বিজ্ঞান -- অক্ষর-নির্মিত-বাচন দ্বারা প্রস্তুত যে জ্ঞানান্বেষণ-প্রকল্প, তার ফল। আর সেই অজ্ঞানতা, যার বিপরীতে দাঁড়িয়ে আছে ‘বিজ্ঞান’, তা হল অক্ষর-বিষয়ক জ্ঞানের অভাব, বা বলা ভালো প্রত্যাখ্যান। খ্রিস্টিয় দশম শতকের সুফি দার্শনিক আল নিফারি বলবেন, অক্ষর থেকে, ব্যাপ্তার্থে শব্দ থেকে, ব্যপ্ততরার্থে ভাষা থেকে বেরিয়ে আসলেই পাওয়া যাবে সেই বিশেষ জ্ঞানের সন্ধান, যার আর কোনো বিপরীত নেই, প্রতিকল্প নেই। ভাষা থেকে বেরিয়ে আসা মানেই তবে, নিফারি বলবেন, দ্বৈধতা থেকে বেরিয়ে আসা। দুই থেকে বেরিয়ে আসা। অদ্বৈতে প্রবেশ। পরমে প্রতিষ্ঠা। ভাষার মধ্যেই তবে জড়িয়ে রয়েছে দুই, বা ততোধিক, অসংখ্য। ভাষার মধ্যে বলতে, অর্থের মধ্যে। অসংখ্য অর্থ, তাদের বিচিত্র প্রকাশ, বা চতুর আত্মগোপন রয়েছে একদিকে, অন্যদিকে রয়েছে মানুষের জগতের বিপুল সংখ্যক ভাষাচিহ্নের স্বীকৃত প্রয়োগ, অর্থাৎ অক্ষরমালা। ‘অসংখ্য’ – অর্থাৎ সংখ্যা দ্বারা গণিত নয়, কিন্তু সংখ্যা দ্বারা গণিত হবার যে শর্ত – তার অধীন। সেই ‘অসংখ্য’ থেকে ‘অনন্তে’ পৌঁছোতে গেলে, ‘ইনিউমারেবল’ থেকে ‘ইনফিনিটে’ পৌঁছোতে গেলে, আমাদের তবে অতিক্রম করতে হবে অক্ষর। চিহ্নসমূহ। ভাষা।
এই অক্ষরচিহ্ন, হরফ, বিনয় মজুমদারের ভাষায় ‘বর্ণাবলেপন’ তবে পরমের পথের বাধা। কোরান বলে যে আরবি ভাষা, তার প্রতিটি অক্ষর পবিত্র, কেননা ঈশ্বর এই ভাষা দান করেছেন, ব্যবহার করেছেন; যদি সমুদ্রের সব জল কালি হয় আর প্রতিটি গাছ হয় কলম, তবুও লিখে শেষ করা যাবেনা ঈশ্বরের শব্দসমূহ। ইসলামের অন্দরমহলে ঢুকতে গেলে আরবি ভাষার পবিত্র পথ ধরেই ঢুকতে হবে, কারণ প্রতিটি অক্ষরচিহ্ন পরমের প্রকাশস্বরূপ, ঈশ্বরের গূঢ় রহস্য উন্মোচনের মাধ্যম। অথচ, সেই হরফ তো ঈশ্বর নয়, চিহ্নমাত্র। মূর্ত। সেই চিহ্ন, একদিকে দিব্য রহস্যকে প্রকাশ করছে, কিন্তু অন্যদিকে তাকে তো আড়ালও করছে। যদি ভাষা না থাকত, তার চিহ্নসমূহের জটিল কাঠামো না থাকত, যদি তার অর্থসমূহের বিপুল সমবায়িক প্রস্তাবনা না থাকত, তবে তো পরমের রহস্য অনেক সরাসরি ছোঁয়া যেত? সেই ভাষা, যা প্রকাশ করার জন্যে ব্যবহার করা হল, তা-ই তো আসলে আড়াল? আল নিফারি আরো এগিয়ে গিয়ে বলবেন, এই ভাষা, খোদিত অক্ষরচিহ্ন, আসলে এক-একটি মূর্তি। কিন্তু ইসলামের ঈশ্বর শুধু মূর্তির বিপরীতে দাঁড়িয়ে আছেন তা’ই নয়, রীতিমত মূর্তির বিরুদ্ধেও দাঁড়িয়ে আছেন। ‘বুতপরস্তি’ তো কাফেরের ধর্ম! এই মূর্তির ভাষাজগৎ ভেঙে তবে পৌঁছতে হবে বিমূর্তের কাছে, সেটাই সাধনা। পরমের সাধনায় অক্ষরকে ত্যাগ করে হতে হবে নিরক্ষর।
আব্রাহাম মূর্তি ধ্বংস করছেন, একাদশ শতকের গ্রন্থচিত্র
তাহলে ভাষা, যা অক্ষরকাঠামোয় ভর করে শব্দ বুনে বুনে ধারণ করছে প্রকাশের সব রহস্য, তার সৃষ্টির মধ্যেই লুকিয়ে রয়েছে পাপ। প্রথম পাপ। আর মানুষ, যারা ভাষায় বেঁচে থাকে, তারা সেই পাপ বহন করে চলে আমৃত্যু। যেন স্বর্গের ওই পবিত্র বাগানে শয়তানের সরীসৃপ আসলে ভাষা। ভাষাই আমাদের বিতাড়িত করেছে ঈশ্বরের সান্নিধ্য থেকে। কিন্তু, এই অক্ষরচিহ্ন, যা জন্মমুহূর্ত থেকেই পবিত্র এবং পাপী, তার বিষাদের খতিয়ান কে করবে? সেই অভিযোগ দাখিল করতে হবে অক্ষরকেই। কিন্তু কার বিরুদ্ধে? যে তাকে লিখল তার বিরুদ্ধে, নাকি যে তাকে সৃষ্টি করল তার বিরুদ্ধে?
প্রায় নশো বছর পর, মির্জা গালিব তাঁর কাব্যসমগ্রের প্রথম কবিতার প্রথম লাইনে লিখলেন – “নকশ ফরিয়াদি হ্যায় কিসকি শোখি-এ-তহরির কা”: [আমার] হরফ ফরিয়াদি হয়ে কারো লিখন-লীলার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে! ‘লিখন’-কে বললেন ‘শোখি’ – অর্থাৎ লীলা, বা স্বেচ্ছাচারী অহৈতুকি খেলা। প্রতিটি অক্ষরচিহ্ন ফরিয়াদি, অভিযোগকারী সেই খেলার কারিগরের বিরুদ্ধে। এর পরের পংক্তিতেই গালিব লিখলেন, “কাগজি হ্যায় প্যয়রহন হর প্যয়কর-এ-তসবির কা”: প্রতিটি হরফ-চিত্র পরে এসেছে কাগজের পোশাক। কারণ, সেই চিত্র তো ফুটে উঠেছে কাগজেই। কাগজই অক্ষরচিহ্নের পোশাক! কিন্তু হঠাৎ একথা বলা কেন?
প্রাচীন পারস্যের রাজদরবারে কেউ অভিযোগ জানাতে এলে তাকে পড়তে হত কাগজের পোশাক। সেটাই তার ফরিয়াদি হবার চিহ্ন। সেই চিহ্ন গালিব আবিষ্কার করলেন কাগজে লেখা হরফে। আরো তলিয়ে ভাবলে, প্রতিটি হরফই কি আমরা নই? সকল মানুষ যেন বিপুল ভাষাসাম্রাজ্যের অন্তর্গত এক একটি হরফ, আঁচড়মাত্র, যাদের সৃষ্টিমুহূর্ত থেকেই রয়েছে সৃষ্টিকর্তার বিরুদ্ধে অভিযোগ। সারা জীবন ধরে সেই অভিযোগ ক্রমে জমতে থাকে। কাগজের ওপর প্রতিটি আঁচড় সেই অভিযোগের বয়ান।
গালিব হরফকে বলছেন “প্যয়কর-এ-তসবির”, চিত্রপ্রতিম। বিশেষতঃ আরবি হরফ বাস্তবিকই ছবি আঁকার মত। অথচ কে না জানে, ছবি ইসলামে হারাম। তবে কি অক্ষরচিহ্নময় কোরান শরিফের ভিত্তিমূলেই রয়ে গেছে চিত্রের দাসত্ব করার পাপ, বুতপরস্তি? প্রিয় মূর্তির সামনে নত হওয়া? শিরক?
বস্তুতঃ সুফি দর্শনে মানবদেহকে হরফ-শরীরী করে তোলা হয়েছে একাধিক জায়গায়। আনামারি শিমেল দেখিয়েছেন কিভাবে ‘হুরুফি’ (হরফ থেকে) শিয়া কবি-তাত্ত্বিকেরা মানুষের মুখের মধ্যে কোরানের অক্ষরলিপি দেখতে পেয়েছেন। দেহের প্রতিটি মাত্রা ঐশ্বরিক হরফের রেখা হয়ে উঠেছে তাঁদের কল্পনায়। গালিবের প্রায় শতবর্ষ পরে রবীন্দ্রনাথ প্রিয়তমের “ধূলায় ধূলি” হয়ে যাওয়া পুরানো আখরগুলি খুঁজে পেয়েছেন পুষ্পে, পত্রে, পল্লবে; “লেখনীলীলার রেখা” দেখা দিয়েছে প্রকৃতির চিত্রপটে। কিন্তু গালিবের হাত থেকে এত সহজে মুক্তি নেই। উর্দুতে ‘গালিবান’ মানে হল ‘সম্ভবতঃ’। গালিবের নামের মতই তাঁর কবিতার গর্ভে রয়ে যায় অসংখ্য অর্থের সম্ভাবনা।
নিফারির প্রায় তিনশ বছর পরে মহামরমী ফরিদুদ্দিন আত্তারের রচনায় আমরা পাই আরেকটি নিবিড় চিত্রকল্প। হৃদয় সেখানে কলম, যা পরমের ইচ্ছানুসারে নানাদিকে চালিত হয়ে ফুটিয়ে তোলে লেখ-ছবি। কলম বলতে সেকালের খাগের কলম, ইংরাজিতে যাকে বলে ‘কুইল’। কালির দোয়াতে ডুবিয়ে তাকে দু-আঙুলে ধরে ব্যবহার করার আগে ধারালো করে তুলতে হত তার শিষ, মাথার দিক চেঁছে ফেলে দিতে হত। আত্তার বললেন, আমি সেই কলম, যার জিভ কেটে বাদ না দিলে তা লেখা ফুটিয়ে তুলবে না। কলম সেই সাধকের প্রতিরূপ, যে কথাকে চেঁছে ফেলে দেবে তার অস্তিত্ব থেকে, বোবা হয়ে তবে সে ফুটিয়ে তুলবে বাক্যাতীত রহস্য। হরফ থেকে বেরিয়ে এলে তবে হরফের সত্য ফুটিয়ে তোলা যাবে। গালিবের অভিমানী অক্ষরমালা বুঝি তাই অভিযোগের দরবারে দাঁড়িয়েছে কাগজের পোশাকে।
কিন্তু উলটোদিক থেকে দেখলে, এই অক্ষরলিপি তো কবির অভিযোগও বহন করছে, তাঁর বিষাদ বহন করছে, তাঁর ক্রোধ বহন করছে, ভালোবাসা বহন করছে, তাঁর চিৎকার, চুম্বন, বিচ্ছেদ বহন করছে। সেই অভিযোগ সাদা কাগজে ফুটে উঠছে কালির অন্ধকার রেখায়। সেই অন্ধকার রেখার কাটাকুটির মধ্যেই লুকিয়ে আছে আলোর রহস্য, কোনো অক্ষরাতিক্রমী পাঠকের হৃদয়ে ফুটে উঠবার অপেক্ষায়। সেই অপেক্ষা নিয়ে, গালিবেরও প্রায় একশ বছর পরে আরেকজন কবি কবিতার খাতায় আঁচড় কাটলেন রক্তের অক্ষরে। ফয়েজ আহমদ ফয়েজ। তাঁর অক্ষর অভিযোগকারী নয়, অক্ষরমাধ্যমে ফয়েজ নিজেই সেখানে অভিযোগকারী। ১৯৪১ সালে প্রকাশিত হল তাঁর প্রথম কবিতার বই।
সে বইয়ের নাম ‘নকশ-এ-ফরিয়াদি’।
চিত্রঋণ:
https://sufipathoflove.com/the-symbolism-of-arabic-letters/
https://images.app.goo.gl/sTXyr8cftMQcHzdj6
https://images.app.goo.gl/CvVLvjPdAyzYhSDPA
.webp)

মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।