আমাদের ব্যক্তিগত অবতার জেলে চলে গেছে।

আমাদের ব্যক্তিগত অবতার যুদ্ধে হেরে গিয়ে

এখন হিসেব রাখে প্লটের লটারি হল কি না।

আমাদের ধর্ম বলতে রয়ে গেল উপায় সন্ধান,

আমাদের গর্ব বলতে রয়ে গেল— চুরি তো করি না!

ফলে আমরা ফিরলাম পৃথিবীর সে সমস্ত পথে,

যেখানে দানবাকার মানুষেরা খেলে গেছে জুয়া,

বড়ো কোনো আদর্শের দানে, তারা হেরেছে জিতেছে

পেশাদারী ইতিহাস-চরিত্রের মত, অসমাপ্ত প্রেম

ফেলে রেখে চলে গেছে, ঘটনাকে ত্যাগ করে তারা

সরে গেছে কাহিনিতে। পড়ে রইল এই যোগক্ষেম—

আমরাই বইব বলে। আমরাই নিরীশ্বর দেশে

ব্যক্তিগত অবতার, আমাদের নীতি— আয়কর

সসম্মানে দিয়ে দেওয়া। আমাদের পীর পেগাম্বর

আমরাই। সমস্ত যুদ্ধে হেরে তবু ভালোবেসে যাওয়া

আমাদের জিত বলে আমরাই জেনেছি। তারও আগে

সন্তানের অবহেলা, প্রেমিকের শীতল বিরাগে

আমরা মৃত্যুর কথা ভেবেছি, বন্ধুর কাছে গিয়ে

কেঁদে ফেলতে পারাও অর্জন— এই অহংকার জেনে

যার সামনে শুয়ে পড়ব কথা ছিল, চড়ে সেই ট্রেনে

আমরা ফিরেছি ঘরে। মাঝরাতে। রাত্রিও পানীয়

মেনে। ভোর শান্তি, সন্ধ্যা পবিত্র, বিকেল রমনীয়

এই বুঝে, পাইচারি করে, চিনেবাদামের খোসা

বাতাসে উড়িয়ে দিয়ে অবসর তৈরি করে বন্দুকের মতো

নিজেদের গুলি করে আমরা শুয়েছি ঘাসে ঘাসে

বিশ্রামে। নিজেকে শান্তি বোধ করাতে শিখিয়েছি কিছু

ছোটোখাটো বিরতিতে। সঙ্গমজনিত হাঁসফাসে

ভ্যাবাচাকা খেয়ে গিয়ে নিঃশেষে স্খলিতচ্ছন্দ হয়ে

অভিশাপে মাথা পেতে মর্ত্যপৃথিবীর বোঝা বয়ে

ঘুমিয়ে পড়াও কোনো অংশে কম প্রাপ্তি নয় ভেবে

আমরা সন্তুষ্ট হই গণতন্ত্রে, ‘যাকে ইচ্ছে তাকে ভোট দেবে’—

এই নিশ্চয়তা আমাদের স্বাধীনতা জেনে

যে ট্রেনে মরার কথা, আমরা ফিরেছি সেই ট্রেনে।

 

আমরা ফিরেছি। বারবার এই সত্য রয়ে যায় তবু

বেঞ্চে আঁচড়ের মতো; নখের বিদ্রোহী কণা যেন,

যতবার কেটে দিই দাঁতে, ততবার রাতারাতি

বেড়ে উঠে আমারই দেহের মধ্যে আমাকে সংঘাতে

লুব্ধ করে। কেন ফিরে আসা একদিকে ধ্রুব,

অন্যদিকে ইতিহাসময়? যা যা আছে ইতিহাসে

তা তো চিরন্তন নয় কখনোই। ইতিহাসে নেই বলে

যে যে দেবতাকে আমরা ভাসিয়ে দিয়েছি বন্যাজলে

তারা যেন ভাঁড় হওয়া প্রেতের মতন অলক্ষিতে

আমাদের নিয়ে হাসাহাসি করে। ফেরে তো তারাও

নির্বাসন থেকে নির্বাচনে, সভ্যতা এগোবে বলে

আমরা বাণিজ্যে জোর দিই দেখে তারা কৌতুহলে

মুখ চাওয়াচাওয়ি করে। বলে: যত বস্তুবাদী এরা

ততই আতঙ্কে ভোগে, কল্পনার হাত থেকে নিশ্চয়তা চায়

ভয় দিয়ে, ভয় পেতে ভালোবাসে সমাজে, পাড়ায়,

গুজবের মতো এরা ইতিহাস কানাকানি করে,

এরা কি যথার্থ ভক্ত, নাকি এরা চিন্তাশীল ক্রেতা,

বিজ্ঞানমনস্ক, কিন্তু আমাদের প্রকৃত প্রণেতা

এদেরই আগের লোক? এরা কি প্রহেলিমাত্র নয়

নিজেদের বর্তমানে? তাই ইতিহাস নিয়ে আরো

অনুপুঙ্খ সুনিশ্চিত হতে চায়, ভবিষ্যতও গাঢ়

যুক্তিজালে সিদ্ধ করে রাখতে চায়, অথচ সময়

যেটুকু আয়ত্তে আছে, তাকে এরা দুয়োরানি মেনে

যেই ট্রেনে চলে যাবে ভেবেছিল, ফেরে সেই ট্রেনে।

 

আমাদের ব্যক্তিগত অবতার অবসর নিল।

আমাদের ব্যক্তিগত অবতার তেরো দিন পরে

অশৌচ ভাঙবে নাকি তিন দিনে— গবেষণা করে।

এখনও তো প্রেম আছে পৃথিবীতে, স্নেহ, মায়া, দয়া,

তাই চলছে সৌরজাঁতাকল— এ কি কম বড়ো কথা?

আমাদের ব্যক্তিগত অবতার এ হেন বারতা

হেলায় বিলিয়ে দেয় মেধাস্বত্ব অধিকার ত্যেজে

অবলীলাক্রমে সাধারণ্যে, গুনগুনিয়ে সুর ভেঁজে,

‘সমস্ত দর্শন যে আসলে গিয়ে মহামানবেরই

আলুকাবলির ঠোঙা তৈরি করে’— আপ্তবাক্য হেনে

মানুষের মৃত্যু থেকে মানব ফিরেছে সেই ট্রেনে

যার সামনে অঞ্জলি দেবে বলে খালি পেটে ভোরে

বাড়ি ছেড়ে রওনা দিয়েছিল। তার নিজস্ব সমরে

জিতে যাওয়া হেরে যাওয়া এক হয়ে গেছে, তবু তার

মতামত রয়ে গেছে পৃথিবী ও অস্তিত্বের চোরাকারবার

নিয়ে। এও এক সার্থকতা। অংশগ্রহণের দাবি

সকলেই সবখানে লাগু রাখে, নীতির নবাবি

হাতে গোনা। বাকিদের জন্যে রইল অভিজ্ঞতা

অর্জন ও বাকিদের অনিঃশেষ অভিজ্ঞতা শোনা।

তার ’পরে ভিত্তি করে সম্পর্ক, নাগরিকতা আদি

জটিল জীবনবিধি তৈরি করে সুদীর্ঘমেয়াদী

জ্ঞান, বিদ্যা, বুদ্ধিচর্চা; তারই পরে ঠেকনা দিয়ে ঘরে

রাত্রে লোকে কাছাকাছি চলে আসে, দিনে সরে পড়ে,

গান গায়, ঋতু যায় কাব্য ও খরচাপাতি নিয়ে,

তারই ’পরে শ্মশানযাত্রা, সোনামনিদের বিয়ে।

আমাদের ব্যক্তিগত অবতার কখনও আচারভীরু নয়।

শুধু তার আধিপত্য একে নেই, বহুতেও নেই,

বহুর বিকল্পে আছে। অথচ বিকল্প কিছু নেই

সমষ্টির। সংখ্যা আছে, প্রতিসংখ্যা আছে।

আমাদের ব্যক্তিগত অবতার ফলত সংখ্যানে

ইতস্তত করে। সে তো জানে তত্ত্ব কবচের মতো

যুদ্ধের অব্যবহিত পূর্বে খুলে দান করে দিতে হবে

তারই তৈরি করা দূর জননীর পক্ষপাত মেনে,

যে ট্রেনে ফিরবে ভেবেছিল, খুন হবে সেই ট্রেনে।