পর্ব ১
বাংলা ভাষার একজন লেখকের সমস্যার দু-একটি দিক এবং আধুনিক বাংলা উপন্যাসের চলন সম্পর্কিত গুটিকয় কথা এই নিবন্ধে পেশ করতে চেষ্টা করব। পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো ভাষার লেখকের সমস্যা ও চিন্তনের সঙ্গে এই অভিজ্ঞতার মিল ও অমিল, দুই-ই থাকা সম্ভব। আশ্চর্যের ব্যাপারই বটে, আমার লেখক জীবনের, লেখার কাজের সূত্রপাতেই এক মহামূল্যবান সমস্যার অবতরণ ঘটে। যা আজ আমার কাছে খুব বড়ো-একটা প্রাপ্তি, মূল্যবান উপহার বলেই মনে হয়। যদিও সেই সময়কার অদক্ষ, অপরিণত অবস্থায় কী করে যে প্রশ্নটা ভেবেছিলাম তা খুবই বিস্ময়ের। আবার একথাও সত্য, বহু-র অংশগ্রহণে স্পন্দিত ঘটনাপ্রবাহ ও জীবন ভাষায় অনুবাদ করা কতদূর সম্ভব, সেইসময় এ-প্রশ্ন ভাবিনি। ভাবতে বাধ্য হয়েছি এক বিশ্বস্ততার কথা, সেখানে যেন কোনো বিচ্যুতি না ঘটে। ভাষা সম্পর্কে ভাবনা বা উদ্বেগ শুরু হয়েছিল এখান থেকেই।আজ মনে হয় রাজনীতির সাহচর্য ছাড়া এমনটা ঘটা সম্ভব ছিল না। বস্তুত তরুণ বয়সে যদি সশস্ত্র বিপ্লবের রাজনৈতিক কর্মী না হতাম, তাহলে হয়তো ভাষা-কারিগর হওয়ার কথা কখনও ভাবতামই না।
আলোচনার প্রথম এক-দুটি ধাপ হিসাবেই আমার রচনাপ্রসঙ্গ উত্থাপিত হবে। চেষ্টা করব সেখান থেকে একটি সূত্র নিয়ে আধুনিক বাংলা উপন্যাসের, আমার ধারণায়, তার দুটি প্রধান দিক সম্পর্কে আলোচনা করত— ভাষা এবং রাজনীতি। যা ভাষা-রাজনীতি ছুঁয়ে দেবে হয়তো কখনও-কখনও। যদিও আমার সরাসরি প্রসঙ্গ তা নয়।
সত্তরের নকশালপন্থী আন্দোলন তথা বিপ্লব তার অন্তঃস্থ দুর্বলতা ও ত্রুটি এবং রাষ্ট্রের দমনপীড়নের কারণে নির্বাসিত হওয়ার পরও কলকাতা শহরের প্রান্তিক এলাকার দেওয়ালে জ্বলজ্বল করত বিপ্লবের বাণী। আন্দোলন অতীত হওয়ামাত্রই স্মৃতি। যদিও স্মৃতি স্বয়ং অতীত নয়। সেই স্মৃতির একটা বড়ো অংশই স্বতঃস্ফূর্ত হওয়ায়, অভ্যাসজাত হওয়ায় আমি ভাবতে থাকি- এই যে এত বড়ো-একটা স্বপ্ন শহরের বস্তি অঞ্চলে, নিম্নবিত্ত অঞ্চলে প্রায় ফুলের মতোই (হয়তো আগুনফুল) ফুটে উঠেছিল, তার প্রভাবে, স্পর্শে সামান্য একটা স্থান হয়ে উঠতে পেরেছিল দেশ। তার প্রায় ডানা গজিয়েছিল। সামান্য, সাধারণ, ছোটো মাপের বন্দিজীবন উন্মুখ হয়েছিল মুক্তির জন্য। ঠিক কী যে সেই মুক্তি তা না জানলেও, স্বপ্ন ও কল্পনায় দেওয়াললিপি ও রাজনীতি ছাপিয়ে এক ইচ্ছাপূরণের রূপকথাতেও হয়তো তারা সেইসব ফাঁকফোকর ভরাট
করে নিতে চেয়েছে।
এই স্মৃতি, আমার নির্বাচিত, সচেতন স্মৃতি। কী করে এই স্মৃতি জীবন্ত করে তোলা যায়, যাতে এখনকার এবং ভবিষ্যতের লোকজন স্মৃতির এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হয়; তার অন্তঃস্থ ইতিহাস-রাজনীতি-দর্শন-সহ যে-যাপনচিত্র, সেই স্পন্দন ও তার প্রতিধ্বনি অন্তত থাকুক। এই ভাবনা থেকে, এই ভাবনাতাড়িত হয়েই একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলি: লিখতে হবে। ভাষারূপে ধরে রাখতে হবে, জীবন্ত করে তুলতে হবে এই অভিজ্ঞতাকে।
কিন্তু কোন ভাষা। বাংলা সাহিত্যের মান্য ভাষায় এ-কাজ করা যাবে না। আবার শুধুই বস্তিবাসীর, আন্দোলনের ভাষা, রাজনৈতিক পরিভাষা কণ্টকিত ভাষায় ক্রোধ, ক্ষোভ ও সঞ্চিত স্মৃতির এক শিল্পরূপ সৃষ্টি অসম্ভবই মনে হয়েছিল। একপ্রকার ভাষাহীনতা, ধ্বনি, শরীরী প্রকাশ, কলকাতার প্রান্ত এলাকাটির বহুবিধ চিহ্ন এবং ব্যাকরণ না-জানা, না-মানা প্রান্তিক, বহুভাষী মানুষের সুখে-দুঃখে চলমান যে-ভাষাভাণ্ডার, হাত পাততে হল ওই গোষ্ঠী, শহরে কওমের বুকের খাঁচা-সদৃশ ভাঁড়ারটির কাছেই। ভাষার এই ভাণ্ডারটির সঙ্গে আমার যোগ থাকলেও, লেখাপড়ার ভাষা স্বতন্ত্র হওয়ায়, মধ্যবিত্ত পারিবারিক স্তরের এবং পেশপাশের ভাষা আলাদা হওয়ায়, ভাষার প্রশ্নে কিছুটা দ্বিখণ্ডিত-ই ছিলাম। এর সঙ্গে বাঙালি ভদ্রলোকের ভাষাফিজত্ব তথা বাংলা-ইংরেজির কোনো সম্পর্ক নেই। খুলে বললে, এ হল ভদ্রলোকের ভাষা ও ছোটোলোকের
ভাষার দ্বন্দ্ব।
আমার প্রথম ও জরুরি লেখাটিতেই এমন সমস্যায় পড়ে, সম্ভবত কিছুটা আনাড়ির মতো, কিছুটা দুঃসাহসে ভর করেই এগোতে হয়েছিল। তখনও পর্যন্ত আমি তেমন সচেতনও নই যে, বলা যাবে ভাষার প্রশ্নে একটা কোনো অবস্থান বেছে নিয়েছিলাম। রাজনৈতিক কর্মকাণ্ডটির সুবাদে যে-জীবনস্পন্দন, যে-গতি অনুভব ও অভিজ্ঞতায় ছিল, সেসবের প্ররোচনাই আমাকে এক উলটোযাত্রায় ঠেলছিল। বাংলা সাহিত্যের স্রোতের উলটো দিকে।
মিশ্র ভাষা, ভাষায় গতিসঞ্চার করতে ছোটো ছোটো বাক্য, উচ্চারণবিকৃতি- এ সমস্তই কাজে লেগে যায় 'কমুনিস' উপন্যাসটি রচনার সময়। 'কমুনিস' শব্দটি 'কমিউনিস্ট' শব্দেরই উচ্চারণবিকৃতি। বস্তিবাসীর মুখের ভাষা থেকে নেওয়া এই শব্দটি ব্যঞ্জনাময়ও। উপন্যাস বললাম, কেননা লেখাটির গোত্র নির্ণয়ে এই আঙ্গিকটি সবচেয়ে নিকটবর্তী বলেই, হয়তো ডকু-নভেলও বলা যেত। লিখনরীতির বিচারে ঠিক কোন ধরনটিতে এই লেখাকে চিহ্নিত করা যায়, তা নিয়ে আমার সংশয় রয়েই গেছে।
ভাষা এবং সাহিত্য-ধরন— এই দু-দিক থেকে দেখতে গেলেই 'কমুনিস'-কে অনাথ, পিতৃত্বহীন মনে করা সম্ভব। এমন নয় যে, অনাথ ওই রচনার সৃজনকালে বিশ্বসাহিত্য এবং বাংলা সাহিত্যের কোনো পাঠই আমার ছিল না, তবে একটা সিদ্ধান্ত খুব সতর্কভাবে আমাকে নিতে হয়েছিল, তা হল মুদ্রণসংস্কৃতির বাইরে যে-জীবন, যে চলমান লোক-ঐতিহ্য, আমাকে হাত বাড়াতে হবে সেই দিকে।
একে ছোটো ঐতিহ্য বলব শুধু এই কারণে যে, সংস্কৃতির যে ক্ষমতাবিন্যাস, সেখানে এই ঐতিহ্যের ঠাঁই হয়েছে প্রান্তে। ভাষা এবং কথনের রীতি এই দুটি প্রশ্নেই আমার প্রথম দিকের রচনা 'কমুনিস' এই ছোটো ঐতিহ্যের কাছেই ঋণী। ভাষা-শরিক হিসাবেই বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ, জনসংস্কৃতির চিহ্ন-বাহক শহরের প্রত্যন্ত অঞ্চলের মিশ্র ভাষাটিতে আমার অংশগ্রহণের এক দলিল 'কমুনিস'।
দুই
এরকমভাবে চিন্তা করলে আরও একটি সত্য সামনে চলে আসে, স্মৃতি নির্বাচন ও তার বিন্যাসটি ভাষা-কাঠামোয় ধরার যে-চেষ্টা, সেই চেষ্টার দরুন যেসব অভিজ্ঞতা হয়েছে, রচনার মধ্যে তার সবটাই স্থান পেয়ে যাওয়ায় সময়ের তিনটি মুখ একইসঙ্গে উপস্থিত। স্মৃতি (অতীত), রচনাকালীন অভিজ্ঞতা (বর্তমান), সেই অভিজ্ঞতার রচনায় স্থান পাওয়া (ভবিষ্যতের স্মৃতি) ইত্যাদি মিলে রচনাটি ঘড়ির সময়, ক্যালেন্ডারের সময় অতিক্রম করে যে অন্য কালিক মাত্রাও পেতে পারে, তার উৎস এক আদিমতা। যা ছিল ওই জনসংস্কৃতি এবং এক উদ্দ্বাস্তু ভাষার মধ্যে, যে-ভাষা মৃত্যু বহন করছিল। এই ভাষার মধ্যে দেশভাগ, দেশছাড়া হওয়া, উৎখাত, পুনর্বাসন তো আছেই, এমনকী তা বহন করছে অনেক পুরাণ-প্রতিমাও। 'কমুনিস'-এ নীরব এলাকাও আছে। যেজন্য, সত্তরের দশক এমন এক সময় পরিধি যা কাল ছুঁয়ে থাকায় ক্যালেন্ডার হারিয়ে যাওয়া সম্ভব। ঝড়ো সময়ের ঘূর্ণি তো ছিলই। অর্থাৎ এর আদি-মধ্য-অন্ত বেশ কুয়াশাচ্ছন্ন। এ যুগপৎ কথিত এবং অকথিত, এক অনন্ত, চিরচলমান আখ্যান।
উপন্যাস অনেক বিবর্তিত; অনেক রূপান্তর সেখানে ঘটে যাওয়ার পরও কিন্তু তার আদিরূপটি গদ্যভাষায় রচিত কাহিনি বা আখ্যান, সেই চরিত্রটি আজও প্রধান। কাব্যে উপন্যাস রচনার সাম্প্রতিক কিছু প্রয়াস সত্ত্বেও। ভাষাশিল্প- এই প্রাথমিক পরিচয়ের সঙ্গে উপন্যাসে গদ্যের আসনটি পাকা করার কাজ সহজে ঘটেনি। কাব্যে রচিত বহু আখ্যানেই উপন্যাস-বীজ ছিল, সব ভাষাতেই। বাংলায় মঙ্গলকাব্য থেকে ভারতচন্দ্রের 'বিদ্যাসুন্দর' পর্যন্ত এই ঐতিহ্য স্পষ্ট। ইউরোপীয় নভেল-কাঠামোয় বাংলায় উপন্যাস লিখতে শুরু করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গর্বের সঙ্গে বলা হতো তিনি বাংলার স্কট। যদিও দেশকাল স্পর্শে তিনি উপন্যাস নামের আঙ্গিকটিকে ঘরেরই করে তুলেছিলেন বেশ খানিকটা।
অলংকারবছল, সংস্কৃতগন্ধী ভাষাই বঙ্কিম বাধ্য হন বেছে নিতে, কেননা তখনও পর্যন্ত নাগরিক সাহিত্য রচনার যোগ্য বাংলা ভাষার অভাব ছিল। এই ফাঁক, এই অভাব পুরণ করতে না পারলে বাংলা উপন্যাস রচনার প্রকল্পটি পঙ্গুই থেকে যাবে। বঙ্কিমচন্দ্রের সমসাময়িক লেখকরাও এদিকে তেমন আকৃষ্ট হননি, বঙ্কিমের অনুকরণই করে গেছেন। উপন্যাসের ভাষায় প্রথম ছেদ, প্রথম রূপান্তর ঘটান রবীন্দ্রনাথ ঠাকুর। নাগরিক সমাজের রুচি ও প্রত্যাশার পুরণ তো করলেনই, সেইসঙ্গে প্রতিষ্ঠা করতে সমর্থ হলেন যে বাংলা ভাষায়ও উচ্চাঙ্গের আধুনিক সাহিত্য রচনা সম্ভব। রবীন্দ্রনাথ বাংলা গদ্যভাষার যে-ধরনটি গড়ে তোলেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক থেকে আজকের তরুণ গবেষকের রচনাতেও ভাষার সেই আদলই চর্চিত হয়ে চলেছে।
সভ্য, মার্জিত, গীতিধর্ম ও চিত্রকল্পাশ্রিত এই রাবীন্দ্রিক ভাষার বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি উপলব্ধি করলেন উপন্যাসিকরা। সেই ইতিহাস আমরা এখানে টেনে আনব না। উল্লেখটুকু রইল। স্রোতের উলটো দিকে আধুনিক ঔপন্যাসিকদের সেই যাত্রার সাত দশক পরেও কিন্তু দেখা যায় জনপ্রিয় বাংলা উপন্যাসের ভাষায় রবীন্দ্রনাথের ভাষার ছাপ যথেষ্টই এবং সংগত কারণেই ভাষার সেই সাম্প্রতিকতমরূপে রবীন্দ্র-ভাষাকে যথেষ্টই উদ্বাস্তু মনে হয়। রাবীন্দ্রিক ভাষার সঙ্গে রবীন্দ্রমানস জড়িয়ে আছে, লেখক যদি সেই ভাবজগতের স্বাভাবিক শরিক না হন, তাহলে সেই রচনাটির ভাষা-শরীরে তার ছাপ থাকবেই। এ ছাড়া, একই রচনার ভাষায় সমসময়ের চিহ্ন এসে রবীন্দ্রনাথের ভাষার অবশেষকে ওইসব উপন্যাসে বিপর্যস্ত করছে। 'অবশেষ' শব্দটা ব্যবহার করছি এজন্য যে, এর প্রয়োগের পিছনে চিন্তা বা নির্বাচন নেই বললেই চলে। অসচেতন অভ্যাসমাত্র।
প্রসঙ্গটি উপস্থাপনার হেতু যেমন উপন্যাসের ভাষা-জিজ্ঞাসা, তেমনই বাংলা নামের বিপন্ন ভাষাটির নিজস্ব কিছু সমস্যাও। যেমন এই ভাষায় আমরা কথা বলি, লিখি, গান গাই এ যেমন সতা, তেমনই এই ভাষায় কোনো সরকারি কাজ হয় না, বিদ্যাচর্চায় ভাষাটি গুরুত্ব হারিয়েছে এমনকী আলাপ-আলোচনা একটু সিরিয়াস খাতে গেলেই ভাবাটা ইংরেজি হয়ে যায়। বাঙালি মধ্যবিত্ত এখন ঘরেও ইংরেজিই চালিয়ে যাচ্ছে। এ ছাড়া, অতি জনপ্রিয় মুম্বাই ফিল্মি ভাষার আধিপত্য তো আছেই। আশ্চর্যের কিছু নয় যে, আধিপত্যকারী মুম্বাই-হিন্দিকে আবার পিছু হঠতে হয় ইংরেজির কাছে, এস. এম. এস. ভাষার কাছে।
কিছুটা দায়ে পড়ে এবং পরিস্থিতির চাপেই 'কমুনিস' রচনার সময়ে ভাষার প্রশ্নে আমাকে মাথা ঘামাতে হয়েছিল, পরে এই প্রশ্ন আরও পরিণত এবং বিভিন্ন দিকে ডালপালা ছড়িয়েছে। পরের উপন্যাস 'শৈশব' রচনার সময় এবং তৎপরবর্তী সমস্ত রচনার ক্ষেত্রেই আমাকে ভাষা-অন্বেষণ করতে হয়েছে। বাস্তবের যে-খড়কুটো নতুন উপন্যাস ভাবনায় প্রাণিত করে, সেই নতুনের রূপনির্মাণ ভাষাচিন্তায় কোনো বদল না ঘটিয়ে প্রায় অসম্ভব। এখানে কনটেন্ট, ফর্ম ইত্যাদি শব্দ সচেতনভাবেই ব্যবহার করছি না। এই জাতীয় পরিভাষা আমদানি করা হয়ে থাকে আলোচনার সুবিধের জন্য, আবার এই পরিভাষার জন্য আলোচনা যান্ত্রিকও হয়ে যেতে পারে। সাহিত্যে সবটাই ফর্ম বা সমস্তটাই কনটেন্ট এরকম ভাবারও অবকাশ আছে। 'শৈশব' উপন্যাসটি একটি উদ্দ্বাস্তু, দরিদ্র, উচ্চকুলশীলের পরিবারকে ঘিরে আবর্তিত, সেখানে সর্বদা স্মৃতিবাহিত সমৃদ্ধি ও উচ্চ ব্রাহ্মণ্য সংস্কৃতি নির্দয় দারিদ্রের মুখে অতি বিপন্ন। আবার এক প্রতিকূল অবস্থায় পরিবারটির কঠোর সংগ্রামের প্রেরণাও ওই অতীত সমৃদ্ধি, লুপ্তপ্রায় ব্রাহ্মণ্য সংস্কৃতির কিছু মণি-মুক্তো। 'কমুনিস'-এর মিশ্র কাটা কাটা, গতিময় ভাষায় বা গীতধর্মী, মার্জিত ভাষা কোনোটাতেই 'শৈশব'-কে রূপ দেওয়া সম্ভব ছিল না। বাঙালি জীবনে গভীর ক্ষত দেশভাগ, শরণার্থীপ্রবাহ এই উপন্যাসে স্মৃতিবাহিত, অপ্রত্যক্ষ, স্বচ্ছ জলের তলদেশে এক ছবির মতো উপস্থিত। 'শৈশব'-এর ভাষায় তৎসম, সংস্কৃতজ শব্দ, বাংলাদেশে বহু প্রচলিত প্রবচন ও ছড়ায় গড়ে-ওঠা এক মাতৃতান্ত্রিক ভাষার পাশাপাশি এখানেও অবশ্য স্থান করে নিয়েছে বস্তি আর উদ্বাস্তু কলোনির ভাষা। যাকে 'কলকাত্তাইয়া বাংলা' বলা হয়, উদ্বাস্তুদের ভাষায় ধীরে তাও প্রবেশ করছিল।
ভাষা যখন শুধুই মাধ্যম, মাধ্যম অতিরিক্ত কিছুই নয়, সেই ভাষায় প্রাণবন্ত উপন্যাস রচনার কথা ভাববেন কোন লেখক। তথ্যের আদান-প্রদান, বিশেষ বিশেষ ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত জ্ঞান বিনিময় সম্ভব হতে পারে এই ভাষায়। কিন্তু যেই মুহূর্তে আমরা জীবনে, জীবনীতে, সমাজের সঙ্গে জটিল সম্পর্কে জড়িত ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়ের স্বপ্ন, সংঘাত, সংকটকে বোঝার চেষ্টা করব, খবরের কাগজের এই ভাষা তখন কোনোই কাজে আসবে না। যদিও এমন উপন্যাস লেখকই বাংলা আলো করে থাকেন, শিল্পবস্তুর বাইরে বিশেষ পা বাড়ান না, শিল্পবস্তু যাঁদের রচনায় তথ্যবস্তু তথা কুলির মোট হয়ে যায়, যাঁরা এমন প্রসঙ্গ ও বিষয় কদাচিৎ উপস্থাপন করেন যা সরলরৈখিক নয়; যদি-বা একটু-আধটু বাঁকচোর থাকে, পাঠকের চাঁদমুখ ভেবে সেসবও এমনই খুলে বলেন যে তা জলবৎ হতে বাধ্য। আমরা এই তল্লাটের বাসিন্দা নই এবং আমাদের পছন্দের, আগ্রহের উপন্যাসকার এই সকল লেখক-পাঠক অধ্যুষিত তল্লাট, এই ভাষা-অঞ্চলের দিকে পিঠ দেখানোই শ্রেয় বিবেচনা করেন।
মানুষের মুখে-মুখে উচ্চারিত, জীবিত যে বাংলা ভাষা, অঞ্চল অনুসারে তার অনেক হেরফের আছে। এমনটা সব ভাষার ক্ষেত্রেই থাকে। কলকাতার বা কলকাত্তাইয়া বাংলা কিংবা ঘটিদের ভাষা বলে চিহ্নিত যে-ভাষা ছিল, পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীদের ভাষা, যা বাঙাল-ভাষা হিসাবে পরিচিত তার সঙ্গে প্রতিদিনের আদান-প্রদান, সংঘর্ষ ও নির্মাণের মধ্য দিয়ে দুটি ভাষারই বদল ঘটেছে। মুখের ভাষা এর দরুন কীভাবে যেন কিছুটা বইয়ের ভাষার মতোও হয়ে গেছে। কলকাতায় এখন ঘটিদের ভাষা বা বাঙালদের ভাষা দুটোই হয় মৃত নাহলে মরণাপন্ন, প্রায় শোনাই যায় না।
কী লিখিত ভাষা, কী মুখের ভাষা- উভয় ক্ষেত্রেই অনুশাসন কাজ করেছে। এখনও করে। বাঙালির ভাষাসংস্কৃতির একটু আঁচ না-পেলে ছবিটা স্পষ্ট হবে না। বাংলাদেশে আমাদের সহকর্মী লেখকরা অবশ্য এ-ক্ষেত্রে প্রায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পেরেছেন। শরীরকে যতদূর সম্ভব খাটো করা, ভাষায় লুকিয়ে রাখার প্রবণতা কলকাতার ভদ্রলোকদের তুলনায় সেখানে কমই ছিল। এর ওপর মুক্তিযুদ্ধ এমন সব অভিজ্ঞতার মুখে ঠেলে দিয়েছিল সাধারণকে যে, অনেক আবডাল ভেঙে পড়ে। শুধু এটুকুই নয়, আখতারুজ্জমান ইলিয়াসের মতো শক্তিশালী লেখকের ভূমিকাও স্মরণে রাখতে হবে। মিশ্র সংস্কৃতি, মিশ্র ভাষার পালটা একটি ভাষার খাঁটি, নির্ভেজাল রূপের কথা ভাবা বা খোঁজা বাতুলতা বলেই গণ্য হবে। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির পারস্পরিক বিনিময় দীর্ঘ সময় নিয়ে ঘটে চললে যে সহজ সংমিশ্রণ ঘটে, সেই প্রক্রিয়াটিকে প্রভাবিত করতে সক্ষম ভাষা-রাজনীতি। বিশ্বব্যাপী এই প্রভাববিস্তার ও আধিপত্যে সবচেয়ে এগিয়ে আছে ইংরেজি। বাঙালি লেখককে ইংরেজির সঙ্গে আরও একটা বাড়তি চাপ বহন করতে হয়, সেই চাপ হিন্দির। এ যেন প্রতিবর্ণীকৃত ইংরেজি-হিন্দি এবং শুটিকয় বাংলা শব্দ। সব ধরনের বিজ্ঞাপন এবং সংবাদপত্রের প্রতিবেদনে প্রায় কোলাজ ধরনের 'বাংলা' ভাষার ব্যবহার সাহিত্যকেও যথেষ্ট মাত্রায় প্রভাবিত করছে। এইভাবে চলতে থাকলে বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যত কী হবে আমরা জানি না, ইতিমধ্যেই সাংবাদিকতা এবং তার ভাষা বাংলা উপন্যাসচর্চাকে প্রায় পঙ্গু, অকেজো, এমনকী অপ্রয়োজনীয়ও করে ফেলতে পেরেছে অনেকটাই।
অথচ অন্য দিকে, অন্তত ভারতে বাংলা-বিদ্যাচর্চা এবং সাহিত্য শুধু নয়, মধ্যবিত্ত নাগরিকের মুখের কথা ও সংলাপের ভাষাসংস্কৃতি কিন্তু যথেষ্ট রক্ষণশীল আজও। মানবশরীরের বিবিধ অঙ্গ, প্রেম-ভালোবাসার নিবিড় শরীরী অনুভূতি ও অভিজ্ঞতা, সমাজ-রাজনীতির বিবিধ বিষয়ে সমালোচনার নিম্নবর্গীয় ভাষারূপ— প্রায় পরিত্যাজ্য।
বাংলা উপন্যাস এইসব ক্ষেত্রে ছুঁচ হয়ে ঢুকে তুলকালাম বাঁধিয়েছে কখনও কখনও। সেইসব লেখকরা নেহাত একের পর এক লিখে চলে, বা যাকে বলে লিখে ভাসিয়ে দেওয়ার মতো পেশীশক্তির চেয়ে মগজের ওপর বেশি নির্ভর করেছিলেন বলে স্বল্পসংখ্যক পাঠকই জানেন সেইসব উপন্যাসের কথা। অঘোষিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত, নিঃশব্দ প্রত্যাখ্যানে, বর্জনে 'সাহিত্যের ভাষা'-র অঙ্গন থেকে নির্বাসিত শব্দ, বাক্ ধারা এবং সঙ্গে সঙ্গে সম্ভাবনাময় চিন্তা ও আইডিয়ার অকালমৃত্যু ঠেকিয়ে দিয়েছে কিছু তরুণ-রাগী (মনের বয়সের বিচারে) গদ্যকার, উপন্যাসিক। এইখানে তাঁদের জন্য সেলাম রইল। যে-সেলাম সর্বাগ্রে পাবেন আমাদের কালের অকালপ্রয়াত ঔপন্যাসিক আখতারুজ্জমান ইলিয়াস।
ভাষার উচ্চ-নীচ, ভদ্র-ইতর দ্বিখণ্ডীকরণ মানতে গিয়ে লিখিত ভাষা জীবনের গুরুত্বপূর্ণ অনেক অভিজ্ঞতারই বাহন হতে পারছে না। এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে আধুনিক বাংলা উপন্যাস এবং তা থেমে থাকেনি স্রেফ ভাষার প্রশ্নে। বরং ভাষার এই বিদ্রোহ অঙ্কুর মেলেছে উপন্যাসের গঠন- বিন্যাসেও। উপন্যাস চিন্তাকেই তা নবীন করেছে। আবার, জেহাদ বা বিদ্রোহ বহিরঙ্গেই আবদ্ধ থেকেছে, একটা উৎকট প্রদর্শনীর বেশি কিছু হয়নি এমন নজিরও আছে। কিন্তু এ-জাতীয় চেষ্টাও আধুনিক বাংলা উপন্যাস রচনায় ভাষাচিন্তা যে কতটা জরুরি, সেই সত্যটা নিশ্চিত প্রকাশ করে।
দেহদেউল, দেহসাধনার যন্ত্র থেকে দেহ-রাজনীতিতে পৌঁছোতে অনেকটা সময় লেগেছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে, সূত্রটি অতীতে কাজ করেনি। অতীত ঘেঁটে অনায়াসেই প্রমাণ করা সম্ভব যে, এ জিনিস ছিল, তাত্ত্বিকরা তা করে দেখিয়েছেনও। উপন্যাসকে নানাভাবে বর্গায়িত করার চেষ্টা, যথা, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস ইত্যাদির খোপে, ছকে, বন্দি রাখাটা যদিও অসম্ভব একারণেই যে, ভাষাশ্রিত এই শিল্পমাধ্যমের কারবার প্রধানত জীবনাশ্রিতও বটে। উৎসেই এই খণ্ডীকরণ, এই ছক বাতিল হওয়ায়, উপন্যাসে যদি গোষ্ঠী বা ব্যক্তিজীবনেরও মুক্তির কোনো সম্ভাবনা থেকে থাকে তবে তা তো অঙ্কুরেই বিনষ্ট হবে। ব্যক্তির যেমন বহু পরিচয়, তেমনই গোষ্ঠী পরিচয়ও বহুমাত্রিক, এই বহুত্বের বিনাশ ঘটানোটা দরবারি নয় এমন সাহিত্যের এজেন্ডার মধ্যে থাকাই সম্ভব নয়। সন্দীপন-উদয়নের উপন্যাসে যৌনতাকে অস্ত্র (রাজনৈতিক) হিসাবে ব্যবহারের তীক্ষ্ণ নজির পাঠক একটু খুঁজলেই পেয়ে যাবেন। আলোড়ন সৃষ্টিকারী আখতারুজ্জমানের 'চিলেকোঠার সেপাই' উপন্যাস তো এই প্রশ্নে প্রায় পুরাণ-প্রতিম। উদ্ধৃতি দেওয়ার দায় এড়াচ্ছি এজন্য যে, এই লেখাটি মুষ্টিমেয় যে-ক-জন পড়বেন, এসব তাঁদের পড়া এবং জানাও।
একটু পিছনে ফিরলে আমরা দেখতে পাব বাংলা ভাষার উপন্যাসিকরা অন্তত গত ষাট-সত্তর বছর যাবৎ অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করে গেছেন এই সংকীর্ণতার বাইরে পা রাখতে, মুক্ত বাতাসে শ্বাস নিতে। নাগরিক-ভদ্র-মার্জিত ভাষাঞ্চলটিতেই নিজেদের গণ্ডিবদ্ধ রাখতে বাঙালি লেখকরা বাধ্য হয়েছেন। এই গণ্ডির বাইরে পা ফেলার সাহস-ও যে কেউ দেখাননি এমন নয়। সদ্য-স্বাধীন দেশের বাস্তবতা ও তার রাজনীতির একটা প্রবল চাপ ছিল ওই ভাষা-কারাগার ভাঙার পক্ষে। দুর্বল কণ্ঠস্বর, প্রান্তিকের উচ্চারণকে কবুল করতেই বাঙালি লেখক প্ররোচিত হন জীবন স্পন্দনে সমৃদ্ধ অন্যান্য ভাষাঞ্চলের দিকে হাত বাড়াতে। আর এ-ব্যাপারে বাঙালি লেখককে সবচেয়ে বেশি সাহায্য করেছে রাজনীতি, রাজনীতির ইতিহাস, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।
ব্যক্তির আত্মপ্রকাশের শিল্পমাধ্যম থেকে কওমের, গোষ্ঠীর জনসাধারণের গণ্ডি ভাঙা, উত্তরণ ও তার বাস্তব আকুতির এক নিবিড় যোগ আমরা পেয়ে যাই মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পদ্মানদীর মাঝি' এবং 'পুতুল নাচের ইতিকথা'-য়। দুটি উপন্যাসই অদৃষ্টবাদ এবং অস্তিত্ববাদের তকমা পেয়ে থাকলেও, একটু সন্ধানেই আমরা উপন্যাসদুটিতে জর্জ লুকাচ বর্ণিত সমালোচনামূলক বাস্তবতার চিহ্ন স্পষ্ট দেখতে পাব।
মানিক বন্দ্যোপাধ্যায়ের শশী ডাক্তার এবং আলব্যের ক্যামুর 'দ্য প্লেগ' উপন্যাসের নায়কের মধ্যে দেশ-কালের তফাত নিশ্চয়ই আছে, কিন্তু নৈতিক দায় যেন একই। নিরাময় ও ত্রাণের প্রশ্ন 'দ্য প্লেগ' উপন্যাসে অনেক বেশি তীব্র এবং ব্যাপক। 'পুতুল নাচের ইতিকথা' এবং 'পদ্মানদীর মাঝি'-র মধ্যে একটা ঐক্যসূত্র হল, দুটি উপন্যাসেই জনসাধারণ বদ্ধ। হোসেন মিঞা যে-প্রমিসল্যান্ডের জাল বোনে, যে-উপনিবেশ সে গড়তে চায়, সেই বিকল্পও আতঙ্কেরই।
মানিক বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক বাংলা উপন্যাস লেখা হয়েছে চলিত ভাষাতেই, কমলকুমার অবশ্য সাধু ভাষাতেই লিখেছেন। কমলকুমারের সাধুভাষার সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাধুভাষার প্রভৃত পার্থক্য রয়েছে। 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের জনগোষ্ঠী স্থানীয় ভাষায় কথা বলে কিন্তু লেখকের জবান, তার ভাষা আলাদা। বিশ্লেষণ, অনুসন্ধান, প্রশ্নের উপযোগী এক নির্মেদ যুক্তিবাহী ভাষাই এ-ক্ষেত্রে লেখকের অবলম্বন।
শুধু ক্রিয়াপদে প্রত্যয় যোগ করে মানিক বন্দ্যোপাধ্যায় যে-সাধুভাষা রচনা করেন, তার উদ্দেশ্য দূরত্ব রচনাও বটে। সাবেক উপন্যাসের রীতি অনুসরণ করে চরিত্র চিত্রণ, প্লট ইত্যাদি এবং ভাষার কারণেও মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে ক্ষমতার একটা ছকও প্রচ্ছন্ন। পুতুল নাচের বাজিকর এখানে স্বয়ং লেখক। বাংলা উপন্যাসের এই গোত্র থেকে মুক্তি ঘটান সতীনাথ, নায়ক এবং সাধারণ তাৎমাটুলির ঢোঁড়াই শুধু নয়, চালার যে লাউয়ে গান্ধী মূর্তি ফুটে ওঠে তাও স্বয়স্থ যেন-বা। ক্লাসিক মেজাজে রচিত এই আধুনিক উপন্যাসটির কোথাও গণতন্ত্রের এক নির্যাস রয়ে গেছে।
প্রায় বিপরীত মার্গের দু-জন লেখক এখন আমাদের প্রসঙ্গ হতে পারেন: কমলকুমার মজুমদার এবং সতীনাথ ভাদুড়ী।
কমলকুমার আধুনিকতার ভঙ্গুর, ক্ষণস্থায়ী দিকটি থেকে মুখ ফিরিয়ে নেন। তাঁর আদর্শ চিরায়তের। ষাটের দশকে এবং তারপরেও বহুদিন সাহিত্য মহলে, কলকাতার বুদ্ধিজীবীদের একটা অংশের কাছে তিনি মিথ হয়ে উঠেছিলেন। পথের পাঁচালি চলচ্চিত্রটির পরিচালক সত্যজিৎ রায়ও কমলকুমারের লেখার কদর করতেন। প্রবলভাবে কমিউনিস্টবিরোধী এই লেখকের গুণগ্রাহীদের মধ্যে অনেকেই ছিলেন সেই সময়কার কমিউনিস্ট ভাবাপন্ন কবি ও অধ্যাপক।
ক্রমশ...

মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।