ভারতীয় উপমহাদেশে রাগ সংগীতের শুরুটা হয়েছিল লোকসংগীতের হাত ধরে। তার আগে যে সংগীতের প্রচলন ছিল, তা নিতান্তই ধর্মীয় সংগীত, যা সময়ের সাথে সাথে অস্তিত্ব হারায়। আজকে আমরা যে সাতটি স্বরের ব্যবহার দেখি, প্রথম দিকে অর্থাৎ ধর্মীয় সংগীত বা সামগানের সময়, স্বর ছিল মূলত পাঁচটি (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং মন্দ্র)। আমাদের সময়ে প্রচলিত স্বরের নিরিখে যদি বিষয়টা দেখি, তাহলে দেখব, প্রথম স্বর ছিল ‘মা’, দ্বিতীয় স্বর ‘গা’, তৃতীয় স্বর ‘রে’, চতুর্থ স্বর ‘সা’ এবং মন্দ্র হল ‘ধা’। অর্থাৎ, স্বরের যে চলন, তা ছিল অবরোহক্রমিক। পরবর্তীকালে আরও দুটি স্বর, ‘নি’ এবং ‘পা’ যুক্ত হয়ে সাতটি স্বরের একটি স্কেল প্রচলিত হয়। এবং আরও পরে এর চলন আরোহীক্রমিক হয়। একটা কথা এই প্রসঙ্গে না বললেই নয়, এই 'সা', 'রে', 'গা' ইত্যাদি অক্ষরগুলি আসলে স্বরের নাম। স্বর হল কম্পাঙ্ক (Frequency) আর সংগীতের উপযোগী কোনও নির্দিষ্ট কম্পাঙ্ক হল সুর। স্বরকে যদি আমরা একটা সেট ধরি, তাহলে সুরকে সেই সেটের সাবসেট হিসেবে পাব। 'সা', 'রে' এগুলির দ্বারা আমরা একটি কম্পাঙ্ক থেকে অপর কম্পাঙ্ক বা অন্যভাবে বললে একটি সুর থেকে অন্য একটি সুরের দূরত্বকে বোঝাই।

এখন, এই Pentatonic বা পাঁচটি স্বরবিশিষ্ট স্কেলের ব্যবহার, তা শুধুমাত্র ভারতেই প্রচলিত ছিল তেমনটা নয়। আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময় ভারতের বিস্তৃতি আজকের তুলনায় অনেক বৃহৎ ছিল। এবং সেই বিস্তৃত সমাজ ব্যবস্থায় পঞ্চস্বরিক স্কেলের বিভিন্ন প্রকার চর্চা হত। সেই কারণে চিন, জাপান, ইন্দোনেশিয়াসহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশগুলিতে এখনও পাঁচটি স্বরবিশিষ্ট স্কেলে নিবদ্ধ সংগীতের ব্যবহার দেখা যায়।

অন্যদিকে ধর্মীয় সংগীতের অবলুপ্তির সাথে সাথে ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা বিভিন্ন জনজাতির লোকসুরগুলি স্বাভাবিক নিয়মেই প্রাধান্য পেতে থাকে এবং সেগুলি পরবর্তীকালে পরিমার্জিত হয়ে রাগ হিসেবে সমাজের উচ্চস্তরে জায়গা করে নেয়। যেমন ধরা যাক, রাজস্থানের লোকসুর থেকে উঠে আসা রাগ 'মান্ড'  (https://www.youtube.com/watch?v=TsvMn2XlgS8) , (https://www.youtube.com/watch?v=IBhRsVP5Gyk); অথবা কাম্বোজ অঞ্চলের জনজাতির, মাটির গন্ধমাখা সুর থেকে তৈরি হওয়া 'খাম্বাজ' (দক্ষিণ ভারতে যার নাম কাম্বোজী) বারংবার আমাদের সেই শিকড়ের কথাই মনে করায়, যার উৎস এবং বিস্তৃতি একটি স্বতন্ত্র গবেষণার বিষয় হতে পারে। কিন্তু শুধুই উৎসের খোঁজ করার মধ্যে একটা ভ্রান্তি আছে। পড়শি-প্রভাবকে (ভিন্ন মহাদেশের) পুরোপুরি বাতিল না-করেও, আমরা এরকমটা খুব কমই ভাবতে পারি যে মানুষের আটপৌরে রোজকার চাহিদার মধ্যে মিশে আছে দ্বিতীয় একপ্রকার চাহিদা, যা তার মননকে পুষ্টি যোগায়। সেই চাহিদা, মানুষের ভৌগোলিক স্থানগত পার্থক্যকে সরিয়ে রেখে একইভাবে চিন্তা করতে শেখায়। সরোদের উৎস পারস্যের রবাব নাকি প্রাচীন ভারতীয় শারদীয় বীণা, সেই তর্ক সরিয়ে রেখে বরং নিজস্ব আঞ্চলিক সুরকে প্রকাশ করার তাগিদ থেকে ফ্রেট বিহীন বাদ্যযন্ত্রের প্রয়োজনীয়তা, বিভিন্ন জনজাতি উপলব্ধি করবে এবং স্বাভাবিকভাবেই অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট যাপন পদ্ধতির প্রভাবের কারনে তার আকারগত একটা পার্থক্য থাকবে, এরকম বিকল্প পথ গবেষণার পরিধিকে বিস্তৃত করে। সে কারনেই মীর্জা খাঁ-এর 'তুহফাত-আল-হিন্দ' বইয়ের পাতা ওলটালে আমাদের অতি পরিচিত ইমন রাগের সাথে দুটি মধ্যপ্রাচ্যের সঙ্গীতের স্কেল (মোকাম), 'নীরিজ-ই-সঘীর' এবং 'নিরীজগীর'-এর মিশ্রণে পাওয়া সুরের মিল আমরা দেখতে পাই। ঠিক একই রকম ভাবে 'হুসেনি', 'দুগাহ' আর 'নুরজ-ই-আজম', এই তিনটি মোকামের থেকে কাফি রাগটিকে পাওয়া যায়। আবার ইউরোপিয়ান ক্লাসিক্যালের 'Dorian Mode'-এর সঙ্গেও কাফির স্বরগুলি মিলে যায়। কাফির কথা উল্লেখ করলাম কারন, প্রাচীন ভারতীয় স্কেল Pentatonic থেকে Heptatonic হওয়ার পর মেজর স্কেল হিসেবে একমাত্র কাফিকেই মনে করা হত। আর মেজর স্কেল হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত যেহেতু তার সব স্বরকে শুদ্ধ হতে হবে, তাই বোঝাই যাচ্ছে বর্তমানে কাফি স্কেলের কোমল গা আর কোমল নি সেই সময় শুদ্ধ স্বর হিসেবে গণ্য হত। অনেক পরে কাফিকে সরিয়ে সেই জায়গা নিয়ে নেয় বিলাবল। মোকাম বা Dorian Mode-এর ব্যবহার তার অনেক পরে শুরু হয়।   

অর্থাৎ যা বলতে চাইছি, এই মোকাম বা রাগ বা মোড, সবকিছুই এক স্বতন্ত্র প্রয়োজনীয়তার বা চাহিদার জায়গা থেকে তৈরি হয়েছিল; মোকামের প্রভাব রাগে পরেছিল কিনা বা ইউরোপিয়ান মোড তৈরি হওয়ার পেছনে রাগের কোন ভূমিকা আছে কিনা, সেসব আপাতত আমাদের আলোচনার বিষয় নয়। আমরা এখন আগের আলোচনা মাথায় রেখে জাপানের দুটি গুরুত্বপূর্ণ স্কেলের সঙ্গে দুটি ভারতীয় রাগের আকারগত মিল খোঁজার চেষ্টা করব।

আগেই বলেছি, জাপানে এখনো Pentatonic স্কেলের ব্যবহার প্রচলিত রয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হল, আমাদের যেরকম যেকোনো একটি নির্দিষ্ট রাগ গায়ক বা বাদক উভয়েরই গাওয়ার বা বাজাবার ক্ষেত্রে পছন্দ করে নেওয়ার স্বাধীনতা আছে, জাপানে সেরকমটা নয়। জাপানে সে সমস্ত বাদ্যযন্ত্র বাজানো হয় বা গান গাওয়া হয়, তাদের প্রত্যেকটির জন্য একটি করে স্কেল নির্দিষ্ট করা আছে। যেমন, কোটো বা সামিসেন (গেইসা নৃত্যের সঙ্গত বাদ্য), এই দুটি তারের বাদ্যযন্ত্রের ক্ষেত্রে সাধারনত 'ইন স্কেল' (IN Scale) ব্যবহার করা হয়। আবার গাগাকু সংগীতে ব্যবহার হয় 'ইয়ো স্কেল' (YO Scale)। এই দুটি Pentatonic স্কেল জাপানে সবথেকে প্রচলিত, যদিও প্রথা ভাঙ্গার একটা প্রবণতা বর্তমানে লক্ষ্য করা যায়।

 IN Scale-এর আকারগত দিকটি বোঝার জন্য আমাদের খুব বেশি তাত্ত্বিক দিক না জেনেও নূন্যতম যে বিষয়টি জানতে হবে তা হল ফ্ল্যাট (♭) চিহ্নের ব্যবহার। খুব সহজ ভাবে দেখলে, সা রে গা মা পা ধা নি সা- এই সাতটি শুদ্ধ স্বরকে যদি আমরা ইউরোপিয়ান ক্লাসিক্যালের C D E F - এই স্বরগুলির দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে বিষয়টা হবে এরকম ---

C

D

E

F

G

A

B

C

সা

রে

গা

মা

পা

ধা

নি

সা

 

 এটি হল C Major Scale, যেখানে সব স্বরগুলি শুদ্ধ। এখন যদি কোন স্বর, শুদ্ধ না হয়ে কোমল হয়, তাহলে সেই কোমল স্বরটি তার শুদ্ধ স্থানের আগে বসবে। যেমন, শুদ্ধ রে আর সা-এর মধ্যে আছে কোমল রে। আবার শুদ্ধ রে-এর পরে এবং শুদ্ধ গা-এর আগে আছে কোমল গা। ভারতীয় রাগ সঙ্গীতে এই কোমল স্বরগুলিকে বোঝাবার জন্য নির্দিষ্ট কিছু চিহ্ন এবং হরফ আছে। ঠিক তেমনি ইউরোপিয়ান ক্লাসিক্যালে 'আয়ানিয়ান মোড' (Ionian Mode) বা যার অন্য নাম C Major, সেখানে এই কোমল স্বর বা Minor Note-কে দেখানো হয় ফ্ল্যাট চিহ্ন দিয়ে। শুদ্ধ রে যেখানে D, সেখানে কোমল রে হবে D♭ (D Flat)। অর্থাৎ, D-এর আগে এবং C-এর পরে D♭-এর স্থান। যদিও D♭ কে C# (C Sharp) বলা হয়, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ।

এখন IN স্কেলে যে পাঁচটি স্বর লাগে সেগুলি দেখে নেওয়া যাক :

C D♭ F G A♭ (In C Major Scale) [৩]

এইবার, আগের চার্টটির সাথে ফ্ল্যাটের বিষয়টি মনে রেখে যদি মেলাই তাহলে যে স্বরগুলো পাবো, সেগুলি হল, সা, কোমল রে, মা, পা এবং কোমল ধা। অর্থাৎ D♭ এবং A♭ এখানে কোমল রে আর কোমল ধা কে বোঝাচ্ছে।

ঠিক এই স্বরগুলিকে নিয়েই 'গুনকলি' বা 'গুনক্রী' রাগটি তৈরি হয়েছে। [৪]

এভাবেই YO স্কেলটির সঙ্গে আমরা দুর্গা বলে একটি রাগের মিল খুঁজে পাই। YO স্কেলে, IN স্কেলের স্বরগুলিই ব্যবহার করা হয় কিন্তু কোমল রে আর কোমল ধা (D♭ & A♭)-এর স্থান নিয়ে নেয় শুদ্ধ রে আর শুদ্ধ ধা। তখন তার আকার হয় এরকম ---   

C D F G A (In C Major Scale) [৫]

অন্যদিকে দুর্গা রাগের ক্ষেত্রে যে স্বরগুলি আমরা পাচ্ছি ----

সা রে মা পা এবং ধা

এখন, চার্টের সাথে মিলিয়ে দেখলেই আর কোন সন্দেহ থাকবে না যে YO স্কেলে ব্যবহৃত স্বর আর দুর্গার ব্যবহৃত স্বর এক। [৬]

যদিও স্কেল আর রাগের মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। স্কেলের ক্ষেত্রে নোটগুলি যখন গাওয়া বা বাজানো হচ্ছে, আর, রাগের ক্ষেত্রে সুরগুলি যখন লাগছে, তার মধ্যে দুটি জায়গায় বেশ বড়সড় অমিল থেকে যায়। তার প্রথম কারন হল শ্রুতির (Microtone) ব্যবহার। আর দ্বিতীয়ত, স্বরের চলন বা Note Progression। শ্রুতি ব্যবহার না করে কখনো একটা রাগের দৃশ্যকল্প গড়ে উঠতে পারে না। এই বিষয় নিয়েই শুরু হবে পরবর্তী কিস্তি।

১) https://www.youtube.com/watch?v=TsvMn2XlgS8

২) https://www.youtube.com/watch?v=IBhRsVP5Gyk

৩) https://www.youtube.com/watch?v=3AcfvBoHYB8

৪) https://www.youtube.com/watch?v=VE78CWP65rg

৫)  https://www.youtube.com/watch?v=p0ma2fmLKTI

৬) https://www.youtube.com/watch?v=K7H-ptuxlr8