প্রথম পর্ব: কেন অঙ্ক
দ্য ম্যাথমেটিশিয়ান/ দিয়েগো রিভেরা, ১৯১৯
আমাদের সমাজে ও শিক্ষায় সবচেয়ে আতঙ্কজনক বিষয় বোধহয় অঙ্ক। অঙ্ককে এবং অঙ্কের মানুষদের কমবেশি সকলেই বুঝি একটু এড়িয়ে চলে। অঙ্ক পেশা হিসাবে নেওয়া লোকেদের সবসময় সমীহ না করলেও, দূরত্ব বজায় রাখে। কারণ ছোট থেকেই আমরা জানি অঙ্কে ভয় পেতে হয়, অঙ্কে ভয় পাওয়াটাই দস্তুর। হয়তো এর অন্যতম কারণ আমাদের শিক্ষাব্যবস্থা, যেখানে মুখস্থবিদ্যা সবার উপরে অধিষ্ঠান করে। হয়ত আমাদের অঙ্ক শেখানোয় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। সে বিতর্কে এই লেখায় যাবও না।
অথচ আরো অনেক কিছুই করার বা জানার ছিলো। অধীত বিদ্যাকে আত্মস্থ করে তাকে মানবিক বিচারবুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে যন্ত্রের মত কর্মদক্ষতা দিয়ে ব্যবহার করতে জানতে হয়। অধিকাংশ ক্ষেত্রে বৈজ্ঞানিক জ্ঞানচর্চায় একটা বিষয়ের লেজুড় হিসেবেই উঠে আসে আরো দশটা বিষয়। খুব বিশদে লক্ষ্য করলে দেখা যায়- এই বিষয়গুলোর পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসাবে উঠে আসছে গণিত। অঙ্ক বাদে আমরা এক পা’ও চলতে পারি না। অঙ্ক দুরূহ নয়, জরুরি। অঙ্ক খুব স্বাভাবিকও। ব্রহ্ম গোছের জিনিস, যে কিনা সর্বত্র লুকিয়ে আছে। সমাজকে বুঝতে গেলে, যে কোনো সার্ভে থেকে সিদ্ধান্তে পৌঁছাতে গেলে, ‘কোয়ান্টিটেটিভ রিসার্চের’ ক্ষেত্রে ‘স্ট্যাটিস্টিক্স’ বা রাশিবিদ্যা অনিবার্য। ভাষাকে বুঝতে চান? গভীরে? অঙ্ক অপরিহার্য। ধ্রুপদী সঙ্গীত বিভিন্ন ‘প্যাটার্নে’র সমাহার বিশেষ, ‘প্যাটার্ন’ তো অঙ্কই। দর্শন আর অঙ্ক পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। দর্শনের অঙ্ক আছে, আবার অঙ্কেরও রয়েছে দর্শন। ললিতকলা বা ‘ফাইন আর্টস’ অবশ্য আলাদা বস্তু। কিন্তু এই মহাবিশ্বকে বুঝতে গেলে বিজ্ঞানের জুড়ি নেই- আর সেই বিজ্ঞানকে ভাষা দিয়েছে অঙ্ক। ভালো করে দেখতে হলে আমাদের জীববিদ্যা দিয়ে দেখলেই হবে। জীববিদ্যা ও চিকিৎসাবিদ্যা বুঝতে হলে আমাদের বুঝতে হয় দেহের রসায়ন। রসায়নকে আত্মস্থ করতে অর্থাৎ রসায়নের কার্যক্রম বুঝতে আমাদের সাহায্য নিতে হয় পদার্থবিদ্যার। আর পদার্থবিদ্যা বুঝতে? সেই অঙ্ক। যেন এই মহাবিশ্বের চামড়া মাংস হাড় খুলে খুলে নিলে শেষে যা পড়ে আছে তা নানারকমের আঙ্কিক নকশা মাত্র! আপনি ‘জিনের সিকোয়েন্স’ বুঝতে চাইলে সেটাও অঙ্ক। আবার ‘কম্পিউটারের প্রোগ্রাম’ বুঝতে চাইলে সেটাও অঙ্ক।
এত ব্যাপক স্তরে না গেলেও আমাদের দৈনন্দিন জীবনে অঙ্কের কাজ সদা সর্বদা চলছে। নিউ ইয়র্কের সাবওয়েতে অর্থাৎ মেট্রোতে, একটি স্টেশনে একবার একটি মাত্র সিঁড়িকে ১/২" উঁচু করা হয়েছিলো। দেখা যায় প্রায় প্রত্যেকেই ওই ধাপে ঠোকর খাচ্ছেন। কেন? কারণ আমরা চাই বা না চাই প্রতিটা মুহূর্তে আমাদের মাথা ভেবে চলেছে কতটা পা তুললে ওঠাও যাবে আবার অতিরিক্ত পা তোলাও হবে না। ফল? ওই ধাপে ঠোকর, কারণ অঙ্ক মেলেনি। আপনার সাইকেল চালানোর সময়ও মাথা অঙ্ক কষে ভারসাম্য ঠিক রাখছে, বাঁক ঘোরার সময় কতটা হেলতে হবে সেটাও কষেই বের করছে মাথা! আমাদের প্রতিটি চলাচল, প্রতিটি কর্ম এভাবেই চলে।
বিজ্ঞানকে ধরে রেখেছে বলেই কিন্তু অঙ্ককে সময়ের থেকে বেশ খানিকটা এগিয়ে থাকতে হয়। যেমন, জন বুল যখন ‘বুলিয়ান অ্যালজেব্রা’ বের করেন, সকলেই ভেবেছিল জিনিসটা খায় না মাথায় দেয়? বুলিয়ানের প্রথম প্রয়োগ হয় ‘সেট থিওরি’তে, যে ‘সেট থিওরি’ অঙ্কে কাজে তো লাগেই, সেইসঙ্গে পদার্থবিদ্যা, দর্শন ইত্যাদিতে ওতপ্রোত জড়িয়ে রয়েছে। দ্বিতীয় প্রয়োগ? কম্পিউটারের ‘লজিক বোর্ডে’। আমি যাতে লেখাটা লিখছি, আপনি যাতে পড়ছেন - দুটোর কোনোটাই ‘বুলিয়ান অ্যালজেব্রা’ ছাড়া সম্ভব হত না।
এই যে বিজ্ঞানকে ধরে রেখেছে অঙ্ক - অনেকেই ভাবেন অঙ্কও একধরণের বিজ্ঞান। অঙ্ক বিজ্ঞান না। অঙ্ক অঙ্কই। হয়তো শিল্পের অনেকটা কাছাকাছি। ভাষার মত। কোনোদিন যদি এই পৃথিবীতে ভিনগ্রহীরা আসে, হয়তো তাদের সঙ্গে আলাপচারিতার একমাত্র ভাষাই হবে অঙ্ক। অঙ্ক বিজ্ঞানের ভাষা এবং অঙ্ক নিজেই নিজের ভাষা।
প্রাচীন ভারতে বেদের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ দুখানা জিনিস বেদাঙ্গ ও বেদান্ত। বেদান্ত মূলত দর্শন এবং আত্মতত্ত্ব ইত্যাদি নিয়ে কথা বলে, বেদাঙ্গের মধ্যে ‘অপরা’ বিদ্যাগুলি রয়েছে। অপরা বিদ্যা বলতে ঐহিক জগতে যে সমস্ত জিনিস কাজে লাগে, তার বিদ্যা। বেদাঙ্গ জ্যোতিষে আছে:
“যথা শিখা ময়ূরাণাং নাগানাং মনয়ো যথা।
তদ্বদ্বেদাঙ্গশাস্ত্রাণাং গণিতং মূর্ধনি স্থিতম্।।”
অর্থাৎ ময়ূরের মাথায় যেমন শিখা, নাগের মাথায় যেমন মণি, তেমনই বেদাঙ্গের সমস্ত শাস্ত্রের মধ্যে গণিতই সর্বশিখরে। এ বিষয়ে কোনো দ্বিমত থাকা উচিৎ না - আমার নেইও, কিন্তু আমি অঙ্কের ছাত্র, সেজন্য আমার কথা গ্রাহ্য করার আগে ভেবে দেখা ভালো (সেটাও অঙ্কেরই শিক্ষা)।
প্রাচীন ভারতে সভ্যতা উন্মেষের ঊষালগ্নেই পণ্ডিতেরা এই জিনিস বুঝে ফেলেছিলেন। ফলে, সেকালে অঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজও হয়েছে। ব্রহ্মগুপ্ত, শ্রীধর আচার্য সকলেই প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, যদিও বৈদিক গণিতের ফাঁদে না পড়াই স্বাস্থ্যকর। মনে রাখা দরকার- ভারতে পাটিগণিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বীজগণিতের মধ্যে ধ্রুপদী বীজগণিতকে প্রায় পাটিগণিতই বলা চলে - তাতেও। কিন্তু বাকি যেগুলি অঙ্কের অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন জ্যামিতি, ‘অ্যানালিসিস’ বা বিশ্লেষণ, আধুনিক বীজগণিত – এইসব নিয়ে কোনো কাজ এদেশে হয়নি। এমনকি অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুক্তি বা ‘লজিক’ - সেই নিয়েও কাজ বিশেষ হয়নি।
বকশলি পত্রলিপি, সম্ভবত ভারতীয় গণিতের প্রাচীনতম নথি (খ্রিস্টিয় দ্বিতীয় বা তৃতীয় শতক), যেখানে 'শূন্য' চিহ্নটি ব্যবহৃত হয়েছে
এর অর্থ এই না যে ভারতের লোকে যুক্তি বুঝতেন না। বলা যেতে পারে, কোনো তাত্ত্বিক সেই যুক্তিবোধকে একটি বৈজ্ঞানিক সুত্রে বাঁধেননি সেসময়। যেমন একটা উদাহরণ দিই: "If A then B, and A therefore B", বাংলায় " ক সত্য হইলে যদি খ সত্য হয়, এবং যদি ক সত্য, তাহা হইলে খ-ও সত্য"- এটাকে একটা বক্তব্যের আকারে রাখলে দেখা যায় ঠিক কীভাবে আমরা তা ব্যবহার করি। ছোট একটা উদাহরণ দিই: ট্যাক্সোনমি বা প্রাণিজগতের নামকরণের ক্ষেত্রে জীবাশ্ম ইত্যাদি পেয়ে যখন বৈজ্ঞানিক অনুমান করতে হয় সেটি সরীসৃপের না পাখির না স্তন্যপায়ীর, আমরা ওই যুক্তিবোধই কাজে লাগাই। যেমন ধরুন ক = কোন একটি জীবিত প্রাণীর পালক আছে, খ= প্রাণীটি পাখি; এবার একটা অচেনা পাখি দেখলেন, এবং দেখলেন তার পালক আছে, অর্থাৎ ‘ক’ সত্য। আগেই জানতাম ‘ক’ সত্য হলে ‘খ’ সত্য হবে। এবার দেখলাম ‘ক’ আসলেই সত্য- অর্থাৎ ‘খ’ও সত্য, অর্থাৎ প্রাণীটি পাখি। প্রথম অংশটা সাধারণ জ্ঞান থেকে আসছে, পরেরটা পরীক্ষাযোগ্য। সেখান থেকে অবশেষে উত্তর বেরিয়ে আসছে। খুবই সাধারণ এবং স্বাভাবিক এই যুক্তি। কিন্তু সেটাকে একটা প্রথায় বাঁধাটাও জরুরি, কারণ তাতে বারবার জিনিসটাকে ব্যবহার করতে সুবিধা হয়।
বৈদিক গণিত নিয়ে যা বললাম, সেই প্রেক্ষিতে মনে রাখা ভালো যে বিশ্লেষণ ও আধুনিক বীজগণিত হালের আবিষ্কার। কিন্তু তা বাদ দিলে যা থাকে তা হল জ্যামিতি এবং যুক্তিবিদ্যা, যা নিয়ে প্রাচীন ভারতে খুব গবেষণামূলক কাজ কিছু হয়নি। পক্ষান্তরে প্রাচীন গ্রীসে এই বিষয়গুলির বিশদ চর্চা হয়েছিলো। আধুনিক অঙ্কের যে চলন, তাতে আমরা মূলত সংজ্ঞা দিয়ে শুরু করি, সেখানে এক বা একাধিক স্বতঃসিদ্ধ থাকে এবং সেই সব স্বতঃসিদ্ধের ভিত্তির উপর দাঁড়িয়ে উপপাদ্য থাকে- যা প্রমাণসাপেক্ষ। এই চলনের ধাঁচাটা এসেছে গ্রীসের অঙ্ক চর্চার ঐতিহ্য থেকে। প্রাচীনকালে এমনকি সুরের সাধনাও অঙ্কের মধ্যে ধরা হত।
স্বতঃসিদ্ধ কথাটাও ভারতীয় কথা, সেই কারণেই এর মধ্যে “নিজেই নিজের প্রমাণ” গোছের একটা ব্যপার রয়েছে৷ আদতে জিনিসটা ঠিক অমন না। ইংরাজিতে এগুলোকে বলে ‘অ্যাক্সিয়োম’ বা ‘পশচুলেট’। এগুলি এমন সব বক্তব্য যা প্রমাণ করা সম্ভব না, অতএব আমরা এগুলোকে শুরুতেই ধরে নিই। এগুলো বিশ্বাস। এই বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছে বাকি গোটা ইমারতটা।
'অ্যাক্সিয়োম' কথাটা সাধারণভাবে ব্যবহার হয় সংখ্যার প্রসঙ্গে, কেউ কেউ বলে ‘অ্যালজেব্রাইক পশচুলেট’। ‘পশচুলেট’ সর্বঘটে কাঁঠালী কলা। শৈশব ও কৈশোরে আমরা সকলেই অল্প বিস্তর জ্যামিতির সাথে পরিচিত হয়েছি। জ্যামিতি থেকেই আমরা শিখেছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। কিন্তু সত্যিই কি তাই?
(চলবে)
চিত্রঋণ:
https://images.app.goo.gl/ErFVGugZbEf62CcL7
https://images.app.goo.gl/bJRVq8LgA6YrHi8v7
https://images.app.goo.gl/xCfz4PizCUvFmydU6


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।