দ্বিতীয় পর্ব: ছিল রুমাল, হয়ে গেল বেড়াল
Mathematics, rightly viewed, possesses not only truth, but supreme beauty—a beauty cold and austere, like that of sculpture, without appeal to any part of our weaker nature, without the gorgeous trappings of painting or music, yet sublimely pure, and capable of a stern perfection such as only the greatest art can show. The true spirit of delight, the exaltation, the sense of being more than Man, which is the touchstone of the highest excellence, is to be found in mathematics as surely as poetry
বারট্রান্ড রাসেল প্রকৃত গণিতজ্ঞ ব্যবহারের নিরিখে অঙ্ক করেন না, করেন সৌন্দর্যের তৃষ্ণায়। জি এইচ হার্ডি বলেছিলেন, আমরা অঙ্ক এইজন্যে করি না কারণ তা কার্যকরী, আমরা অঙ্ক এইজন্যে করি যে তা সুন্দর। বার্ট্রান্ড রাসেলও মুগ্ধ হয়েছেন অঙ্কের সৌন্দর্যে, তাকে রেখেছেন অঙ্কের সত্যেরও আগে। তাঁর কাছে অঙ্কের সৌন্দর্য হিমশীতল কঠোর সৌষম্যের। এ সৌন্দর্য চিত্রকলা বা সঙ্গীতের মত আমাদের চেতনার আপাত-দুর্বল অংশগুলোকে সংবেদিত করে না, তা যেন খানিকটা স্থাপত্যের মত। এই শ্রেষ্ঠতম কলার মধ্যে রয়েছে নন্দনের বিশুদ্ধতম উপস্থিতি, যা মানুষকে তার অবস্থান থেকে উত্তোলিত করে তোলে, দেয় কবিতার মত উচ্চতম স্তরে স্থিতি। কিন্তু সব সৌন্দর্য সবার চোখে ধরা পড়া সম্ভব নয়। পল এরডিশের কথায়, সংখ্যা কেন সুন্দর, এই প্রশ্ন করার মানে হল যেন বিথোভেনের নবম সিম্ফনি কেন সুন্দর এই প্রশ্ন করা। যদি প্রশ্নকর্তা নিজে সেটা উপলব্ধি করতে না পারেন, তবে তা আর অন্য কেউ বলে দেবে না। এই সৌন্দর্যের সন্ধানে আমরা আগের পর্বের সূত্র ধরে প্রবেশ করি ‘অ্যাক্সিওম’ এবং ‘পশচুলেট’ নিয়ে আলোচনায়। প্রশ্ন ছিল, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি সত্যিই ১৮০ ডিগ্রি? উত্তর: হ্যাঁ এবং না৷ ইউক্লিডের যে জ্যামিতি আমরা শিখেছি তাতে হ্যাঁ, কিন্তু এটি একটি উপপাদ্য।
আসলে, ইউক্লিডের জ্যামিতিও শুরু হয়েছে খানকতক ‘অ্যাক্সিয়োম’ ও ‘পশচুলেট’ ধরেই। যথা:
অ্যাক্সিয়োম:
১) দুটি জিনিস তৃতীয় একটি জিনিসের সমান হলে পরস্পরও সমান।
২) দুটি সমান জিনিসের সঙ্গে একই পরিমাণ জিনিস যোগ দিলে যোগফলগুলিও সমান।
৩) দুটি সমান জিনিস থেকে সমপরিমাণ জিনিস বাদ দিলে পড়ে থাকা দুটি জিনিস সমান।
৪) একটি জিনিসকে আরেকটির উপর চাপালে তারা যদি মাপে মিলে যায়, তবে তারা সমান।
৫) পূর্ণ সর্বদাই অংশের চেয়ে বৃহত্তর।
পশচুলেট:
১) দুটি বিন্দুর মধ্যে সর্বদা একটি সরলরেখা আঁকা সম্ভব।
২) একটি সরলরেখা একবারও কলম না তুলে আঁকা সম্ভব।
৩) একটি কেন্দ্র ও ব্যাসার্ধের পরিমাণ জানলেই বৃত্ত আঁকা সম্ভব।
৪) দুটি সমকোণের মাপ সর্বদা সমান।
৫) সমতলে একটি সরলরেখা ও সরলরেখার বাইরে একটি বিন্দু থাকলে, সেই বিন্দু দিয়ে উক্ত সরলরেখার একটিমাত্র সমান্তরাল টানা সম্ভব।
এবার দেখুন, পঞ্চম ‘পশচুলেট’ বাদ দিয়ে বাকিগুলি একেবারেই সাধারণ জ্ঞান থেকে উঠে আসা জিনিস। পঞ্চম ‘পশচুলেট’কে অনেকেই একদা ভাবতেন উপপাদ্য, অর্থাৎ যার প্রমাণ সম্ভব বাকিগুলি কাজে লাগিয়ে। দীর্ঘ প্রচেষ্টায় সকলেই ব্যর্থ হন এবং একটা সময় বোঝা যায় ওটিও একটি ‘পশচুলেট’ অর্থাৎ বিশ্বাস! এই পঞ্চম ‘পশচুলেটে’র কারসাজিতেই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় ১৮০ ডিগ্রি। কিন্তু এ তো বিশ্বাস মাত্র, এর কোনো প্রমাণসিদ্ধি নেই। ফলে ওটিকে বদলে দিলেই অন্য জিনিস হবে।
একভাবে ওটি ভাঙা যায:, যেখানে ধরা যেতে পারে সমান্তরাল বলে কোনো জিনিসের অস্তিত্বই নেই। এই ধরে নেওয়া যে জ্যামিতির জন্ম দেবে তাকে বলে ‘স্ফেরিকাল জিওমেট্রি’, আমাদের পৃথিবীগ্রহের জ্যামিতি সেরকমই এক জিনিস। আর যদি ধরে নিই একাধিক সমান্তরাল থাকবে, সেখান থেকে আমরা পাবো ‘হাইপারবোলিক জিওমেট্রি’। ‘স্ফেরিক্যালে’ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রির বেশী, হাইপারবোলিকে ১৮০ ডিগ্রির কম। কাজেই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হবে কেবল ইউক্লিডের জ্যামিতিতে। বা ‘প্লেনার জিওমেট্রি’তে।
এবার প্রশ্ন উঠতেই পারে, কী করে অঙ্কের মত একটা যৌক্তিক বিষয়ের শুরুতেই রয়ে যাচ্ছে ‘বিশ্বাস’? আসলে প্রদীপের তলায় সবসময়ই অন্ধকার থাকে। ওই অন্ধকারেই যাত্রা শুরু হয়। ওই অন্ধকার দূর করতে আপনি হয়তো আরেকটা প্রদীপ জ্বালবেন কিন্তু সেই প্রদীপের তলায়ও নতুন অন্ধকার বসে আছে।
কিন্তু এখানেই শেষ না, গোয়েডেলের কাজ দেখাচ্ছে সীমিত সংখ্যক ‘অ্যাক্সিয়োম’/ ‘পশচুলেট’ দিয়ে তৈরী যে কোনো গাণিতিক ‘সিস্টেমে’ই একটা বক্তব্য থাকবে, যাকে ওই সমস্ত ‘অ্যাক্সিয়োম’ দিয়ে প্রমাণ করা সম্ভব হবে না। তখন উপায়? বক্তব্যটিকে সত্য ধরে বা অসত্য ধরে সেটিকেও একটি ‘পশচুলেটে’ পরিণত করা। কিন্তু বিধি বাম। আগে ৫ টা অ্যাক্সিয়োম থাকলে এখন ৬ টা, আগে ১০০ টা হলে এখন ১০১ টা, কিন্তু সংখ্যাটা তো সীমিতই। এইবার? অর্থাৎ জানা গেলো সব জানা কখনোই সম্ভব না। অঙ্ক নিজেও জানে অঙ্ক সবজান্তা না, এখানেই অঙ্কের বিনয়।
কিন্তু এরপরেও অঙ্ক শিল্পই- কারণ অঙ্ক মনুষ্যসৃষ্ট। একদা বলা হোতো "God has given the natural numbers and the rest is done by mankind"। আজকাল আমরা জানি, "God has given the empty set, the rest is done by mankind" - চাইলে এম্পটি সেট বা নাল সেট থেকে ন্যাচারাল নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি (১, ২, ১০, ১০৪২ ইত্যাদি) তৈরী করা সম্ভব। অবশ্যই কিছু ‘অ্যাক্সিয়োমে’র সাহায্যে।
এখান থেকে দেখা যাচ্ছে এম্পটি সেট বা শূন্য সেট জিনিসটিই সৃষ্টির আদিতে, কারণ nothing contains everything, শূন্যই পূর্ণকে ধারণ করে।. তাই সর্বাগ্রে আমরা বুঝে নিই কী এই এম্পটি সেট, বা কাকেই বা বলে ‘সেট’?
‘সেট’ ব্যপারটা খুবই সহজ। বলা হয়, A set is a collection of well-defined objects। অর্থাৎ একটি সেট হল বিশেষ ভাবে সংজ্ঞায়িত কিছু বস্তুর সমষ্টি মাত্র। এখন, প্রশ্ন হল, ওই সংজ্ঞাটা কী? ‘ওয়েল ডিফাইনড’ মানে কী? উত্তরে বলা চলে – সংজ্ঞা হল সেই ধর্ম, যা ঠিক করে দেয় কোনো বস্তু আদৌ ‘সেটে’র ভিতরে আছে না বাইরে।
উদাহরণ: পৃথিবীর সমস্ত বেড়ালের ‘সেট’। আপনি আমি ওই ‘সেটে’ নেই কারণ সম্ভবত আমরা কেউই বেড়াল নই। ‘সেট’ এলেই সঙ্গে সঙ্গে দুখানা জিনিস আসে। প্রথমত, ‘সেটে’র ভিতরের বস্তুগুলি। দ্বিতীয়ত, ‘সাবসেট’। একটা ‘সেটে’র অংশকে আমরা বলি তার ‘সাবসেট’। অংশ মানে কিন্তু ০℅ থেকে ১০০% সবই, মানে ‘সেট’ নিজেই নিজের ‘সাবসেট’।
আগের উদাহরণে গেলে আমরা দেখতে পাই সাদা বেড়ালের ‘সেট’ সমস্ত বেড়ালের সেটের একটি ‘সাবসেট’। কিন্তু আমরা যদি দুনিয়ার সব সাদা প্রাণীর ‘সেট’ দেখি, আমরা দেখবো সাদা বেড়ালের ‘সেট’ তার মধ্যে ঢুকে বসে আছে। আবার আমরা এও দেখতে পাবো যে সাদা প্রাণীর ‘সেট’ এবং বেড়ালের ‘সেট’ কেউই কারো অংশ নয় বা ‘সাবসেট’ নয়।
কেন? কারণ সাদা প্রাণীর ‘সেটে’ সাদা কুকুররাও আছে, যারা আবার বেড়ালের ‘সেটে’ নেই। অর্থাৎ সাদা প্রাণীর ‘সেট’ বেড়ালের ‘সেটে’র ‘সাবসেট' নয়। পক্ষান্তরে বেড়ালের ‘সেটে’ও কালো বেড়াল আছে, যা সাদা প্রাণী না। অর্থাৎ বেড়ালের ‘সেট’ও সাদা প্রাণীর ‘সেটে’র ‘সাবসেট’ নয়।
আশ্চর্যের ব্যপার হবে ‘এম্পটি সেটে’ এসে। ‘এম্পটি সেট’ মানে? এম্পটি সেট মানে যাতে কিচ্ছু নেই! ফাঁকা! ধরুন আমি একটা ‘সেটে’র সংজ্ঞা দিলাম - মঙ্গলগ্রহে থাকা সমস্ত বেড়াল যাদের দুটো করে লেজ। অবশ্যই এটা একটা ‘সেট’। কিন্তু এই ‘সেটে’ কি কেউ আছে? কেউ? কিচ্ছু? নাহ… এটা ‘এম্পটি সেট’। ফাঁকা!
‘এম্পটি সেট’ কিন্তু সমস্ত সম্ভাব্য ‘সেটে’রই ‘সাবসেট’। কেন? কারণ যদি আমাকে দেখাতে হয় ‘এম্পটি সেট’ কোনো ‘সেটে’র ‘সাবসেট’ নয়, আমাকে দেখাতে হবে ‘এম্পটি সেটে’ একটি বিন্দু আছে যা অন্য ‘সেট’টিতে নেই। তা এম্পটি ‘সেটে’ তো নেইই কিছু, ঐরকম একটা বিশেষ বস্তুই বা পাব কোথায়? কাজেই এম্পটি সেট সকলের ‘সাবসেট’ কারণ ‘সাবসেট’ নয় সেটা প্রমাণ করা সম্ভব না।
এতদূর অব্দি ঠিকই ছিলো। কিন্তু আগ্রহী পাঠক বলবেন: ‘সেট’ মানে যদি ‘কালেকশন’, বা সমষ্টি হয়, তবে ‘কালেকশন’ মানে কী? ‘কালেকশন’ মানে ঘুরেফিরে সেই ‘সেট’ই। সংজ্ঞাটি বড়ই গোলমেলে। গোলমাল আরো বাড়ে যদি আমরা আগের বলা সংজ্ঞা আবার ঝালিয়ে নিই – a set is a collection of well-defined objects, বিশেষ-ভাবে সংজ্ঞায়িত বস্তুসমূহ। এই ‘ওয়েল ডিফাইনড’ জায়গাটায় এসে শুরু হয় ভিন্ন সমস্যা। ওই সংজ্ঞা মেনে নিলে জিনিসটা একটা প্যারাডক্স বা অবাস্তব অবস্থায় নিয়ে আসে আমাদের। ‘রাসেলস’ প্যারাডক্সে।
ধরা যাক একটা ‘সেট’ আমরা তৈরী করলাম, যার সদস্যরা হল 'সেই সমস্ত ‘সেট’ যারা নিজেরা নিজেদের সদস্য না'। যেমন বেড়ালের ‘সেট’ নিজে বেড়াল না, অতএব সে আমাদের তৈরী করা ‘সেটে’ আছে। আবার, সমস্ত ‘সেটে’র ‘সেট’ নিজেও একটা ‘সেট’, কাজেই সে নিজেই নিজের সদস্য। অর্থাৎ সে আমাদের ‘সেটে’ নেই! এইরকম ভাবে ‘সেট’ তৈরী করলে যে প্রশ্নটা আসে সেটা হল, সে কি নিজে নিজের সদস্য? যদি হয় তাহলে নয় - আর যদি নয়? তাহলে হয়!
এটা নিয়ে একটা জনপ্রিয় গল্প আছে। ধরা যাক একটি শহরে একজনই নাপিত আছে, সে পুরুষ। সে কেবল সেই সমস্ত ছেলেদের দাড়ি কামায় যারা নিজেরা নিজেদের দাড়ি কামায় না। নাপিত কি নিজে নিজের দাড়ি কামায়? যদি কামায়, তবে কামায় না- কারণ ওই তার রীতি। আর যদি না কামায়, তাহলে সে কামায় – কারণ, আবারও - ওই তার রীতি।
(চলবে)

চিত্রঋণ:
https://images.app.goo.gl/QqDBoqz1R9rb79Q3A
https://images.app.goo.gl/MnAf3we9Magvkz8v5
https://images.app.goo.gl/h33L32MUkxN2xZC26
https://images.app.goo.gl/LxAsybKhJXgvBtoR7


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।