ধরা যাক, আপনার দুধ খাবার ঘটি নোংরা হয়ে গেছে। ভিতরেও নোংরা, বাইরেও। এবার যদি আপনাকে কেউ বলে, ঘটির ভেতরটা ধুয়ে দিচ্ছি, দুধ ঢেলে খেয়ে নাও - আপনি কি খাবেন? আপনি ভেতর বাহির দুদিক সাফ না হলে খাবেন না তো? কেন্দ্রীয় সরকার আমাদের বলছে ভেতরটা ধুয়ে দেব, তোমরা দুধ রাখো। কেন রাখব আমরা? সে ঘটিতে আমরা তো দুধ খাব না? ঘটির দুদিক ধুয়ে তবেই আমরা এখান থেকে উঠব।

সিঙ্ঘু বর্ডারে ধূসর এক রোদ পড়ে আসা বিকেলে কথা বলছিলেন কর্নেল সিং, যিনি একাধারে কৃষক এবং করণিক। তিনি যে কেউ হতে পারেন, কী আসে যায়। তিনি বাকি সবার ভাবনাকে শব্দ দিচ্ছিলেন, কথায় ফোটাচ্ছিলেন। দুহাজার কুড়ির ডিসেম্বরে ভারত সরকার নতুন কৃষি বিল হঠকারী দ্রুততায় পাশ করিয়ে ফেলার পর পাঞ্জাব-হরিয়ানা-উত্তরপ্রদেশের কৃষকদের দাবী কী, তারা কিভাবে এবং কেন লাখে লাখে দিল্লি-হরিয়ানার বা দিল্লি-উত্তরপ্রদেশের সীমান্তে এসে পৌঁছোলেন এবং মাস ছয়েক ধরে বসেই রয়েছেন প্রতিবাদে, সে কথা আজ সকলেই জানেন। না জানলে সহজ একটা গুগল সার্চ মোটামুটি সবকিছুই জানিয়ে দেবে। এই মুহূর্তে কৃষক আন্দোলন নিয়ে প্রচারমাধ্যমের সচেতন অনাগ্রহ আরোই প্রমাণ করে যে এই খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু বিষয়টা হল, আমি আমার মধ্যতিরিশের ক্রমহ্রাসমান জুনুন সম্বল করে সেই কথা যে পরিমান আঁচ নিয়ে বলা উচিত, সেভাবে বলে উঠতে পারব না। আমি সে কথা বলতে গেলে, তা হয়ে উঠবে খানিক বিদ্যায়তনিক পাঁচালি, খানিক কফির কাপের বিপ্লব। যদি আমি বলি, যে লোকসভায় ধ্বনিভোটে পাস হওয়া এই তিনটে কৃষি বিল আসলে একত্রে কৃষিক্ষেত্রে কর্পোরেটায়নের বা বৃহৎ পুঁজির একচ্ছত্র আধিপত্যের পথ প্রস্তুত করার এক দীর্ঘমেয়াদি চাল, তাহলে আপনারা যতটা এর গুরুত্ব উপলব্ধি করবেন, তার চেয়ে অনেক বেশি উপলব্ধি করবেন সেই অশীতিপর বৃদ্ধ কৃষক যখন ছলোছলো চোখে রুটির কথা বলে একটি গান ধরবেন ভাঙা গলায়। কিংবা নামধারী সম্প্রদায়ের সুঠাম যুবক যখন স্মৃতিপরম্পরায় পাওয়া সত্যিকারের ইতিহাসের পাঠ খুলে ধরবেন আপনার ঘোলা চোখের সামনে, তখন একটুও বুঝতে অসুবিধে হবে না, কেন এই মানুষগুলো ঘরসংসার ছেড়ে মরণপণ লড়াইয়ে নেমেছেন রাজপথে।

আমি এই লেখায় দিল্লি হরিয়ানা বর্ডারের নানা কৃষক অবস্থানের ক্যাম্প-শহর গুলিতে ভ্রমণের স্বাদু, আন্তরিক এবং বিস্ময়কর উপাখ্যান শোনাব না। আমি বরঞ্চ এই লেখায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সেই রূপকটির প্রতি, যার কেন্দ্রে রয়েছে একটি ময়লা দুধের ঘটি। রূপক, আমরা জানি, একদিকে যেমন বোধগম্য করে তোলে কথার গূঢ় অর্থ, অন্যদিকে তেমনই অনুষঙ্গে ফুটিয়ে তোলে ভাষা ব্যবহারকারীর সংস্কৃতি ও সমাজ। রূপক আমাদের ভাষা ব্যবহারের শুধু নয়, ভাষা শিক্ষার একটি অন্যতম উপকরণ; রূপকের মাধ্যমে আমরা ভাষাজগতে জীবনের শিকড় ছড়াই। আমি সেই বিকেলে চমকে উঠেছিলাম ময়লা দুধের ঘটির রূপকের প্রয়োগে। কই, এমন করে তো আগে ভাবিনি?

আমি বুঝলাম, এই কৃষকেরা তাঁদের প্রতিদিনের বেঁচে থাকার মধ্যে দিয়ে যে রাজনৈতিক বোধ আয়ত্ত করেছেন এবং রাষ্ট্রের সঙ্গে তাঁদের দেনাপাওনার সম্পর্কের মাত্রাভেদ সম্বন্ধে সচেতনতা অর্জন করেছেন, তা প্রাজ্ঞতায় মহীরুহসম, অথচ জনপ্রিয় বাচনের তাত্ত্বিকতার ভিড়ে (এবং ভড়ং-এ) প্রায় দৃষ্টির অগোচর। তাঁরা যে নিজস্ব ভাষায় এই রাজনীতির বয়ান তৈরি করছেন তা আমার কাছে জলবৎ তরলং নয়, কিন্তু তাঁদের বয়ানের ভাষা আমার কাছে লাঙলের ফলায় উঠে আসা নরম ভেজা মাটির মত স্বাস্থ্যকর। কেননা, এই ভাষায় মিশে রয়েছে জনযাপনের গন্ধ। এই মাটি বহুযুগ ধরে আমাদের চোখের সামনেই সঞ্চিত হয়েছে পৃথিবীর স্তরে স্তরে, আমরা তাকাইনি ফিরে। যাপনের কৃষির সাথে সাথেই আমরা ভুলে গেছি কথার কৃষি। এই কৃষক আন্দোলন আমায় কথার কৃষি শেখালো খানিক; পতিত মননজমিনের দিকে অন্তত একবার হলেও, কৌতুহল নিয়ে, বিস্ময় নিয়ে আমি তাকালাম।

তাকিয়ে বুঝলাম, আমি যে ভাষায় ভালোবাসি, একজন সাধারণ কৃষকও সেই ভাষায় ভালোবাসেন, দুঃখকষ্ট পান। বেঁচে থাকেন। কিন্তু আমি আমার শ্রেণী এবং পেশাগত চর্চার পরিসরে যে ভাষায় জ্ঞানের কেনাবেচা করি, পসরা সাজাই বা খরিদ করি - সেই ভাষা আমাকে, আমাদের বিচ্ছিন্ন করেছে জ্ঞানের আরো নানা বেসাতি থেকে, পথে প্রান্তরে ছড়িয়ে থাকা বিভিন্ন পরম্পরা থেকে, এবং বিবিধ সিদ্ধি থেকে। প্রকৃত প্রস্তাবে, ‘জ্ঞানতত্ত্ব’ আমাদের বিচ্ছিন্ন করেছে জ্ঞান থেকে, জানা থেকে।

উল্লেখ থাক, এই লেখায় নির্দিষ্টভাবে বিদ্যায়তনিক মেধাসংস্থানকে আমি সমালোচনা করছি না, আবার শুধু জনপ্রিয় লোকচৈতন্যকেও হাড়িকাঠে তুলছি না। বেছে বেছে অহৈতুকি-লীলাচঞ্চল উদারনীতিবাদীদের যেমন আমি শূলবিদ্ধ করছিনা, তেমনই বামপন্থী ভাষ্যধ্বজ মহারথীদেরও এমন ব্যুহে প্রবেশ করার উস্কানি দিচ্ছিনা, যেখান থেকে বেরোবার রাস্তা তাঁরা জানেননা। আমি এই আত্মপ্রলাপের মধ্যে কেবল নিজের দাঁড়াবার জায়গাটা চিহ্নিত করার চেষ্টা করছি।

কর্নেল সিং চারদিকে জমে ওঠা ভিড়টাকে যেটা বারবার বলছিলেন, তা হল : আমাদের বুঝতে হবে, কেন আমরা এখানে এসে বসে আছি কয়েক মাস ধরে; আমাদের নিজেদের উপলব্ধি করতে হবে এই মহা-অভ্যুত্থানের কারণ; আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার কারা আমাদের ক্ষতি করতে চাইছে, এবং কীভাবে করতে চাইছে, সে ক্ষতিতে কার লাভ, সে ক্ষতিতে আর কার কার ক্ষতি - এই সবটা বুঝলে, তবেই পুঁজি-উপনিবেশের বাজার-সরকার স্বরূপ এই অগণতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের নির্বিকার বহুমুখী আগ্রাসনকে রোখা যেতে পারে। শুধু হুজুগে মেতে গণ-অবস্থান করলে বা সমষ্টির সিদ্ধান্তকে অন্ধের মত মেনে নিয়ে পিঁপড়ের দল ভারি করতে থাকলে আখেরে কোনো লাভ হবে না। কৃষকের ভিড় মাথা নাড়াচ্ছিল অল্প অল্প; মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ করছিলেন সবাই, সম্মতি জানাচ্ছিলেন অনুদ্ধত এক প্রত্যয়ে। বৃদ্ধদের মুখের প্রাচীন বলিরেখাগুলি আয়ুর ক্ষয়চিহ্ন বয়ে ইতিহাসের পঞ্চনদ পার করে মহাসময়ের মোহনায় মিশবে যেন, অথচ শিশুর প্রথম পাঠশালায় যাওয়ার মত আগ্রহে তাঁরা শুনছিলেন কর্ণেল সিং-এর কথা : আমাদের নিজেদের বুঝতে হবে কেন আমরা এই অভ্যুত্থানে অংশ নিচ্ছি।

এমন কথাই তো শোনার কথা ছিল। অথচ, আমি মনে করতে পারি, প্রতিদিন আমরা এর বিপরীত একটা বয়ান শুনে চলছি, এবং সেই শোনার পরিমান বেড়েই চলেছে। আমরা প্রায়ই শুনছি, কর্ণেলের মত একটু এগিয়ে থাকা মানুষেরা উলটে তথাকথিত না-জানা মানুষদের বলছেন: তোমরা এখানে এসেছ কেন কথা বলতে? তোমরা তো জানো না কিছুই? "বলবে কী, তোমরা তো নোটবই পড়োনি"! আমাদের কাগুজে কর্ণেলরা প্রথমেই অবজ্ঞায় দূরে সরিয়ে দিচ্ছেন তাঁদের, যারা নাকি 'জানে না'। তারপর উদ্ধত কৃপাপারবশ্যে তাঁদের দিচ্ছেন কেতাব, ইলম। তখন সেই তথাকথিত না-জানারা ওই কেতাবকে ভজনা করা শুরু করছে। আর সেই ভজনার জন্যে তৈরি হচ্ছে সুনির্দিষ্ট আচারলিপি, প্রতিদিনের ওয়ক্ত মেনে কর্মসূচী। তারপর, যখন ডাক আসছে অভ্যুত্থানের, কনকনে ঠান্ডায় ঘর-সংসার ফেলে পথের প্রবাসে লড়াই হাঁকার, তখন তারা আর সেই ভজনমুখর নিত্যকর্ম ফেলে ময়দানে নামার উপায় পাচ্ছে না। তারা ভাবছে, এই ভজনাতেই বুঝি বিপ্লব আসবে, কালপরিবর্তন হবে। তারা আরো তীব্রভাবে, আরো সুগভীর অনুধ্যানে তাদের এই ভজনার সারসত্যগুলির মহাভাষ্য বানিয়ে বানিয়ে সামাজিক মাধ্যমগুলিতে প্রকাশ করছে। সেখানে আবার নিয়ত চলছে প্রতিভাষ্যের সাথে লড়াই। এবং তালি ও গালি।

আর এদিকে, লাখ লাখ কৃষক রাস্তাকে দেশ বানিয়েছেন, দেশকে রাস্তা দেখাতে। রিভল্যুশন ইজ এলসহোয়্যার।  

চিত্রঋণ:

https://images.app.goo.gl/SfhHyNfJeD35rwQUA

(কৃষক আন্দোলনের ছবি লেখকের ব্যক্তিগত সংগ্রহ থেকে)