নমস্কার। এসপেরান্তো ভাষা অনলাইনে শেখানোর আয়োজন করা হচ্ছে নভেম্বর মাস থেকে। আজকের অনুষ্ঠানের যাঁরা যৌথ আয়োজক, সেই তৃতীয় পরিসর-এর e-স্কুল আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষাতত্ত্ব অনুষদই ওই অনলাইন অধ্যাপনার উদ্যোক্তা। আমরা এই চার দিনব্যাপী অনলাইন সেমিনারে নানা দিক থেকে এসপেরান্তো ভাষার সঙ্গে আপনাদের প্রাথমিক আলাপ করিয়ে দেব বলে এসেছি।

        ১৮৮৭ সালে প্রবর্তিত এসপেরান্তো একটা আন্তর্জাতিক যোগাযোগের জন্যে নির্মিত ভাষা। এই ভাষার প্রধান বৈশিষ্ট্য হল, ছোটো-ছোটো শব্দখণ্ড জুড়ে এক-একটা কথা তৈরি করা হয়। তাই আপনি পাঁচশোটা ছোটো শব্দ শিখলেই তৎক্ষণাৎ পাঁচ হাজারটা বড়ো শব্দ জেনে যাচ্ছেন। অর্থাৎ ভাষাটা শিখতে খুবই কম সময় লাগে। নভেম্বরের অনলাইন কোর্সে যাঁরা ভর্তি হবেন, তাঁরা কয়েক মাসে যেটুকু শেখার সুযোগ পাবেন, তাতেই ভাষাটা মোটামুটি রপ্ত করে ফেলতে পারবেন, যেটা অন্য কোনো ভাষার বেলায় অভাবনীয়। কয়েকটা উদাহরণ দিলেই দেখতে পাবেন কী বলছি এবং কেন।

বাংলায় বলি, 'আমি ছুরি দিয়ে কাটি'। এর এসপেরান্তো হচ্ছে, মি ত্রাঞ্চাস পের ত্রাঞ্চিলো। একজন বিদেশি বাংলা শিখতে গিয়ে আলাদা করে “আমি কাটি” শিখবেন, আলাদা করে “ছুরি” শিখবেন, কাটি কথাটার সঙ্গে ছুরি কথাটার কোনো মিল নেই। এসপরান্তোয় কিন্তু একবার যদি শেখেন আমি কাটি অর্থে “মি ত্রাঞ্চাস” বলতে হয় তাহলেই আপনি জেনে যাচ্ছেন যে “ত্রাঞ্চিলো” মানে ছুরি। ত্রাঞ্চাস থেকে এসপেরান্তো ব্যাকরণের নিয়মে সরঞ্জাম-বাচক “ইলো” যোগ করে তৈরি হয়েছে ত্রাঞ্চিলো কথাটা।

তেমনিই “ছুঁচ দিয়ে সেলাই করি”-র এসপেরান্তো হল “মি কুদ্রাস পের কুদ্রিলো”, কুদ্রাস থেকেই কুদ্রিলো হয়েছে ওই একই “ইলো” শব্দখণ্ড জুড়ে, আলাদা করে কুদ্রিলো শিখতে হবে না। বাংলার বিদেশি শিক্ষার্থীকে কিন্তু আলাদা করে শিখতে হচ্ছে “সেলাই” আর “ছুঁচ”। আরো একটা উদাহরণ, বাংলায় বলি “আমি নৌকো বাই”, কিন্তু যেটা দিয়ে বাই তার নাম “দাঁড়”। “আমি বাই”-এর এসপেরান্তো “মি রেমাস”, “দাঁড়”-এর অনুবাদ “রেমিলো”, আবার একই ব্যাপার। “ইলো” দিয়ে এই যে কথাগুলো তৈরি হয়, ত্রাঞ্চিলো কুদ্রিলো রেমিলো, ছুরি ছুঁচ দাঁড়, প্রত্যেকটাই একটা-কোনো উপকরণ বা সরঞ্জামের নাম।

        এসপরান্তোর বৈশিষ্ট্য হল, প্রত্যেকটা শব্দখণ্ডও একা একা অর্থ বহন করে। ত্রাঞ্চিলো ইত্যাদির ওই যে “ইলো”, ওটা খালি প্রত্যয় নয়, ও নিজেই আস্ত একটা শব্দ। ওর মানে উপকরণ, হাতিয়ার, উপায়। আমি বলতে পারি, “কিয়ে এস্তাস মিআই ইলোই?”, মানে আমার উপকরণগুলো কোথায়? ইলোর মতো শব্দখণ্ড এসপেরান্তোয় গোটা-পঞ্চাশেক রয়েছে। ওইগুলো দিয়ে রাশি রাশি কথা তৈরি করা যায়। এই নিয়মমাফিক কথা তৈরি করার কায়দার কল্যাণেই ভাষাটা শেখা এত সোজা।

বাংলা ইংরেজিতেও কি কথার টুকরো ভেঙে আলাদা করা যায় না? যায় বইকি। যেমন, কমিউনিজম ক্যাপিটালিজম ইত্যাদি থেকে ইজম কেটে নিয়ে বলতে পারেন, “আজকালকার এই ইজমগুলো আমার সহ্য হয় না”। কিন্তু এটা সব জায়গায় সম্ভব নয়। আপনি কি বলতে পারেন, “দুজন টাইপিস্ট, চারজন রিসেপশনিস্ট, মোট ছজন ইস্টকে তোমরা মাইনে দাও”? পারেন না। অথচ এসপেরান্তোয় আমরা অনায়াসে বলব “সেস ইস্তোই”, ছজন ইস্ট, মানে ছজন পেশাদার কর্মী। আপনি বাংলায় শিক্ষ্-অক লেখ্-অক পাচ্-অক, এই তিনরকম “অক”, বলতে গেলে দেখবেন অক কথাটার মানে কী, বোঝাতেই পারছেন না কাউকে।

          একেকটা বড়ো কথার ছোটো-ছোটো টুকরো, ইজম-এর মতো অর্থপূর্ণ টুকরো নিয়ে যে-কারবার ইংরেজি বাংলার মতো ভাষায় করা যায় না সেটা এসপেরান্তোয় স্বচ্ছন্দে করতে পারছেন। অর্থাৎ আপনি এই গোছানো, নকশায় অভ্যস্ত ভাষায় দস্তুরমতো মাথা খেলানোর আরাম পাবেন। হয়তো ওই আরামের টানেই যাঁরা কথার চেহারা কিংবা অঙ্কের প্রতীকের চেহারা সাজিয়ে গুছিয়ে কাজ করতে অভ্যস্ত সেই গণিতজ্ঞ আর কমপিউটার সায়েন্টিস্টরা অন্যান্য অনেক পেশার মানুষের চেয়ে বেশি সংখ্যায় এসপেরান্তো শিখতে আসেন। আমার অগ্রজ প্রজন্মের যে মনীষী আকাদেমিয়ো দে এসপেরান্তো নামক ভাষা পরিষদের প্রথম ভারতীয় সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই অশ্বিনী কুমার পেশাদার গণিতজ্ঞ। তাঁর কর্মজীবন কেটেছে কানপুরের আই আই টিতে। ওই আকাদেমিতে এখন যিনি প্রবীণতম সেই ইটালিয়ান সদস্য এবং এখন যিনি সচিব সেই ফরাসি মনীষীও গণিতজ্ঞ। খুব বেশি ভাষার বেলায় দেখবেন না যে গণিত আর কমপিউটার সায়েন্সের মতো নকশা কাটা বিদ্যাক্ষেত্রের মানুষ দলে দলে ওই ভাষাটা শিখছেন। এসপেরান্তো আর-পাঁচটা ভাষার মতো নয়।

একেকটা ভাষার গায়ে বিশেষ একটা গন্ধ লেগে থাকে। ইটালিয়ান অনেকের কাছেই পশ্চিমি ক্লাসিকাল সংগীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকেই সংস্কৃতের নাম শুনলেই কালিদাস প্রমুখ বিক্রমাদিত্যের নবরত্নের কথা ভাবি। আসলে এসপেরান্তোর ব্যাপারটা এর ঠিক উলটো। তার বেলায় বলা দরকার, বিশেষ একটা সূক্ষ্ম গন্ধ আছে, অনেকের নাকেই ধরা দেবে না, ওই বিশেষ গন্ধটার গায়ে একটা ভাষা লেগে আছে, তার নাম এসপেরান্তো।

          বেশিক্ষণ হেঁয়ালি করলে আপনারা বোর হবেন। কথাটা হল, এসপেরান্তোর প্রবর্তক লেইজের লুদভিক জামেনহোফ থাকতেন পোল্যাণ্ডে, সেদেশ তখন রুশ সাম্রাজ্যের অন্তর্গত। তিনি ১৮৮৭ সালে এসপেরান্তোর রথকে প্রথম ধাক্কাটা দিয়েই পরের বছর দরজা খুলে দিয়ে সুধীবৃন্দকে বললেন, আপনারা যাঁরা এই ভাষা ব্যবহার করতে শুরু করেছেন তাঁরাই এখন থেকে এর চলাফেরা সামলাবেন, আমার ছুটি। তিনি এভাবে রথের রশি সকলের হাতে তুলে দেবার পর মুহূর্ত থেকে এসপেরান্তো যারা বলে তারাই এ ভাষার ক্রমবিকাশের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। জামেনহোফ তো আর এমনি এমনি একটা ভাষাকে মঞ্চে নামাননি। তিনি সেইসঙ্গে যেটাকে আমি বিশেষ গন্ধ বলছি সেই জিনিসটাও চালু করতে চাইছিলেন। সেটাকে উনি বলতেন মানবাত্মবোধ। আমরা যে দেশাত্মবোধ বলি সেইটার আদলে এই বাংলা অনুবাদ করছি ওঁর দেওয়া এসপেরান্তো নামের, বলছি মানবাত্মবোধ। তাঁর দেওয়া মূল নাম ছিল হোম-আর-আন-ইসমো, টুকরোগুলো একে একে ধরলে আক্ষরিক তরজমা হবে মানব-জাতির-একজন-এইবোধ। জামেনহোফ তাঁর এই দ্বিতীয় ভাবনাকে একটা ধর্মঘটিত প্রস্তাবের রূপ দিয়েছিলেন। সেই প্রস্তাবটা ছিল এইরকম: নিখিল মানবজাতির অভিন্ন ধর্মসংহিতা খুবই সংক্ষিপ্ত। তার একটিমাত্র মন্ত্র হল, “পরের কাছে যে আচরণ চাও তুমি তার প্রতি সেই আচরণ কোরো।” ওই মন্ত্রটির বাইরে অতিরিক্ত অনেক কিছু তুমি-আমি বিশ্বাস করতেই পারি যে যার নিজের জাতিবিশেষের ধর্মের সূত্রে। কিন্তু ওই অতিরিক্তটা সারা মানবজাতির নয়, তোমার-আমার নিজস্ব গোষ্ঠীর পাথেয়। মানবজাতির চোখে ওটাকে তোমার-আমার এলাকার সংস্কৃতির ব্যাপার বলে ধরা হবে।

          ধর্মঘটিত প্রস্তাব হিসেবে জামেনহোফের এই দ্বিতীয় নৌকোর পালে হাওয়া এল না কোনো দিন। উনি এটার একটা সংক্ষিপ্ততর সংস্করণ রেখে গেছেন ওঁর সাধের প্রথম নৌকো এসপেরান্তো ভাষার গায়ের গন্ধ হিসেবে। গন্ধটাকে এসপেরান্তোয় আমরা বলি ইনতেরনা ইদেয়ো, ভেতরের কথা। এসপেরান্তো আন্দোলনের পরবর্তী যুগের নেতা ইউগোস্লাভিয়ার ক্রোয়েশিয়ান ভাষাভাষী ইভো লাপেন্না ওই “ভেতরের কথা”টার তাত্ত্বিক চেহারা খুলে বলেছেন, নতুন নাম রেখেছেন “মানবতাবাদী আন্তর্জাতিকতা”। যাঁরা এসপেরান্তো ভাষা শিখবেন না তাঁরাও যদি ঘ্রাণেন অর্ধভোজনং মন্ত্র পড়ে ওই গন্ধটাকে প্রশ্রয় দেন তাহলে ভাবতে পারবেন, ধর্মের ধার না ধেরেও তাঁরা জামেনহোফের দ্বিতীয় নৌকোর স্মৃতিকে সম্মান জানাচ্ছেন নিজেদের জীবনে।

          এই কথাটাই অন্যভাবে বলেছিলাম আমার সেই বাংলা প্রবন্ধসংকলনে যেটা এসপেরান্তো এবং তার সঙ্গে যুক্ত কয়েকটি বিষয় নিয়ে লেখা। বইটা বেরোয় বছর সাতেক আগে অভিযান থেকে, বইয়ের নাম “মেরুর প্রার্থনা: বিষুবের উত্তর”। সেদিন বলেছিলাম, আপনারা সবাই এসপেরান্তোর গায়ের গন্ধ থেকে কিছু পেতে পারেন, ভাষাটা যদি এক বর্ণও না শেখেন তাহলেও। যা পেতে পারেন তা হল নিরপেক্ষ জায়গার গুরুত্বের বোধ। শিবিরে আটকে না যাবার আবশ্যকতারই আরেক নাম এসপেরান্তো। নামটা তাই বলে জপ করতে হবে না। কাজটা করলেই হল, শিবিরে আটকে না গেলেই হল। নিজের শিবিরের প্রতি নিষ্ঠা নিশ্চয়ই ভালো জিনিস। ওতে প্রমাণ হয় আপনি নির্ভরযোগ্য মানুষ, সুবিধাবাদী নন, কথা দিয়ে কথা রাখেন। কিন্তু নিষ্ঠাবান হলেই আপনাকে অত্যধিক, নিঃশর্ত আনুগত্য দেখাতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। আনুগত্য বিপজ্জনক জিনিস। ওখান থেকে আসে নিত্য অনু-গমনের অভ্যেস।

          অনেকক্ষণ বড়ো বড়ো কথা শুনে বোর লাগছে নিশ্চয়ই। এবার আসি ছোটো ছোটো কথায়, সেগুলোও খুবই জরুরি। এসপেরান্তো ছোটো ছোটো দেশের লোকেদের আশ্রয়স্থল। ছোটো জিনিসকে আমরা কখনো উপেক্ষা করি না। এক রাশ ছোটো জিনিস আলাদা আলাদা দিকে টানে আমাদের। তাই আমরা কী করি তার তালিকা দিতে গেলে খুব কিম্ভূত দেখাবে। ফর্দ ধরে তো বাজার করতে বেরোই না। বাজারের কথা উঠলই যখন, মনে হচ্ছে আপনাদের বলেই দিই বাজারে এসপেরান্তো থেকে নেওয়া নাম গায়ে দিয়ে কতরকম মার্কামারা সামগ্রী ঘুরে বেড়াচ্ছে। এরকম কয়েকটা পণ্যসামগ্রী আপনারও চেনা বেরোবে নির্ঘাত।

কমলা রঙের পানীয় মিরিন্দা খেয়েছেন হয়তো? মিরিন্দা একটা এসপেরান্তো কথা, ওর মানে ‘আশ্চর্য’। সুইস ঘড়ির নাম রাদো আর মোভাদো? ওগুলোও এসপেরান্তো শব্দ। রাদো মানে চাকা, মোভাদো মানে আন্দোলন। মোটরগাড়ির মার্কা বালেনো আর চিয়েলো? বালেনো মানে তিমিমাছ, চিয়েলো মানে আকাশ। ধরুন আপনি একটা কোম্পানির মালিক। নতুন কোনো প্রডাক্টের ঝকঝকে আধুনিক নাম রাখবেন ভাবছেন। অথচ এই দেশের বা ওই দেশের বিশেষ আমেজ থাকলে চলবে না। এসপেরান্তো শব্দ আপনার এই ঠিকানাহীন আধুনিক চেহারা জোগাচ্ছে। কিন্তু আপনি তো আর সবাইকে ডেকে ডেকে বলবেন না ঠিক কোথা থেকে রসদ নিচ্ছেন। গোপন উৎস ফাঁস হয়ে গেলে প্রতিদ্বন্দ্বীরাও জেনে যাবে যে। তখন সুবিধে-টুবিধে সব মাটি! এসপেরান্তো একটা গোপন কল্পতরু।

তাই বলে ভাববেন না যে ব্যবসায়ীদের বড়োলোকি রুচির শিবিরে আটকে গেছে এসপেরান্তো। সেটা হলে তো সারা বাজার দখল হয়ে যেত। আমরা যে দখলবাজিতে বিশ্বাস করি না, বাজার দখল করতে যাব কোন দুঃখে! বড়ো বড়ো বামপন্থীরাও অনেকে এসপেরান্তোর প্রতি নিষ্ঠা দেখিয়েছেন এবং আজও দেখাচ্ছেন। ভারতের অনেকে নাও জানতে পারেন, চিনের বিপ্লবের প্রস্তুতিপর্বের কথাসাহিত্যিক লু শ্যুন-এর ভাই রীতিমতো এসপেরান্তো বলতেন। লু শ্যুন নিজেও সমর্থক ছিলেন বলেই মাও সেতুং এসপেরান্তো ভাষাকে গুরুত্ব দিতেন। তাঁর উত্তরাধিকারের অনেক কিছু উঠে গেলেও ওই জায়গাটার জের টানছে আধুনিক চিন। ভিয়েতনামের নেতা হো চি মিন আর ইউগোস্লাভিয়ার নেতা জোসেফ টিটোও এসপেরান্তো বলতেন। কিউবার বিপ্লবের কাণ্ডারি ফিদেল কাস্ত্রো নিজে শেখেননি বটে, কিন্তু মাও সেতুঙের মতোই এসপেরান্তোর সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন।

মোদ্দা কথাটা হল, এসপেরান্তোয় সকলেরই অধিকার। নানারকম রুচির মানুষ, নানারকম রাজনৈতিক বা অর্থনৈতিক ঝোঁকের মানুষ, গোড়া থেকেই ব্যবহার করে আসছে ভাষাটা। সেজন্যেই ১৩৫ বছর ধরে চলছে এসপেরান্তো। আপনার রুচি বা পক্ষপাত যাই হোক না কেন, এই ভাষাটাকে গোলমেলে কোনো শিবিরের কুক্ষিগত ভাষা বলে ভয় পাবেন না।

অবিশ্যি যাঁরা ভয় পান না কিংবা সন্দেহবাতিকে ভোগেন না এমন অনেক মানুষও এসপেরান্তো থেকে শত হস্ত দূরে থাকেন অন্যরকম কারণে। এক রকম অচিন্তিত অস্বস্তিতে ভোগেন অনেকেই, সেটা প্রকাশ করেন এসপেরান্তোর নাম শুনলেই অট্টহাস্যে ফেটে পড়ে, কিংবা মুচকি হাসিতে মুখ উদ্‌ভাসিত করে। ওগুলো অস্বস্তিরই প্রকাশ মাত্র। এসপেরান্তো থেকে আপনারা কী পান এ প্রশ্নের একটা উত্তর নিশ্চয়ই এইসমস্ত নেতিবাচক অনুভূতি! আমার মনে হচ্ছে, নীরবে এইসব অস্বস্তিতে যাঁরা ভোগেন তাঁদের সুবিধেই হবে যদি খোলাখুলি অস্বস্তিগুলো নিয়ে একটু কথা বলা যায়। তাই এবার আমি সেই দিকে যাব। মনে রাখতে সুবিধে হবে যদি তিনরকম অস্বস্তির গায়ে শিরোনাম সেঁটে দিই: ঐতিহাসিক অস্বস্তি, ভৌগোলিক অস্বস্তি, নান্দনিক অস্বস্তি।

          অস্বস্তির ঐতিহাসিক কারণটা হল, উনিশ শতকে এসপেরান্তোর জন্মমুহূর্তে প্রস্তাব করা হয়েছিল, যারা যারা আন্তর্জাতিক যোগাযোগে আগ্রহী তারা সবাই যেন মাতৃভাষার পরেই এসপেরান্তোকে দ্বিতীয় ভাষার আসনে বসায়। ওই সময়টাতে যে ভাষা কূটনৈতিক বা সাংগঠনিক পর্যায়ে আন্তর্জাতিক ভাষা হিসেবে চালু ছিল সেই ফরাসির দম ফুরিয়ে এসেছিল। অথচ ইংরেজি তখনও খুব একটা এগোতে পারেনি। ময়দান একরকম ফাঁকা ছিল। সেই সুযোগে এসপেরান্তো যদি সকলের মন পেত তাহলে কারুর কিছু বলার থাকত না। মন পায়নি। তার বদলে নানা ভূরাজনৈতিক প্রক্রিয়ায় ইংরেজি এগিয়ে এসে ফরাসির জায়গা নিয়েছে। সেইজন্যে এ বিষয়টা দূর থেকে দেখে অনেকেই কোনো খোঁজখবর নেবার দরকার বোধ করেন না। চটজলদি রায় দিয়ে বসেন, এসপেরান্তো একটা পুরোনো প্রস্তাব। অনেক আগে বাতিল হয়ে গেছে। ওটা নিয়ে আজকের দিনে সময় নষ্ট করার কোনো মানে হয় না।  

          ইংরেজি যে পৃথিবীর সরকারি এবং সওদাগরি যোগাযোগের মাধ্যম হিসেবে এখন সবচেয়ে বড়ো জায়গায় জাঁকিয়ে বসেছে সেটা তো অবশ্যই বাস্তব। আমরা যারা এসপেরান্তো চর্চা করি তাদের মাথার উপরেও আকাশটা তো আপনার মাথার উপরের আকাশ থেকে আলাদা নয়। ইংরেজিকে ভাবতে পারি এরোপ্লেন, এসপেরান্তোকে সাইকেল। দুটোর কাজ আলাদা। সেই যে কয়েক শতক আগে বিত্তবান পরিবার চিত্রশিল্পী ডেকে প্রতিকৃতি আঁকবার বরাত দিত, ওটা যখন ক্যামেরার উদ্‌ভাবনের পর বন্ধ হয়ে গেল, তখন প্রতিকৃতি আঁকিয়েদের চাকরি গেল বটে, কিন্তু চিত্রশিল্প উঠে যায়নি তো, গেছে কি? সিনেমার অভ্যুদয়ের পর নাটকের ভূমিকা পালটে গেল ঠিকই, তাই বলে নাটক কি ভ্যানিশ হয়ে গেল? ইংরেজি জিতেছে বলে এসপেরান্তো হেরে গেছে, সে যেন এবার কেটে পড়ে, এই শস্তা ভাবনায় অনেকে আটকে রয়েছেন, না থাকলেই পারেন। এরকম বড়ো জিনিস নিয়ে হারজিতের কথা বলা সত্যিসত্যিই পণ্ডশ্রম। আপনারা বিচক্ষণ শ্রোতা। আপনারা নিশ্চয়ই ওরকম চটজলদি রায় দিয়ে বসবেন না। আমার কথাগুলো কাটতে চান নিশ্চয়ই কাটবেন। তবে শুনে নিয়ে কাটবেন এটুকুই আশা করছি।

          এসপেরান্তো যারা এড়িয়ে চলে তাদের দ্বিতীয় অস্বস্তির কারণ ভৌগোলিক। তাদের বলতে দেখেছি, ইংরেজিকে যদি সাম্রাজ্যবাদী বলে কেউ অপছন্দ করে, যদি ভূরাজনৈতিক বিচারে পক্ষপাতদুষ্ট বলে দাগিয়ে দেয়, তাহলে তো সেই একই যুক্তিতে ইউরোপ থেকে আসা এসপেরান্তোকেও নাকচ করা উচিত। স্রেফ ইউরোপের বিভিন্ন পাড়া থেকে এটা ওটা মিশিয়ে খিচুড়ি রান্না করে দিলেই সেটাকে নিরপেক্ষ ভাষা বলা যায় বুঝি? মার্কিন প্রতাপের পিঠে চড়ে ইংরেজি আজকের পৃথিবীতে এগিয়ে এসেছে। চিন যদি কাল জাঁকিয়ে বসে তাহলে হয়তো চিনে ভাষার প্রতিপত্তি অনেকটা বেড়ে যাবে। ইতিমধ্যেই আরবি বা রুশ বা হিন্দি ভাষা শিখতে অনেকেই বাধ্য হচ্ছে একইরকম কারণে। ইংরেজি-আরবি-চিনে-হিন্দি-রুশ উপাদান মেশানো কোনো নিরপেক্ষ ভাষা তৈরি করে দাঁড় করাতে পারলে কথা ছিল। সে মুরোদ তো দেখায়নি কেউ। এসপেরান্তো শুধু যে আপাতত এই যুগের লড়াইটুকুতে হেরে গেছে তাই নয়। দীর্ঘমেয়াদি প্রতিদ্বন্দ্বিতা থেকেই পুরো আউট হয়ে গেছে। ওর দিকে তাকানোটাই বোকামি। ইউরোপকে এরকম আহ্লাদ দেবার কোনো মানে হয়?

এই কথাগুলোও কিন্তু আসলে অজ্ঞতাবশত দূর থেকে ঢিল ছোঁড়ার নমুনা। আজকের কথাবার্তার একদম গোড়ায় যে তিনটে উদাহরণ দিয়েছিলাম সেগুলো মনে করুন। ছুরি, ছুঁচ আর দাঁড়ের এসপেরান্তো হচ্ছে ত্রাঞ্চিলো, কুদ্রিলো, রেমিলো। এগুলোতে ওই যে “ইলো” প্রত্যয় দেখতে পাচ্ছেন, ওটা কোথা থেকে এল? ওর অনুপ্রেরণা এসেছে দু জায়গা থেকে। একটা উৎস জার্মান শ্ল্যুসেল বা চাবি আর ফ্লুগেল বা ডানার শেষের ওই এল্-এর উচ্চারণ এবং বানান। দ্বিতীয় উৎস ফরাসি এভাঁতাই অর্থাৎ হাতপাখা আর আপারেই অর্থাৎ সরঞ্জামের শেষের আই-এল বানানটুকু। এইরকম সযত্নে জামেনহোফ তাঁর উপকরণ সৃষ্টি করেছেন। এবং আপনি আগেই জেনেছেন, এইসব উপাদানের সাহায্যে এসপেরান্তো অল্প কয়েকটি শব্দখণ্ডের ভিত্তিতে তার একশোগুণ আস্ত শব্দ তৈরি করে। দাঁড়কে রেমিলো বলে। ওই রেম অংশটা ল্যাটিন। ইলোটা একটুখানি ফরাসি, একটুখানি জার্মান, একটুখানি ভাষার প্রবর্তক জামেনহোফের মৌলিক সৃষ্টিরুচি। এবারে আপনি রেমিলো কথাটাকে কোন্ ভাষা থেকে নেওয়া বলবেন? ল্যাটিন না জার্মান না ফরাসি?

          ইউরোপের তামাম ভাষার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তফাতের কথা অনেকে খেয়াল করে না। এসপেরান্তোয় কথার টুকরোর গায়ে কথার টুকরো পর পর জুড়ে একটুও বেঁকিয়ে না দিয়ে কথা তৈরি হয়। প্রত্যেকটি শব্দ। যেমন ধরুন বলতে চাইছেন “ছাগলছানাগুলোকে দেখো”, এর এসপেরান্তো হচ্ছে “রিগার্দু লা কাপ্রিদোইন”। এবার কাপ্রিদোইন-এর টুকরোগুলো ভেঙে দেখুন। কাপ্র্- মানে ছাগল। ইদ্- মানে ছানা। ওই মানে গুলো। শেষের দন্ত্য ন-টা বাংলা “কে”-র সমান। বাংলাতেও যেভাবে সাজানো, ছাগল-ছানা-গুলো-কে। এরকমভাবে কথা সাজানো বাংলায় ক্বচিৎ কদাদিৎ করা থাকে, কিন্তু বার্মিজ থাই ভিয়েতনামি চিনে জাপানি ভাষাতে সর্বদাই এইভাবে শব্দখণ্ড আলাদা আলাদা চেহারা বজায় রেখে যুক্ত হয়। পূর্ব এশিয়ার ভাষার সঙ্গে এই গভীর গঠনগত মিল আছে বলেই না বিশ শতকের গোড়ার দিকে চিনে জাপানে এসপেরান্তো শিকড় গাড়তে পেরেছিল!

এবারে এসপেরান্তো যারা এড়িয়ে চলে তাদের অস্বস্তির তৃতীয় এবং শেষ কারণটার মোকাবিলা করব, যেটাকে বলছিলাম নান্দনিক কারণ। বিরোধীদের নান্দনিক বক্তব্য হল, এটা তো একটা লোকের মাথা থেকে বেরোনো একটা বানানো জিনিস। কৃত্রিম ভাষা। এই জিনিসকে পাত্তা দেব কোন্ দুঃখে?

          ওই “কোন্ দুঃখে” কথাটাকেই একটু চেপে ধরে বলব, যে যার মাতৃভাষাভাষী সমবায়ের দিকে মন দিয়ে তাকালেই একটা বড়ো মাপের দুঃখ খুঁজে পাবে। প্রত্যেক ভাষার ভদ্র চেহারা মাথার উপর থাকে, পায়ের নিচে দলিতদের আর অন্যান্য উপেক্ষিত গোষ্ঠীর মানুষদের চাপা দিতে থাকে, তাদের কথা বলার ধরনকে টিটকিরি দিতে থাকে। কোনো কোনো ভাষায় ওই দুঃখের জবাবে কিছু একটা করা হয়েছে। মারাঠি ভাষায় আমরা দেখতে পাই সাহিত্যে দলিতদের বিশেষ বাচনভঙ্গির গুরুত্বকে আলাদা স্বীকৃতি দিয়ে তার বিপরীতে যে সংস্কৃতভিত্তিক ব্রাহ্মণ্য সংস্কৃতি এতদিন মহারাষ্ট্রের ট্রেডমার্ক ছিল সেইটাকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন সার্বজনিক মারাঠি ভাষার কী চেহারা হবে তাই নিয়ে গোষ্ঠীতে গোষ্ঠীতে দর কষাকষি চলছে। সেই দরাদরির ফল যা দাঁড়াবে সেটা একটা রফা হবে। কৃত্রিম সেই রফাটাই হয়ে দাঁড়াবে নতুন প্রমিত মারাঠি। যেটা না ব্রাহ্মণদের, না দলিতদের, সত্যিসত্যিই সবার পরশে পবিত্র করা।

          প্রমিত বললাম তার কারণ, এই ধরনের একটা প্রক্রিয়া আমাদের প্রতিবেশী বাংলাদেশে সংঘটিত হয়েছে অনেক দিন ধরে, খানিকটা ভাষা আন্দোলনের জের টেনেই। একেকটা জেলার বাচনভঙ্গিকে নানা হাসি ঠাট্টায় দাবিয়ে রাখার দীর্ঘ ইতিহাস পেরিয়ে এসে ওদেশের মানুষ এমন এক প্রমিত বাংলাকে ভেবে চিন্তে আজ সমাজের কেন্দ্রে রেখেছেন যে প্রমিত বাংলা ঠিক পশ্চিমবঙ্গের মান্য চলিত গদ্যের অবিকল প্রতিরূপও নয়, আবার পূর্ববঙ্গের বিভিন্ন জেলার অঙ্ক কষা কোনো গড়পড়তা জ্যামিতিক বিন্দুও নয়। জামেনহোফের মতোই সৃষ্টিপ্রবাহ থেকে উঠে আসা একরকম দর কষাকষির ক্ষেত্রফল। সে জায়গাটা কৃত্রিম। কিন্তু কৃত্রিম বলেই বাসযোগ্য। গাছ প্রকৃতির দান, কিন্তু গাছে বাস করতে আমাদের অসুবিধেই হয়। বাড়ি জিনিসটা নির্মিত, কৃত্রিম, তাকে ঠিকমতো নির্মাণ করলেই বাসযোগ্য হয়ে ওঠে সে।

এখানে এসপেরান্তো আমাদের কী দিচ্ছে বলুন তো? একটা আদর্শের মূর্ত চেহারা হিসেবে সামনে বসে আছে সে। তার কোনো জাগতিক ক্ষমতা নেই যে আমাদের কারুর উপর চাপ দেবে। বসে থাকাটাই দিতে পারে সে। ওটুকুই যথেষ্ট। আদর্শকে যদি আদর্শের কাজ করতে দিই, আর সেই আদর্শটাকে চোখের সামনে রেখে যদি আমাদের সাংসারিক কাজকর্ম ঠিক কতটা গুছিয়ে আর কতটা অগোছালো রেখে জীবনটাকে চালাব সে ব্যাপারে নিজেদের বিবেচনা খাটিয়ে পর পর সিদ্ধান্ত নিতে থাকি, তাহলেই দুকূল সামলাতে পারব আমরা।

          আপনাদের অনেকের বহুদিনের পুরোনো অস্বস্তির কথা এতক্ষণ ধরে কচলে আপনাদের এখন নতুন অস্বস্তি ঘটিয়ে ফেললাম না তো! যদি সে ভুলটা করে থাকি তাহলে সেটা সামলে নেবার একমাত্র উপায় হল বড়ো বড়ো কথা থেকে নেমে এসে আবার ছোটো ছোটো বিষয়ের দিকে নজর টানা। সেই মেজাজে বলি, ভাষাটা শিখে কার কী লাভ হতে পারে?

          একটু আগে গণিতের আর কমপিউটার সায়েন্সের কথা বলছিলাম। ওইসমস্ত পেশায় যেসব ছেলেমেয়ে ঢুকতে চাইছে অথচ উপযুক্ত কমপিউটারের নাগাল পাচ্ছে না, যোগ্য শিক্ষক পাচ্ছে না, অথবা এমনি দ্বিধা বোধ করছে বলে পিছিয়ে যাচ্ছে, কল্পনা করুন সেইরকম কিছু ছেলেমেয়ে আজ প্রথম ধাপে এসপেরান্তো শিখল। তাহলে দুদিন বাদে দ্বিতীয় ধাপে তাদের যখন আরেকটু সহায়-সম্বল জুটবে বা মনোবল বাড়বে তখন তারা দেখবে তরতরিয়ে শিখতে পারছে কমপিউটার প্রোগ্রামিংএর অ-আ-ক-খ কিংবা গণিতের রহস্য। এই কাল্পনিক চিত্রনাট্যে তারা এসপেরান্তোকে একটা সোপানের মতো ব্যবহার করল। কিসের ভিত্তিতে আমরা এই কল্পনাটা করতে পারছি, সেটা একটু ভেবে দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন।

          দেখুন, একদিকে গণিতের বা কমপিউটার প্রোগ্রামিঙের সম্পূর্ণ কৃত্রিম সংকেত, অন্যদিকে ইংরেজি বাংলার মতো পুরোপুরি অকৃত্রিম ভাষা, এ দুইয়ের মাঝখানে এসপেরান্তোর ঠিকানা। এই বিশেষ ঠিকানার আলাদা একটা নাম রেখে আমি বলব, এসপেরান্তো একটা মনস্ক ভাষা। এটা পৃথিবীর একমাত্র বহুল ব্যবহৃত মনস্ক ভাষা। এই ভাষা শিখবার জন্যে তাই ইনটারনেটে প্রচুর সহায়-সম্বল পেয়ে যাবেন, একটা মুঠোফোন হাতে থাকলেই হল। যাদবপুর আর তৃতীয় পরিসরের উদ্যোগে নভেম্বর থেকে যে অনলাইন কোর্স পেয়ে যাচ্ছেন সেটা একটা সম্বল। এই সময়ে যাঁর অসুবিধে থাকবে তিনি পরেও শিখতে পারবেন। অজস্র জায়গায় অনলাইন রসদ পাওয়া যায়। বাচ্চারা হয়তো নিজের চেষ্টায় ওইরকম রসদ ব্যবহার করতে পারবে না। কিন্তু আজকাল তো এন জি ও মহলে অনেকেই নানা জায়গার বাচ্চাকে দরকার মতো সাহায্য করে থাকে। আমার কথাটা সেই ধরনের কর্মীদের জন্যেই বলা।

          শুনেই অনেকের মনে হবে, ইন্টারনেটের রসদ ব্যবহার করতে সুবিধে হয় ইংরেজি জানলে। অথচ ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে ঠিকমতো ইংরেজি শেখা বেশির ভাগ ছাত্রের পক্ষেই কঠিন। এই ক্ষেত্রেও কি এসপেরান্তো কাজে লাগে? ঠিক ঠিক মুহূর্তে হাতের কাছে এগিয়ে দিলে সত্যিই কাজে লাগে, তবে আপনার হাতের টিপ ভালো হলে তবে সাহায্য করতে পারবেন। যে ছাত্র মোটামুটি ইংরেজি শিখেছে কিন্তু কঠিন কথাগুলো ধরতে পারছে না অথবা আন্দাজে বুঝতে পেরে গেলেও নিজের লেখায় ব্যবহার করতে পারছে না, কল্পনা করুন সেইরকম কোনো ছাত্র একটা কারুর সাহায্যে মোটামুটি এসপেরান্তো শিখে নিল। ওই মনস্ক ভাষার সোপানে চড়ে দ্বিতীয় ধাপে উঠে সে পৌঁছে যাবে ইংরেজি জানার অন্দরমহলে। কঠিন শব্দগুলোর নাগাল পাবে। চুপিচুপি খবর দিই, নিছক কাল্পনিক গল্প ফাঁদছি না। এই টোটকাটা সত্যিই কাজ করে। নিজের চোখে দেখেছি। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বাড়িয়ে বোর করব না।

          এবার আমি তৃতীয় একটা আগ্রহের জায়গার কথা বলব। আমাদের মধ্যে কেউ কেউ বিদেশি ভাষা রীতিমতো রপ্ত করে নেয়, সেসব ভাষা শেখাতেও পারে, যেমন ফরাসি জার্মান রুশ চিনে জাপানি। সেইসব ভাষা শিখতে গেলেও দেখবেন, প্রথমে এসপেরান্তো শিখে নিয়ে তার পরের ধাপে বিদেশি ভাষা আয়ত্ত করতে অনেক কম সময় লাগে। এটা লোকেরা ইস্কুলের বাচ্চাদের নিয়ে বিভিন্ন দেশে পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণ করেছে। বড়োদের বেলাতেও এসপেরান্তো যে সোপানভাষা হিসেবে কার্যকরী সেকথা অভিজ্ঞতা থেকে জানি। এবারের এই সেমিনারে আপনারা একটু বাদে, আজকের দ্বিতীয় অধিবেশনে শিবাকে পাবেন। তিনি ইনটারভিউ করবেন রঙ্গনায়কুলুকে। আমাদের এই তরুণ বন্ধু নাগাশিবা প্রথমে এসপেরান্তো শিখেছিলেন, তারপরে জার্মান ভাষা। তরতরিয়ে এত ভালো জার্মান শিখেছিলেন যে আমাজন কোম্পানি তাঁকে বলল, শিবা, জার্মান ভাষার মাধ্যমে যারা আমাদের বইপত্র কিনতে গিয়ে জোচ্চুরি করছে, তুমি তাদের ডেটা মন দিয়ে যাচাই করে ওদের কারচুপি ধরতে সাহায্য করবে, এটাই হবে তোমার চাকরি। সেই কাজ শিবা সফলভাবে করে গেছেন বেশ কয়েক বছর, এভাবেই তাঁর আখের গোছানো শুরু হয়।

          বাঙালি তথা ভারতীয়দের চতুর্থ একটা আগ্রহের জায়গা হল শিল্পের বিভিন্ন শাখা। নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বাদল সরকার এসপেরান্তো শিখেছিলেন। বাদলদা ১৯৮০র দশকে বুঝতে পেরেছিলেন তিনি যে আদর্শে তাঁর ওই তৃতীয় থিয়েটারের আন্দোলন চালাচ্ছেন সেটার সঙ্গে এসপেরান্তোর মূলসুরের ঘনিষ্ঠ আত্মীয়তা। তাই তাঁর দীক্ষিতদের তিনি এসপেরান্তো শিখতে বলেন, কেউ কেউ শিখেওছিলেন। বাদলদা একটা এসপেরান্তো শেখার বই লেখেন বাংলায়, খুব কাজের বই। তাছাড়া তিনি সুকুমার রায়ের হ য ব র ল-এর অনুবাদ করেন এসপেরান্তোয়, তাঁর অনুরোধে আমি একটু ঘষে মেজে দিই, সেই অনুবাদ একটি বহুব্যবহৃত সংকলনের পিঠে চড়ে যাবতীয় এসপেরান্তো লাইব্রেরিতে পৌঁছে গেছে, সর্বত্র। ও হ্যাঁ, যাবতীয় এসপেরান্তো লাইব্রেরি বলতে বোঝায় অন্তত গোটা-পঞ্চাশেক দেশ, বলে না দিলে আপনারা তো জানবেন না। কেউ যদি নাট্যকর্মী বা নাট্যগবেষক হিসেবে বাদল সরকার কিংবা তৃতীয় থিয়েটার ভালো করে বুঝতে চান, তাহলে এসপেরান্তো শিখলে তাঁর অনেকটা লাভ হবে। এবং ভুলে যাবেন না, এসপেরান্তো শিখতে খুব বেশি চেষ্টা করতে হবে না আপনাকে।

          ওই বৃত্তে, বাদলদার সান্নিধ্যে, যাঁরা এসপেরান্তো শিখেছিলেন তাঁদের একজন হলেন আমার বন্ধু সজল দে। তিনি এখন শিলংএ রুশ ভাষার অধ্যাপক। সজল সম্প্রতি একজন ভারতীয় পথিকৃতের এসপেরান্তোয় লেখা আত্মজীবনী অনুবাদ করেছেন। সেই পথিকৃতের নাম লক্ষ্মীশ্বর সিংহ। সজলের করা বাংলা অনুবাদ কয়েক কিস্তিতে ধারাবাহিক আর সংবেদন পত্রিকায় বেরিয়েছে, এবারে বই হয়ে বেরোবে। তাঁর করা ইংরেজি অনুবাদের পাণ্ডুলিপি তৈরি, তিনি শিগগিরই প্রকাশক খুঁজবেন। লক্ষ্মীশ্বর সিংহের জীবন ও কৃতিত্ব নিয়ে সম্প্রতি আরেকজন গবেষক মৌসুমী ভৌমিক গান আর গায়কদের ইতিবৃত্ত ঘাঁটতে গিয়ে অনেকটা কাজ করেছেন। মৌসুমী ভৌমিকের কথা আপনারা অনেকে জানবেন বলে কাজে লাগার এই দৃষ্টান্তটা তুলে ধরছি। তিনি সজলের অনুবাদের অনেকগুলো জায়গার খেই ধরেই নিজের গবেষণা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন গত দু বছরে।

এই অবদি নানারকম ব্যক্তিগত পছন্দের বা ঝোঁকের সূত্রে কী লাভ হয় না হয় সেই কথা বলেছি। ব্যাবহারিক দরকারের জায়গায় অনেকে দেখবেন এসপেরান্তো শিখলে বিশেষ কয়েকটা সুযোগ-সুবিধে পাবেন যেগুলো অত সহজে আর-কোনো রাস্তায় পাবেন না। কীরকম সুবিধের কথা ভাবছি?

এই কঠিন সময়েও জোগাড় যন্তর করে কেউ কেউ বিদেশে যাচ্ছে, লেখাপড়া করতে কিংবা চাকরির সূত্রে। কারুর কারুর কাজের তাগিদে বিদেশে একেকবার কয়েক হপ্তা বা কয়েক মাস কাটাতে হচ্ছে। এইসব মানুষ যদি যাবার আগে মোটামুটি কাজ চালানোর মতো বুনিয়াদি এসপেরান্তো শিখে রাখেন তাহলে ওইসব বিদেশযাত্রার সময়ে খুবই কাজে লাগবে। বহু দেশে পাবেন সেখানকার এসপেরান্তো জানা লোকজনের বাড়িতে শস্তা আতিথ্য। তারা বাড়িতে রাখতে না পারলেও নিদেনপক্ষে আপনাকে শস্তা থাকার-খাওয়ার জায়গা খুঁজে বার করতে সাহায্য করবে।

শুনে হয়তো আপনি বলবেন, এ সাহায্য তো এসপেরান্তো না শিখেও ইন্টারনেট সার্চ করলেই পাওয়া যায়। কথাটা ভুল নয়, তবে কার্যক্ষেত্রে দেখবেন, প্রায়ই স্থানীয় ইন্টারনেট সার্চ করতে সুবিধে হয় স্থানীয় ভাষায় সেই সার্চ করতে পারলে। এবং যে অপশনগুলো পেলেন তার মধ্যে কোন্‌টা ভালো বা মন্দ সেটা বুঝতে পারার জন্যে ওয়াকিবহাল পরামর্শদাতা লাগবে। সে লোক আপনি ফোকটে পাচ্ছেন কোথায়? যদি আপনি এসপেরান্তো শিখে থাকেন তাহলে আপনি বাইরের একটা কোনো দেশে পা দেবার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য বন্ধুবৃত্ত পেয়ে যাবেন, যাদের আপনি বিশ্বাস করতে পারেন।

যে কাজের বা লেখাপড়ার সূত্রে আপনি বিদেশ যাচ্ছেন সেই সূত্রেও আপনার কিছু আলাপ তো হবেই, নিশ্চয়ই হবে। তবে সেসবের বাইরে যদি কয়েকজন এসপেরান্তো-জানা বন্ধুও পেয়ে যান, তাহলে হয়তো দেখবেন তাদের সঙ্গে স্বার্থের ব্যাপারে আপনার কোনো রেষারেষির সম্ভাবনাই নেই বলে বেশি স্বস্তি পাচ্ছেন, খানিকটা বেশি নিশ্চিন্তে মিশতে পারছেন তাদের সঙ্গে।

এর পর আসি এন জি ও-র কথায়। যেসব এন জি ও কর্মী ভারতে বসে কাজ করেন তাঁদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক যৎসামান্য। তাঁদেরও কিন্তু জানা দরকার, নানাবিধ এন জি ও-র কাজের জন্য রাষ্ট্রসংঘের কিংবা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন আয়োজনের সুযোগ নিতে পারলে এন জি ও-র কাজ অনেক সহজে করা যায়। আয়োজন বলতে আমি খালি খয়রাতের কথা বলছি না। সবাই জানি যে আজকাল ভারতের এন জি ও-দের পক্ষে বৈদেশিক টাকার লেনদেনের ব্যাপারে কড়াকড়ি চালু হয়েছে। কিন্তু আপনি যদি বৈদেশিক সহযোগী জোগাড় করতে পারেন তাহলে আপনার অনেকটা কাজ বিদেশিরা বিদেশে বসেই করে দেবে, টাকাকড়ির লেনদেন লাগবে না। সহযোগী জোগাড় করার ব্যাপারে ওরকম কড়াকড়ি নেই।

          এবারে, রাষ্ট্রসংঘ অথবা ইউরোপীয় ইউনিয়নের বিশেষ কোনো একটা আয়োজনের খবর জোগাড় করতেই আপনার ঘাম ছুটে যাবে। ইনটারনেটে ওদের আমলাতন্ত্রের এমন গোলকধাঁধা, দেখেই ভয় করে। ওই গোলকধাঁধায় যদি কোনো কারণে ঢুকতে চান তাহলে আপনি এসপেরান্তোভাষী ওয়াকিবহাল কাউকে ধরুন, চট করে পরামর্শ পেয়ে যাবেন। বেশির ভাগ এসপেরান্তো সংগঠন বহু দশক ধরেই রাষ্ট্রসংঘের কিংবা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন শাখার সঙ্গে কারবার করছে। হাতের কাছে যদি এমন কাউকে না পান যিনি আপনাকে সবটা বুঝিয়ে দেবেন, তাহলেও চট করে হদিস পেয়ে যাবেন এসপেরান্তোয় লেখা কোনো না কোনো দলিল বা নিউজলেটারের। সেখানে আপনি যা খুঁজছেন সেই জবাবগুলো সহজেই পাওয়া যাবে।

রাষ্ট্রসংঘে এসপেরান্তোর কর্মীরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বসেছে অনেক বছর ধরে পরিশ্রম করার পর। প্রথমে রাষ্ট্রসংঘের যেটা প্রথম সংস্করণ সেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হতে না হতেই এসপেরান্তো সংগঠনের লোক গিয়ে নানা দেশের প্রতিনিধির দরজায় কড়া নেড়েছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, ভারত তখন উড্রো উইলসনের বিশেষ চেষ্টার ফলে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য, একমাত্র পরাধীন দেশ যার ভোট দেবার অধিকার টধিকার সবই আছে। এবারে, এসপেরান্তোভাষীদের ওই ডাকে সাড়া দিয়ে ভারত, চিন, পারস্য, আর্জেন্টিনার মতো গোটাসাতেক দেশ প্রস্তাব করেছিল, জাতিসংঘ যেন পৃথিবীর সমস্ত ইস্কুলে এসপেরান্তো শেখানোর সুপারিশ করে, ক্রমশ সকলে এসপেরান্তো জানবে এমন বিশ্বের দিকে যাতে আমরা এগোতে পারি। ভারত চিন ইত্যাদির এই চেষ্টা বানচাল হয়ে যায় ১৯২২ সালে। প্রস্তাবটা যখন গৃহীত হবার মুখে, তখন জাতিসংঘের প্রভাবশালী সদস্য ফ্রান্স ভীটো করে। ভাষার প্রশ্নটা এসপেরান্তোভাষীরা আবার তুলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন রাষ্ট্রসংঘ এসেছে জাতিসংঘের উত্তরসূরি হিসেবে। বছর দশেক লাগাতার চেষ্টার পর রাষ্ট্রসংঘের সংশ্লিষ্ট উপসংস্থার কাছে অর্থাৎ ইউনেস্কোর কাছে বিশ্বসংস্কৃতির একটি বড়ো কৃতিত্বের নিদর্শন রূপে এসপেরান্তো ভাষার ও তার প্রবর্তক জামেনহোফের স্বীকৃতি জুটল ১৯৫৪ সালের এবং তার পরিপূরক ১৯৮৫ সালের ঘোষণায়। ১৯৫৪র পর থেকে রাষ্ট্রসংঘের সহযোগী এন জি ও হিসেবে বিশ্ব এসপেরান্তো সংগঠনকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

          এখানে একটু ব্যক্তিগত কথা বলব বক্তব্যটা স্পষ্ট করবার জন্যেই। বিশ্ব এসপেরান্তো সংগঠনকে একা ইউনেস্কো নয়, রাষ্ট্রসংঘের গোটা বৃত্তটাই আতিথ্য দেয় তাদের সমস্ত আয়োজনে। ১৯৭৭ থেকে শুরু করে দু বছর আমি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিশ্ব এসপেরান্তো সংগঠনের প্রতিনিধি ছিলাম, নিয়মিত ওদের বৈঠকে যোগ দিয়েছি, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২০০৮ সালে, আমি বিশ্ব এসপেরান্তো সংগঠনের সভাপতি নির্বাচিত হবার এক বছর পর, সংগঠনের একশো বছরের জন্মদিন আসছে। আমাকে বলা হল, আয়োজন করতে বেশি দৌড়োদৌড়ি করে দামি ফাংশন হল ভাড়া করতে হবে না। রাষ্ট্রসংঘের যে বিশেষ দপ্তর জেনিভায় অবস্থিত, যেখানে মানবাধিকার ঘটিত কাজকর্ম চলে, সেখানে আমাদের সংগঠন বিনা পয়সায় ওদের জমকালো প্রেক্ষাগৃহে জন্মদিন কাটাবার সুযোগ পাবে। তখন জানতে পারলাম, রাষ্ট্রসংঘ এই বিশেষ প্রশ্রয়টুকু দেয় তার আত্মীয় সংগঠনদের।

          রাষ্ট্রসংঘ প্রভৃতির সূত্রে আরো একটা ব্যক্তিগত কথা বলব। জেনিভায় যাবার মাস-কয়েক আগে আমি ফরাসিদের আমন্ত্রণে প্যারিসে গিয়েছিলাম। তখন ফ্রান্সের এসপেরান্তো আন্দোলনের কর্মীদের সভায় বক্তৃতা দিতে গিয়ে আমি একটা অপ্রত্যাশিত ধন্যবাদ দিলাম। বললাম, “শ-খানেক বছর আগে জাতিসংঘে ভারত প্রমুখ দেশ প্রস্তাব করেছিল জাতিসংঘ যেন এসপেরান্তোকে সারা পৃথিবীর সমস্ত ইস্কুলে অবশ্যপাঠ্য বিষয় হিসেবে চালু করে দেয়। ফরাসি ভাষার ক্ষমতা কমে যাবে এই ভয়ে তোমাদের দেশের সরকার জাতিসংঘে ওই প্রস্তাব ভীটো করেছিল তোমরা সবাই জানো। আমি ভারতের লোক হিসেবে তোমাদের বলতে এসেছি, অশেষ ধন্যবাদ। ভাগ্যিস ফ্রান্স সেদিন ওই ভীটোটা করেছিল। না করলে সেদিনের যা জ্যামিতি, এসপেরান্তোর কপালে জুটত সাম্রাজ্যবাদের বাহন হিসেবে কাজ করার অভিশাপ। ওই ভীটোটা শাপে বর হয়েছে। পৃথিবীর ক্ষমতাশালীদের দোসর হবার বদলে এসপেরান্তো বঞ্চিতদের বন্ধু হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবার সুযোগ পেয়েছে।”

          বঞ্চিতদের বন্ধু বললে অনেকে ভাবে গলাবাজি করা হচ্ছে। আসলে এসপেরান্তো কার বন্ধু হবে, এবং সেই মিতালির ফলে তার কাজকর্ম কীভাবে এগোলে ভালো হয়, এ নিয়ে সাহিত্যিক মহলে এক চোট তর্ক হয়ে গিয়েছিল   এক শতাব্দী আগে, কুড়ির দশকে হাঙ্গেরির দুই বিরাট কবির মধ্যে, দরিদ্র জুলা বগি আর ধনী কালমান কলোচয়-এর মধ্যে। ওঁরা দুজনে মিলে একটা সাহিত্যপত্রিকা চালাচ্ছিলেন। কী হবে সেই পত্রিকার নীতি? বগি বললেন, এসপেরান্তো সর্বজনীন ভাষা, অর্থাৎ সকলের। তাকে থাকতে হবে মাটির কাছাকাছি, হতে হবে সুন্দর নিরলংকার। যথাসাধ্য কম শব্দের সাহায্যে অনেক অনেক শব্দ তৈরি করার মূলনীতিতে অবিচল থেকে সেই ভূষণহীন ভাষায় যেরকম সাহিত্য হয় সেই রচনাই করতে হবে। কলোচয় বললেন, উঁহু, এসপেরান্তো বিশ্বজনীন ভাষা, অর্থাৎ সব বিষয় নিয়ে যাবতীয় বক্তব্য ঠিকমতো বলতে পারার জন্যে প্রস্তুত হতে হবে তাকে। কম নয়, অনেক বেশি পারিভাষিক ও নান্দনিক শব্দের ভূষণ অলংকার চাই তার গায়ে। দরিদ্রদের কথা পরে ভাবা যাবে। এই মুহূর্তে সে সকলের ভাষা হতে পারবে না, আগে তাকে সব কিছুর ভাষা হতে হবে। বিশ্বজনীনতার এই দুরকম আদর্শের মধ্যে সেই যে বিতর্ক বেধেছিল, তার মীমাংসা কোনো দিন হয়নি। বগি ঠিক করলেন কলোচয়ের সঙ্গে ওই পত্রিকার সম্পাদকমণ্ডলীতে থেকে আর কাজ করতে পারবেন না। ইস্তফা দিলেন। আজকের দিনে আমরা বলা বাহুল্য বগির কবিতা আর কলোচয়ের কবিতা দুটোই পড়ি পরম শ্রদ্ধার সঙ্গে। এবং আমাদের মধ্যে অনেকেই এসপেরান্তো সাহিত্যে কী ধরনের শব্দরুচি বেছে নেওয়া উচিত সেটা নিয়ে আদর্শসংকটে ভুগি।

          এই কথাটা সবিস্তারে কেন বললাম দেখতে পাচ্ছেন, নাকি ভাবছেন ইচ্ছে করে বোর করলাম? বুঝতে কি পারছেন না? আমি ইঙ্গিত করছি এখনকার বিশ্বভাষা ইংরেজি নিয়ে। যাঁরা ইংরেজির রথ চালান তাঁরা এই বগি-কলোচয় বিতর্কের অনুরূপ তর্ক যে এখনও ফাঁদেননি এটা বিশ্বভাষা হিসেবে ইংরেজির অন্যমনস্ক চলনের একটা মুশকিল। অন্তত আমরা যারা ভারতবর্ষে ইংরেজি শেখাই তাদের তো ভেবে দেখা দরকার কীভাবে চলব আমরা, কাদের সঙ্গে, এবং কেন। ইংরেজির ছোটোখাটো সংস্করণ প্রচুর লোককে শিখিয়ে ছিমছাম যোগাযোগের উপরেই জোর দেব? নাকি পূর্ণাঙ্গ ইংরেজির বিরাট শব্দসম্ভারের মোকাবিলা যারা চট করে করতে পারবে তাদেরই আরো বেশি ক্ষমতায়নের তুঙ্গে নিয়ে যাব যাতে দেশ হিসেবে আমরা বিশ্বমঞ্চের কৃতীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে পারি? জবাবটা নিশ্চয়ই এই হবে যে, দুটোই চাই। কিন্তু তার জন্যে দুরকম ভাষাপ্রশিক্ষণ লাগবে, দুরকম কর্মীর মধ্যে সহযোগিতার সমীকরণ ভেবে বের করা জরুরি। এসব প্রস্তুতির কিছুই তো শুরু হয়নি। ভারতীয়দের যাঁরা ইংরেজি শেখানোর পেশায় আছেন তাঁদের মহলের অন্তত কিছু কিছু নেতৃস্থানীয় মানুষ যদি চারটি এসপেরান্তো শিখে নিয়ে বগি আর কলোচয়ের বিতর্ক এবং তার সাম্প্রতিক রকমফের বিষয়ক সুদীর্ঘ, বহু দশক ব্যাপী রচনাবলি পড়তে বসেন, তারপর ইংরেজি শেখানোর ক্ষেত্রে এইসব ভাবনার কী প্রতিরূপ তাঁদের কাজে লাগতে পারে, কোন ভাবনা কী কাজের উপযোগী, সেই অঙ্কটুকু যদি একটু কষে দেন, তাহলে “কী ভালো যে লাগবে, তোমায় কেমন করে বলি”, পুরোনো কবিতার প্রতিধ্বনি করে বলছি কথাটা।

          এই, কবিতার কথায় মনে পড়ল। এসপেরান্তো ভাষায় যেসব কবিতা, উপন্যাস, ছোটোগল্প, রম্যরচনা, নাটক প্রথম মুহূর্ত থেকেই রচিত হয়ে এসেছে তারা গোড়ার দিকে ছিল এই ভাষায় সাহিত্য চর্চা কীভাবে হতে পারে তার নিদর্শন তথা রাস্তা তৈরির উপকরণ। ক্রমশ এসপেরান্তোর মৌলিক তথা অনূদিত সাহিত্য একটা সম্পূর্ণ নতুন ধরনের জরুরি জায়গা হয়ে উঠেছে। ওই জায়গাটা আপনাকে কী দিতে পারে, যদি অনেকটা সময় খরচ করে আপনি সাহিত্যের সমঝদার হবার মতো ভালো করে এসপেরান্তো শেখেন, সেটা তো আর আপনাকে আজকের উপস্থাপনে বলতে পারব না। তবে একটা মজার নমুনা দিতে পারি। গোড়ার দিককার একজন কথাসাহিত্যিক ছিলেন শিরিয়ায়েভ। তাঁর ছোটোগল্পে একটি চরিত্র কথায় কথায় মুখ খারাপ করে। সে লোকটা তার কথাবার্তায় কীরকম ফুলঝুরির মতো খিস্তিখেউড় ছেটাতে থাকে তার উপমা দিচ্ছেন শিরিয়ায়েভ, বলছেন, যেসব ভাষায় ডেফিনিট আরটিকলের ছড়াছড়ি সেখানে যেরকম বাক্যের সর্বত্র একটার পর একটা ডেফিনিট আরটিকল দেখা যায়, ওই লোকটার বাক্যে সেইরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে খিস্তি। এরকম উপমার রুচি এমন পাঠকমহলেই হবে যেখানে নানা দেশের নানা ভাষার মোতায়েন সমাবেশ থাকে, এবং সকলেই পরস্পরের অভ্যেসের আর স্বাচ্ছন্দ্যের তফাত নিয়ে সচেতন ও সংবেদনশীল। এসপেরান্তোকে ঘিরে যে ওইরকম পাঠকমহল তথা লেখককুল তৈরি হয়েছে এটা বিরাট সৌভাগ্য। বরাতজোরে আমি একটা এসপেরান্তো সাহিত্যপত্রিকার সম্পাদকমণ্ডলীতে আছি, পনেরো বছর হল, কাগজটার নাম বেলেত্রা আলমানাকো, বছরে তিনবার বেরোয়। কতরকম দেশের, কত ভিন্ন ভিন্ন রুচির লেখার স্রোত আসতে থাকে, সম্পাদকদের পছন্দ অপছন্দ মিলিয়ে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সে গল্পের এটুকুই বলব যে আমাদের মধ্যে বগি কলোচয়ের মতো ফাটাফাটি ঝগড়া কখনো হয় না। যে যার নিজের বিবেচনা অটুট রেখেও পরস্পরের রুচি-অরুচির দিকে মনোযোগ দিতে পেরেছি আমরা। মৌলিক অনূদিত দুরকম লেখাই ছাপি আমরা। তবে অনুবাদ জগতে এসপেরান্তোর একটা কাজ হল ছোটো ভাষা থেকে ছোটো ভাষায় দৌত্য করে যে অনুবাদ এমনিতে অসম্ভব সেরকম তরজমা করিয়ে নেওয়া। ওই বিশেষ ব্যাপারটা নিয়ে শুভা চক্রবর্তী আলাদা বক্তৃতা দেবেন এই সেমিনারের শেষ দিনে। আমি কথা বাড়াব না।

          যাদের লেখা পেলে আমরা “আমাদের কাগজে নিশ্চয়ই ছাপব” বলে দিই একেবারে চোখ বুজে, তাদের মধ্যে বিশেষ উল্লেখ্য নিশ্চয়ই চিনের প্রতিবন্ধী কবি মাও জিফু। এঁর বয়স এখন ষাট। চল্লিশ বছর আগে, জিফু যখন বিশ্ববিদ্যালয়ের অঙ্কের পরীক্ষায় পাশ করে ইস্কুলে অঙ্কের মাস্টারি করছেন, একদিন সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন, পাশ থেকে বেড়া ডিঙিয়ে চলে আসা এক ট্র্যাক্টর ওঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রচণ্ড জখম করে। কোমরের নিচ থেকে ওঁর সাড় চলে যায়। চিনের কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ওঁকে পেনশন দিয়ে যাচ্ছে সারা জীবন। কিন্তু হুইলচেয়ার-নির্ভর মানুষটাকে তো মোটের উপর বাড়িতেই সময় কাটাতে হয়। তেমন করার কিছু না পেয়ে উনি চট করে এসপেরান্তো শিখে নিয়েছিলেন। তারপর অঢেল সময় নিয়ে এসপেরান্তোয় রচিত সমস্ত ভালো ভালো কবিতা পড়ে ফেললেন। নিজে যখন কবিতা লিখতে শুরু করলেন তখন টের পেলেন, ইচ্ছে মতো যেকোনো কবির রচনাশৈলী উনি অনায়াসে নকল করে খেলা করতে পারেন, ভেংচি কাটতে পারেন। এমনকি চিনেদের পরম শত্রু জাপানিদের হাইকু বা তাংকা লেখার কায়দাটাও। মাও জিফু ঠিক করলেন, তিনি প্রতিবন্ধী পরিচয়টাকেই দস্তখত করে কবি হবেন, কাউকে শত্রু ভাববেন না। আলতো করে একটুখানি পেছনে লাগেন নানারকম ঘরানার, তার পাশ দিয়ে নিজের অবিশ্বাস্য কাব্যবীক্ষা ফুটিয়ে তুলেছেন। ওঁর কবিতার বইগুলো বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ।

          পোল্যাণ্ডের বন্ধুরা যখন কয়েক বছর আগে আমাকে বলল পোজনানে গিয়ে ওদের বিশ্ববিদ্যালয়ের এসপেরান্তো পাঠক্রমে আমি যেন এশিয়ার মৌলিক এসপেরান্তো সাহিত্যিকদের নিয়ে দু হপ্তা পড়িয়ে দিই, তখন প্রস্তুতিপর্বে মাও জিফুর শরণাপন্ন হয়েছিলাম। তিনি দিলদরাজ মানুষ, যা যা জানতে চাই সমস্ত কথা ই-মেলে খুলে বললেন। ওঁর কবিতা ছাড়া আমি আর পড়িয়েছিলাম লক্ষ্মীশ্বর সিংহের একটা ঐতিহাসিক নাটক, এবং হাসেগাওয়া তেরুর আত্মজীবনী। হাসেগাওয়া তেরু ছিলেন এক জাপানি তরুণী যিনি চিন থেকে আসা সহপাঠীকে বিয়ে করে চলে গেছিলেন চিনে বাস করতে। তারপরেই ১৯৩৭ সালে চিন-জাপানের যুদ্ধ বাধল। উনি বামপন্থী এসপেরান্তো কাগজে লিখতে লাগলেন জাপানি আক্রমণের বর্বরতার কথা। চিনের রেডিয়োর জাপানি ভাষার অনুষ্ঠানে জাপানের নাগরিকদের বলতে লাগলেন তাদের সরকার কীভাবে সভ্য যুদ্ধের সমস্ত নিয়ম ভাঙছে। যুদ্ধের সময়ে ওঁর অনলস কাজের জন্যে স্বয়ং চৌ এনলাই ওঁকে সম্মান দিয়েছিলেন।

          যাক সে কথা। আমি নিজে এসপেরান্তো জগতে কী করেছি তা নিয়ে দু চার কথা উঠে এসেছে অন্য প্রসঙ্গের সূত্রে, হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেললাম, দুঃখিত। এসপেরান্তো নাহয় গোছালো ভাষা। আমি মানুষটা বড্ড অগোছালো। এবার আমি এলোমেলোভাবেই বলব আজকাল আমাদের দেশে এসপেরান্তোর সক্রিয়তা এই মুহূর্তে কীরকম চলছে। ভারতের বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতিকালে ভাষাটা পড়ানোর ব্যবস্থা উঠেছে পড়েছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনারা এই সেমিনারের অন্য উপস্থাপনে শুনবেন অজয় নন্দী, শ্যামসুন্দর পাল, গৈরিক পত্রনবিশ, শোভনা ঘোষ, অরুণ ভট্টাচার্য, মীনা দাঁ, শুভা চক্রবর্তীর কাছে। অন্যান্য রাজ্যের কিছু খবর পাবেন রঙ্গনায়কুলু, গিরিধর রাও, নাগাশিবা আর স্নেহজার উপস্থাপনে। এই মুহূর্তে মনে পড়ছে কয়েক দশক আগে যাঁরা এসপেরান্তো নিয়ে সক্রিয় থাকতে উৎসাহ দিয়েছিলেন তাঁদের কথা, শঙ্খ ঘোষ, শিবনারায়ণ রায়, বাদল সরকার, অমিয় দেব, নরেশ গুহ, সুবীর রায়চৌধুরী, নবনীতা দেবসেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, শুভেন্দুশেখর মুখোপাধ্যায়, জ্যোতির্ময় দত্ত, অশীন ও উমা দাশগুপ্ত, অম্লান ও অর্ঘ্যকুসুম দত্ত, এবং বলা বাহুল্য এসপেরান্তো আন্দোলনের পথিকৃৎ লক্ষ্মীশ্বর সিংহ, তাঁর পরিবার, আর তাঁর ছাত্র অবনীভূষণ হালদার। নিশ্চয়ই স্মৃতিশক্তি ফিকে হয়ে আসছে বলে অনেকের কথা ভুলে যাচ্ছি। এসপেরান্তো জগতে আমি যাদের কাছে বিভিন্ন ঋণে ঋণী তাদের নাম বাঙালি শ্রোতারা জানবেন না, তাই ওদিকে যাচ্ছি না। আজ এখানেই শেষ করছি। আপনারা আর যা জানতে চাইবেন, এই সেমিনারের অন্য বক্তাদের কাছে অনেকটাই জেনে যাবেন। তার পর আরো কৌতূহল থাকলে তো আমরা খুবই খুশি হব। মন দিয়ে শুনলেন বলে অশেষ ধন্যবাদ।