ইতিহাসের ঝঞ্ঝায় আশ্রয়স্থল

টেরি ঈগ্‌লটন

 

মরে বাতিল হয়ে যাওয়া তো দূরের কথা, সমাজতন্ত্র চিরকালের মতোই এখনো সমানভাবে প্রাসঙ্গিক— এর কাজ হল বিশ্ব পুঁজিবাদের জন্মগত অস্থির ও আত্মবিনাশী চরিত্রের অনিবার্য সংকটগুলি থেকে উদ্ভূত ফ্যাসিবাদ, প্রাণঘাতী হিংসা ও বর্বরতার প্রতিরোধ করা।

 

দৈবজ্ঞ বা গণৎকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যৎবাণী করে। সমাজব্যবস্থার নাড়ি-নক্ষত্র পরখ করে সে ভবিষ্যতের লক্ষণগুলি ব্যাখ্যা করে শাসকগোষ্ঠীকে আশ্বস্ত করার জন্য যাতে তাদের মুনাফা নিরাপদ থাকবে আর ব্যবস্থাটিও থাকবে অটুট। আজকের দিনের গণৎকার হল একজন অর্থনীতিবিদ অথবা বিজনেস এগজিকিউটিভ। অন্যদিকে সাধুসন্ত বা ধর্মপ্রচারকের ভবিষ্যদ্‌বাণী করায় কোনোও উৎসাহ নেই— শুধুমাত্র মানুষকে সতর্ক করে দেওয়া ছাড়া যে, নিজেদের পথ না-বদলালে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তার উদ্দেশ্য বর্তমান অন্যায়ের ভর্ৎসনা, ভবিষ্যৎ উৎকর্ষের স্বপ্ন নয়; কিন্তু ন্যায়ের কিছুমাত্র ধারণা ব্যতিরেকে আপনি যেহেতু অন্যায় চিহ্নিত করতে পারেন না, আপনার ভর্ৎসনায় বা প্রতিবাদে সেই জনাই এক ধরনের ভবিষ্যৎ নিহিত থাকে।

 

বর্তমানের সঙ্গে কোনো সংলগ্নতা নেই এমন ভবিষ্যৎ হবে দুর্বোধ্য, ঠিক যেমন শুধুমাত্র বর্তমান-অনুসারী ভবিষ্যৎ হবে অবাঞ্ছিত। কাঙ্ক্ষিত ভবিষ্যৎ অবশ্যই হবে এক সম্ভাব্য ভবিষ্যৎ, অন্যথায় আমাদের আকাঙ্ক্ষা হবে নিষ্ফলা এবং আমরা ফ্রয়েডের নিউরোটিকের মতো নিষ্ফলা আকাঙ্ক্ষায় অসুস্থ হয়ে পড়ব। কিন্তু আমরা যদি শুধুই বর্তমানের নিরিখে ভবিষ্যৎ বাতলাতে যাই, তাহলে ভবিষ্যতের ভবিষ্যতাই বাতিল হয়ে যায়, যেভাবে নব্য ঐতিহাসিকবাদে (নিউ হিস্টরিসিজম) অতীত থেকে বিগত কালের ব্যাপারটাই মুছে দেওয়ার প্রবণতা থাকে। উৎকটভাবে আন্তরিক আশাবাদী, গোঁ-ধরে বালিতে মাথা গুঁজে থাকা ইউটোপিয়ান-ই চতুর বাস্তবধর্মী, সে কল্পনা করে ভবিষ্যৎ ঠিক বর্তমানের মতোই হবে— বরঞ্চ আরও বেশিই হবে— আইএমএফ, ব্র্যাড পিট, চকোলেট চিপ কুকি এখন যেমন আছে পাঁচ হাজার সালেও তেমনই থাকবে। এই মোহদৃষ্টির খাঁটি উদ্ভট কল্পনার সঙ্গে তুলনায় রোমশ, উন্মাদ-বৃষ্টি অ্যাপোক্যালিপটিসিস্টদেরও দেখাবে শান্ত-শিষ্ট নরমপন্থীদের মতো। ফ্রান্সিস ফুকোইয়ামা যাই ভাবুন-না কেন সমস্যা এটা নয় যে, আমাদের ভবিষ্যৎ বলতে প্রায় কিছুই থাকবে না, সমস্যা বরং বিপুল ভবিষ্যতের। আমাদের সন্তান সন্ততিরা, আশা করা যায়, এক আকর্ষণীয় ভবিষ্যতে বাস করবে।

 

খুব সম্ভবত আগামী দশকগুলিতে পুঁজিবাদের এক গুরুতর সংকট দেখা দেবে: একথা বলার অর্থ অবশ্য এই নয় যে সংকট নিশ্চিত অথবা সমাজতন্ত্র আসবে। ভবিষ্যৎ বর্তমান থেকে অন্যরকম হতে বাধ্য, কিন্তু এই নিশ্চয়তা বর্তমানের তুলনায় আরও ভালো ভবিষ্যতের কোনো গ্যারান্টি নয়। কিন্তু পশ্চিমি দুনিয়া ক্রমাগত আরও তীব্রভাবে নিজের কায়েমি স্বার্থ রক্ষা করছে, (বাকি বিশ্বে, এমনকি পশ্চিমি দেশগুলিতেও) বর্জিত, বঞ্চিত, স্থানচ্যুত জনসাধারণের প্রতি আরও নির্মম আচরণ করছে, নাগরিক সমাজের শিকড় ক্রমাগত উপড়ে ফেলা হচ্ছে; এই অবস্থায় আকাশে ঝড়ের সংকেত দেখে পূর্বাভাষ করার জন্য কোনো নষ্টাডেমাসের প্রয়োজন নেই।

 

বিশেষ সামাজিক সাহায্য ও সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না-করে বাজার অর্থনীতির লাগাম ছেড়ে দেওয়া যায় না, অন্যথায় অত্যন্ত অস্থিরতা ও ক্ষোভের ঝুঁকি থেকে যায়। কিন্তু বাজার অর্থনীতির চালিকা শক্তিগুলি ঠিক এই সামাজিক সাহায্য ও সুরক্ষার ব্যবস্থাগুলি ধ্বংস করে দেয়। (বাজারি) ব্যবস্থা নিজেই নিজের আধিপত্য ক্ষয় করে, বামপন্থীদের খুব একটা সাহায্যের দরকারও হয় না। আশঙ্কার বিষয় এটা নয় যে ইতিহাসের শুধুই পুনরাবৃত্তি ঘটবে, বরং আশঙ্কার সম্ভাবনা এটাই যে যখন এই প্রক্রিয়া শুরু হবে তখনও বামপন্থীরা উদভ্রান্ত, অসংগঠিত অবস্থায় থাকবে; বিক্ষিপ্ত, ছড়ানো-ছিটোনো, স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ফলদায়ী খাতে প্রবাহিত করতে অপারগ হবে। সমস্যা হল, পরিস্থিতি এরকম হলে— অন্যরকম পরিস্থিতিতে যত মানুষ ক্ষতিগ্রস্ত হত, এতে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

যদি বিবেচনা করা হয় বামপন্থীদের দেওয়া প্রস্তাবটি সত্যিই কতটা নরমপন্থী, তখন এটা আরও পরিতাপের বিষয় হয়ে ওঠে। এই গ্রহের প্রতিটি বাসিন্দা যেন যথেষ্ট খেতে পায়, কাজ পায়, পায় স্বাধীনতা, মর্যাদা ইত্যাদি— বামেদের দাবি এইটুকুই। মোটেই বৈপ্লবিক কোনো ব্যাপার নয়। অথচ বর্তমানে একটা বিপ্লব ছাড়া এগুলি অর্জন করা সম্ভব নয়; বর্তমান অবস্থা কীরকম ভয়াবহ এটা তারই একটি সূচক। এবং এই অবস্থা পুঁজিবাদেরই চরমপন্থার পরিণাম, সমাজতন্ত্রের নয়। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে, অবস্থা যে খুবই খারাপ— এই সরলমনা দাবি চরমপন্থী সংস্কারবাদীদের। এইখানে উদারপন্থী সংস্কারবাদীদের সঙ্গে এদের পার্থক্য আছে, কিন্তু কিছু কিছু সংরক্ষণশীলের সঙ্গে আবার পার্থক্য বিশেষ নেই। উদারপন্থী, বাস্তবপন্থী এবং আধুনিকীকরণের প্রবক্তারা এমন এক ইউটোপিয়ান মোহ আঁকড়ে আছে যে বর্তমান অবস্থায় মৌলিক ভিত্তিগত ভ্রান্তি কিছু নেই। সংরক্ষণশীলরা মনে করে মৌলিক গলদ আছে, শুধু গলদটা ঠিক কোথায় এটা ধরতে তারা ভুল করে বসে। অতি দৃষ্টিকটু সরলমনা আদর্শবাদের নমুনা সমাজতন্ত্র নয়, নমুনা হল সেই বিশ্বাস যে যথেষ্ট সময় পেলে পুঁজিবাদই সকলের অন্ন সংস্থান করে দেবে। এই বিশ্বাস, ভ্রান্ত, পরিত্যক্ত— এই রায় দেবার আগে আপনি কতদিন এই বিশ্বাস বাঁচিয়ে রাখতে রাজি আছেন? এতৎসত্ত্বেও আমার কখনোই দৃঢ় ধারণা হয়নি যে, আশাবাদ এবং নৈরাশ্যবাদ জাতীয় শব্দের প্রভূত রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে। যা দরকার— যে কোনো ফলদায়ক নৈতিক বা রাজনৈতিক কাজের, যা বাস্তবিকই প্রয়োজনীয় শর্ত— তা হল বাস্তববোধ, এই বাস্তববোধই কখনো আপনাকে বিষণ্ণ, অপ্রসন্ন করে তোলে, কখনো-বা করে তোলে আনন্দে উচ্ছ্বসিত। বাস্তববোধ (অর্জন করা) অসম্ভব কষ্টসাধ্য। কাজের কথাটা হল, যথার্থ কারণ থাকলে বিষণ্ণ  হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু এইখানেই বামেদের মাঝে মাঝে গণ্ডগোল হয়ে যায়। সুতরাং, বামেরা কেন বিষণ্ণ, নিরুৎসাহ হবে না তার দু-একটি কারণ সংক্ষেপে উল্লেখ করছি।

 

প্রথমত, আমার মতে এটা ভাবা ভুল যে বামেদের বর্তমান সংকটের সঙ্গে সাম্যবাদের বিপর্যয়ের বিশেষ কোনো সম্পর্ক আছে। ১৯৮০-র সময়ের ঘটনাবলির প্রভাবে খুব অল্প সংখ্যক সমাজতন্ত্রী মানুষই মোহ-মুক্ত হয়েছিলেন, কারণ মোহ-মুক্ত হওয়ার জন্য প্রথমে মোহগ্রস্ত হওয়া দরকার। পশ্চিমি দুনিয়ায় সোভিয়েত ইউনিয়নের দ্বারা বিরাট সংখ্যক মানুষ শেষবার মোহগ্রস্ত হয়েছিলেন ১৯৩০-এর সময়ে; সেটা অবশ্য অনেকদিন আগেকার ঘটনা। আপনি যদি প্রকৃতই ওই সমাজব্যবস্থার সবচেয়ে ধারালো সমালোচনা দেখতে চান, আপনারে যেতে হবে পশ্চিমি উদারনৈতিকতার কাছে নয়, মার্কসবাদের প্রধান ধারাগুলির কাছে। আইজেয়াইয়া বের্লিনের মতামতের থেকেও এই ধারাগুলির স্ট্যালিনিজমের বিরুদ্ধে প্রতিরোধ অনেক বেশি মৌলিক। সে যাই হোক, বার্লিন ওয়ালের প্রথম ইট খসে পড়ার অনেকদিন আগে থেকেই বিশ্বের বামপন্থীরা গভীর সংকটে পড়েছিলেন।

 

সাম্যবাদের অবসানে যদি বামপন্থীদের বিড়ম্বিত হওয়ার সত্যিই কিছু থেকে থাকে, তাহলে সেই কারণটি হল এই বিপর্যয়ের মাধ্যমে প্রমাণিত পুঁজিবাদের ভয়ংকর ক্ষমতা (যা উদ্দেশ্য প্রণোদিত, ধ্বংসাত্মক মারণাস্ত্র প্রতিযোগিতার মাধ্যমে সোভিয়েত গোষ্ঠীর পতনের জন্য অনেকাংশে দায়ী), চাওসেস্কুদের সঙ্গে সঙ্গে কোনো দুর্লভ প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে বলে নয়। তথাপি, ১৯৮০-র শেষের দিকে যা ঘটল, সেটি একটি বিপ্লব, এর ভয়াবহ সমস্ত পরিণতি সত্ত্বেও এটি একটি বিপ্লব। আরও, ১৯৮০-র সময়ে বিপ্লব হওয়ার কথা ছিল না।

 

এমনকি সাধারণ মানুষের উদাসীন অনীহাও অনুমান করে নিলে তা বিষণ্ণ করার মতো যথেষ্ট কারণ নয়। কেননা এটা বেশিরভাগই কল্পনাপ্রসূত। যে সব মানুষ রিফিউজি, উদ্বাস্তুদের বিরুদ্ধে সরব হয়, নিজেদের সম্পত্তি রক্ষার জন্য নিউট্রন বোমা ব্যবহারের অধিকার দাবি করে, তারা আলোকপ্রাপ্ত না-হতে পারে, কিন্তু উদাসীন নয়। আমি যেখানে বাস করি তার উত্তরে, অর্থাৎ আয়ারল্যান্ডে বহু ভালো নাগরিক আছেন। এরা কোনো মতেই উদাসীন নন, বরং অতি মনোযোগী। সাধারণত (দেশের) নারী পুরুষ শুধুমাত্র সেই সব রাজনীতি সম্বন্ধে উদাসীন হয় যে— সব রাজনীতি তাদের সম্বন্ধে উদাসীন। বর্তমানে জনসাধারণ রাজনীতিবিদ ও উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব সম্বন্ধে খুব বেশি মাথা না-ঘামাতেই পারে, কিন্তু আপনি তাদের পেছনের উঠোন দিয়ে মোটরের রাস্তা তৈরি বা তাদের শিশুদের স্কুলটি বন্ধ করার চেষ্টা করলে তারা যথেষ্ট ক্ষিপ্রতার সঙ্গে প্রতিবাদে নামবে। আর নামবে না-ই বা কেন? খুব বেশি বিপদের ঝুঁকি না-থাকলে এবং ফলপ্রসূ হবার যুক্তিসঙ্গত সম্ভাবনা থাকলে, অন্যায় ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ করাই যুক্তিসঙ্গত। এই ধরনের প্রতিবাদ একেবারেই ব্যর্থ হতে পারে, বিন্দুমাত্র ফলপ্রসূ না-হতে পারে, কিন্তু সেটা এ মুহূর্তে আলোচ্য বিষয় নয়। আমার মতে, মৌলিক রাজনৈতিক পরিবর্তনের বিরুদ্ধাচরণ করাও যুক্তিসঙ্গত যতক্ষণ একটি ব্যবস্থা, সামান্য পরিমাণে হলেও আমাকে সন্তুষ্ট করতে সক্ষম এবং যতক্ষণ ওই ব্যবস্থার বিকল্পটি অস্পষ্ট ও বিপজ্জনক হয়ে প্রতিভাত হতে থাকে। সে যাই হোক, বেশিরভাগ মানুষই শুধুমাত্র জীবন ধারণ ও বিভিন্ন আশু প্রয়োজনীয়, স্থূল বাস্তব ব্যাপারে এত বেশি শক্তি ব্যয় করে যে রাজনীতির জন্য আর বিশেষ কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু আজকাল যদিও যুক্তিবাদী হওয়ার দাবি বোঝায় ‘কুল ইট্‌’ (মাথা ঠান্ডা রাখো), ১৭৯০-এর সময়ে এর অর্থ ছিল ব্যারিকেড গড়ে তোলা। তাছাড়া, একবার যদি কোনো রাজনৈতিক ব্যবস্থা নাগরিকদের যথেষ্ট সুবিধা প্রদান করে নিজের প্রতি অনুগ্রহ করে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে এবং কম ঝুঁকিপূর্ণ অথচ বাস্তবসম্মত বিকল্প সামনে আসতে থাকে, তখন রাজনৈতিক বিদ্রোহ— কর্নেল অঞ্চলের মৎস্যজীবীদের কথাবার্তায় ‘লাইক’ শব্দটি ব্যবহারের মতোই— অনিবার্য হয়ে ওঠে। আমাদের যুগে এই ধরনের ঘটনা ঘটার অত্যন্ত উল্লেখযোগ্য দৃষ্টান্ত হল বর্ণবৈষম্যের পতন।

 

কাজেই— নাগরিকবৃন্দ সাধারণত আত্মসন্তুষ্ট বা নিরুদ্যম— এই ধরনের কথাবার্তার সপক্ষে বিশেষ প্রমাণ কিছু নেই। বরঞ্চ উলটো দিকে প্রমাণ আছে যে, তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, যদিও তাদের এই মুহূর্তে সমাজতন্ত্রের দিকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ততটাই, যতটা সম্ভাব্য হল তাদের থিওজফি, ব্যাপকভাবে আঁকড়ে ধরা। আমরা যদিও দেখতে পাচ্ছি ব্রেজিলে ভূমিহীনদের আন্দোলন, ফ্রান্সে শ্রমিক শ্রেণির জঙ্গি আন্দোলন, মার্কিন যুক্তরাষ্ট্রে কম মজুরির কঠোর পরিশ্রমের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ, লগ্নি পুঁজির উপর নৈরাজ্যবাদী হানা ইত্যাদি, তবুও বামপন্থী প্রতিরোধের অভাবটাও বাড়িয়ে দেখানো ঠিক নয়।

 

আবার ‘অপস্রিয়মান শ্রমিকশ্রেণি’-র তত্ত্বও ধোপে টেকে না। প্রলেতারিয়েত-এর সংখ্যা এবং গুরুত্ব কমেছে— এ কথা ঠিক; কিন্তু— মজুরির ভিত্তিতে কলে কারখানায় কায়িক পরিশ্রম করা শ্রমিক— এই অর্থ যদি নেওয়া যায় তাহলে প্রলেতারিয়েত এবং শ্রমিক শ্রেণি একই জিনিস নয়। কেউ রেস্তোরাঁয় ওয়েটার, কেউ-বা পোশাক তৈরি করে কিন্তু তাতে তাদের শ্রমিক শ্রেণিভুক্ত হওয়া আটকায় না। গভীর বিশ্লেষণে না-গিয়ে এটুকু বলা যায়, ‘প্রলেতারিয়েত’ একধরনের শ্রম বোঝায়, আর ‘শ্রমিক শ্রেণি’ সূচিত করে উৎপাদনের ভিত্তিতে গড়ে ওঠা সামাজিক সম্পর্কগুলির অন্তর্গত একটি অবস্থান (এই ধোঁয়াশা তৈরি হওয়ার আংশিক কারণ হল মার্কসের যুগে শ্রমিক শ্রেণি এবং কলে কারখানায় কাজ করা প্রলেতারিয়েতের মধ্যে পার্থক্য বিশেষ ছিল না।)। সে যাই হোক, শব্দটিকে যদি নিতান্ত পারিভাষিক অর্থে ব্যবহার করা যায়, তাহলেও সারা পৃথিবীতে প্রলেতারিয়েতের সংখ্যা নিশ্চিতভাবে বেড়েছে। সারা পৃথিবীর পটভূমিকায় অন্যান্য শ্রেণির তুলনায় তাদের সংখ্যা কমেছে— এটা তর্কের বিষয় হয়তো; কিন্তু বিপ্লবের চালিকা শক্তি হতে হলে শ্রমিক শ্রেণিকে সংখ্যাগরিষ্ঠ সামাজিক শ্রেণি হতে হবে এমন শর্ত কখনো কোথাও ছিল না। শ্রমিক শ্রেণি ‘সর্বজনীন’— এর কারণ এই নয় যে সংখ্যায় তারা সর্বাধিক। তারা ‘সর্বজনীন’ এই অর্থে যে শ্রমিক শ্রেণির ন্যায়প্রতিষ্ঠা করলে অবস্থার বিশ্বব্যাপী বা সর্বজনীন আমূল পরিবর্তন হবে।

 

শ্রমিক শ্রেণিকে সর্বাপেক্ষা ক্লিষ্ট বা পীড়িত শ্রেণি হতে হবে এমন কোনো শর্তও নেই। এমন অনেক মানুষ আছে— ভবঘুরে, বয়স্ক, বৃদ্ধ এবং বেকার (যাদের বর্তমান লুম্পেন ইন্টেলিজেন্টসিয়া বলা যেতে পারে)— যাদের অবস্থা অনেক বেশি শোচনীয়। কিছু কিছু সমাজতন্ত্রীর মতে, শ্রমিক শ্রেণি বৈপ্লবিক পরিবর্তনের চালিকা শক্তি এই কারণে নয় যে তাদের দুঃখ দুর্দশা ভয়াবহ (কখনো কখনো সত্যিই ভয়াবহ, কখনো কখনো নয়), বরং তাদের চালিকা শক্তি বলা হয় এই জন্য যে পুঁজিবাদী ব্যবস্থায় তাদের যে অবস্থান বা ভূমিকা, তার ফলে নিয়ন্ত্রণ নেবার সম্ভাব্য সামর্থ্য এই শ্রেণির রয়েছে। অন্যান্য কিছু মৌলিক শক্তির মতোই শ্রমিক শ্রেণি এই ব্যবস্থার মূলে ও উৎসে আছে, আবার পুরোপুরি এর অন্তর্ভুক্ত হতেও অপারগ, শ্রমিক শ্রেণি এই ব্যবস্থার কাঠামোর অংশ, আবার অন্তর্ঘাতের কারণও বটে। মার্কসবাদে যদি শ্রমিক শ্রেণির একটি বিশেষ ভূমিকা থেকে থাকে, তার কারণ এই নয় যে এই শ্রেণি বিশেষভাবে প্রপীড়িত বা সংখ্যাগরিষ্ঠ। বরঞ্চ, ফ্রয়েডীয় অর্থে কারণটা হল এই শ্রেণি লক্ষণযুক্ত এক দ্বন্দ্ব সূচিত করে, অনেকটা মাঠের সীমানার মতো— এ বাইরেও আছে, ভেতরেও আছে এবং সামগ্রিকভাবে এই ব্যবস্থার দ্বৈত বা দ্বান্দ্বিক চরিত্র কিছুটা প্রকাশ করে। যদি এই শ্রেণিকে এই ব্যবস্থার সমষ্টিগত প্রতিভূ বলা যায় তার কারণ হল এই শ্রেণি এই ব্যবস্থার দ্বন্দ্বগুলি, অন্তর্নিহিত বিরোধগুলি সামগ্রিকভাবে তুলে ধরে। যে-সব নারী পুরুষ এই ব্যবস্থার সৃষ্টি করে, যাদের জীবিকা জীবনযাত্রা এর উপরে নির্ভরশীল, যারা এই ব্যবস্থা একত্রে ন্যায় অবলম্বন করে চালাতে সমর্থ এবং যারা এই প্রকার পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে, তারা ছাড়া আর কে-ই বা এই ভার নেবে?

 

যারা রাষ্ট্রের সেবা করত শিশু উৎপাদন করে (যারা শ্রম শক্তি উৎপাদন করত)। কেননা দারিদ্র্যের ফলে সম্পত্তি দিয়ে রাষ্ট্র সেবার সংগতি তাদের থাকত না, প্রাচীন যুগে পৃথিবীতে তাদেরই ‘প্রলেতারিয়েত’ (লাতিনে প্রোলেতারিয়ুস) বলা হত। অর্থাৎ, শব্দটি সমভাবে বোঝায় যৌন প্রজনন এবং বৈষয়িক উৎপাদন। আর যেহেতু যৌন প্রজননের ভার পুরুষদের থেকে মেয়েদের বেশি, এই কথা বলা হলে কোনো অতিশয়োক্তি হবে না যে প্রাচীন বিশ্বে মেয়েরাই ছিল শ্রমিক শ্রেণি। আর বস্তুত আজকের বিশ্বেও একই ঘটনা, একই বিন্যাস ক্রমবর্ধমান। ভূগোলবিদ ডেভিডি হার্ভের ভাষায়, ভবিষ্যতের বিরোধীপক্ষ হবে ‘ফেমিনাইজড প্রলেতারিয়েত’। প্রাগ্রসর পুঁজিবাদ নিজেই সমাজতন্ত্রীয় নারীবাদীদের ওই সব প্রাচীন বিষণ্ণ ঝগড়াঝাটি অপ্রাসঙ্গিক করে দিচ্ছে; পুঁজিবাদী সমাজতন্ত্রী আর নারীবাদীদের একে অন্যের বাহুবন্ধনে ঠেলে দিচ্ছে। (আমি আলংকারিক ঢঙে বলছি।) অবশ্য, এই সমস্ত বিরোধী শক্তি ব্যর্থ হতে পারে। কিন্তু এই ব্যর্থ হওয়ার প্রশ্নটা এদের অস্তিত্ব থাকা না-থাকার প্রশ্ন থেকে আলাদা।

 

মার্কসবাদ অবশেষে কলঙ্কিত হয়েছে বলে কি বামপন্থীদের বিমর্ষ হওয়া উচিত? না, হওয়া উচিত নয় কারণ মার্কসবাদ কলঙ্কিত হয়নি। মার্কসবাদের গুরুতর পরাজয় ঘটেছে সত্য, কিন্তু সেটা অন্য প্রশ্ন। মার্কসবাদকে ‘কলঙ্কিত’ বলা আর পোর্তুগিজদের দ্বারা একদা অধিকৃত হয়েছিল বলে মোজাম্বিককে কলঙ্কিত বলা একই রকম নয় কি? যদি সোভিয়েত গোষ্ঠীর পতনের ফলে মার্কসবাদ কলঙ্কিত হয়ে থাকে, তবে ১৯৬০ ও ১৯৭০-এর সময়েই কি মার্কসবাদ কলঙ্কিত হয়নি, কারণ আমরা তখনই তো জানতাম সমাজতন্ত্রের কীরকম বিকট প্রহসন সোভিয়েত গোষ্ঠীতে কায়েম হয়েছে? মার্কসীয় তত্ত্ব যুক্তির দিক থেকে দেউলিয়া প্রমাণিত হয়নি। অংশত এর কারণ হল তার কোনো প্রয়োজন ছিল না। প্রশ্নও ছিল না, উত্তর তো পরের কথা। একটা সামগ্রিক সাংস্কৃতি ও রাজনৈতিক পালাবদল মার্কসবাদের বাস্তব শক্তি হিসাবে পেছনে ফেলে এগিয়ে গেছে, কিন্তু বিশ্বে যা কিছু ঘটে তার ব্যাখ্যা হিসাবে মার্কসবাদকে বিশেষ ভুল প্রমাণ করতে পারেনি। প্রকৃত পক্ষে, পৃথিবীর ব্যাখ্যা বা বর্ণনা হিসাবে ১৮৪৮-এর একটি দলিলের (কমিউনিস্ট ম্যানিফেস্টো) বেশি প্রাসঙ্গিক আর কী-ই বা হতে পারে— যে দলিল ক্রমবর্ধমান বিশ্বায়ন, ক্রমবর্ধমান অসাম্য, ক্রমবর্ধমান দারিদ্র্য সৃষ্টি এবং তীব্র থেকে তীব্রতর যুদ্ধ বিগ্রহের ভবিষ্যদ্বাণী করে? এটা নিশ্চয়ই মেনার্ড কেনস-এর তত্ত্বের তুলনায় অনেক কম অপ্রাসঙ্গিক, তাই নয় কি?

 

সে যাই হোক, লোকে যখন বলে মার্কসবাদ কলঙ্কিত বা অপ্রাসঙ্গিক, তারা এটাই বোঝায় যে মার্কসবাদ ঠিক কী সেটা তারা জানে; আমি কিন্তু দেমাক করে এতটা দাবি করতে পারব না। এসেনশিয়ালিজম-এর কট্টর বিরোধীরা মার্কসবাদের ব্যর্থতার কথা এমনভাবে বলেন যেন তাঁরা এখন ছিন্নভিন্ন হয়ে যাওয়া ওই মতবাদের কোনো নির্যাস আলাদা করে নিষ্কাশন করতে পারেন। কিন্তু, মার্কসবাদের বিশেষ বৈশিষ্ট্যটি কী— সেটা খুঁজে বার করা খুব সহজ কথা নয়। শ্রেণি নিয়ে বিশেষ ভাবনা? নিশ্চয়ই নয়, মার্কস এবং এঙ্গেলস নিজেরাই জোর দিয়ে বলেছেন যে এটা তাঁদের পক্ষে নতুন কিছু নয়। রাজনৈতিক বিপ্লব, শ্রেণি সংগ্রাম, ব্যক্তিগত সম্পত্তির বিলোপ, মানুষে মানুষে সহযোগিতা, সামাজিক সাম্য (পুঁজিবাদী সমাজে) বিচ্ছিন্নতা ও বাজারি শক্তির সমাপ্তি? আদৌ না; অনেক বামপন্থী মার্কসবাদী না-হয়েও এইসব মতামতের অংশীদার; যেমন উইলিয়ম ব্লেক প্রায় এ সবকটি মতেরই অংশীদার ছিলেন, যেমন ছিলেন রেমন্ড উইলিয়মস, যিনি নিজেকে মার্কসবাদী বলতেন না। ইতিহাসের অর্থনৈতিক নিয়ন্ত্রণ? একটু বেশি বলা হয়ে যাচ্ছে হয়তো; সিগমান্ড ফ্রয়েড, যিনি মার্কসবাদের কোনো বন্ধু ছিলেন না, মত পোষণ করতেন যে সমাজীবনের মূল প্রেরণা বা উদ্দেশ্য অর্থনৈতিক এবং এটি না-থাকলে আমরা সবাই সারাদিন শুয়ে বসে কাটাতাম। ইতিহাসের বিভিন্ন বৈষয়িক স্তর সমাজ জীবনের বিভিন্ন রূপ নিয়ন্ত্রণ করে? র‍্যাডিক্যাল এনলাইটেনমেন্ট-এর যুগে এটা একটা খুব সাধারণ ব্যাপার ছিল।

 

যা গুরুত্বপূর্ণ তা হল সমাজতন্ত্রের বেঁচে থাকা, মার্কসবাদের নয়; যদিও এটা হতে পারে যে মার্কসবাদ সমাজতন্ত্রের এমন এক প্রধান বাহক হয়ে গেছে যে একটি বেঁচে না-থাকলে অন্যটির বাঁচা অসম্ভব। যা মার্কসবাদের একান্ত নিজস্ব তা হল— উৎপাদনের একটি ঐতিহাসিক পদ্ধতি বা প্রণালী কীভাবে অন্য একটি পদ্ধতি বা প্রণালীতে রূপান্তরিত হয়— সে রূপান্তরের ব্যবস্থাগুলির একটা বেশ প্রায়োগিক তত্ত্ব। যদি শ্রমিক শ্রেণিকে ক্ষমতায় আসতে হয়, সেই ক্ষমতায় আসা হবে এই ব্যবস্থাগুলির যুক্তিসঙ্গত পরিণতি। কিন্তু কেউ পরেরটি বিশ্বাস না-করেও প্রথমটির প্রয়োজনীয়তায় বিশ্বাস করতে পারে। প্রায়ই মার্কসবাদের উল্লেখ করা হয় তত্ত্ব এবং ব্যবহারিক প্রয়োগের এক অবিচ্ছেদ্য সমাহার হিসাবে। কিন্তু অমার্কসীয় সমাজতন্ত্রী এই তত্ত্বে বিশ্বাসী না-হয়েও মার্কসবাদীরা যে ধরনের কাজকর্ম করে, তা সমর্থন করতে পারে। সুতরাং নিঃসন্দেহে এই মতবাদের পুনর্মূল্যায়ন হওয়া দরকারও। রাজনীতির দিক থেকে দেখলে বিগত শতাব্দীতে পেটি বুর্জোয়া জাতীয়তাবাদ, মাঝে মাঝেই, মার্কসবাদ সমর্থন করে— এমন কিছু কিছু কাজ করে ফেলত, যেমন পুঁজিবাদী সামাজিক সম্পর্ক ভেঙে ফেলা। এটি একটি জটিল বিষয়। এমনও নয় যে, সব ধ্যানধারণা শেষ হয়ে গিয়ে সমাজতন্ত্র তত্ত্বের দিক থেকে দেউলিয় হয়ে গেছে। এখনো প্রচুর ভালো ভালো বামপন্থী ধ্যানধারণা অবশিষ্ট আছে: এগুলির মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য একগুচ্ছ সম্ভাবনাপূর্ণ কাজ, যার বিষয় হল— সমাজতন্ত্রী অর্থনীতির চেহারা কীরকম হতে পারে, কোন কোন কাজের জন্য বাজার তখনো কতদূর প্রয়োজন হবে ইত্যাদি। এটাও বলা যেতে পারে যে বিংশ শতাব্দী বৈপ্লবিক আবেগের পরাজয় দেখেনি। দেখেছে শুধু ঠিকানার পরিবর্তন; মধ্য দশকগুলিতে এই শতাব্দী প্রত্যক্ষ করল আধুনিক যুগের কল্পনাতীতভাবে সফল সর্বাপেক্ষা মৌলিক আন্দোলন— উপনিবেশ বিরোধিতা— যে আন্দোলন শেষ পর্যন্ত পুরোনো সাম্রাজ্যগুলিকে তাদের উপনিবেশগুলি থেকে ঝেঁটিয়ে বিদায় করে। সমাজতন্ত্র ইতিহাসে মহত্তম সংস্কার আন্দোলন হিসাবে বর্ণিত হয়েছে, কিন্তু উপনিবেশবিরোধী সংগ্রাম যে কোনো বিচারেই সর্বাপেক্ষা সফল সংগ্রাম।

 

না, এখানে যেসব কারণ উল্লেখ করা হল সেগুলির কোনোটিই বিষণ্ণতা উদ্রেক করে সঙ্গত কারণ নয়। এমনকি— পুঁজিবাদী ব্যবস্থার দুর্ভেদ্য, অপরাজেয়— এই বিশ্বাসও নয়। কোনো কোনো মোহমুক্ত র‍্যাডিক্যাল এই মত পোষণ করতে পারে, কিন্তু আইএমএফ অবশ্যই এই মত পোষণ করে না। আইএমএফ ভালো করেই জানে পুরো ব্যবস্থাটি অসুস্থতা উদ্রেক করছে মতোই ঠুনকো। এই ঠুনকো অবস্থা আরও ঠুনকো করে তুলছে বিশ্বায়ন; যদি পৃথিবীর প্রত্যেকটি টুকরো অপর টুকরোর সঙ্গে বেঁধে দেওয়া হয়, তবে কোনো জায়গার সামান্য নড়বড়ে ভাব অন্য জায়গায় হয়ে উঠতে পারে তীব্র কম্পন অথবা আরেকটি জায়গায় ভাঙন।

 

তাহলে বামেদের বিমর্ষ হওয়ার কোনো কারণ আছে কি? উত্তরটি নিশ্চয়ই স্পষ্ট এবং পরিষ্কার। উত্তরটি এই নয় যে ব্যবস্থাটি অসম্ভব দীর্ঘস্থায়ী আর ঠিক ততটাই ভীষণ শক্তিশালী— এই মুহূর্তে আমাদের পক্ষে বড়ো বেশি শক্তিশালী। এর অর্থ কি এই যে এই ব্যবস্থা চলতেই থাকবে, চলতেই থাকবে? একেবারেই না। রাজনৈতিক প্রতিপক্ষদের কোনো অবদান ছাড়াই এই ব্যবস্থা উৎকট শব্দে একেবারে থেমে যেতে যথেষ্ট সমর্থক। এটি সুসংবদ না দুঃসংবাদ— সেটি বিতর্কের বিষয়। পুঁজিবাদের হুড়মুড় করে ভেঙে পড়ার জন্য সমাজতন্ত্রের দরকার হয় না; তার জন্য পুঁজিবাদ নিজেই যথেষ্ট; পুঁজিবাদী ব্যবস্থা সন্দেহাতীতভাবে হারিকিরি করতে সমর্থ। কিন্তু আমাদের সবাইকে বর্বরতার স্রোতে না-ডুবিয়ে এই ব্যবস্থাটা সরিয়ে ফেলার জন্য সমাজতন্ত্র অথবা ওই জাতীয় কিছু সত্যিই দরকার। আরও এই কারণেই— এই ব্যবস্থার গুরুতর সংকট থেকে নিশ্চিত রূপে জন্ম নেবে যে ফ্যাসিবাদ, হিংস্র হিংসা ও বর্বরতা, সেগুলিকে যতদূর সম্ভব প্রতিরোধ করার জন্যই— বিরোধী শক্তিসমূহ এত গুরুত্বপূর্ণ। ওয়াল্টার বেঞ্জামিনের প্রাজ্ঞ অভিমত হল বিপ্লব কোনো ব্রেকফেল-হওয়া ছুটি চলা ট্রেন নয়, বরং বিপ্লব হল ইমারজেন্সি ব্রেকের ব্যবহার। এই প্রেক্ষিতে সমাজতন্ত্রী ধ্যানধারণার ভূমিকা হল অনাগত ভবিষ্যৎ রক্ষা করা, সমসাময়িক বাতাহত, ঝঞ্ঝাক্ষুব্ধ ইতিহাসের ঝোড়ো হাওয়ায় ঝড় তোলা নয়, একটি আশ্রয়ের জায়গা ধরে দেওয়া।