সামান্যতম বাঁক না-নিয়ে সোজা চলে গেছে রাস্তা— চলেই গেছে।

গাড়ির আলোয় বাধ্যত যতটুকু ধরা পড়ে, আকস্মিক ঝলকানিতে দৃশ্যত কিছুটা বেশিই ধরা দিয়ে, রাস্তার দুদিক ধরে যেন চলে গেছে একই জাতের সারি সারি গাছ।

একটানা চলেছে-তো চলেই গেছে চা-বাগানের ঝিম ধরানো গন্ধ।

আর এই রাস্তা ধরেই একটানা পঁচিশ ঘণ্টা পনেরো মিনিটের মুসাফিরি মৌতাত পেরিয়ে ৬ আর ৯ আর ডব্লিউ বি ৯০ ৬৫৪৩— চলেছে— চলেই গেছে!

শিলিগুড়ি পৌঁছে ৬ যখন পুলিশের কাছে জানতে চাইছিল বানারহাট যাবার রোড ডিরেকশন, ৯ হাতঘড়িতে সময় দেখল— রাত বারোটা পনেরো। গাড়িটাকে সিঙ্গল স্ট্যান্ডের সাপোর্টে রেখে ৯-ও এগিয়ে গেল ব্যাপারটা বুঝতে।

‘বলছে, ময়নাগুড়ি-ধুপগুড়ি দিয়ে একটা রাস্তা গেছে বুঝলে। হেব্বি খারাপ। ভালো রাস্তা সেবক রোড হয়ে গেলে। কিন্তু পাহাড়ি রাস্তায়— এই এত রাতে— তাছাড়া আগে কোনোদিনও উঠিনি— এত রাতে ঠিক হবে কি ব্যাপারটা?’ ৯-এর দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল ৬।

৬-এর ইচ্ছেটা চুপচাপ বুঝে নিয়ে আবার চালকের সিটে গিয়ে বসল ৯। ‘আগে কোথাও একটু মুতে নিতে হবে’ বলে বাইক স্টার্ট করে দিল।

হিসেব করে বলা মুশকিল এর ঠিক কতক্ষণ পরে সেই রাস্তাটায় গিয়ে পড়েছিল ওরা। আগের দিন কাঞ্চনকন্যা এক্সপ্রেস মিস করে রাত এগারোটায় যাদবপুরের সুলেখা থেকে বাইকে শুরু হয়েছিল জার্নি। পঁচিশ ঘণ্টা পনেরো মিনিটে শিলিগুড়ি। দুজনেরই পায়ে চটি, গায়ে রোজকার টিশার্ট। অভ্যাসবশত ৯ জিন্স, আর, পছন্দের অনভ্যাস প্লাস বেপরোয়া হাবভাব বজায় রেখে ৬ পাতি সুতির ট্রাউজার। অতিরিক্ত আয়োজন বলতে শুধু ধুলো আর বৃষ্টির হাত থেকে চোখ বাঁচাতে, শেয়ালদার ফুট থেকে ষাট টাকায় কেনা দুটো চশমা। যদিও বহরমপুরের বেশ কিছু আগেই, পথের পয়জারে, ওদের পরনের যা-কিছু পার্থক্য, বেমালুম চুকে গিয়েছিল।

‘দাদারা কোন কোম্পানির?’ — আচমকা ধেয়ে আসা এই প্রশ্নের জট তখনই খুলল, যখন ওরা বুঝল ৩৪ নম্বর জাতীয় সড়কের ছাপ কীভাবে ওদের অভিন্ন করে দিয়েছে। মালদার একটা নোংরা ধাবার আবছা আয়নায়, একসাথে নিজেদের মুখ-চোখ ধুয়ে তাকিয়ে, ওরা, ৬ আর ৯, প্রথমবার জানল, ওরা এখন একে অন্যের অপর।

ওদের ফেলে আসা এই গোটা রাস্তায়, যদিও বর্ষা-ধোয়া এন.এইচ. থার্টি ফোরের চেয়েও খতরনাক রোল প্লে করে গেছে এনফিল্ড ক্লাসিকের টিফিনবাক্স মার্কা একফালি ব্যাক সিট।

শিলিগুড়ি থেকে আবারও ওই সিটে বসার পরই, ক্লান্তির একগুঁইয়েমিতে ৬ ক্রমশ একটা স্থানু বলয়ে থিতিয়ে পড়ছিল। ৬-এর তরফ থেকে ওর শরীর এতটাই ছাড় পেয়েছিল যে, মাথা কখন ৯-এর পিঠে এলিয়ে পড়ল, খেয়ালই হয়নি।

‘আরে, কী রে! ঘুমিয়ে পড়লি নাকি?’ ৯-এর গলা খাঁকারি দেওয়া প্রশ্ন শুনে ৬ বাড়তি তৎপরতায় ৯-কে খারিজ করতে চাইল।

খারিজের এই রেওয়াজ ওদের সমস্ত রাস্তা ধরেই চলছিল। আসলে অনুযোগ এবং তাকে খারিজ করার দ্বন্দ্ব, বাইরে থেকে যা-ই মনে হোক, ওদের কাছে ক্ষণিকের মস্করা ছাড়া আর কিছুই ছিল না।

‘বলছি ঘুমিয়ে পড়লি নাকি? চুপ মেরে আছিস অনেকক্ষণ? কাঁধে এসে গুঁতোও মারছিস?’

‘ঘুমোব কেন! চারপাশটার মজা নিচ্ছি জাস্ট! আর একটু এগোলেই আমরা তিস্তা পার করব।’

‘ও।’

‘তুমি ঠিক আছ তো?’

‘একদম।’

‘এখানে বোধহয় কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। একটা কেস লক্ষ করেছ, কলকাতা ছাড়ার পর থেকে বৃষ্টিও আমাদের ছেড়ে দিয়েছে। কোথাও কিন্তু বৃষ্টি পেলাম না আর।’

‘হ্যাঁ।’

‘এর সঙ্গে বৃষ্টি জুড়লে আর দেখতে হত না। পুরো হাতা হয়ে যেত।’

‘এক্কেবারে।’

ক্রমশ উত্তরগুলো ছোটো হয়ে আসছিল ৯-এর। প্রত্যাশিত ধরতাইয়ের অভাবে কথা বাড়িয়ে চলার উৎসাহ হারিয়ে ফেলল ৬। হয়তো-বা আবারও নিজেকে গুটিয়ে নিল সেই ছেড়ে আসা স্থানু বলয়ে। এমন-না-যে ৬-এর গুটিয়ে যাওয়ার ব্যাপারটা ৯ খেয়াল করল না। কিন্তু নিজেকে আড়াল করার, নিজের করে চলা ভুলগুলোর কাছে নিজেকে সমর্পন করার লজ্জা ৬-এর কাছে আবারও প্রকট হয়ে উঠুক, তেমনটা হয়তো ৯-ও চাইল না আর। বা-হয়তো চাইল এক চরম নিঃসঙ্গতা। ক্ষণিকের স্তব্ধতা দিয়েই যে আয়োজন গড়ে তোলা যেতে পারে। যে আয়োজন ওকে হয়তো নিয়ে যেতে পারে নিজেরই বিপরীতে— নিজেরই সামনা-সামনি— মুখোমুখি। নিজের কোন আমিটাকে ঠিক বলে ধরে নেবে ও তখন!

বা-হয়তো শুধুই চাইছিল, বিপরীত থেকে ধেয়ে আসা তীব্র আলোর আক্রমণ অথবা নিরবচ্ছিন্ন আশ্বাস, যাকে প্রতিহত এবং আত্মগত করার নিরন্তর দোলাচলতা পেয়ে বসেছিল ওকে, যেন বুঝে না-ফেলে ৬। একজন ৯, যে অন্ধকার থেকে নিঃশব্দে আলোর দিকে চলে যাচ্ছে, আর অন্য এক ৯, যে আলো হয়ে অন্ধকারকে চেটে সাফ করে দিতে তেড়ে তেড়ে আসছে সশব্দে, কাকে ভরসা করবে ও? একদিক থেকে আলোর বৃত্তে চোখ জুড়িয়ে নেওয়ার আশ্বাস, অন্যদিকে চলেছে-তো-চলেই যাওয়া রাস্তা, গাড্ডা, চা-বাগান, গাছ, গন্ধ আর অন্ধকারের আরাম— কে হবে চালক?

এভাবে ঠিক কতক্ষণ চলার পর কে জানে, সম্মোহিত আলো-আঁধারির বৃত্ত থেকে কোনোমতে ছিটকে সরে গেল ৯। ব্যালেন্স হারিয়ে জাস্ট পড়ে যেতে যেতেও সামলে নিল শেষ অবধি।

‘আরে কী হল? আস্তে! আস্তে!’

মৃত্যুর ছদ্মবেশে চেপে বসা স্তব্ধতাকে খান খান করে চেঁচিয়ে উঠল ৬।

‘খুব জোর বেঁচে গেলাম! পুরো হ্যাল খেয়ে গেছিলাম!’