মোটের ওপর ঝঞ্ঝাট ছাড়াই কেটে যাচ্ছিল রাস্তা। কিন্তু কুলিক পেরোবার পরেই কিছু একটা পেয়ে বসল ৬কে। ছোটোবেলার সমস্ত যাতায়াতে জুড়ে থাকা রাস্তাগুলো, যেন আজ প্রথমবার গায়ে এসে লাগল ওর।
‘এই যে নদীটা দেখছ, এটা কুলিক। এখন বর্ষা তাই জল দেখতে পাচ্ছ, গরমে একদম মজে যায়। সামনে নাগর পড়বে। ওটারও এক কেস।’
হাইবারনেশন! নদীর হাইবারনেশন। গোটা গ্রীষ্ম জোড়া হাইবারনেশনের পর, জুন-জুলাই-আগস্টের বর্ষার বিষ যেন ভরে ভরে উঠেছে নদীগুলোর শরীরে। নিজের শরীরে সেই বিষের জ্বালা অনুভব করতে শুরু করল ৯। সারা গায়ে নকশা আঁকা বিশাল একটা পাইথনের মতো ধূসর পিচরাস্তার দিকে একটানা তাকিয়ে তাকিয়ে নিজেকে ক্রমশ হারিয়ে ফেলছিল ও।
বিষাক্ত একটা ব্রেক মেরে রাস্তার রং সাইডে হুট করে দাঁড়িয়ে পড়ল ৬।
‘চোখ লেগে এসেছিল বুঝলে। তুমি ধরো’।
তবে কি বিষের প্রবেশ ঘটেছিল ৬-এর শরীরেও!
আসলে কলকাতা ছাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সঙ্গও ফেলে এসেছিল ওরা। ভরা বর্ষার মরশুম হলেও, মেঘের ছিটেফোঁটাও ছিল না আকাশে। উলটে চ্যাটচ্যাটে একটা রোদ সারাক্ষণ ধাওয়া করে গেছে। কুলিকের পক্ষীনিবাসটার কাছাকাছি আসতেই ফিকে হয়ে যাওয়া আলোর আশ্বাসটুকু রেখে, ফুরিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল দিন। বিকেলের নরম আলো মাখা ক্যানভাসে নিজেদের উড়তে পারার ক্ষমতা জাহিরের প্রদর্শনী থামিয়ে বাধ্যত বাসায় ফিরছিল যেসব চেনা-অচেনা পাখির ঝাঁক, তাদের পাখায় লেগে থাকা ক্লান্তিও কি হাওয়ার সঙ্গে মিশে এসে লাগছিল ওদের গায়ে!
কুলিকের একটা চায়ের দোকানে অবশ্য কিছুক্ষণ থামল ওরা। উপচে ওঠা ক্লান্তিটুকু ফেলে দিতে যতটা সময় লাগে, ততটুকুই আরকি।
চায়ের দোকানটা থেকে রওনা দেওয়ার পর, দিনের আলো মাখা আকাশটা সরে সরে যাচ্ছিল ওদের মাথার ওপর দিয়ে। একটু এগোলেই যেন হঠাৎ করে ফুরিয়ে যাবে, আর, শুরু হবে একটা অফুরান কালো আকাশ।
ছোটোবেলা থেকে যাতায়াতের এই চেনা রাস্তাগুলোয় আজ জানার দাবি জুড়ে যাওয়ায়, নিজের মধ্যে কেমন একটা আকরিক অস্থিরতা পেয়ে বসল ৬-কে।
কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে পড়ে গেল, কালিয়াগঞ্জে মামাবাড়ি-পাড়ার সেই উটকো ছেলেটার মুখ, যার খোঁজ কোনো কারণ ছাড়াই নেওয়া হয়নি কত কত দিন। আরও উটকোভাবে মনে পড়ে গেল, সেই কোন ছেলেবেলার চালু একটা চুট্কি।
‘বল তো আমার বাবা একজন বন্দুক করে, ইংরিজিতে কী হবে?’
‘কী!’
‘পারছিস না? আচ্ছা বল আমার বাবা, এটা ইংরিজিতে কী হবে?’
‘মাই ফাদার’
‘একজন বন্দুক করে— ইজ এ গান ডু।’
‘ঘুমোচ্ছ নাকি বাঁড়া?’
‘ঘুমোতে যাব কেন বাল! পেছনে বসে বসে অবশ হয়ে গেছে সব। তুই সামলে চালা। কেমন একটা ভাবে যেন চালাচ্ছিস।’ একটানা কথাগুলো বলে থেমে গেল ৯।
থেমে গেল দুজনেই। একে অপরকে ঝালিয়ে নেওয়ার এই চক্করে খুব বেশিক্ষণ হয়তো ভরসা রাখতে পারল না কেউই।
তাছাড়া ৬-এর মধ্যে তৈরি হওয়া সেই অস্থিরতা, আরও একটু একলা করে, গুছিয়ে পেতে চাইছিল ওকে। নিজের মধ্যে দ্রবীভূত এক একটা ঘটনা সামনে চলে আসছিল অন্য অন্য রঙে। রঙের নেশা পেয়ে বসছিল ওকে ক্রমশ। কিন্তু সামনের সেই কালো আকাশটার সীমানায় ঢুকতেই, সম্বিৎ ফিরে পেল ও। নিমেষে কেসটা বুঝে ফেলে, চরম একটা ব্রেক মেরে রাস্তার রং সাইডে চলে গিয়েও গাড়িটাকে সামলে নিল কোনো মতে।
বর্ষায় প্রায়দিনই অদ্ভুত কিছু ভেজা ভেজা বিকেল আসে; বৃষ্টি না হলেও। তেমনই একটা বিকেলের আরামে বারবার চোখ বুজে আসছিল ৯-এর। নিজের ফল্টটা ঢাকতে, ৬-কে আর বেশি কিছু বলে উঠতে পারল না ও। ভাবতে গিয়ে বুঝতে পারল, হালকা করে চোখ জুড়িয়ে নেওয়ার এই চোরা সুযোগটা বেশ অনেকক্ষণ ধরেই নিয়ে গেছে ওরা। সঠিক ভাবে বলতে গেলে, দুপুরে মালদার কাছে সেই বিহারি ধাবাটায় পেটে ভাত পড়ার পর থেকেই।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।