কম্বোডিয়ার আকাশে ঢুকে নীচে তাকিয়ে দেখলাম দেশটা যেন ডুবে আছে জলে। একসময় সমুদ্র থেকে জেগে উঠেছিল এই দেশ। সেই কথা মনে হল। মাঝেমাঝে ছিন্ন কিছু ডাঙা, আর ক্ষেত। তারই মধ্যে দিয়ে একসময় থাই এয়ারওয়েজ়ের বিমানটি নেমে পড়ল সিয়েমরিপের ছোট্ট, সুন্দর, ছিমছাম বিমানবন্দরে। আঙ্করওয়াট আর আঙ্করথমের মাইল মাইল ধরে ছড়িয়ে থাকা জল আর প্রাচীন জঙ্গলে ঢাকা হিন্দু আর বৌদ্ধ মন্দিরগুলি দেখতে দেখতে একসময় ঘোর লেগে যায়। কোনো এক সময়ের পৃথিবীর বৃহত্তম এই মন্দিরশহর দীর্ঘকালের প্রত্নপ্রচেষ্টায় ধীরে ধীরে বেরিয়ে এসেছে কয়েক শতাব্দীর অরণ্য থেকে। মন্দিরগুলি আবার জেগে উঠছে, তাদের দেহে প্রাচীন বৃক্ষের ডালপালা।

অনেক কালের পুরোনো গাছ কিংবা ইমারতের গায়ে যেন লেগে থাকে প্রাচীন সময়ের শীতলতা। আর সেই ছায়ার মধ্যে বসে থাকে এক বিষাদ। কিন্তু তিন দিন ধরে এই সুবিশাল ছায়াপথ-রাজ্যে ঘুরতে ঘুরতে টের পাচ্ছিলাম আরো এক বিষাদের, যা পুরোনো সময়ের নিদর্শন-সম্ভারের চুম্বকে লেগে থেকেও একান্ত একালের।

প্রথম দিন নীর্ক পোয়ার্ণ (Neak Poan) মন্দিরে যেতে বড়ো রাস্তায় আমাদের ভাড়া করা টুকটুক থেকে নেমে খানিকটা পথ হাঁটতে হল। সেইখানেই প্রথম শুনলাম হার্পের করুণ এক সুর। তারপর এই একই সুর ফিরে ফিরে এসেছে অন্য মন্দিরের পথেও, অন্য আরো মানুষের হার্পে। যুদ্ধবিধ্বস্ত দেশের ল্যান্ডমাইনের শিকার সেইসব মানুষদের এই একটানা ভিক্ষার সুর চোখ বুজলে এখনও শুনতে পাই। আর দেখতে পাই নীর্ক পোয়ার্ণ মন্দিরে যাওয়ার পায়ে-চলা সরু পথের দুইদিকে চরাচর-বিস্তৃত জলাভূমিতে কিছু দূরে দূরে দাঁড়িয়ে থাকা নিষ্পত্র শীর্ণ গাছগুলি। মনে পড়ে ইভান’স চাইল্ডহুড-এর জলে দাঁড়িয়ে থাকা গাছের মৃত্যুশীতল দৃশ্যপট। প্রাচীন ও নবীন বিষাদের মিলনবিন্দু হয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু স্কন্ধকাটা বুদ্ধমূর্তি। ১৯৭৫ থেকে চার বছরের সময় জুড়ে পল পটের কম্যু্নিজ়মের মূর্তি-ঘৃণার স্বাক্ষর হয়ে।

সিয়েম রিপের প্রাচীন মন্দির সভ্যতার বিশালত্বের মাঝে যা বেসুরে বেজে মাঝেমাঝে রসভঙ্গ করছিল, রাজধানী শহর নম পেনে এসে সেই বীভৎসতাই হয়ে উঠল মুখ্য পর্যটক দ্রষ্টব্য। বীভৎসতা কীভাবে পর্যটকের দ্রষ্টব্য হতে পারে? এর উত্তর সহজ নয়, নৈর্বক্তিক পড়াশোনা কিংবা বুদ্ধিচর্চায় এই উত্তর মেলার নয়, তার জন্যে নিজের পায়ে হাঁটতে হয় ইতিহাস, সমস্ত ইন্দ্রিয় দিয়ে অন্য সময়ের, অন্য মানুষের, মানুষদের, বেদনা জানতে হয়। বেদনার এই অনুভূতি পরোক্ষ, পর্যটক তা সহ্য করতে পারেন, গোষ্ঠীহত্যার বিরুদ্ধে কবজের মতো ধারণ করতে পারেন স্মৃতিতে। কিন্তু যাঁরা স্থানীয় মানুষ, পর্যটক নন, যাঁদের ক্ষতি বড়ো প্রত্যক্ষ, তাঁরা যাবতীয় ক্ষতচিহ্ন দৃশ্যের বাইরে সরিয়ে রেখে অনুশীলন করে চলেছেন বিস্মরণের আরোগ্য।

যেমন পলিন, আমাদের নমপেনের গৃহকর্তা। এই সদাশয় ভদ্রলোক বাস স্ট্যান্ড থেকে নিজে ড্রাইভ করে আমাদের নিয়ে গেলেন তাঁর বাড়িতে। অতিথিদের লাগতে পারে এমন অতি ক্ষুদ্র টুকিটাকিও আমাদের জন্যে তিনি সাজিয়ে রেখেছিলেন তাঁর এয়ার বি এন বি-র অ্যাপার্টমেন্টে। শেষ দিন ট্যাক্সি না-নিয়ে ৩ নম্বর বাস ধরে মাত্র এক ডলারে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম তাঁরই সুপরামর্শে। এই হাসিখুশি ভদ্রলোককেও দেখেছিলাম একেবারে চুপ হয়ে যেতে, যেন তিনি চেনেন না যেখানে গেছিলাম আমরা, শোনেননি কখনো যা দেখেছিলাম সেদিন সেখানে, তাঁরই ব্যবস্থা করা গাড়িতে গিয়ে! মন খারাপের কথাই বলতে গেছিলাম তাঁকে। সঙ্গে সঙ্গেই বুঝেছিলাম ভুল হয়ে গেল বড়ো। সব মন খারাপের যোগ্য শব্দ, সৃষ্টি হয়নি আজও। 

পলিনের পরিচিত সাদামের টুকটু্কে আমরা সেদিন সকালে গিয়ে পৌঁছেছিলাম শহরের উপকন্ঠে ‘চ্যুং এক্ কিলিং ফিল্ডে’ (Choeung Ek Killing Field)। একটি গ্রামের মাঝেই প্রায় উনিশ-বিশ একরের একটি পাঁচিল ঘেরা জমি। একটা সময়ে এটা ছিল একটি বৌদ্ধ মঠ। এখনকার মতোই শান্ত ছিল নিশ্চয়ই। গাছগাছালি আর সবুজ ঘাসে ঢাকা, তারই মধ্যে দিয়ে এঁকেবেঁকে গেছে ট্যুরিস্ট ট্রেইল। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন। আমরা দুজনও হাঁটছি অডিও গাইড কানে লাগিয়ে। ক্লান্ত হলে খানিকটা জিরিয়ে নিচ্ছি বেঞ্চে বসে। কানে লাগানো যন্ত্র শুনিয়ে চলেছে এই দেশের এক ভয়াবহ সময়ের মর্মন্তুদ আখ্যান। আর আমাদের চোখের সামনে তখন ছড়ানো সেই আখ্যানের কুখ্যাত বধ্যভূমি।

এই জমি সমতল নয়, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে ডোবার মতো অবতল ভূমি। সেখানে গজিয়ে আছে সবুজ ঘাস, কোথাও বা জল। নম পেন শহরের টুওল স্লেং (S-21) কারাগারে দীর্ঘদিনের অত্যাচারের পর কোনো এক সন্ধ্যায় একদল বন্দি জানতে পারত এখন তারা কারাগার থেকে বেরিয়ে যেতে পারবে। তাদের নিয়ে যাবার জন্যে ট্রাক দাঁড়িয়ে আছে গেটে। চোখ বাঁধা, হাতও বাঁধা পিছমোড়া করে, তবু এক অনিশ্চিত আশায় তারা উঠে পড়ত ট্রাকে। একসময় তাদের নামানো হত খোলা আকাশের নীচে। কিছুক্ষণ অপেক্ষার পর আলো আঁধারিতে উচ্চগ্রামে বেজে উঠত দেশাত্মবোধক সংগীত। সেই জোরালো, তীক্ষ্ণ শব্দে ডুবে যেত হাতুড়ি, শাবল, কিংবা লাঙলের হালের ভোঁতা শব্দ আর মানুষের আর্তনাদ। থ্যাঁতলানো দেহগুলো একে একে পড়তে থাকত মাটিতে খোঁড়া গর্তে। একটা গর্ত ভরে গেলে সেটিকে বুজে খোঁড়া হত আরেকটা গর্ত। দিনের পর দিন। একটি গ্রামের ভিতরের এই রাষ্ট্রীয় হত্যালীলা অজ্ঞাত থেকে যেত সেই গ্রামেরই মানুষের কাছে। অন্ধকারে তারা শুনতে পেত তীব্র, তীক্ষ্ণ দেশবন্দনা।

দুঃস্বপ্নের সেই কাল কেটে গেলে, প্রায় বছর দুয়েক পরে, ১৯৮০-র শেষের দিকে, এক গ্রামবাসীর কোদালে হঠাৎ-ই উঠে আসে মৃতমানুষের হাড়। তারপর শুরু হয় এক আশ্চর্য খননকার্য। সারা দেশ জুড়ে। পাওয়া যেতে থাকে হাজার হাজার নরকঙ্কাল। শুধু এই চ্যুং একেই পাওয়া গেছে ৮৮৯৫টি দেহাবশেষ। এখানকার ১২৯-টি গণকবরের মধ্যে ৪৩টিতে হাত দেওয়া হয়নি এখনও। একটি হিসাব অনুযায়ী কুড়ি হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছিল এখানে।

একটি ডালপালা ছড়ানো বিশাল গাছ। তার ছায়ায় দাঁড়িয়ে দেখছিলাম তার কান্ডে ঝোলানো অসংখ্য রঙিন সুতোয় বাঁধা হার, আর কাপড়ের তৈরি খেলনা। এই গাছটির পাশে উন্মোচিত গর্তে পাওয়া গেছিল শিশুদের হাড়।

হত্যার এক অভিনব কৌশল ছিল খ্মের হুজ় সরকারের। বন্দুকের গুলির অপচয় এড়াতে এরা হত্যার জন্য ব্যবহার করত কৃষক-গৃহের নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি। শাবল, কাস্তে, কোদাল, হাতুড়ি, লাঙলের হাল। শিশুদের জন্য দরকার ছিল না তারও। এই গাছটির কাছে নিয়ে এসে দুটো পা মুঠো করে ধরে একবার ঘুরিয়ে মারলেই গাছের কান্ডে থেঁতলে যেত মাথা, মুঠো আলগা করলেই কাজ শেষ হত ঘাতকের। কবর সেখানে মৃত্যুর আগেই প্রস্তুত। ছোট ছোট দেহগুলি গড়িয়ে পড়ত সেখানে। পাশে একটি কাচের আধারে রাখা আছে সেই মৃত শিশুদের জামাকাপড়। আর এই বিষাদবৃক্ষ শিশুহত্যার নিমিত্তমাত্র হয়ে, আদর ও স্নেহের চিহ্নগুলিকে বল্কলে জড়িয়ে, কবে থেকে, ক্ষমা প্রার্থনায়, দাঁড়িয়ে আছে একা। মানুষের অপরাধ দেহে নিয়ে এই নিরপরাধ গাছ বেঁচে থাকবে আরো কতদিন, মানুষেরই দেওয়া, ‘কিলিং ট্রি’ নাম নিয়ে!

শিশুরা কী অপরাধ করেছিল রাষ্ট্রের বিরুদ্ধে? কী অপরাধ করতে পারে তারা?

হিসেব করে দেখছিলাম সময়টা। ১৯৭৫-র এপ্রিল থেকে ১৯৭৯-র শুরুর কয়েকদিন। ক্লাস সেভেন থেকে ক্লাস টেনের মধ্যে বয়স তখন আমার। ১৯৭৫-এর জুনের শেষের দিকে আমার দেশে শুরু হল ‘জরুরি অবস্থা’। প্রায় দু-বছর ধরে শুধু ভিন্নস্বরের অধিকারের উপরেই নয়, সামগ্রিকভাবে নাগরিক অধিকারের উপরেই জারি রইল রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা। ১৯৭৭-র মার্চ মাসের শেষে, ভারত জরুরি অবস্থার রাষ্ট্রীয় নিষ্পেষণ থেকে বেরিয়ে এসে মুক্তির নিঃশ্বাস নিচ্ছে, আর আমার রাজ্যে আমার দেখা প্রথম বামফ্রন্ট সরকার এক নতুন ভবিষ্যতের নিশান তুলছে, বড়োদের এইসব কথাবার্তা বাতাসের স্বস্তিতে ভাসতে ভাসতে আমাদের কানে এসে পৌঁছোত। এক অনির্বচনীয় আশায়, কী যেন এক জয়ের তৃপ্তিতে, ভরে ছিল এই রাজ্যে নতুন এক কমিউনিস্ট সরকারের অভ্যুদয়! কম্যুনিজ়ম আমার বয়ঃসন্ধির দিনগুলোতে ছিল ক্ষমতার অন্যায়ের সঙ্গে পাঞ্জা লড়া। সেই নবীন মনে জ্যোতি বসু, হরেকৃষ্ণ কোঙারের নাম চারু মজুমদার, কানু সান্যালের নামের মতোই দৃপ্ত শোনাত। বিশেষ করে যখন শুনতাম ‘মাটির তলা’ থেকে সংগ্রাম করার কথা। যেদিন শুনলাম জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হবেন জানলাম জিতে গেছি আমরা সকলে!

ঠিক সেই সময়ে কম্বোডিয়ায় চলছিল আরেক কমিউনিস্ট শাসন। সেই কমিউনিস্টরা নির্বিচারে হত্যা করছিল তাদের নিজেরই দেশের মানুষদের। শহর থেকে উৎখাত করে হাজার হাজার নারী পুরুষকে— দোকানি, কারিগর, কর্মচারী, শ্রমিক, শিক্ষক, গবেষক, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বৌদ্ধ শ্রমণ— সবাইকে তারা তাড়িয়ে নিয়ে গিয়েছিল দূর-দূরান্তের প্রান্তরে, নিতান্ত অপরিচিত, কিন্তু বাধ্যতামূলক, কম্যুনভিত্তিক কৃষিকাজে। শিল্পী-সাহিত্যিকরা, স্কুল-কলেজের শিক্ষকরা, পশ্চিমী শিক্ষায় শিক্ষিত যে কেউ, রাতারাতি হয়ে উঠলেন শ্রেণিশত্রু। এইসব পেশা-পরিচয় নিশ্চিত মৃত্যু পরোয়ানা হয়ে উঠলে অশিক্ষিত কৃষকের ছদ্মবেশই বেঁচে থাকার আবশ্যিক শর্ত হল। আবশ্যিক, কিন্তু যথেষ্ট শর্ত নয়। অ-খ্মের, বিশেষত ভিয়েতনামী গন্ধ মাখা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পরিচয়ও ছিল মৃত্যুবাহক। দেশটির নাম খ্মের প্রজাতন্ত্র থেকে ততদিনে বদলে হয়েছে গণতান্ত্রিক কাম্পুচিয়া। এই নতুন নাম আর রাষ্ট্রীয় হত্যার বাস্তব পরস্পরকে এক নিষ্ঠুর বিদ্রূপে বেঁধে রাখবে সাড়ে তিন বছরেরও কিছু বেশি সময়। বহুকাল আগে সমুদ্রের নীচে ছিল যে দেশ, তা আরো একবার অদৃশ্য হয়ে যাবে সভ্যতা থেকে। পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটি আস্ত দেশ মেতে উঠবে নির্মমতার চর্চায়। সেই নিষিদ্ধ দেশের নিশ্ছিদ্র সীমানা পেরিয়ে কোনো খবর কেউ পাবে না কোথাও।

প্রায় চার বছর চলেছিল গণতান্ত্রিক কাম্পুচিয়ার শাসন। সেই কারাগারের মতো দেশে কলকারখানা, স্কুল-কলেজ-ইউনিভার্সিটি বন্ধ করে, শিল্প-সাহিত্যচর্চা, পশ্চিমি কৃষ্টি, এমনকি অ-খ্মের ভাষা নিষিদ্ধ করে চলেছিল কৃষিকাজসর্বস্ব উদ্ভট এক সাম্যবাদচর্যা। ক্রূর সশস্ত্র প্রহরায় অভুক্ত দেহে আদিম কৃষির অনভ্যস্ত কাজে দীর্ঘ, ক্লান্ত, গ্লানিময় দিনগুলি টানতে না-পেরে অপুষ্টিতে, খিদের ধিকিধিকি আগুন পেটে নিয়ে মারা গেছে হাজার হাজার অকৃষিজীবী নিরপরাধ মানুষ। বিশ্রাম করতে গিয়ে, নিজের জন্য খাবার নিতে গিয়ে, নিমেষের ভুলে নিজের পরিশীলিত সত্তার উন্মোচনে কিংবা নিছক সন্দেহে বলি হতে হয়েছে আরো কত মানুষকে। সংখ্যালঘু চ্যাম-মুসলমান, কিংবা সম্ভাব্য ভিয়েতনামপন্থীরা ছিল বিশেষভাবে সন্দেহভাজন, বিশেষভাবে হননযোগ্য।  পনেরো লক্ষ মানুষ, জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ, এই অহেতুক অন্ধকারে প্রাণ দিয়েছিল।

চল্লিশ বছর পর সেই মৃত্যুক্ষেতের স্মৃতিমেদুরতায় ভারাক্রান্ত নভেম্বর মাসের এক সকালে আরো অনেক পর্যটকের পাশাপাশি আমরাও ধীরে হেঁটে, দাঁড়িয়ে, দেখছিলাম। আমাদের চোখের সামনে খুলে যাচ্ছিল আপাত অসম্ভব ক্রূরতার, নিষ্ঠুরতার জটিল অথচ অপরিশুদ্ধ প্রণালী। চার দশক আগে মৃত্যুগহ্বরে হারিয়ে যাওয়া সেইসব অপরিচিত, অনাত্মীয় মানুষদের দৈহিক যন্ত্রণা আর ক্ষয় আমার মতো এক বিদেশিকেও বিবমিষায়, বেদনায় বাক্‌রুদ্ধ করে রেখেছিল প্রায় সারাটা সকাল। অনেক পর্যটকের এমন যৌথ নিঝুম পদচারণা চার বছর পরে আজও ভৌতিক মনে হয়।

চ্যুং এক্ কিলিং ফিল্ডের মাঝে আছে একটি সাদা দোতলা স্মৃতিসৌধ। তার মধ্যে সাজান সারিসারি মাথার খুলি। মাপ অনুযায়ী, আঘাতের চিহ্ন অনুযায়ী পৃথক করে রাখা আছে। কোনগুলি শাবলের, কোনগুলি কাস্তের, কোনগুলি হাতুড়ির ক্ষত তা এই স্থায়ী প্রদর্শনীতে লিখে রাখা আছে।

সাদামের টুকটুকে তারপর নম পেন শহরে ফিরে এলাম। নামলাম একটি বড়োসড়ো স্কুলের সামনে। এখন আর তা স্কুল নেই— বহুদিনই নেই। এটি এখন একটি জেনোসাইড মিউজ়িয়াম।  প্রিন্স সিহানুকের পূর্বপুরুষের নামাঙ্কিত এই স্কুলের দালানগুলিকে, সেগুলির অন্তর্বর্তী মুক্ত পরিসরটিকে পল পটের কমিউনিস্ট পার্টির সরকার কারাগার বানিয়েছিল। তাদের কাছে স্কুলের কোনো প্রয়োজন ছিল না আর। কেননা স্কুল কলেজের শিক্ষা তৈরি করে পাশ্চাত্য সংস্কৃতির বিষ। স্কুলের রূপান্তর ঘটল কারাগারে। তা হয়ে উঠল কুখ্যাত টুওল স্লেং বা S-21। নামে সেটা জিজ্ঞাসাবাদ কেন্দ্র, কিন্তু সেখানে লোককে ধরে আনা হত অত্যাচারের জন্য। জিজ্ঞাসার উত্তর পূর্বনির্ধারিত, বন্দির মুখ দিয়ে তা উচ্চারণ করিয়ে নেওয়া হবে। স্কুল প্রাঙ্গনে ছাত্রদের ফেলে যাওয়া শারীরশিক্ষার জন্যে তৈরি লোহার কাঠামোগুলি হয়ে উঠল রাষ্ট্রীয় অত্যাচারের যন্ত্র। সেখানে বেঁধে, ঝুলিয়ে, অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে, ছ্যাকা দিয়ে, কখনও অঙ্গবিচ্ছেদ করে, তারপর অচৈতন্য শরীরকে আরও যন্ত্রণাভোগের জন্যে প্রস্তুত করতে রাসায়নিক সারগোলা নোংরা জলে মুখ চুবিয়ে জ্ঞান ফিরিয়ে এনে চলত ‘সত্য’ উদ্‌ঘাটনের কাজ। যে সত্য কোথাও ছিল না, তা বলতে না-পেরে যারা তবু বেঁচে থাকত, তারা আবার ফিরে যেত স্কুলঘরগুলোতে, তাদের জন্য নির্ধারিত কক্ষে। সেখানে শিকলবদ্ধ অবস্থায় পড়ে থাকত, পরবর্তী অত্যাচারের অপেক্ষায়। সান্ত্রী যদি মনে করত হত্যা দরকার, এখানেও হত্যা হত। ঘুরে ঘুরে সেইসব ঘরগুলি দেখছিলাম। বড়ো বড়ো ঘর সব, অনাবৃত লোহার খাটগুলিতে এখনো বাঁধা সেইসব শিকল। জানলাগুলো লোহার জাল দিয়ে ঢাকা। হলুদ সাদা চক মেলান মলিন মেঝে।

আরেকটা বিল্ডিং-এ বড়ো ঘরগুলির মধ্যে ইঁটের পার্টিশন তুলে বানান হয়েছে অনেকগুলো ছোটোছোটো খুপরি— আইসোলেশন সেল। তৃতীয় একটি বিল্ডিং-এ অসংখ্য নিহতের, আর অল্প কয়েকজন বেঁচে যাওয়া মানুষের ছবি, তাদের ওপর হওয়া অত্যাচারের বর্ণনা। চতুর্থ বিল্ডিং-এ পৌঁছোলাম কয়েকটি প্রদর্শনী কক্ষে। সেখানে বোঝানো আছে অত্যাচারের প্রণালী, রাখা আছে অত্যাচারের যন্ত্র। রাষ্ট্র কীভাবে হয়ে উঠতে পারে গণহত্যার পুরোহিত, কত পৈশাচিক হতে পারে সেই নরমেধ যজ্ঞ, টুওল স্লেং জেনোসাইড মিউজ়িয়ামে তার স্মৃতিনিদর্শনগুলি জানাতে থাকে সেইসব। নিঃশব্দ পদচারণে, বাকরুদ্ধ পর্যটক, ভূতগ্রস্ত, ঘুরে বেড়ায় এইসব অবিশ্বাস্যের মাঝে। 

সব অত্যাচারের শেষে আসত মৃত্যু। নিশ্চিত নিয়তির মতো। স্বীকারোক্তি করেও কেউ এখানে বাঁচেনি, যদিও বাঁচারই চেষ্টা করেছিল তারা। স্বীকারোক্তি রাষ্ট্রদ্রোহেরই হতে হত, কিন্তু আরো জানা হত তাদের স্ত্রী কিংবা স্বামীর, ছেলে-মেয়ে, মা-বাবা-ভাই-বোনের, এমনকি বন্ধুদেরও খবর। কেননা তারা হয়তো একদিন প্রতিশোধ নিতে আসতে পারে। তাদেরকে বাঁচতে দেওয়া বিপজ্জনক। ভালোবাসার বন্ধনগুলো মৃত্যুবন্ধন হয়ে ঢুকে যেত কারাগারে।

কী সেই রাষ্ট্র যা প্রতিশোধের ভয়ে নিজের দেশের শিশুকে, হাজার হাজার শিশুকে, গাছে আছড়ে মেরে ফেলে? রাষ্ট্রের উপর কি প্রতিশোধ সম্ভব? রাষ্ট্র কি ভয় পেতে পারে আদৌ? তাহলে কে ভয় পাচ্ছিল? কে উন্মাদ হয়ে গিয়েছিল? এই প্রশ্ন আমাদের নিয়ে যাবে পল পট নামক এক ব্যক্তি ও তার গোষ্ঠীর কাছে, আর অবধারিতভাবে, কম্বোডিয়ার তৎকালীন ইতিহাসের কাছে।

১৯৬০-৭০-এর ভিয়েতনাম যুদ্ধ কম্বোডিয়ার উপর চাপিয়ে দেয় এক নিদারুণ ‘কোল্যাটারাল ড্যামেজ’। ভিয়েত মিন ও ভিয়েত কং বাহিনীর কম্বোডিয়ার চোরা পথ অবরুদ্ধ করার চেষ্টায় আমেরিকান সৈন্যরা কম্বোডিয়ার মাটিতে পোঁতে হাজার হাজার মাইন, আর চালায় কার্পেট বম্বিং— সব মিলিয়ে ২.৭ মিলিয়ন টন। নিক্সনের আমেরিকা ১৯৭০ সালের মে মাসে কম্বোডিয়ায় আকাশপথে যে আক্রমণ চালায় তার হতাহতের সংখ্যা অজানা, কিন্তু পেন্টাগনের হিসাব অনুযায়ী তা সৃষ্টি করেছিল এক লক্ষ সত্তর হাজার নতুন উদ্বাস্তু। তার উপর এসে চাপল চুড়ান্ত খাদ্যাভাব। ১৯৬৫ সালে ভিয়েতনাম যুদ্ধের আকার অকস্মাৎ বৃ্দ্ধি পেলে মার্কিন সৈন্য এক বছরে বেড়ে যায় ষাট হাজার থেকে তিন লক্ষে, ভিয়েতনামের নতুন কমিউনিস্ট যোদ্ধাদের অন্তর্ভুক্তিও বেড়ে যায় চারগুন— ৪৫,০০০ থেকে ১,৬০,০০০। কম্বোডিয়ায় পর্যাপ্ত শস্য উৎপাদন সত্ত্বেও তা চোরাপথে চলে যায় সীমান্ত পেরিয়ে ভিয়েতনামে। যেতে থাকে প্রতি বছর। কম্বোডিয়ার মানুষ মরতে থাকে, উদ্বাস্তু হতে থাকে, অভুক্ত দিন কাটায় অন্য দুই দেশের যুদ্ধের ‘কোল্যাটারাল ড্যামেজ’ হয়ে।

এই মরতে থাকা, উৎখাত হতে থাকা, দিশাহীন রাগী বুভুক্ষু মানুষরাই ছিল সেই বিপুল জন-আধার যা পল পটের উগ্র কমিউনিস্ট পার্টির মার্কিনবিরোধী প্রচারকে দিয়েছিল উর্বর জমি, জোগান দিয়েছিল সৈন্য। এদের অনেকেই ছিল নিতান্ত বালক-বালিকা। এদের হাতে উঠে এল অস্ত্র, আর অসহায়তার জায়গা দখল করে নিল পৈশাচিক ঘৃণা। ভিয়েতনামি গেরিলা যোদ্ধাদের অনুপ্রেরণায় ও সহযোগে কম্বোডিয়ার কমিউনিস্টরা লড়ছিল মার্কিনি আগ্রাসনের বিরুদ্ধে। জেনিভা কনফারেন্সের পর প্রিন্স নরোদম সিহানুক ভিয়েতনাম ও আমেরিকার প্রতি নিরপেক্ষতার নীতি নেওয়াতে বামপন্থীরা খুশি হলেও, সিহানুক তাদের প্রতি প্রসন্ন ছিলেন না। ফ্রান্স ফেরত কয়েকজন নব্য কমিউনিস্ট এই অপ্রসন্নতার সুযোগ নিয়ে পুরোনো কমিউনিস্টদের নামে শুরু করে অপপ্রচার। এর ফলে পুলিশ ধরতে থাকে সেইসব কমিউনিস্ট নেতাকর্মীদের, যারা ভিয়েতনামি কমিউনিস্টদের সহায়তায় কম্বোডিয়ায় কমিউনিস্ট রাজনীতির পত্তন করেছিল, ফরাসি ঔপনিবেশিকদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করেছিল। আর এই ধরপাকড়ের সুযোগে বিদেশফেরত সালথ সারের উগ্র কমিউনিস্টদের দল চিনের সহায়তায় দখল নেয় কম্বোডিয়ার কমিউনিস্ট পার্টির। অন্তরাল থেকে তারা বিদ্রোহী হানা চালাতে থাকে প্রথমে সিহানুক, পরে মার্কিন লালিত জেনারেল লন নলের সরকারের উপর।

১৯৭৫ সালের এপ্রিলে সালথ সারের বাহিনী নম পেন শহরের দখল নিয়ে নেয়। লন নল সরকারের পতন কম্বোডিয়ার মাটি থেকে মুছে দেয় মার্কিন বোমারু বিমানের ছায়া। নতুন যুগের প্রথম দিনটি খুবই খুশির ছিল দেশবাসীর কাছে। এক শান্ত, সুস্থির প্রগতির কথা ভেবেছিল তারা। অন্তরালে থাকার সময় সালথ সার নিজের গোপন নাম রেখেছিলেন পল। ক্ষমতা দখলের পর তিনি এই নামটিকে আরেকটু বাড়িয়ে পরিচিত হন পল পট নামে। কমিউনিস্ট শাসন কায়েম হওয়ার প্রাথমিক আনন্দ ছিল খুবই ক্ষণস্থায়ী। পল পটের সৈন্যরা, গরিব ঘরের এইসব কিশোর-কিশোরী, যাদের কোমলতা হারিয়ে গেছে যুদ্ধে, শহর থেকে উৎখাত করে দলে দলে লোককে নিয়ে যেতে থাকল গ্রামের শ্রমশিবিরে। সেখানে শ্রম ছিল বাধ্যতামূলক। প্রাচীন পদ্ধতিতে বাঁধ কিংবা সাঁকো নির্মাণ, আর কৃষিখামারে উদয়াস্ত পরিশ্রম।  

এইসব কিশোর-কিশোরীই টুওল স্লেং কারাগারে ধরে আনত, মেরে ফেলত হাজার হাজার নিজের দেশেরই মানুষকে। প্রথমদিকে বলি হত পরাজিত সরকারের আধিকারিক ও তাদের পরিজনরা, গরীব-কৃষকঘরের-মানুষ-নাও-হতে-পারেন সেইসব সন্দেহভাজনরা, ভিয়েতনামি সমর্থক হতে পারেন তারা, ধর্মপ্রাণ হতে পারেন তারা। যত দিন গেল, সন্দেহ বিকারে পৌঁছে গেলে, ধরা হতে লাগল পার্টিরই লোকদের। হয় ভিন্ন স্বরের অপরাধে, নয়তো নিছক সন্দেহে কিংবা ক্ষমতার দ্বন্দ্বে। টুওল স্লেং কারাগারেই খুন করা হয় চোদ্দো হাজার মানুষকে। তাদের মধ্যে কুড়িজন শাসকদলেরই কেন্দ্রীয় কমিটির সভ্য।

আঙ্করওয়াটের মন্দির দেখব বলে এসেছিলাম। কিন্তু মন্দির শহর সিয়েম রিপ থেকে অনেক দূরে, এই রাজধানী শহরের কোনোকালের একটি স্কুলবাড়ি থেকে বেরিয়ে, যা দেখতে আসিনি, সারা সকাল জুড়ে তারই দৃশ্যভার দেহকে আচ্ছন্ন করে ফেলল। এতটা জীবন কাটিয়ে এসে এতদিন পর, অপরিকল্পিত ভাবে, অকস্মাৎ এক সকালে চোখের সামনে খুলে গেল মানুষের এক বিপুল পরাজয়ের ইতিহাস। কিন্তু আজ যখন ভাবি সেই সকালে দেখা জেনোসাইড মিউজ়িয়ামের কথা, তখন টের পাই ইতিহাসে যা নিতান্ত অকিঞ্চিৎকর ও গৌণ, স্মৃতিতে তাই পরিণত হয়েছে এক দানবীয় চিহ্নে। হলুদ-সাদা চক মেলান মেঝে— সেই স্কুলবাড়ির। সবকিছু ছাপিয়ে আজও আমাকে ভয় দেখায় মেঝের সেই হলুদ-সাদা রঙ।

১৯৭৯ সালের জানুয়ারি মাসের এক সকালে ভিয়েতনামি বাহিনী ঢুকে পড়ে নম পেন শহরে। তারা যখন টুওল স্লেং কারাগার মুক্ত করে, তখন সেখানে প্রায় কোনো বন্দিই বেঁচে নেই। পালাবার আগে কারাগার অধ্যক্ষ ডিউয়েচ (Deuch) ঘরে ঘরে ঘুরে গুলি করে মেরে ফেলে বন্দিদের, তাদের মধ্যে কেউ কেউ খাটে শিকল দিয়ে বাঁধা। আশ্চর্যভাবে বেঁচে যায় আনুমানিক তেইশ জন, তাদের মধ্যে পাঁচটি শিশু। এদের কাছে দেবদূতের মতো এসে দাঁড়ায় ভিনদেশের সেনা। নিজের দেশের শাসকের হাত থেকে অবশেষে ত্রাণ পায় কম্বোডিয়া। ভিয়েতনামি বাহিনীর সহায়তায় কম্বোডিয়ার পল পটের বিরোধী কমিউনিস্ট যোদ্ধারা স্থাপন করে রিপাবলিক অফ কম্বোডিয়া।

         ক্ষমতা হারিয়ে থাইল্যান্ড সীমান্তের দিকে পালিয়ে যায় পল পট ও তার খ্মের হুজ়ের দলবল। ক্ষমতা পুনরুদ্ধারের অক্ষম চেষ্টা চলে দীর্ঘ সাতেরো আঠারো বছর। খ্মের হুজ়ের দল, গনশত্রু হয়ে, এখন শুধু মানুষ মারে না, মরতেও থাকে ক্ষুব্ধ সাধারণ গ্রামবাসীদের কাছে। ১৯৯৬ থেকে দল ভাঙতে থাকে, দলের মধ্যে অন্তর্ঘাত ঘটতে শুরু হয়। পরবর্তী সরকারের কাছে একা কিংবা সদলবলে আন্তসমর্পণও ঘটতে থাকে। জঙ্গলের মধ্যে পল পট অন্তর্কলহে হত্যা করেন তার পার্টির দুজন শীর্ষস্থানীয়কে। ১৯৯৮ সালের এপ্রিলে, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়ে, তিনি নিজে মারা যান শান্ত ঘুমের মধ্যে।   

মেকং আর তোনলে স্যাপ নদী এসে মিশেছে নম পেনে। বিকেলে মেকং-এর জলে ঘন্টা দেড়েক স্টিমারের ডেকে বসে নদীর হাওয়া আর ঠান্ডা পানীয়ে মনটা শান্ত হয়ে এল। তোনলে স্যাপ নদীর ধারে চওড়া প্রোমনাড, তার পাশেই স্ট্র্যান্ড, আর সারেসারে দোকান আর ইয়োরোপীয় কায়দায় রেস্তোরা। সেখানে রাস্তার উপরে, দোকান থেকে বেরিয়ে আসা সুদৃশ শামিয়ানার নীচে বসে পর্যটকদের পাশাপাশি স্থানীয় নার-পুরুষরাও খাদ্য-পানীয় নিয়ে বসে আড্ডা দিচ্ছেন। নদীর ধারে রাজবাড়ির আলো। রিপাবলিক অফ় কম্বোডিয়ার প্রথম সরকারের এক মন্ত্রী, হুন সেন, এখন এদেশের কর্ণধার। ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর দীর্ঘদিন ধরে শাসনযন্ত্রকে কব্জা করে, বিরুদ্ধ স্বরকে দলিত করে, তিনি এখন এদেশের একছত্র অধিপতি। এই রাষ্ট্রীয় দমনের অধীনে ভালো থাকার কথা নয় এদেশের। তবু তো শহরে মানুষ আছে, স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে, বিদেশের দরজা খোলা, শিল্প সাহিত্য গানবাজনা নিষিদ্ধ হয়ে, স্বাধীন চলাচল বন্ধ হয়ে বাধ্যতামূলক গ্রাম্য নরক তো আর নেই এ দেশ।

আশ্চর্য লাগে এই ভেবে যে পল পট নিজে ফরাসি দেশে শিক্ষাপ্রাপ্ত। তার সহযোগী একাধিক উগ্র কমিউনিস্ট যোদ্ধার উচ্চশিক্ষাও হয়েছিল ফ্রান্সে। খিউ সাম্ফান (Khieu Samphan) প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতে পি এইচ ডি। আয়েঙ থিরিথ (Ieng Thirith) সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রিপ্রাপ্ত প্রথম কম্বোডিয়। আয়েঙ সারির-ও পল পটের সাথে প্যারিসে পড়াশুনা। সেখানেই তাদের ঔপনিবেশ বিরোধী আর সাম্যবাদী আন্দোলনের হাতেখড়ি। এরা সকলেই ছিলেন কুখ্যাত খ্মের হুজ় সরকারের ক্ষমতাকেন্দ্রে। যারা একদিন উচ্চশিক্ষার জন্যে পাড়ি দিয়েছিল পশ্চিমদেশে, শিখেছিল পশ্চিমি ভাষা, তারা কালক্রমে মানুষ মেরেছিল উচ্চশিক্ষার ‘অপরাধে’, অ-খ্মের ভাষা বলার ‘অপরাধে’।

এদের গায়ে দারিদ্র্যের আঁচ লাগেনি কখনো। কিন্তু শিক্ষার আভা লাগার কথা ছিল। এদের নেতা পল পট রাজবাড়ির দাক্ষিণ্য নিয়ে ফ্রান্সে গেছিলেন পলিটেকনিক পড়তে। পরপর তিনবার অকৃতকার্য হয়ে অবশেষে তিনি দেশে ফিরে আসেন। নিজেকে প্রচার করেন ‘প্রকৃত কম্বোডিয়’ পরিচয়ে। ঔপনিবেশিকদের দেশে গিয়ে অকৃতকার্যতার ক্ষোভ ভিয়েতনামি ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি জাতিবৈরিতার সাথে মিশে কি জন্ম দিতে পারে এক উগ্র জাতীয়তার, যা তৈরি করবে গোষ্ঠীনিধনের মনোভূমি? তার চিন্তাশক্তির খর্বতাই কি তার সাম্যবাদের ভাবনায় তৈরি করেছিল এক দায়হীন, বাস্তববর্জিত, কমিউনভিত্তিক, আগ্রাসী কৃষিমূর্তি? না কি যে মানুষ আজন্ম অসাম্যের সুবিধায় পালিত হয়েও ব্যর্থ, অন্যের সার্থকতা রুখে দিতেই তিনি তৈরি করলেন দেশ জুড়ে দারিদ্র্যের আর ব্যর্থ জীবনের সাম্য? সাম্যবাদ কি তার কাছে হয়ে উঠেছিল নিজের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিশোধের অস্ত্র? যে প্রতিশোধের সাফল্য এনে দেবে ক্ষমতা। তিনি হয়ে উঠবেন ‘ব্রাদার নাম্বার ওয়ান’। এই ক্ষমতা ছাড়া তার আর কোনো সাফল্য নেই। সেই কারণেই কি তার ক্ষমতাপ্রীতি এত আগ্রাসী, এত সন্দেহপ্রবণ? আরো একটা বিস্বাদ লেগে থাকে মুখে। পশ্চিমি সভ্য পৃথিবীর গণতান্ত্রিকতার, মানবতাবাদের, ভিতরকার ফাঁকি আরো একবার জেনে।

টুওল স্লেং থেকে পালাবার আগে কারাগার অধ্যক্ষ ডিউয়েচ যখন কয়েদিদের গুলি করে মারছিল, তখন ‘ব্রাদার নাম্বার টু’ নুয়ান চি (Nuon Chea)-র নির্দেশ মতো তার ধ্বংস করে দেওয়ার কথা ছিল লক্ষাধিক পাতার কারাগার নথি। বিজয়ী ভিয়েতনাম সেনাদের হাতে এসে পড়ে বিস্ফোরক তথ্যাবলি সমন্বিত এইসব ফেলে যাওয়া কাগজপত্র। টুওল স্লেং কারাগার জেনসাইড মিউজ়িয়ামে রূপান্তরিত হওয়ার পর ভিয়েতনামিদের দিয়ে যাওয়া এইসব কাগজপত্র দিয়ে সেখানে তৈরি হয় একটি আর্কাইভ। এই নথিগুলি বিশ্ববাসীর জন্যে রেখে দিয়েছে খ্মের হুজ় সরকারের গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং ভিয়েতনাম ও থাইল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর ইতিহাস। ১৯৮০-র দশকেই বিশ্ববাসীর গোচরে আসে সেই ইতিহাস। তবু ১৯৯২ সাল অবধি রাষ্ট্রপুঞ্জের কাছে কম্বোডিয়ার প্রতিনিধি ছিল রিপাবলিক অফ় কম্বোডিয়া নয়, ছিল পল পটের খ্মের হুজ়। খ্মের হুজ় আর ক্ষমতায় নেই, তারা নৃশংস ও খুনি সেটা বড়ো কথা ছিল না। বড়ো কথা এটাই ছিল যে তারা ভিয়েতনাম বিরোধী। যখন একটি অঞ্চলে কেউ নারকীয় তান্ডব চালায়, তখন পৃথিবীর শক্তিধরেরা হিসেব করে ভূ-রাজনীতির। আমেরিকা ও চীন খ্মের হুজ়ের উপর খুশি ছিল, কেননা খ্মের হুজ় ছিল ভিয়েতনামের বিরোধী শক্তি। ভিয়েতনাম বিরোধিতায় আমেরিকা ও চিনের সমবিন্দুতে অবস্থান নিতে অসুবিধে হয়নি, খ্মের হুজ়ের ভিয়েতনাম বিদ্বেষের দিকে তারা বাড়িয়ে দেয় সমর্থনের আশীর্বাদ, এদের নৃশংসতার প্রতি তাদের থাকে নিঃসার নির্লিপ্তি। রাষ্ট্রপুঞ্জের বিবেক জ্বলে উঠতে সময় লাগতে থাকে।

তবু অপরাধের বীভৎসতা প্রত্যক্ষ হয়ে উঠলে, বিশ্বশক্তির কাছে তা একসময় অস্বস্তিকর হয়ে উঠলে, রাষ্ট্রপুঞ্জ কম্বোডিয় সরকারের সঙ্গে মিলিত উদ্যোগে তৈরি করে একটি যৌথ আন্তর্জাতিক বিচারালয়। পাঁচজন খ্মের হুজ় নেতাকে বিচারের জন্য গ্রেপ্তার করা হয় ২০০৭ সালে। আইয়েঙ থিরিথকে ছেড়ে দেওয়া হয় মানসিক স্বাস্থের কারণে। তার স্বামী ‘ব্রাদার নাম্বার থ্রি’ আইয়েঙ সারি বিচারাধীন অবস্থায় মারা যায় ২০১৩ সালে। কারাধ্যক্ষ ডিউয়েচ ২০১২ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ২০১৪ সালে  ‘ব্রাদার নাম্বার টু’ নুয়ান চি ও ‘ব্রাদার নাম্বার নাইন’ খিউ সাম্ফান একই দণ্ড পান মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য। আমরা চ্যুং এক্ কিলিং ফিল্ড আর টুওল স্লেং জেনোসাইড মিউজ়িয়াম দেখে বেরিয়ে আসার পনেরো দিন পর, এঁরা গণহত্যার জন্যও পেয়েছিলেন একই শাস্তি। কিন্তু এঁরা কেউই নিজের দায় স্বীকার করেননি। প্রত্যেকেই হয় বলেছেন তাঁরা জানতেন না কিছু, কিংবা তাঁদের করার ছিল না কিছু। কেননা পল পটের কথা অবমাননা করার অর্থ ছিল মৃত্যু। পল পট নিজে বলেছেন তিনি শুধু ভিয়েতনামি ও থাই গুপ্তচরদের মারার নির্দেশ দিয়েছিলেন। তাহলে কে নেবে লাখ লাখ সাধারণ মানুষের খুনের দায়? মনে পড়ে যায় নাৎজ়ি কনসেনট্রেশন ক্যাম্প নিয়ে নির্মিত অ্যালা রেনের নাইট এ্যান্ড ফগ তথ্যচিত্রের শেষ উচ্চারণটির কথা: "Then who is responsible?"

রাষ্ট্রের কোনো মুখ নেই। তাই তার আড়ালে গা ঢাকা দেওয়ার চেষ্টা চলতেই থাকে।   

খ্মের হুজ়ের সেইসব বালক বালিকারা, যারা নিষ্ঠুরতার দীক্ষা পেয়েছিল একদল আরো নিষ্ঠুর ও ক্ষমতালোভী মানুষের কাছে, যারা খেলার মতো করে খুন করেছিল হাজার হাজার নিরপরাধ মানুষকে, তারা কি এখন প্রৌঢ় হয়ে, বৃদ্ধ হয়ে, এই শহরের রাস্তায় হাঁটে? রেস্তোরায় এসে বসে সেইসব মানুষের পাশে যাদের কোনো প্রিয়জনকে তারা খুন করেছিল রাষ্ট্রের পেশিশক্তি হয়ে? সেইরকম কেউ কি এই মুহূর্তে বসে আছে আমারই পাশে নদীর ধারের এই রেস্তোরায়? ক্ষতচিহ্ন এখনও ভূতের মতো ঘুরে বেড়ায় কম্বোডিয়ার নগরে গ্রামে। আমাদের গৃহস্বামী পলিনের মতো আরো অনেক কম্বোডীয় মানুষের নিস্তব্ধ মুখে।

চিত্রঋণ: সুবর্ণা মণ্ডল ও লেখক

তথ্যঋণ:

১। চ্যুং এক্ কিলিং ফিল্ড ও টুওল স্লেং জেনসাইড মিউজ়িয়ামের দৃশ্য, অডিও গাইড ও নিদর্শনাবলী.

২। বেন কিরনান, দ্য পল পট রেজ়িম— রেস, পাওয়ার, এ্যান্ড জেনোসাইড ইন কম্বোডিয়া আন্ডার দ্য খ্মের হুজ়, ১৯৭৫-৭৯, ইয়েল ইউনিভার্সিটি প্রেস, তৃতীয় সংস্করণ ২০০৮.