এখন মনে হয় শব্দ যেন আমার সেই ভুলে যাওয়া প্রিয় পোশাক, যা আমি প্রথমবার তোমার সামনে দাঁড়াবার আগে, ওই সামান্য দু-তিনটে যা ছিল তারই মধ্যে, অনেক যত্নে উপযোগী করে তুলেছিলাম!

কৈশোর যেসব স্বভাবজাত অভাব-অনটন মজুত করে, যার কাছে পৃথিবীর তামাম প্রাচুর্য হাঁটু গেড়ে ইবাদত করছে বহুকাল, সে-তত্ত্ব বুঝে ওঠার আগেই কেন যে শব্দের আকরিক জ্ঞান মুছে যায়, আজও জেনে ওঠা হল না মানুষের!

এদিকে সন্ধ্যাকালীন সাজে, হঠাৎ সেদিন তোমাকে দেখে যখন চিনতেও পারলাম না, আমার অবচেতনে শুকনো পাতার মতো কিছু শব্দ কি পারস্পরিক সংলগ্নতায় কোনো সংবেদনা উচ্চারণ করতে চেয়েছিল!

খরস্রোতার গভীরে কি এমন এক কণাও জল নেই, যে স্থির হয়ে দেখতে চায় প্রবহমান ব্যস্ততার প্রবল কর্মকাণ্ড! তবু তারও তো বয়ে চলা থাকে, ইচ্ছা-অনিচ্ছার প্রশ্ন পেরিয়ে সে তখন যে চিন্তায় মজে, এবার ভাবছি সেই শব্দের পোশাক পরে দাঁড়াব এক মহূর্ত হলেও— সামনে তোমার।