বিশ্ববাচালের প্রশস্তিতে রচিত কথাকোষ
১
আশ্চর্য সেই গরিব কিশোর, গড়ের মাঠে, কলকাতার যে কোনো রাস্তার ফাঁকে, বা গলিতে শুধু নয়, কায়রোর, ইস্তানবুলের বাজার, লাহোর, পুরোনো দিল্লির যে কোনো জায়গায় মাদারি তার জিভ কেটে নিত। তারপর রক্তে ভাসা কিশোরটির দেহ কালো কাপড়ে ঢেকে তার বুকের ওপর সিঁদুর মাখানো করোটি রেখে দিত দুর্বোধ্য মন্ত্র আউড়ে। আর সেই কিশোর হয়ে উঠত এমন এক সর্বজ্ঞ, একই সঙ্গে অজস্র স্থান ও সময়ে পরিভ্রমণ তার কাছে জলভাত। গোপন, রহস্যময়, লুপ্ত বলে তার কাছে কিছু নেই।
ইধার আও।
আ গয়া।
ম্যয় যো পুছুঙ্গা বাতাওগে?
বাতাউঙ্গা।
ইয়ে কোন হ্যায়?
জওয়ান লেড়কি।
ইনকি হাত মে কেয়া হ্যায়?
ফুটানিকা ডিব্বা মতলব ভ্যানিটি ব্যাগ।
ইয়ে ক্যা সোচতি?
মালুম হ্যায়।
বাতাওগে?
বাতাউঙ্গা।
কল্পনা করা যাক এ রকমই এক নয়, অনেক, যে-কারও সর্বজ্ঞ জিভ এরপর বকতে শুরু করবে, যার মধ্যে সহজ-জটিল, হতাশ ও রোমান্টিক, কপটতা, চালাকি ও নানারকম কারসাজি এবং সময়-বিভ্রাট থাকা সত্ত্বেও বিশ্বাস করার এক অত্যাশ্চর্য প্রতিভা সমস্ত অবিশ্বাস আর সন্দেহকে একপাশে ঠেলে দেবে। পাঠক-লেখক, শ্রোতা-কথকের এই সমাবেশে সব্বার মত প্রকাশের অধিকার সংরক্ষিত— শুধু তাই নয় এদের এবং আরও অনেকের, কাটা জিভটির কথনেও বৃত্তান্তটি গড়াবে।
স্বাধীন সান্যাল বাতিকের বশেই সম্ভবত রোজারিওকে প্ররোচিত করে। বা, এমনও হতে পারে মধ্য কলকাতার গলি, ইলেকট্রিক তারের জট ও জমা জঞ্জাল, ভোররাতটুকু বাদ দিয়ে বাকি সময়ের শব্দবিস্ফোরণ--- এ সবের মধ্যে অন্তত দিন কয়েকের জন্য রোজারিওর অবতরণ ঘটুক--- স্বাধীন চেয়েছিল।
কেন যে স্বাধীন এটা চাইল সেই তথ্য গরহাজির। এ এক ব্যাপক গরহাজিরা--- যেজন্য অনুমান অবাধ। যে যার ইচ্ছে মতো যা খুশি ভেবে নিতে পারে। কেজো কথা ধরলে, রোজারিওর ফিল্ডওয়ার্কের বন্দোবস্ত করা এবং নিজের সদ্য যৌবনের শহরে বিদেশিনী প্রেমিকার হাত ধরে ঘুরতে চেয়েছে সে। যদি সে এ কথা ঘুণাক্ষরেও কাউকে না জানায়, এমনকি রোজারিওকেও নয়, তাহলে লোকে জানবে কী করে? কিন্তু এই গোপনীয়তার সমস্যাও কিছু কম নয়। তালা দেখলেই চাবির সন্ধান স্বাভাবিক হলেও, সবসময় ব্যাপারটা এত অহিংস নাও থাকতে পারে। তালা ভাঙার চিন্তা থেকে কারিগর ডেকে চাবি বানিয়ে নেওয়া কোনওটাই অসম্ভব নয়। এ রকম কিছু ঘটা মানে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, বেআইনি এবং অনৈতিক কাজ যা হামেশা এই চত্বরে ঘটেই থাকে। মশা মারতে কামান দাগার প্রবচন এখন বাতিল, কেন-না ডেঙ্গি ও ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া শাসনের উদ্দেশ্যে পুরসভা বিকেল-সন্ধে ধোঁয়া-কামান দেগেই চলেছে।
এমন দম আটকানো ধোঁয়ার মধ্যে যুবতী রোজারিও কেন?
গোটা দুনিয়ায় এবং ভারতেও মনে রুবেন্স এবং ওইরকম সব দিকপাল পেইন্টারদের আঁকা নিসর্গকে ঠুঁটো করে দিতে পারে প্রকৃতির এমন আঁচল তো কতই। দু’জনের পরস্পরকে আদরে বোঝার জন্য সমুদ্রে পা ডোবানো, নেশা ধরানো শহরও কি ক
(বি)দেশে ফেরা
পাঁচতারায় সাময়িক আস্তানা গাড়াটা সহজে সম্ভব হলেও রোজারিও সেই প্রস্তাব শুরুতেই খারিজ করেছে সুতোর মতো ভুরু দু’টো কুঁচকে। ফেমিনিস্ট হওয়ার সুবাদে এবং এশিয়ার কয়েকটি দেশ ঘুরে এবং বইটই পড়ে একটা কাজ করার ইচ্ছে থাকায় সে চাইছিল স্বাধীনদের ক্রিক রো-র বাড়িতেই উঠতে। আঁতকে উঠেছিল স্বাধীন, ‘পাগল নাকি, এমন কালচারাল শক হবে যে ছেঁড়া জুতোর মতো আমাকে এক কোণে ছুঁড়ে ফেলে সব চে আগে যে ফ্লাইটটা পাবে তা যতই হ্যাজার্ডাস হোক না কেন তাতেই চেপে বসবে।’ এ কথা বলে দেওয়ার দরকার নেই যে কথাবার্তা ইংরেজিতে হচ্ছে যা দু’জনের কারুরই মাতৃভাষা নয়। তার থেকে বহুগুণ আপন এক ভাষা।
আদি শহরটার বদল যা ঘটেছে তা অনেকটাই পুরোনোর ভেতর থেকে সামান্য এবং বেঢপ, বেখাপ্পা উঁকি মারার মতো— প্রান্তে, শহরতলিতে গড়ে উঠেছে, গড়ে ওঠার সুযোগ পেয়েছে নতুন শহর। সেই নতুন পরিকল্পনা, মাপজোক, গতি, আরাম ও তৎপরতায় যাকে বলে বিণ্ডলিয়ান্ট এবং এই যোগ্যতা অর্জনের চেষ্টায় হাতের, আঙুলের, অভিমানের কোনও স্থান নেই বললেই চলে, কেন-না নতুন শহর তার স্থাপত্য চাহিদা বুঝে গড়া। এ অনেকটাই জ্যামিতিক কিছু আকারের সন্নিবেশ মাত্র। প্রকৃত বদলের একটা গন্ধ স্বাধীনের নাকে এসে লাগে ‘চিরাগ’ নামের তিন তারা হোটেলটিতে ঢোকার পর, যা কিনা গড়ে উঠেছে একেবারে পুরোনো কলকাতার পাড়ার ভিতর, আনন্দ পালিত রোডে। তবে, এই ঘটনাটি প্রায় অন্তকালীন, এখন এর উল্লেখ সম্পূর্ণ অর্থহীন।
আমাদের যাত্রা সবেই শুরু হল এবং তা বেশ দীর্ঘ হওয়ার সম্ভাবনা প্রবল, এখন এই লং লং জার্নির মধ্যে হারানো-প্রাপ্তি-নিরুদ্দেশ অনেকই থাকবে। তাই সতর্কতা হিসাবে বলে রাখা দরকার যে, পাঠক আপনি এই দীর্ঘ যাত্রায় অনেক কিছু দেখতে পাবেন, শুনতে পাবেন, জানতেও পারবেন— এক বিশেষ লেন্সের দরুন, বইটি খোলামাত্র যা আপনার চোখে ঠুলির মতো বসে গেছে। কান হয়ে উঠেছে এমনই সংবেদনশীল যে আপনার পক্ষে এখন অন্যের ভাবনা (স্থান কাল নির্বিশেষে শুনতে পাওয়া-ও অনায়াসে সম্ভব। যেমন দশাবতার, দশানন থেকে যে-কোনও মুণ্ড বা মুণ্ডি আপনাকে কিছু না কিছু জানাতে পারে। উঁহু, না, না, হাত দিয়ে যাচাই করতে যাবেন না। বলবার কথা আরও একটা, এই লেন্সের দরুন আপনার বোঝার ক্ষমতা, যোগ্যতা ও অনুভব বিন্দুমাত্র প্রভাবিত হবে না। তবে অক্ষরমালা আপনাকে অন্যের হেঁসেলে শুধু নয়, তাদের মোলায়েম ও কর্কশ ত্বক পেরিয়ে অন্দরমহলে ঢোকার সুযোগও করে দেবে, যা আবার ঘটবে আপনার অজান্তেই। রোজারিওর নির্দিষ্ট প্রকল্প ছিল, সে দরজা ভেঙেই ঢুকতে চেয়েছিল, স্বাধীন তার ঠাকুমা স্বর্ণর বৃত্তান্তটি বলেই এই সর্বনাশ ডেকে এনেছিল। রোজারিওকে একটু চমকে দিতেই সে স্বর্ণ সম্পর্কে হয়তো একটু বাড়িয়েই বলেছিল, ‘ঠাকুমার দাপট যেমন ঠিক তেমনি সব কিছু সামলানোর ক্ষমতাও ছিল। তাকে তাচ্ছিল্য, অবহেলা করার ঝুঁকি ঠাকুরদার বাবাও দেখাতে পারেনি। মেয়েরা তার নাম দিয়েছিল স্বর্ণবাবু।’
এই পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু স্বর্ণ এখন কোথায়, তাকে পাওয়া যাবে কি না, বা পাওয়া গেলেও স্বর্ণপ্রভা কি রোজারিওকে একটা সাক্ষাৎকার দিতে পারবে? স্বাধীন তো মায়ের মৃত্যুর সাতদিন পরে অনেক হুজ্জোত করে এসে মাতৃভক্ত ছোটোভাই নবীনের কাছে বিস্তর গাল খেয়ে সেই যে চলে যায় তারপর তো এই।
রোজারিও এইসব তথ্য থেকে অনুমান করে বসে, স্বর্ণ নারী-পুরুষ ব্যক্তির এই বিভাজনের বিরুদ্ধে ঝান্ডা তুলেছিল নির্ঘাত। ‘হি’, ‘সি’, হিসির বেশি কিছু ভাবেনি, চেয়েছে এই ভেদ চুলোয় যাক। ক্রিক রো-র বাড়িটিতে খুঁজলে, স্বাধীনের অতিবৃদ্ধ বাপটার সঙ্গে কথা বললে, প্রাচীনতম নোকর সুলেমানকে ইন্টারভিউ করলে বিস্তর মণিমাণিক্য পাওয়া সম্ভব। সুতরাং উঠতে হবে ক্রিক রো-র বাড়িতেই।
এই উটকো ঝামেলা সামলাতে ‘আমার ভাল্লাগে না ক্রিক রো-তে উঠতে’
গোছের কথা রোজারিওকে বলাই যাবে না। তাহলে সেই ভালো না লাগার যুক্তিবোধ্য এক কারণমালা তাকে পেশ করতে হবে। আর যদি সে বানিয়ে বানিয়ে এ রকম একটা কিছু খাড়াও করে তখন রোজারিওর পক্ষে এ কথা বলাও অসম্ভব নয়, ‘যদি তেমনটাই হয়, তাহলে আমি একাই তো তোমার বাবার সঙ্গে, ওই বাড়িতে দিনকতক কাটাতে পারি।’ অন্তহীন এই প্রস্তাব পালটা-প্রস্তাবের রাস্তা মোটেই খুলে রাখতে চায় না স্বাধীন। তাকে অন্য কৌশল খুঁজতে হবেই।
সে বিসর্জিত, বাদ হয়ে গেছে। স্বার্থপর, নির্দয় ইত্যাদি শব্দে তাকে সাজানো হয়েছিল। দেশত্যাগী সে ভোগের ও আরামের কারণে--- যা সত্য নয়, ব্যাপার অতিশয় জটিল হলেও তাকে তো নবীন, ছোটো মাসি, ন-কাকা, বুঁচি আর মণিদা-রা এইসব সম্বোধনেই বিদায় জানিয়ে ছিল। এখন একটু মজা করতে গিয়ে সে কেবলই ফেঁসে যাচ্ছে।
তা ছাড়া, সমস্যাটা যে আসলে টয়লেট কেন্দ্রিক রোজারিওকে সেকথা বলাই যেত, কিন্তু শুরুতে অন্য গল্প ফেঁদে বসায় এখন আর ওই অস্ত্র ব্যবহারই করা যাবে না। ক্রিক রো-তে উঠলে, রকে বসে কিঞ্চিৎ হ্যাজাতে পারলে, সমবয়স্কদের হাল-হকিকত জানার চেষ্টা করলে বেশ একটা মন ভালো করা বাতাস তাকে ভাসিয়ে রাখত, জমি থেকে এক বিঘত উঁচুতে তুলে দিত। তবে এই অনুভূতির আয়ু এখন যৎসামান্য।
তা ছাড়া, সেই রক, সেই আড্ডাস্থলে বোমার দাগ, গুলির গর্ত তো সে নিজেই দেখে গেছে। আর যাওয়া! তার যাত্রা যেকালে, যখন, তা সমর্থনযোগ্য ছিলও না তো। সে যাচ্ছে মার্কিন মুলুকে, যখন---আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম (আবার তখন, সেইসব দিনেও কারও চোখের কোণে ঈর্ষার তড়িৎগতি যে দেখেনি এমনও নয়)।
প্রথমদিকে দেশে ফিরলে যেমন মন খারাপ করত ফিরে যেতে হবে বলে, ঠিক তেমনই ওই শ্লাঘাও বড়ো কম ছিল না। এখন দু-দিকেই ভাটার টান। জৈবনিয়ম তার শরীরমনে এমনই এক খেলায় মত্ত। স্বাধীন প্রথম উড়ান নেয় বিপ্লবের আগুন, লাল রং আর খতম আর কোমিং অপারেশনের দৃশ্যপট পিছনে ফেলে। এবারের ফিরে আসাটাকে যদিও বলা ঠিক হবে না ধর্ষণের বাংলায় অনাবাসী বা শ্লেষে যেমন বলা হয় এন আর বি-র সাময়িক সফর। ঘটনারা প্রায়শই মশার জীবনচক্রে আবর্তিত, নেহাতই স্বল্পায়ু। যারা বংশ বিস্তার করে, নতুন-নতুন রূপ, নতুন-নতুন ধর্মে ফিরে আসে সেইসব ঘটনার ঠাঁই হয় ইতিহাসে। ২০১৩ সালের অক্টোবর মাস ধর্ষণ কাণ্ড সমেত সম্পূর্ণই হারিয়ে যেতে পারে। বরং বলা যাক, বা বলা যেতে পারে ওই সময়টা ঠিক কোনওরকম আদর্শ, বাঙালির এক কালের সিরিয়াসপর্ব--- ইত্যাদিকে রকেটের জ্বালানির একটা খোপের মতো নিঃশেষ করেছে এবং ত্যাগ করেছে প্রায় বিষ্ঠাজ্ঞানে।
এখন কাল মধুমাস।
এখন উৎসবের সময়।
স্বাধীন যে-দেশ থেকে প্রথম উড়ে গিয়েছিল ইউ এস এ, তখন তার গন্তব্যের দেশটি প্রস্থানের দেশে জনপ্রিয় বামজ্ঞানে সাম্রাজ্যবাদ। বিপ্লবের জন্য প্রতীক্ষার পাঁচিল তখন এখানে, এই দেশটিতে শুধু নয়, লাতিন আমেরিকা, ভিয়েতনাম সব জায়গাতেই ঝড়ের গতিতে ভেঙে পড়ছে। নিজের ভবিষ্যৎ, গবেষণা ও প্রতিষ্ঠার দিকে যে যাত্রা তখন স্বাধীনের, তা যে খুব সুচিন্তিত স্বার্থচিন্তা ছিল এমনটা হয়তো বলা যাবে না। আদর্শ, মতবাদ, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা যেমন কারও জীবনের গতিমুখ হতে পারে, ঠিক তেমনই কোনও একটি বিষয় বা শাস্ত্রের প্রতি আকৃষ্ট হওয়া এবং তার চর্চায় জীবন উৎসর্গ করাটা যদি কারও লক্ষ্য হয়, তাহলে সেই ব্যক্তি একমাত্র জ্ঞানতাপস হয়ে উঠতে পারলেই যে জীবনে একটা সার্থকতা আসবে--- এহেন বিচার খুবই আশ্চর্যের হলেও চালু ছিল। রুশ বিপ্লব থেকে নজির দেওয়া হত। কলকাতার রকগুলো তো তখন সক্রেতিসের পাবলিক প্লেস, জ্ঞানমঞ্চ। কামান দাগা ও রাইফেলের গর্জন যাতে পাভলভের গবেষণায় কোনো ব্যাঘাত না ঘটায় সেইজন্য তাঁর বাড়িটি ঘিরে রেখেছিল রেড আর্মি। এই নজির তথ্য হিসাবে ঠিক কি না তা কেউ চেক করে দেখেছিল বলে স্বাধীনের জানা নেই। সে এইসব বিচার বিবেচনায়, এত বৃহতে, মহতে কিছুটা সিঁটিয়ে গিয়েছিল। তার কেমন ভয় ভয় করত। আবার এমন একটা জীর্ণ শহর, সেখানকার স্বল্পবিত্ত, লেখাপড়া-করা লোকজন নিজেদের অজপ্ত্র সমস্যার মধ্যেও যে কী করে এরকম সব বড়ো বড়ো মাপের, ধরা ছোঁয়া যায় না এমন দূরের সব আইডিয়ার জন্য যে-যার মতো ত্যাগ, কষ্ট স্বীকারে এক পায়ে খাড়া, সেকথা ভেবে স্বাধীন তখন-ই অবাক হয়ে যেত। সেই অতীতের গর্ভ তখন দেখা হয়নি এই যা।কী সে দেখতে পেত? সেই সময় যদি সে ভবিষ্যতের দৃষ্টি পেত, একমাত্র তাহলেই ক্ষয়ের, ক্ষতের রক্তাক্ত রূপ তাকে বিপর্যয়ের, দুর্দশার প্রান্তে পৌঁছে দিত। কেননা সে এই বৃহতে মেতে ওঠাকে পালানো, হেরে গিয়ে, ভয় পেয়ে, অক্ষমতায়, অপদার্থতায় দৈনন্দিনকে, বাস্তবকে এড়ানোর এক কৌশল বলেই বুঝত। আর এতবড়ো অপমান স্বাধীনের কোনো বন্ধুই সহ্য করতে পারত না। তারা তাকে যথার্থ কারণেই চিহ্নিত করত ‘প্রতিক্রিয়াশীল’ বলে। যার পরিণামে তার খতম হওয়াটাও অসম্ভব কিছু ছিল না। সেদিক থেকে ভাবলে, মার মৃত্যুর পর আত্মীয় স্বজনের কাছ থেকে যে-ব্যবহার সে পেয়েছে, তাতে দু-দুবার তার মৃত্যু ঘটল।
কোলাহলের এই শহর, অন্তত এরকম বণ্ডহ্মতালু ফাটানো হর্ন, চিৎকার, হল্লা, কথা, কথা আর কথা কি আগেও ছিল?
গলির গলি, তস্য গলিতে তুলোর আঁশের মতো নীরবতা ছিল, এঁটোকাঁটার মধ্যে বিড়ালের লেজ, শীতের ভোরে দেওয়ালের চারকোনা ছোট্ট ফেণ্ডমের মধ্যে কাঁথা জড়ানো একটি মূর্তি নড়ছে। রাস্তায় যে তোলা উনুনটা ধোঁয়া উগরে দিচ্ছে সেইদিকে মূর্তিটির চোখ। এহেন অস্পষ্টতা, এরকম প্রায় মুছে গিয়েও থাকাটাকে সেলাম জানাতেই তুলি হাতে নিয়েছিলেন গণেশ পাইন, মধ্য কলকাতার সন্তান। ওইরকম আঁকিবুকি, কিরিকিরি প্রায় অন্ধকার, স্তব্ধ প্রেক্ষাপট, সেখানে মৃদু আলোড়ন, জীবনস্পন্দন, এক আশ্চর্য প্রকাশ তারই।
রোজারিও মুগ্ধ হয়ে শুনছিল স্বাধীন-বর্ণিত কলকাতার কথা। সে জানতে চেয়েছিল, এভাবে বাঁচার মধ্যে যে ক্ষয় তা শিল্পের উৎস, বা জ্বালানি যাই হয়ে উঠুক না কেন, জীবন তো একদিন ফুরোবেই এবং এভাবে, রক্তমাংসের মানুষ এমন ক্ষয়ের মধ্যে, ভয়কে মূলধন করে বাঁচবে কী করে? এ অ্যাবসার্ড। রোজারিও দুবাই এয়ারপোর্টে কফিতে স্ট্র ডুবিয়ে বড়ো চুমুক দেওয়ার ফাঁকে একটা মোক্ষম প্রশ্নও বানিয়ে ফেলে, ‘আচ্ছা, তোমার কি মনে হয় না, এতদিনের জমে থাকা ক্ষয়-ই বিস্ফোরণের (সত্তরের) অন্যতম প্রধান ধাত্রী।’
এর আর কী-বা জবাব সম্ভব। যদিও, কথা নিশ্চয়ই গড়িয়েছিল আরও, কিন্তু এখন তো আমরা অন্য ক্যাচালে ফেঁসে আছি। এই অসম বয়সি প্রেমিক যুগল কোথায় সাময়িক ডেরা বাঁধবে? খুব মামুলি সমস্যা, ছোটো একটা কাজেও বেজায় ঝুটঝামেলা হওয়া যে অসম্ভব নয় তা এখনই বোঝা যাবে। আবার, আরও আগে, মাদ্রিদে দু’জনের প্রথম চমৎকার বাক্যালাপে, সমুদ্রের ধারে প্রবল বাতাসে সোনালি চুল ওড়ার সময় যে এর আঁচ পাওয়া যায়নি এমনও নয়।
স্বাধীন তো চেয়েছিল রোজারিও তাকে একটু ভালো করে জানুক, যেজন্য ক্রিক রো, যেজন্য বাঙালি সংস্কৃতি, মধ্যবিত্ত, বাবুজীবন একটু সামনে আসুক সে চেয়েছে। আর এখন চাইছে অতিথি, বহিরাগত, ভিনদেশি ইত্যাদি মাত্রা বজায় থাকুক। অতিথি, সম্মানিত অতিথি হিসাবে নিজের দেশে এর আগে তাকে বেশ কয়েকবার আসতে হয়েছে। আর সবসময়ই সে হোটেলে উঠেছে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ ডিনার ইত্যাদি তাদের বাড়িতে গিয়ে যে করেনি এমন নয়, তবে ক্লাবটাই বেশির ভাগের পছন্দ ছিল। স্বাধীন হোটেলেই যে উঠবে সেটা নিশ্চিত, এখন এই সিদ্ধান্তটা রোজারিওর কাছে শুধু গ্রহণীয় নয়, স্বাধীন চাইছে আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা পরিস্থিতি গড়ে উঠুক যখন রোজারিও নিজেই এই প্রস্তাব দেবে।
নিজের বাড়ি, ‘হোম’ / ‘সুইট হোম’ তো ঠিক নয়, এ অনেকটাই সন্ন্যাস নেওয়া মানুষের পূর্বাশ্রমের মতো। তুলনাটায় একটা বড়ো বদল অবশ্য ঘটানো দরকার তা হল এই যে, স্বাধীনের বর্তমান জীবন অনেক-অনেক বেশি আরাম-আয়েসের। ক্রিক রো-র ঘাম, গন্ধ, গাদাগাদি, ঝগড়া, ঈর্ষা, ন্যাকামো, চারপাশের হ্যাংলামো ও গরিবির একঘেয়ে কেত্তন থেকে এ ছিল এক মহানিষ্ক্রমণ। রোজারিওর কাছে এসব সে চেপে গেছে।
স্মৃতি তো তাকে রাখা, বিষয় বা বর্ণানুক্রমে সাজানো বই নয়, যে, যখন যেটা দরকার টেনে নিলেই হল। যদি, এমনকী, এ রকম বইবিন্যাসও ভাবা হয়, সেক্ষেত্রে অজস্র পঠিত বইয়ের মধ্যে এখনই যে-বইটা দরকার সেই বইটির নাম, লেখকের নাম মনে না থাকলে খোঁজাটা বেশ ঝামেলারই। আরও আছে, সেই বইটি যে কেনা হয়েছিল, উপহার হিসাবে বা অন্য কোনওভাবে (বইয়ের পরিবণ্ডাজক চরিত্রের দরুন)পাওয়া গিয়েছিল সেকথাও মনে না পড়তেই পারে। বইপোকা, পাণ্ডিত্যের বালি ঢিপিতে সমাহিত, সেখানেই সবরকম প্রাতঃকৃত্য সারা দু-একজনের কথা স্বাধীন জানে, যারা অন্তত বই সংক্রান্ত অলৌকিক স্মৃতির অধিকারী। স্বাধীন নিতান্ত তরুণ বয়সেই পড়ার, লেখার, বিতর্কের কাজটাকে জরুরি বিনিয়োগ হিসাবে দেখেছে। প্রতিষ্ঠা, সাফল্য ইত্যাদিকে কলা দেখানোর বোকামি তার কখনওই ছিল না। পরীক্ষার হলে, সেমিনারে মুখস্থবিদ্যা, অধীত বিষয়ের স্মৃতি তাকে কখনও বিপদে ফেলেনি--- মসৃণ কেরিয়ার।
গন্ধ তাকে হাত ধরে নিয়ে গেল সত্তরের ভোররাতের গলিতে।
রোজারিও, তোমাকে তো কলকাতার কথা অনেক বলেছি, সত্তরে দেশ ছাড়ার আগে ভয়ংকর একটা ব্যাপার ঘটে। নকশাল আন্দোলন, মানে একটা অ্যানার্কিস্ট মুভমেন্ট চলছে তখন। তারিখটা এখনও মনে আছে নাইনথ অক্টোবর, দুর্গাপুজো কার্নিভালের সময়। ওইদিন ভোররাতে পুরো ক্রিক রো ঘিরে ফেলে পুলিশ আর সিআরপি--- সশস্ত্র বাহিনী। আমাদের বাড়িতেও হানা দেয়। ছ-ফুট লম্বা দশাসই চেহারার এক অফিসার লাথি মেরে দরজা ভেঙে ফেলল, ঝড়ের বেগে জনা দশেক কনস্টেবল নিয়ে সে ভিতরে ঢুকল এবং বিদু্যৎগতিতে ছিটকে বেরিয়ে এল মুহূর্তের মধ্যে। রাস্তার ধারে বসে পড়ল। বমি করতে লাগল।
খাটা পায়খানা কলকাতা থেকে তখনও সম্পূর্ণ উঠে যায়নি এবং স্বাধীনদের পরিবারে বাপ-ঠাকুরদা সব্বার মধ্যে বস্তুবাদ থেকে দ্বন্দমূলক বস্তুবাদ সব ব্যাপারে অনীহা তীব্র হওয়ায় বাসি বিষ্ঠা নিয়ে তারা এক মুহূর্তও ভাবতে রাজি ছিল না। তাদের ব্যস্ত থাকতে হত অনেক সূক্ষ্ম, জটিল সমস্যার, ডালপালা-পাতা- শিকড় এমনকি সেসবের ছায়া, প্রতিফলন, স্মৃতি ও উৎস সম্পর্কিত অত্যন্ত জরুরি ভাবনায়। সুড়ঙ্গে আলোর সন্ধানে। হয়তো এদের জন্মের সময়ই এই স্যাঁতসেঁতে গলির কোথাও রবির কর তথা তীব্র আলোর অভিষেক ঘটেছিল।
রোজারিওর একটা কমেন্ট এই বিবরণের পাশে হুট করে চলে এল।
আর তা ছিল গতিসংক্রান্ত, আঁকড়ে থাকা আর ভেসে যাওয়ার মধ্যে, কেবলই সামনের টানে চলা, চলতেই থাকা যতক্ষণ না মুখ থুবড়ে পড়ছে, যতক্ষণ না দমছুট ছোটায় মুখে রক্ত উঠে আসছে, তলস্তয়ের সেই মর্মস্পর্শী, গভীর দূরদৃষ্টিতে রচিত গল্পটি, হাউ মাচ একর অব ল্যান্ড ডাজ আ ম্যান নিড--- দুর্গাচরণ কি এই গল্পটা পড়েছিল? বা, তার জীবদ্দশায় এই গল্প তলস্তয় লিখেছিলেন কি না এবং ইংরেজিতে অনূদিত হয়ে মহাদেশ পেরিয়ে কলকাতায় প্রেমপত্রের মতো উড়ে এসেছিল কি না--- কত জিজ্ঞাসা রোজারিওর।
সে জানতে চেয়েছিল, ১৯৩৬ এবং তারপর টানা অনেক বছর ফ্রাঙ্কো-পাদরি- কমিউনিস্ট সব্বার বিরুদ্ধে এস্পানিয়ায় যেমন আগুন উগরে দিত অ্যানার্কিস্টদের রাইফেল, কলকাতার নকশালাইটরা ঠিক সেইরকমই ছিল না অন্যরকম? এই প্রশ্নের হেতু, স্বাধীনপ্রদত্ত তথ্য: সে বলেছিল এরা উগ্র কমিউনিস্ট, এদের প্রত্যেকের মাথায় রেডবুক গজগজ করত। স্বাধীনের পর্যবেক্ষণ ও অনুসন্ধান তাকে পৌঁছে দিয়েছিল একটি চমকপ্রদ সিদ্ধান্তের দিকে---
তরুণ বয়স ছড়িয়ে পড়ার, জড়িয়ে ধরার, শরীরের খাঁচা পর্যন্ত ভেঙে ফেলার, না-মানার এক প্রবল উৎসব। বাঙালি মধ্যবিত্ত পরিবারের বাপ-মা আদরে সোহাগে সাধ্যমতো যত্ন ও পরিচর্যায় সম্ভাব্য বিপ্লবীদের পোষ মানিয়ে উকিল- মাস্টার-অফিসারের মাসকাবারি মোটের ওপর আরামদায়ক এক ব্যবস্থায়, খোলের মধ্যে পুরে দিতে, টেনে আনতে পারত। কেউ-কেউ নেহাত অত্যন্ত অগা বলে ছোটো কাজ ও ব্যাবসায় ঢুকতে বাধ্য হত। পুরোনো জমিদারি ব্যবস্থারই এ এক দুর্বল সংস্করণ, যা মৃত্যুর দিন পর্যন্ত পেনশন-নিরাপত্তায় উদ্যোগ বিনাশী ও উৎকণ্ঠাহীন জীবনযাপনের ব্যবস্থা পাকা করে রেখেছে। এমন অপার অর্থহীন শান্তি নতুনের, উদ্ভাবনের চিরশত্র হলেও এই ব্যবস্থাকে আক্রমণ মানে তো নিজের বুকে ছুরি ধরা।
রোজারিও হেসে ফেলেছিল, ‘তুমি তো দেখছি প্রায় একটা আর্টিকেল পড়ে যাচ্ছ?’ স্বাধীন সামলে নিল, আবার, এভাবে প্রায় একটা বত্তৃতাই-বা কেন দিয়ে ফেলল তারও ব্যাখ্যা দিতে চেয়ে এবং ব্যাপারটাকে হালকা করতে বলল, ‘সত্তরে যা ছিল যথেষ্ট সিরিয়াস, জীবনমরণ টানাটানি, সেইসব ইস্যু এখন মুম্বাই কমার্শিয়াল ফিল্মের আইটেম গার্ল সমেত পর্দা কাঁপাচ্ছে। এখনকার প্রজন্ম যে কোনো গুরুগম্ভীর, গুরুতর বিষয়কে ট্রিভিয়ালাইজ করতে এক বিশেষ শব্দবন্ধ তৈরি করেছে--- ‘খিল্লি, খিল্লি ওড়ানো। মানে জাস্ট হেসে, তামাশা করে কাটিয়ে দাও।’
কথাবার্তার সবটা তো বটেই এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের রেস্তোরাঁ, সি-বিচ, এয়ারপোর্টের লবি, মিউজিয়ামের সামনে, বার্নস অ্যান্ড নোব্ল্স, বা বুকটেবল নামের বইয়ের দোকান থেকে বেরিয়ে প্যালেস্তানীয় রোডসাইড কাফে, কিংবা কোনও ইউনিভার্সিটির সবুজ চত্বরে বিশাল লম্বা পাইনের ছায়ায় বসে দুজনের মুখ থেকে স্বরলিপির মতো অক্ষররা উড়ে গেছে ক্রমাগত--- তার কতটুকুই-বা এখন এদেরও মনে আছে, ফলে সেইসব উড়োকথার পিছু নেওয়া সম্ভব নয়। মাদ্রিদ, বার্সিলোনা এবং আর আর শহরের সঙ্গে কলকাতার সমাজ- রাজনীতি ও তার সংপ্তৃñতির দৌত্য করা স্বাধীনের উদ্দেশ্য নয়, সে তো চেয়েছে তার প্রতিটি উচ্চারণ, উচ্চারণের উষ্ণশ্বাস রোজারিওকে আলিঙ্গন করুক— উদ্বৃত্ত কিছু ঘটুক, উপহারের মতো তা-ও চেয়েছে সে।
এখানে আমরা যতটুকু যা জানতে ও শুনতে পাচ্ছি, দেখতেও, তাকে ধস, শূন্যে রয়ে যাওয়া কিছু চিহ্ন যারা পাশাপাশি নয়, হাত ধরাধরি করেও চলছে না, অপসরণ ধর্ম এবং অবতরণের পিচ্ছিলতা, হড়কে চলে আসা কথা, অনুভব, আখ্যান ও অভিজ্ঞতা হওয়ায় ফাঁক অজস্র, অসম্পূর্ণতা এর ছায়া, অনিবার্য অনুগামী--- এতে কোনো সন্দেহ নেই।
যেমন এখন ক্রিস্টিনা প্রসঙ্গ।
আর এক শহরের মধ্যবিত্তের খণ্ডিত চিত্র।
দর্জিপাড়ার সুভদ্রা বসুরায়ের সঙ্গে ক্রিস্টিনার বিস্তর মিল, কিছু মুদ্রা, চিহ্ন ও বিশেষ সংপ্তৃñতি সম্পর্ক বাদ দিলে তারা এক মায়ের পেটের দু-বোন হওয়া খুবই সম্ভব। অভিবাসী বাঙালির তৃতীয় প্রজন্মের কারও সঙ্গেও হয়তো অত মিল খুঁজে পাওয়া যাবে না। মূলবাসী, আদিবাসী, দেশবাসী, অভিবাসী মিলেমিশে এক বিপুল জনারণ্য, পায়ের বেড়ি ভেঙে পড়ায় এই জনতা এখন প্রবল— শ্রমিক, কারিগর, বুদ্ধিজীবী, তথ্যমুটে, শিক্ষক ও গবেষকের প্রবল প্ত্রোত শ্রেণিলোপ না ঘটিয়েও এক নতুন পরিচয়-সন্ধানী। বিপ্লববাতিক যারা এখনও ছাড়তে পারেনি, পেশা আর রুজি আশ্রয় করে এই যে ভুবনায়ন তার মধ্যে তারা এক অহিংস বিশ্ববিপ্লবের সম্ভাবনা আবিষ্কার করে ফেলতে পারে--- ওয়াল স্ট্রিটে প্রতিবাদকে উৎসবে রূপান্তরিত করা জনতার ছবি তো সব চ্যানেলেই দেখিয়েছে।
ক্রিস্টিনা কার্লোস পালমা দ্য মাল্লোরকা শহরের এমন এক শক্তিশালী কবি যে চাইলেই অনায়াসে দশটা পুরস্কার, গাদা গাদা বিদেশ সফর তো বটেই, দেবদূত সদৃশ নিত্যনতুন প্রেমিকের ঝাঁক তার পেছন-পেছন ছুটত, কিন্তু হুয়ান কার্লোসের পাঁচ নম্বর মেয়েটি কিন্ডারগার্টেন লেভেলে, বাবার কোলেপিঠে এবং হাত ধরে ঘুরতে ঘুরতে যা শিখেছিল, সেই পাঠ ভোলা তার পক্ষে সম্ভব হয়নি। সামরিক শাসনের বিরুদ্ধে গোদা প্রতিবাদের কবিতা কখনও লেখেনি সে, আবার তার কবিতা যাতে মুখে মুখে ফেরে, বেজায় আবৃত্তি-অনুকূল হয়, বেশ একটা থিয়েটারি ব্যাপার থাকে --- সেসব গু-মুত ভেবে পাশ কাটিয়েছে, কবিতায় গল্প লেখার ঘোর বিরোধী ক্রিস্টিনা।
কাব্যতত্ত´ চুলোয় যাক, ক্রিস্টিনার কবিতায় এমনকি জাদু, শব্দের, উচ্চারণের অমোঘ শক্তির স্বরূপই-বা কী, জানার দরকার নেই আদার ব্যাপারী বলে, তবুও, রোজারিও টেনে আনল জীবনযাপন প্রসঙ্গ।
অতিসফল মানে সেই পাকা ফল যা মাটিতে থেঁতলে পড়ে আছে, পোকায় কেটেছে, যার ওপর কেঁচো বাহ্যি করে গেছে।
অতিসফল মানে প্রভূত ক্ষমতার অধিকারীও বটে, অজস্র প্রার্থীর বিচিত্র সব চাওয়াকে সে অনায়াসে পাওয়ায় বদলে দিতে পারলেও, যতক্ষণ না কেউ সেটা
হয় তার কান ধরে আদায় করেছে আরও বড়ো কোনো বাপের শক্তিতে ফুলেফেঁপে উঠে, কিংবা সেই অতিসফলের পায়ের কাছে শ্রদ্ধা বিগলিত ভঙ্গিমায় নিজের মাথাটা পাকা বেলের মতো নিবেদন করে, যতক্ষণ না তার পা চেটে দিচ্ছে কিসসুটি হওয়ার নয়।
কেউ বলতেই পারে এ হল ব্যর্থ লোকের দীর্ঘশ্বাস।
রোজারিও দিব্যি গেলে বলেছে, এসপানিওল ভাষার তাবৎ কবি এবং কবিতার মগ্ন পাঠকরা ক্রিস্টিনা কার্লোসের নামে রীতিমতো মুচ্ছো যায়।
সব ট্রফি জিতে, শ্রদ্ধা নিঙড়ে নিয়ে এই যে অবতার হয়ে ওঠা, তা কি এক সম্পূর্ণ ত্রটিহীন শূন্য কলস নয়? এহেন মানুষের বাতকর্ম-ও হয়ে উঠবে সামাজিক। রাস্তায়, পার্কে, রংচঙে পত্রিকার কভারে, ফ্লেক্সে, চ্যানেলে-চ্যানেলে নিজের থোবড় দেখতে দেখতে তার তো এমন একটা হাল হতেই পারে--- যেমন ধরা যাক নরেন্দ্র মোদীর সভায় দু’লক্ষ লোক মোদীর মুখ (মুখোশ) হয়ে বসে থাকে, যেমন মহামান্য অবতারের বাচনভঙ্গি ও শব্দচয়ন টুকে, রেওয়াজে রেওয়াজে তাকে একেবারে পারফেক্ট করে তুলল এবং সেইভাবে কথা বলতে থাকল।
যেমন, রামনারায়ণ রাম, রামনারায়ণ, রামনারায়ণ রাম...
কী বীভৎস বোরিং।
ওহ নো।
সুভদ্রা বলেছিল, ‘আমার লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হোক মোটে চাই না, তার জন্য যদি সংস্কৃতির রাজনীতিওয়ালাদের গালমন্দ করে চটাতে হয় তাই করব, বদখত বন্ধুর বদলে অজস্র শত্রু থাকা ঢের ভালো, তুই সবসময় সিধে থাকবি। ওরা নিন্দেমন্দের বন্যা বইয়ে দেবে সেই জলে স্নান করলে রোজ নতুন হয়ে ওঠা যায়।’
এসো হে নিন্দুক এসো, এসো।
জড়িয়ে ধরো আমাকে।
জম্পেশ হামি খাও।
আহা।
ব্যর্থতার মণিকোঠায় জন্মানো এক তীব্র হেমলক, তুষের আগুনের দাবানল হয়ে ওঠার এক গোপন বৃত্তান্ত যে এর মধ্যে নেই তা বলা যাবে না। তবে সেটা সুভদ্রা-ক্রিস্টিনার ক্ষেত্রে মোটেই সত্যি নয়, এ তাদের জীবনমন্ত্র, জীবনযাপন। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে নবজন্মের আকাক্ষা, প্রতিবার সূর্যাস্তে জীর্ণের বিসর্জন--- এই তারা চেয়েছে। সত্যি সত্যি। কেমন মিথ মনে হয়।
স্বাধীনের পিসতুতো বোন এবং রোজারিও-র প্রিয় কবির মধ্যে আর একটা মিল--- দু’জনই সেনিওরিতো, মানে ভদ্দরলোক, যা এখন ক্ষয়টয় সামলে পাতি মধ্যবিত্ত।
সত্তরের কলকাতা কি মাদ্রিদ, বার্সিলোনার টুকলি?
গণতন্ত্রী, সমাজতন্ত্রী, জাতীয়তাবাদীর শরিকি সম্পর্ক যখন ফুটো করে দিচ্ছিল পাইপগান, বোমা, পিস্তল এবং সেই ফুটো থেকে রক্ত ফিনকি দেওয়ার মধ্যেই বিপ্লবীদের সকেট বোমা আর সি আর পি-র রাইফেলের গুলি উড়ছে--- সর্বত্র, গলিতে, রাজপথে, বাড়িতে, রকে--- আক্রমণ--- সব্বাইকে তাক করছে সব্বাই--- স্থির শুধু রাইফেলের মাছি।
তখন কেউ রবি ঠাকুরের, বিদ্যাসাগরের মূর্তি বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল বলে স্বাধীন অন্তত জানে না। কিন্তু মাদ্রিদে এক আশ্চর্য ঘটনা ঘটে। আশ্চর্যই-বা কেন, নোয়াখালির দাঙ্গার সময়ও এরকমই কিছু ঘটেছিল। দেশকাল-সংস্কৃতি ভেদে কান্নার একটা চিরস্থায়ী দৃশ্য অমলিন, যদিও সেই অশ্রুস্রোত নিজের ভিটের মালিন্য, নীচতা, প্রতিহিংসা দূর করতে অসমর্থ এবং কান্নাকে প্রতিবাদের যোগ্য ভাষা বলে কোনও আন্দোলনকারীই কবুল করে না। এর উলটো একটা কথা সত্তরে কলকাতার দেওয়ালে এঁকে দেওয়া হয়েছিল। মাত্র একখানি ফিচার ফিল্ম বানিয়েই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পাকা আসন যাঁর সেই বারীন সাহার খুব ইচ্ছে ছিল কলকাতার দেওয়াল নিয়ে একটা তথ্যচিত্র বানাবেন। তিনি বহুদিন প্রয়াত। বার্লিনের পাঁচিলও যে তথ্যচিত্রে স্থান পেত, সেই ছবিটি আর বানানো হয়নি। দেওয়ালের লেখাও এখন আলাদা। দেওয়াললিপি কি ইতিহাসের বিভিন্ন পর্বের ও পরিচ্ছেদের এক-একটা শিরোনাম? স্বাধীন স্মৃতি ঘেঁটে তাকে সামনে নিয়ে এল অশ্রুকে শক্তিতে পরিণত করো, শোককে শ্রেণিশত্রুর প্রতি ঘৃণায় রূপান্তরিত করো।
‘রোজারিও ভেবে দেখ, অশ্রু যদি ঘৃণা হয়ে ওঠে’...
‘আমার জ্যাঠাকে ওরা খুন করেছিল স্বাধীন।’
এইখানে ফিরে এসেছিল কান্নার দৃশ্য, অনেকগুলো, পরপর।
নেবুতলা জুনিয়র হাইস্কুলে বিদ্যাসাগরের ছবি আছড়ে ভাঙছে আগুন হয়ে ওঠা একদল ছাত্র, ভূগোলের মাস্টারমশাই পরেশবাবু সেই দৃশ্যের সামনে, তার দু’চোখ জলে ভেসে যাচ্ছে। অশ্রুকণারা আগুন হয়ে ওঠা ছাত্রদের সামলাতে না পারায় হু হু করে বইছিল, আশঙ্কা ছিল জলে টান পড়লে দু’চোখ ফেটে রক্ত ঝরবে।
গুজরাত দাঙ্গার ওপর মোহরছাপ সেই যুবকের মুখটি--- ভয়ার্ত চোখের জলে ভেসে যাওয়া মুখটি--- অশ্রু শুকিয়ে যে মুখে শুকনো দাগে প্রাণভিক্ষা প্রার্থনা হয়ে ছিল। সেইমুখ তো চে গেভারার ছবির মতোই বিশ্ব পর্যটন করেছে।
দুর্ভিক্ষের বাটি হাতে বিয়াল্লিশের বাংলার অর্ধনগ্ন হাড় জিরজিরে মা, তার হাড়ে লেপটে থাকা মিউরালের মতো শিশুটির দু’চোখ অনেকদিনের জলের শুকনো, ক্ষতের মতো দাগ--- এই দৃশ্য অনায়াসে ইথিওপিয়ায় চালান দেওয়া সম্ভব। ক্ষুধা, অশ্রু, অপমানে জুড়ে যাওয়া অখণ্ড বিশ্বের মরুবালিতে ডুবে যাচ্ছে আশ্চর্য নীল চোখের এক আফগান নারী, আর তার চোখ থেকে টপ টপ করে ঝরে পড়ছে স্ফটিক দানা, মরু যা মুহূর্তে শুষে নিচ্ছে।
গের্নিকা! গের্নিকা!
রোজারিওর য়োগাচর্চা, সেইভাবে গড়ে তোলা চাবুক দেহলতাটির ১৯৩৭ সালের ২৬ এপ্রিল সেখানে থাকা সম্ভব ছিল না। স্বাধীন নির্মম সেই গৃহযুদ্ধের প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনেছিল নীলাম্বরা গ্রিক দ্বীপ সান্তোরিনির আঙুর খেতের পাশে আধশোয়া হয়ে, যখন রোজারিওর মাথা তার কোলে। প্রেম, বন্ধুতা, দুটি প্রাণীর পরস্পরকে ভালোলাগায় কীভাবে যেন দেশ ও জাতির শুধু নাচ-গান-খাবার নয়, অন্তরে খোদাই করা নির্মম ইতিহাসও তাদের হাত ধরে। তৃতীয় কেউ না জানলেও ভালোবাসা কয়েদ হয়ে থাকা সেই ইতিহাসের কঠিন পাথরে, দেওয়ালে, আগুনপোড়া ও চোখের জলের দাগের মধ্যে কাঁচা বয়সের আবেগে লিখতে পারে---
রোজারিও ভালোবাসি
ভালোবাসি স্বাধীন
যে বিবরণ রোজারিও নেশার ঘোরে বলে যাচ্ছিল, তার সূত্র বহু, সে পড়েছে, শুনেছে, জেনেছে, ভেবেছে এবং কল্পনাও করেছে। যখন প্রযুক্তিগত সুবিধায় তথ্যের মহাভাণ্ডার মানুষের মুঠোয়, সেজন্য পণ্ডিতদের মধ্যে মড়ক দেখা দিয়েছে, তখনও, স্মৃতিধর বলে, সংবেদন তাকে ছুঁড়ে ফেলেনি বলেও, মহাভারতের, মহাকাব্যের কথক-গায়ক বেঁচে থাকেই। বৈশম্পায়ন তার কোলে শুয়ে গের্নিকা নামের ছোটো একটা শহরের কথা বলছে--- এমনই মনে হল স্বাধীনের।
কোথায় সেই বৃষ্টিধারা
গিরিখাত আর পাখির বাসা
ঝর ঝর শব্দ, সেই ধারাস্নান
আর ভেসে উঠত স্বপ্নজগৎ
বিড়বিড় করছিল রোজারিও। তখন পর্যন্ত রোজারিও জানতই না যে এই মুহূর্তে ভালোবাসা-আচ্ছাদিত সে শুয়ে আছে এমন একটি স্থানে যেখান থেকে কিছুদূরে কুম্ভকর্ণর নিদ্রায় ডুবে আছে একটি আগ্নেয়গিরি। একটু আগেই সমুদ্রের কিনার ধরে খালি পায়ে হেঁটেছে তারা, সুস্বাদু ফলের ককটেলে চুমুক দিয়েছে।
জার্মানি-ইতালি দোস্তি ফ্রাঙ্কোকে ফুলিয়ে ফাঁপিয়ে দৈত্য করে তোলার বৃত্তান্ত, হিটলার, মুসোলিনির বুটের শব্দ, গ্যাস চেম্বার এসবই ইতিহাসে ঢুকে পড়া ভয়ংকর সব দুঃস্বপ্ন, পাঠ্যবইয়ের বাইরে, পরীক্ষায় উত্তর লেখার প্রয়োজনে জেনে নেওয়া ছাড়া এসবের সঙ্গে তো রোজারিওর তেমন সম্পর্ক কিছু ছিল না। বিশ্বযুদ্ধের পর মৃত্যু, অঙ্গহানি, উচ্ছেদ, পরিবার ভেঙে যাওয়ার পর পৃথিবীর এইসব পাড়ায়, মাদ্রিদেও মানুষজন কী যে নরম, কী যে স্পর্শসুখবিলাসী এবং সামান্য-সামান্য কারণে কত যে চোখের জল ফেলেছে--- তারা যেন এই ধ্বংস, এই অগ্নিকাণ্ড, অগ্নু্ৎপাত পেরিয়ে প্রেমের বশে চলে এল।
বলে চলেছিল রোজারিও, তা হলে হয়তো কিছু দূরে দীর্ঘনিদ্রায় তলিয়ে থাকা আগ্নেয়গিরি সম্পর্কে রোজারিও জানত এবং সে বলতে চাইছে মানুষের প্রেমজীবন থেকে একটু তফাতে সবসময় শ্বাস নিচ্ছে এরকমই চিরকেলে এক আগ্নেয়গিরি।
মুসোলিনি পোস্টম্যানের ছদ্মবেশে এসে ২০০৪ সালে মাদ্রিদে রোজারিওদের বাড়িতে কড়া নাড়ে। রোজারিও তখন অষ্টাদশী, উচ্ছ্বল। এইভাবে ইতিহাস তাদের বাড়ির কড়া নাড়বে স্বপ্নে ভাবেনি, কল্পনা করা দুঃসাধ্য ছিল— এমন অযৌক্তিক এমন অবাস্তব তাকে এক হ্যাঁচকায় স্বপ্ন দেখিয়ে ছাড়ে। সাতাত্তর বছর আগে পাঠানো একটি চিঠি এই পুরোনো বাড়িটিতে কেন ডেলিভারি করা হয়নি মুসোলিনি তারই তদন্ত করতে এসেছে। সরকারি ডাক বিভাগের বড়ো কর্তার নামে কাঁচা খিস্তি করল এবং বড়ো কর্তার ফ্যামিলির চার-পাঁচ প্রজন্মের সমস্ত মেয়েদের সে রাস্তায় ন্যাংটো করে হাঁটাবে এমন হুমকিও দিল।
সাতাত্তর বছর আগের, বা ইতিহাসে কয়েদ হওয়া মুসোলিনির সঙ্গে খিস্তি ও উত্তেজনায় থুতু ছেটানো এই মুসোলিনির তফাতও অনেক। আর হবে নাই-বা কেন প্রায় একটা শতক পেরিয়ে গেল, নিজের ভুল আবেগ, চিন্তা, স্বার্থ ও নির্দয়তা বোঝা শুধু নয় উপলব্ধির পক্ষে এই সময় যথেষ্ট যথেষ্ট দীর্ঘ।গুলি বমি করা ফালাঙ্গিস্তদের ট্যাঙ্কের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেইসব বুড়ো চাষা, মাদ্রিদ বাঁচাতে ছুটে আসা কাঁচা বয়সের মেয়েরা, ছেলেরা আর সেই ধ্বনি রাজনীতি---
নো পাসারান
এরেনবুর্গ লিখেছিলেন
স্পেন ন্যাড়া পাহাড়, অত্যাচার তার পিঠে কুঁজ হয়ে আছে
স্পেন গেয়ে ওঠে: শুকনো অলিভ পাতার বিষণ্ণ মর্মর ধ্বনি
স্পেন= দু কোটি জীর্ণ, মলিন, দন কিহোতে
সান্তোরিনির সমুদ্র বরাবর, দ্বীপটির উত্তরসীমার দিকে চলেছে স্বাধীন, রোজারিওর কর্মঠ হাত শিরা-জাগা, সেই হাত স্বাধীনের মুঠোয় রীতিমতো স্পন্দিত হচ্ছে--- তখন এইসব কথা, যার মধ্যে মিশছে রোজারিওর অনুভূতি, কল্পনা, এরেনবুর্গ হয়তো নতুনভাবে লিখছিল রোজারিও। খিদিরপুরে বোমা, যুদ্ধের দরুন বাজার আগুন হয়ে ওঠা, কালোবাজারি এবং মিত্রশক্তি ও ফ্যাসিস্তদের মধ্যে যুদ্ধের সুযোগ নিয়ে ফাঁকতালে ভারত স্বাধীন করার রাজনীতি ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ কয়েকটি বোমারু বিমান উড়িয়েছিল ভারতাকাশে। যে যুদ্ধবিমান স্বাধীন বাংলা চলচ্চিত্রে দেখেছে এবং তারা পর্দায় গাঁক গাঁক শব্দে ঝাঁপ দিয়েছে কেবল সময়কাল বোঝাতে।
টিলার উপর উঠিয়া সূর্যোদয় দেখিবার সাধ...
শশীর ছিল, স্বাধীন এসেছে সূর্যাস্ত দেখতে, নীল গম্বুজ, পাহাড়চুড়ো, ওইয়া, সান্তোরিনির উত্তরসীমা।
মৃত্যুর মহানতা, ব্যাপ্তি--- এ সব নয়, পৃথিবী সেরা সূর্যাস্ত এখানে, সম্ভাবনার বর্ণচ্ছটা। বহু মৃত্যু, অগ্ন্যুৎপাত, অশ্রু ও বেদনা সামলে এইখানে মূক স্বাধীন- রোজারিও। রোজারিওর বাদামি চোখ অচঞ্চল। স্বাধীন অবশমুগ্ধ।
পরে জানা যায়, রোজারিও বলেছিল বলেই, ‘আমরা সত্যি সত্যি, তোমাদের কবির বচনমাত্র, হাজার বছর... পথ হাঁটিতেছি।’
যামিনী এখনও বাকি।
সবে তো কলির সন্ধে।
কথা অশেষ, মুখ খোলা হয়েছে মাত্র, শূন্যে চিত্র বা স্বরলিপির মতো ভাসছে, দুলছে কথাসাগর। পাখির ডানা ঝাপটানোর শব্দে, পাতা ঝরার, বৃষ্টি ফোঁটার চুম্বনের, শ্বাসের, দীর্ঘ-দীর্ঘ শ্বাসের মধ্যে এবং আরও যে কতকিছুতে, বস্তুপুঞ্জ এবং স্মৃতিতর্পণের তিলের মধ্যে তারা স্পন্দিত হচ্ছে, প্রকাশের আকাঙ্ক্ষায়, আলোয় আসার অপেক্ষায় আছে।
এ-পর্যন্ত বা এই যৎসামান্য পথটুকু পর্যন্ত সহচর পাঠক কত-না ফাঁকপূরণ করে ফেলেছেন। ফাঁকপূরণ ও আগাম ভাবা, কল্পনায় বিশাল বৈচিত্র্য থাকা সম্ভব। কেন-না যে-যার নিজের মতো ভাববেন।
রোজারিও-স্বাধীন, এই যে প্রেমিক-প্রেমিকা, যারা দুনিয়া টহল দেবে, দিচ্ছে, হিরোশিমা থেকে ভিয়েতনাম, হাইড্রোজেন থেকে নাপাম পেরিয়ে ধ্বংস্তুপ ধ্বংসদেশ, শহর পিছনে ফেলে পাশাপাশি হাঁটবে, বা হাঁটলেও হাঁটতে পারে। যেন এক চলমান প্রেমকথা। স্মরণ-সরণিতে রোমিও-জুলিয়েট, হির-রঞ্ঝা, রাধাকৃষ্ণ, ময়মনসিংহ গীতিকা, মীরা-হরি আরও কত না যুগলের আবির্ভাব সম্ভব। রোজারিও-স্বাধীন এদের পাশে খুবই বিষণ্ণ, মলিন— প্রেমের পুরাকল্প, পুরাণকথা, লোকগাথা এই দু’জনকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যেতে পারে। এরা দেশহীন। গণতান্ত্রিক। এবং কিছুটা র্যাডিক্যাল হওয়াই সম্ভব। অসমতা ও বর্জনের ঝোঁক এদের নেই বললেই চলে। সম্ভ্রান্ত উদ্বাস্তু বলা যেতে পারে। এইজন্য যে, দেশে-দেশে এদের দেশ থাকা সম্ভব অবশ্যই, কিন্তু মাতৃভূমি-পিতৃভূমি সবই এখন স্মৃতির দেশ। কয়েক প্রজন্মে স্মৃতির বিনাশও অনিবার্য। ভোগবাদী হওয়াটা রীতিমতো ঘেন্না করে। পৃথিবী দারিদ্র্য ও কার্বনমুক্ত হোক এ তারা আন্তরিকভাবে চায়। যদিও প্রতিটি দিন, প্রত্যেক মুহূর্ত নিজেদের বিশ্বাসের ভূমি থেকে তারা উচ্ছেদ হচ্ছে। চোখের কোণে কালি, মনের মতো এক শহরের খোঁজে তারা এখন অবসন্ন। এদের আন্তরিকতা, সততা ইত্যাদি সম্পর্কে প্রাক্তন উপনিবেশ এবং জীর্ণ অর্থনীতি, দারিদ্র্যের সহবাসে ক্লান্ত হতাশ শহরের আমজনতা মুহূর্তের জন্য ভাবতে রাজি হবে না। দুনিয়ার বেশিরভাগ শহরের নাগরিক-মধ্যবিত্তরা এদের বিষণ্ণতাকে সন্দেহ করবে। কলকাতা বলবে: ঢপবাজি।
এরকম বিচ্ছিন্ন, প্রায় ভিন্নগ্রহের বাসিন্দা, প্রেমিক-প্রেমিকার কাহিনি--- এদের সংস্পর্শে এলেও এ-কাহিনি অবাস্তব, বানানো মনে না হলেও, রোজারিও-স্বাধীনকে এমনই সংখ্যালঘু, এমনই বিরল মনে হবে, যাদের বৃত্তান্ত শোনার আগ্রহ নেই পেনশনভোগী বৃদ্ধদেরও। সুতরাং, এই বৃত্তান্ত এমন কেনো বুরবাক কাণ্ডে অন্তত ভিতর থেকে জড়াবে না যা নায়ক-নায়িকা নির্ভর বা তাদের প্রেম কথা। প্রেম এখানে বহুস্রোতা, ফল্গু, মৌসুমি বর্ষণ এবং মরু ঝড়। আগাম শুধু এইটুকুই বলা হল পাঠকের সময়-ভিক্ষা হেতু।
রোজারিও-স্বাধীন কোনো না কোনো গবেষণাকেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জীবিকাসূত্রে বাঁধা, যে-বন্ধন আবার এতটাই মুক্ত যে চাইলে পৃথিবীর যে কোনও
শহরের বিশ্ববিদ্যালয়, বা গবেষণাকেন্দ্রে অনায়াসে তারা নিজেদের অভিযোজিত করতে পারে। যোগ্যতা, দক্ষতা এতটাই। কিন্তু ক্রিক রো-র এমনকি দায় পড়েছে এই বৃত্তান্তটিতে আগ্রহী হওয়ার। পরিযায়ী, শীতের পাখি, সুখের পায়রা, বঙ্কিম বচনে বসন্তের কোকিল এটা হয়তো খাটবে না--- এরা বৈশিষ্ট্যহীন, এরা জীবিকাসূত্রে যে সম্প্রদায়ভুক্ত তারা প্রায় সব্বাই একরকম--- জোরে হাসে না, রেগে মারতে আসে না, অশ্লীল শব্দ জীবনে যেন শোনেইনি এবং সবসময় জানা অজানা মানুষ-জীব-প্রকৃতি সব্বার জন্য কষ্ট পাচ্ছে--- বেদনাবিধুর। কলকাতা এদের বিশ্বাস করে না, কিন্তু কেন যে হিংসে করে সেটা একটু গোলমেলে।
অসাম্প্রদায়িক, লিঙ্গ-রাজনীতি-সচেতন এই ভদ্র-রা সাহিত্যের চরিত্র হওয়ার যোগ্য নয়। নবকুমার থেকে শশী পর্যন্ত ভাবলে একটা বাংলা মডেল পাওয়া যায়। বোঝা যায় এ পূর্বনির্দিষ্ট। এরকমই হওয়ার কথা। এ অনিবার্য ছিল।
সামান্য অসামান্য হইল
রহস্য-অবগুণ্ঠন খসিল
দন কিহোতের সঙ্গে নবকুমার, গোরা, অপু এমনকি শশীরও দেখাসাক্ষাৎ ঘটেনি--- এদের পিতারও, বঙ্কিম-রবি-মানিক সেরভানতেসের সন্ধান সেভাবে জানতেন না— ঢোঁড়াই-এর মামলাটা অবশ্য অন্যরকম হলেও হতে পারে।
এর পেছনে আছে ভূগোল-রাজনীতি, আক্ষরিক অর্থে, যেমন--- ইংরেজ এসেছিল পশ্চিমের দূত ও হানাদার হয়ে, সেই প্রভুর সঙ্গে তাল মেলানো, তার সমকক্ষ হওয়া, ক্রমাগত টুকে চলা এবং টক্কর দেওয়ার ঝোঁকে, তার প্রিয় দাস হতে চেয়েও ইংরেজি ভাষা, সাহিত্য গুলে খাওয়া, পশ্চিম বলতেই বিলেত ভাবা ... স্ববিরোধ, স্ববিরোধ আর স্ববিরোধ।
রোজারিওর কাছে যেন আত্মজীবনীই খুলে বসেছিল স্বাধীন, ‘বহুদিন পর্যন্ত ইউরোপ বলতে বিলেতই বুঝেছি, আমাদের আধুনিকতা অনেকটাই বিলাইতি মাল।’ মুসোলিনিকে কড়া নাড়তে দেখার বিবরণ শুরু হওয়ার আগে এই বিলাইতি আধুনিকতার প্রসঙ্গ উঠেছিল এবং রোজারিও একটা মন্তব্য জুড়ে বলেছিল, ‘আমাদের বাপ-ঠাকুরদা মনে করতেন বেনে ইংরেজরা মুদির ঠাট ছাড়া কিসসু বোঝে না, রানির পচা শব আগলে বসে আছে, আর আমাদের দেখ, আমরা বিশ্বাস করি--- পেসেতার থেকে হাসির দাম ঢের ঢের বেশি।
আমাদের কবি লোরকাকে গুলি করে মেরেছে ফালাঙ্গিস্তরা।আমাদের হৃদয়ে, মস্তিষ্কে ফ্যাসিস্তদের জন্য একবিন্দু জায়গা নেই।
আমাদের অটুট আস্থা লোরকা-পিকাসো-মানুয়েল মার্কেস, বোকা চাষা আর আমাদের ভাষার ওপর, এই ভাষায় কী ধরনের গল্প মুখে মুখে ফেরে কল্পনাও করতে পারবে না।
নমুনা---
রাজ রদরিগো যুদ্ধে হেরে স্পেনের এ-রাজ্য সে-রাজ্য ঘুরে মরছেন প্রায় সেই রাজপাট ছেড়ে আসা রাজা লিয়রের মতো। এ রকম ঘুরতে-ঘুরতে ফকির টাইপের একটা লোকের সঙ্গে তার দেখা হল। ফকির তাকে কাছে ডাকল, ‘নিকটে আইস’, চুম্বকের টান, রাজা ফকিরের সামনে এসে দাঁড়াতে ফকির বলল, ‘ওই যে কবরখানাটা, ওখানে দেখতে পাবে একটা কবরে হলুদ গোলাপ ফুটে আছে, সেখানে গিয়ে চুপচাপ শুয়ে থাক। যা-ই ঘটুক না কেন একেবারে মৃতবৎ থাকবে।’
রাজা তাই করল। কবরের ওপর জ্যান্তমরা হয়ে রইল। রাত গভীর, অন্ধকার গাঢ় এবং হিম পড়তে শুরু করলে রাজা টের পেল তার বুকের ওপর শুয়ে আছে বিশাল একটা সাপ।
তিন দিন তিন রাত এইভাবে কাটলে চতুর্থ দিন সূর্যোদয়ের মুহূর্তে সাপটা রাজাকে চুমো খেয়ে চলে গেল।
নীতিকথা লুটেরা, দখলদাররা যতই বুকে হাঁটুগেড়ে বসুক না কেন, জয় শেষ পর্যন্ত প্রেমেরই হয়ে এসেছে।
ষাঁড়ের পিঠে চেপে লড়াই, আর্জেন্তিনার আইটেম গার্ল, জালি মদ এ সবের কোনওটাই স্পেন নয়।
স্পেন প্রেমের দেবী।
রোজারিওকে থামিয়ে প্রায় জোর করেই স্বাধীন এই স্রোতে সাঁতার কাটবে বলেই যেন বৈষ্ণব পদাবলি প্রসঙ্গ টেনে ‘দেহিপদপল্লবমুদারম’ উচ্চারণ ও অনুবাদ একসঙ্গে সেরে ফেলে রাধামাহাত্ম্যের কয়েকটি পদ এবং নদের নিমাই স্মরণ করল। এইসব কাণ্ডে কেবলই পিছিয়ে যেতে থাকে মুসোলিনির অলৌকিক বৃত্তান্ত। ওই ঘটনায় দেদার নাটক, অভূতপূর্ব, মর্মান্তিক, চমকপ্রদ কিছু থাকার সম্ভাবনা যথেষ্ট হলেও দুজনের কথা, আগ্রহ কখন কোনদিকে গড়াবে তার কোনও বাঁধা গৎ নেই। স্বাধীন রোজারিওর পা বুকের ওপর টেনে নিয়ে সম্প্রতি দেখা কোনো ফিল্মে গল্প বা তার মেকিং নিয়ে কথা জুড়ে দিতে পারে। প্রেমের ধরনই এই, চিরনবীন সে, যাকে স্পর্শ করবে তারই দেহমনের এক-একটা স্তর পেরিয়ে সামনে নিয়ে আসবে যৌবন, সে এমন এক ভুলভুলাইয়া, এমন এক ভাব ও ভাষা অঞ্চল, বর্তমান সেখানে ভূতভবিষ্যৎ হাপিশ করে দিতে পারে।
সিঁড়িভাঙা অঙ্কের মতো, পাটিগণিতে গড়া সময় ও ঘটনাক্রম অনুসারে পুরোনো, দীর্ঘ পটচিত্র আস্তে আস্তে পরম্পরা মেনে খুলতে থাকবে--- এমনটা হবার নয়। প্রেমপ্রকাশের রীতি মোটামুটি একটা ছকে ফেলা সম্ভব। এই ছক কীভাবে ভাঙা যায়, প্রেমের উচ্চারণ কি এমনভাবে করা সম্ভব যা এই প্রথম, এই প্রথম কেউ ‘ভালোবাসি’ শব্দটিতে সুর, রং, চিত্র যোজনা করার সঙ্গে তাকে অধর এবং ওষ্ঠ দিল। পাগলের প্রলাপ সন্দেহ নেই। প্রেমপাগল, প্রেমদিওয়ানা এবং স্বপ্নে দেখা রাজকন্যের জন্য রাজপুত্রের আহারনিদ্রা ত্যাগ, ভূপর্যটকে পরিণত হওয়ার কত অজপ্ত্র নজির সাহিত্য আর ইতিহাসে, লোককথায়, পুরাণকথায় ট্রয় শহরটির হেলেন, চিতোরের পদ্মিনী হয়ে রয়ে গেছে।
ক্রমশ...


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।