২

 

স্বাধীন রোজারিওর পায়ে চুমু খেয়ে বলল, ‘আরও কত হাঁটবে তুমি! কলকাতার জাদুঘর খুব মামুলি নয়, একদিনে সবটা দেখা হবে না।’ সভ্যতার এক সারসংক্ষেপ হয়ে আছে পৃথিবীর জাদুঘরগুলো, সেরকমই যেন মহাদেশ জোড়া এই প্রেম, এদের কথা সময়ের বড়ো বড়ো ফাঁক রচনা করে, টপকে যায়, ফিরে আসে, এর মধ্যে নৃত্য, স্মৃতির নৈরাজ্য যেমন আছে, তেমনই চর্বিতচর্বণ থাকাও মোটেই অসম্ভব নয়।


‘রোজারিও তুমি হাভানার সাইক্লোনের মধ্যে কখনও পড়েছ কি?’ এই প্রশ্ন করা মানেই কিউবার ওই শহরটিতে স্বাধীনের এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যা সে তার প্রেমিকাকে বলতে চাইছে। রোজারিও ‘উঁ’ এবং ‘উঁহু’-র মাঝামাঝি একটি ধ্বনি শ্বাসের সঙ্গে মুক্ত করে দিল, ধ্বনিটির সঙ্গে অদৃশ্য ও হালকা মেঘের মতো জড়িয়ে থাকা সেই শ্বাসে সুগন্ধ ছিল।


‘মুহূর্তের মধ্যে সমুদ্র ফুলে ফেঁপে ওঠে, আশপাশের ঘর-গুমটি তছনছ। বাড়ি ঘরদোর উড়ে যাচ্ছে, তারা চলমান, আমার কেমন মনে হচ্ছিল গালিভার্স ট্রাভেলের নাপুটা দ্বীপের কথা, যেন এরপর হাভানা শহরটা ওইরকমই উড়ুক্কু বা ভাসন্ত একটা দ্বীপ হয়ে যাবে, তখন সেই মুহূর্তে ভয়ে, বিস্ময়ে কলকাতা, ক্রিক রো, গলি, নোংরা, চিৎকার, হুল্লোড়, গলির ফুটবল, বাবা তারকনাথ, বাঁক আর মিছিল আর ঝান্ডা আমাকে টেনে নিল। একটা গাছের গুঁড়ির কাছে, মোটা শিকড়ের ফাঁকে আটকে থেকে সে যাত্রা বেঁচে যাই। এ প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। কে যে বাঁচিয়েছিল আমাকে? ঈশ্বরবিশ্বাসী না-হওয়ার এই এক সমস্যা। কলকাতা যেন আমার কানে কানে ঝড়ের সোঁ সোঁ আওয়াজের মধ্যে বলে গেল---


তুমি কাছে বা দূরে যেখানেই থাকো, আমাকে ছুঁয়ে থাকা চাই।


বুড়ি বসন্ত।


সেটা আবার কী!


বাংলার গ্রামের বাচ্চাদের খেলা, একজন বুড়ি হয়...


অ্যাঙ্কর, বাহ, একটা সেন্স অব বিলঙগিং...


রোজারিও ছবিটা ভাবার চেষ্টা করছে। মোটেই নিঃশব্দে নয়, সে তার ভাবনাটা ঝালিয়ে নিতে চাইছে বলেই, ভাবনা বলে চলেছে বা ভাষায় বাঁধতে চাইছিল নিজের ভাবনা। যা শুরু হচ্ছে একটি দৃশ্য থেকে---


সমুদ্রের তীরে গাছের গুঁড়ির ওপর হেলান দিয়ে শুয়ে আছ তুমি, মাথা ফেটে রক্ত পড়ছে, ক্ষত বেশ গভীর, গাছের ডালে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, একটু তফাতে ছোটো কামানের মতো কিছু একটা পড়ে আছে--- ক্যামেরা। রক্তভেজা তোমার মুখ যেন এক মহৎ ক্ষত, সে ক্ষতে অভিষেক ঘটেছে তোমার। প্লাস্টিকের ছোটো বোতলটার সব জল শেষ আর এক ফোঁটাও নেই, আর আমি শুনতে পাচ্ছি কে যেন থিয়েটারি ঢঙে বলছে:  অশুভ নির্বাসনের ক্ষত...


নির্বাসন সেই কবেকার, ত্রিনিদাদে খাটতে যাওয়া মাদ্রাজি কুলিই তো শুধু নয়, দেশের ভিতরের অজস্র দেশ থেকে সরে যাওয়া চা বাগানের কুলি, বিহার, উত্তরপ্রদেশ থেকে কলকাতা, দিল্লি এবং আর আর শহরে তিরের মতো যে ছুটে আসা, সে সবের পিছনে যে তিরন্দাজ, কে সে? নসিব, পরিস্থিতি এবং বেঁচে থাকার মরণপণ কামনায় উচ্ছিন্ন হয়েই, ভাগ হয়ে যাওয়া দেশে থাকাটা নাকচ, বাতিল হয়ে যাওয়া, যৌন অত্যাচার, সর্বস্ব কেড়ে নেওয়া এবং শেষ পর্যন্ত প্রাণের ভয়ে, বেঁচে থাকার দুর্দমনীয় প্রবৃত্তির তাড়নাতেই রচিত হয়েছে সভ্যতারই এরকম ছোটো-ছোটো, আঁকাবাঁকা অজস্র নদী, নালা, খাঁড়ি। তারা জুড়তে পেরেছে, কূল ভেঙেছে, গড়েছে, জন্ম দিয়েছে মিশ্র, বহু সংস্কৃতির এক মহাজীবন। কত না দুঃখের নদী বেয়ে ভেসে এসেছে বহু বর্ণের এই পুষ্পস্তবক।


কাঠুরেকে জিজ্ঞেস করল জলপরি, ‘দেখ তো এটা কি না?’


কাঠুরে বলল, ‘না, আমার কুঠার তো জলে পড়েনি।’


জলপরি অবাক হওয়ার ভান করে, ‘অ্যাই কি যা তা বলছ!’


কাঠুরে হাত জোড় করে, ‘দেবী দয়া কর, আমার মতো কোটি মানুষের চোখের জল পড়েছে এই সমুদ্রে, এই কালাপানিতে, আমরা দেখেছি সেইসব অশ্রুকণা সমুদ্রের ছোঁয়া পেতেই ...’


জলপরির মুখে মোনালিসার অব্যাখ্যাত হাসি, ‘দেখ, এই ফুলের তোড়া?’


কুলি পরম্পরায় ত্রিনিদাদে পৌঁছোনো দাম্ভিক লেখক নইপাল এরকম একটা গল্প নাকি এক স্প্যানিশ লেখককে বলেছিলেন, যিনি আবার সাংবাদিক হওয়ায় সেই গল্পটি খবরের কাগজে ছাপিয়ে দেন। নইপাল এসপানিওল ভাষা জানেন না এবং যে কাগজে নইপালের সাক্ষাৎকারের অংশ হিসাবে লেখাটি ছাপা হয় তার প্রচার সংখ্যা সীমিত, প্রভাব ক্ষীণ। ফলে এরকম একটা প্রশ্ন উঠতেই পারে যে ওই সাংবাদিক-লেখকটি ডাহা গুল মেরেছে, যা সাংবাদিকদের পেশার পক্ষে খুবই স্বাভাবিক।


এই তল্লাটে বুড়ি ঠাকুমার একটি গল্প অক্ষয় হয়ে আছে। গিরমিটদের মধ্যে গল্পটা বহুদিন চালু ছিল, গান্ধিজিও শুনেছেন, তবে কোথাও উল্লেখ করেননি। এখানেও তা অনুক্তই রইল, শুধু তার সারটুকু জানা যাবে। সেই গল্পটির নাম­ ‘ওডিসিয়াস-এর দুঃসাহসিক অভিযান’ থেকে বদলে হয়ে যায়--- ‘আত্মপরিচিতির দুঃসাহসিক অভিযান’। এ-বাবদ একটি প্যারা এখানে বরাদ্দ করা হল, গল্পটির হদিশ যদি পরে পাওয়া যায় তা হলে জায়গা বুঝে পেশ করা যেতে পারে।


ডাইনি নিকেশের হাত পুব-পশ্চিম সব জায়গাতেই নিশপিশ করত। একঘরে করা, মহল্লা থেকে তাড়িয়ে দেওয়া তো কবে থেকেই চলছে। কাল্পনিক স্বর্গচ্যুতির গল্পও তো বিতাড়নই। আবার, চাবুক হাতে জন্তু শিকারের মতো কালোদের ঘিরে ফেলে যে চালান, যা এখন হিউম্যান ট্র্যাফিকিং নামে চিহ্নিত, জন্মভূমি থেকে কেবলই সরে-সরে যাওয়া, জন্মভূমি হাপিশের চক্করে দেশ হারানো এবং দেশ খোঁজা থেকে সবটাই যেন গ্রহব্যাপী এক মহাযাত্রা। মহাযাত্রাই-বা কেন, একে কালযাত্রা, কালাপানিতে ডোবা-ভাসা বলতেই বা দোষ কী! কিউবা, মেক্সিকো থেকে শুধু বাঁচার তাড়নায় নৌকোয় চেপে, ওয়াগনে বোঝাই হয়ে আমেরিকায় যাওয়ার পথে দমবন্ধ হয়ে, ডুবে মারা গেল যারা, আর যারা বদখত কাজ, খাটনিতে শরীর ভাড়া দিল তারাও তো ভূত, ভূত-ই ভূতের বেগার খাটতে যেজন্য এক পায়ে খাড়া। আর তাই তারা যে আছে তার কোনও চিহ্ন, প্রমাণ নেই। দক্ষিণ আফ্রিকার ভারতীয় গিরমিটরা কি এদের পূর্বসূরি? না কি আফ্রিকা মহাদেশের কালো দাসরা? ভাগলপুরের দাঙ্গায় সুখরাম আর তার বউ রক্তে ডুবে যাওয়ার পর আনোখি (তখন বছর পাঁচেকের) তাদের আদরের মেয়েটা ভেসে গেল। ভাসতে-ভাসতে এসে ঠেকল হরিচাঁদ অনাথ আশ্রমে। বেনারসের সেই আশ্রমে ফ্রেডেরিক পেজেস এবং ডরোথি পেজেস একটি আবেদনপত্র জমা দিয়ে তীর্থের কাকের মতো বসেছিল। অনেক শর্ত পূরণের পর আনোখি তাদের কোলে উঠে অষ্ট্রেলিয়ার সিডনি শহরে  বড়োদিনের মাঝরাতে নেমেছিল। এভাবে জীবনলিপি যে রচিত হতে পারে তা ইংরেজ শাসনের মধ্যপর্বে জানা ছিল না বলেই সাহেবের স্থানীয় বিবি হওয়া, একটা ফুটফুটে বাচ্চার মা হওয়ার পর লীলা মইলি গোদাবরীর জলে সেই দেবশিশু সমেত আত্মঘাতী হয়। অজস্র, অজস্র ঘটনায় মানুষের কেবলই চলতে থাকায় খোদাই হয়ে আছে যেন এক অলিখিত মহাকাব্য--- অজস্র চরিত্র পাষাণবৎ, উজ্জীবনের অপেক্ষায়।


এরকম মহাকাব্যিক হয়ে ওঠা পাঠ স্মৃতির কারণেই সম্ভবত। এখন তারা ফিরে আসতে না চাইলেও, যতটা অপেক্ষা, সময় খেলা তাদের সব কিছু গুবলেট করে দিতে পারে। সেজন্য, কলকাতায় এসে পড়া ও আসার ঠিক আগে যা নিয়ে তাদের মধ্যে তর্ক ও মতপার্থক্য ঘটছিল, ফিরে এল সেই স্থান ও সময়ে। এই কলকাতা সম্পর্কে মজার-মজার কথা তারা ঢের বলেছে ও শুনেছে। যেমন, কলকাতার মধ্যবিত্ত বাঙালির নব্বইভাগ কবি হতে পারলে আর কিছুই চায় না (এই কথার এখন কলকাতায় বিন্দুমাত্র কদর নেই। সত্তরেও কতটা ছিল সন্দেহ আছে।)। গান পাগল। স্বাধীন যখন ফার্স্ট ইয়ারের ছাত্র তখন ক্যাডবেরি কোম্পানি এই বিজ্ঞাপনটা বাজারে ছাড়েনি---


ক্যাডবেরি অন্দর
সিরিয়াসনেস বাহার


বরং, বড়ো ভাব, ভাবনা, গুরুত্বপূর্ণ ও গভীর কিছু করার জন্য সাধ্যমতো ত্যাগেও প্রস্তুত, যার মধ্যে বিপ্লব-সাধনা থেকে অফবিট আর্টফিল্ম বানানো, কাব্যবিপ্লব থেকে মঞ্চে অগ্ন্যুৎপাত ঘটানো সবই ছিল। সেই সময়ের একটি রগড়ের কথা রোজারিও এখন শুনছে।


বাঁচতে গেলে লড়তে হবে
লড়াই করে বাঁচতে হবে


এই পদ্য রোজ প্রায় তিনশো পঁয়ষট্টি দিন রাস্তা, ময়দান, গলি, কানাগলিতে শব্দ-বিস্ফোরণ ঘটালেও, কেউ কখনও জানতে চায়নি যে তাহলে লক্ষ্যটা কী?


বরং পথ-পদ্যকে সাহিত্যের প্রশিক্ষণের আঙিনায় কিছু অদল-বদল সমেত টেনে আনা হয়েছিল---


লিখতে গেলে টুকতে হবে
টুকতে গেলে বাছতে হবে
বাছতে গেলে পড়তে হবে
পড়াই করেই লিখতে হবে


এই সূত্র মেনে চললে সেই নবীন লেখকের কোনো লেখাই পাবলিক ছুঁয়েও দেখবে না, জিন্দেগিতে পাবলিক তাকে নিয়ে মাতামাতি করবে না, তবে কিছু অভিজাত ব্যক্তিগত পাঠাগারে লেখকের নিজের খরচায় ছাপানো সেই কাব্য বা উপন্যাস শোভা যে পাবেই তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায়। এই নব্য অভিজাতরা আগেকার জমিদার, কুলীন নাও হতে পারে। সফল পেশাদার হওয়ার সম্ভাবনাই বেশি। বেশির ভাগই বাম এবং সামান্য ক’জন ডান রাজনীতি ছুঁয়ে আছেন হয়তো--- তখন বাম-ডান লড়াই প্রায় প্রাণঘাতী ছিল, যার আন্তর্জাতিক প্রেক্ষাপট ঠান্ডা যুদ্ধ, সোভিয়েত বনাম আমেরিকা। নব্য অভিজাতরা গরিব এই দেশের সাধারণ মানুষের পক্ষে সওয়াল করতে, আন্দোলনে সামিল হতে একপায়ে খাড়া। কিন্তু পাবলিকের ভাষা, সংস্কৃতি, খেউড় ইত্যাদি এখনকার সংস্কৃতিবিদ্যার পণ্ডিতদের কাছে যে গুরুত্ব পায়, এতটা চিন্তার, বিশ্লেষণের খোরাক, তখন তা ছিল না— যদিও ওই অভিজাতরা ফোক-কে, লোকসংস্কৃতিকে বেশ শ্রদ্ধার চোখে দেখত। এদের সব্বার বৈঠকখানায় বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া এবং যামিনী রায়-এর আঁকা ছবি নীরব প্রহরীর মতো ছিল। অজস্র কেতাব আর এই দুই শিল্পসামগ্রী কিনে একটা আবহ রচনা করত। পেশাদাররা (লেখাপড়ার লাইনে) কখনও ভুলেও ভাবেনি যে এই জিনিসটা একটা গোষ্ঠীচরিত্র অর্জন করছে, হয়ে উঠছে ট্যাবু। এরকমটা না-ভাবার একটা বড়ো কারণ এই নয় যে সংবেদনশীল এইসব মানুষের (পুরুষই প্রধান) নৃতত্ত্বের কোনো পাঠ ছিল না— আসলে এরা ব্যক্তি স্বাতন্ত্র্যের ঘোর সমর্থক, নাগরিক বলেই এসবের মধ্যে গোষ্ঠী পরিচিতির চিহ্ন লুকিয়ে আছে কি না এটা তাদের কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, এক এলেবেলে প্রশ্ন। দুর্বিনীত, অশ্রদ্ধার-সাধক কোনো যুবক (এখানেও যুবতী বা তরুণীর কথা ভাবা অকল্পনীয়, যদিও সাহসী মেয়েরা পুলিশের লাঠি-গুলির সামনে বুক পেতে দিচ্ছে এমন ঘটনা একেবারে যে বিরল ছিল তা নয়)এ সব নিয়ে আক্রমণ, প্রশ্ন করলে বয়সের, জ্ঞানের, আধিপত্যের মহিমায় এমন প্যাঁচ হাজির করাটা প্রায় আঙুলের নড়াচড়া, ‘ধুত’, ‘রাবিশ’ শব্দে আকছার ঘটত, যখন প্রশ্নকারী মুহূর্তে আজ্ঞাকারী হয়ে যাবে--- প্রায় সার্সি দ্বীপের মেষশাবক।


এখন পালটা জোয়ার।


বিপরীতস্রোত।


বন্ধুবান্ধবের সঙ্গে মেল এবং ফোন মারফত নিত্য যোগ থাকার সূত্রে ক্যাডবেরির এখনকার এই বিজ্ঞাপনটি যে গভীর সমীক্ষা ও মধ্যবিত্ত জনজীবন অধ্যয়নে গড়ে উঠেছে, কতখানি গণ-মনস্তত্ত্ব কোম্পানিটি বুঝতে সক্ষম--- সে ব্যাপারে কারও সংশয় থাকার কথাই নয়--- স্বাধীন এই সাংস্কৃতিক ও মানবিক বদল অভিবাসী বা নন রেসিডেন্ট বেঙ্গলি হয়েও একশো ভাগ বুঝতে পেরেছে। যদিও প্রাচীন অভ্যাস, সংস্কার যা তার মনে রয়ে গেছে নৃতাত্ত্বিক সঞ্চয়ের মতো, সেই ভাঁড়ারের, গোপন কুঠরির দরজা ভেঙে ফেলা সম্ভব হয়নি, এজন্যও যে যুক্তিরেখা, অজ্ঞাত বিপুল এক দেশ, কল্পনা-বাস্তব, মিথ্যেসত্য, সত্যমিথ্যের এক ঘূর্ণির মধ্যেই তাকে বেঁচে থাকতে হচ্ছে। আধুনিকের সংস্কারহীন, যুক্তিবাদী, একমেটে প্রতিমায় কখনও যে হাজির হয়নি, কখনও যে রোল প্লে করে যায়নি এমন নয়, বিদ্যাবাজারের মহার্ঘ পণ্যের কথা খেয়াল রেখে পেপার উৎপাদন না করলে, বা ওই মেইন স্ট্রিম থেকে সরে কিছু করতে গেলে মানববিদ্যার ক্ষেত্রে শুধু নয় ফলিত বিজ্ঞানচর্চায়-ও ঝাড় খেতেই হবে। তবিল কোথায় সেটা জেনে বুঝে এগোও বাপু। বাদামি রঙের প্রাণচঞ্চল মেয়েটি স্বাধীনের দুর্বলতাকে আঘাত, উপহাস করে না ঠিকই, তবে এ কথা বলতেও ছাড়ে না ‘মৌলিক চিন্তার জন্য সাহস দরকার স্বাধীন, তোমাদের মহাত্মা যে বলেছেন ‘‘আরাম হারাম হ্যায়’’ কথাটায় জোর আছে’। সে, তারা এরকমটা ছিল না। ভিতুর ডিম ভাবলে ভুল হবে আবার সেটাও আছে--- হারানোর ভয়। সেজন্য পিঁপড়ে-চলন, এক মহাজীবনের দিকে পিঁপড়ে যাত্রা।


পাওয়ার চেষ্টা আর হারানোর ভয়ের মাঝখানের দু’দণ্ডের ফড়িং-এর জীবন।


যেজন্য চাপা কথা অনেক, সাজা-বেশ।


একটা দু’টো কাজের কুমির ছানা দেখিয়ে চলা শুধু নব নব সাজে।


অতিকায়, গোঁড়া হিন্দু পুরুষের এই রূপান্তরকে মুক্তি ভেবেছে সে।


সাহিত্যেই শুধু নয় রোজকার জীবনেও যদি অতিসংক্ষিপ্ত আর সুনির্দিষ্টভাবে কথা বলা হয় তাহলে সে কথায় কোনও রস থাকে না, কথা থেমে-থমকে যায়, তার আয়ু ফুরোয়। বইয়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়নি, কিন্তু বই-ই যে তার গন্তব্য নয় সেকথা বলা কঠিন। পালাতে চেয়ে, কেবলই দূরে সরে যেতে চেয়েও বই পড়ে চলে নীরবতার সাধকরা।


এ হল ভনিতা, বা ইনট্রো। স্বাধীন-রোজারিও রূপান্তর-কাম, আত্মবিলোপের একটা গল্প নিয়ে নাড়াচাড়া করবে এখন। যা ছিল বইয়ে, স্মৃতিতে এবং ভূমিতে, যা প্রতিবারের কথনে-লিখনে-কথনে বদলে বদলে বই সংযোগ হারিয়ে অনাথ এখন, যেমনটা হয়েছিল ভাগলপুরের পাঁচ বছরের মেয়ে আনোখির।


লোককথা, রূপকথা বিশ্ব পর্যটনে ক্রমাগত নতুন, সজীব হয়ে উঠেছে এতটাই যে অনেক সময় বিশেষজ্ঞরাই প্রমাদ গোনে, ‘প্রায় এরকম একটা গল্প আরব্য রজনীতে ছিল মনে হচ্ছে’। কয়েক দশক আগে কলকাতার উত্তর, পূর্ব ও পশ্চিম অংশে তো বটেই, দক্ষিণের কিছু অভিজাত এলাকা বাদ দিলে প্রায় সর্বত্রই কিশোরী-তরুণী, যুবতীরা একটা সাংকেতিক ভাষায় কথা বলত, নিজেদের মধ্যে যৌন তথ্যের আদানপ্রদান, পাড়ার উত্তমকুমারদের সম্পর্কে মতামত, ভালো-বাসাবাসির কথা বিনিময় সর্বজনসমক্ষে অনায়াসে যাতে করা যায় সেই উদ্দেশ্যেই এই ভাষার উদ্ভাবনা--- এসপারেন্তো ইত্যাদি অনেক পরের কথা, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হল ইতিহাসের নথি সম্পর্কিত অজ্ঞতা, উদাসীনতা বাঙালির মজ্জাগত হওয়ায়, এই ভাষার স্রষ্টার নাম জানা যায় না। এর ব্যাকরণ, শব্দকোষ, ব্যবহারবিধি, ইতিহাস সমস্তই বিলুপ্ত এখন। এ শুধু ভাষার মৃত্যু নয়, নবীন একটি শাস্ত্রও সবদিক সামলে যে গড়ে উঠতে পারত সেই সম্ভাবনাও মুছে গেছে। আজকাল যে ভাষাবিলোপ, এই যে রোজই প্রায় কোনো না কোনো ভাষার মৃত্যু ঘটছে, মৃত্যুর সেই তালিকাতেও এই মেয়েলি ভাষাটির উল্লেখ নেই। শুধু এর অবশেষ দুটি শব্দ রয়ে গেছে মাত্র, সেই শব্দ দুটির ওপর নতুন অর্থ চাপিয়ে দেওয়ায় যা ছিল স্রেফ ঋণাত্মক, শব্দের সামনে বা পেছনে বসা অর্থহীন উপসর্গ বা প্রত্যয় তা এখন সকাম প্রেমবাসনারঞ্জিত--- ইন্টুমিন্টু। এস এম এস, টুইটার, ব্লগ এমনকী ব্যক্তিগত মেলে শুধু নয়, মুখের কথায়ও ভাষার সংক্ষিপ্তকরণ ও সাংকেতিকতার উপর প্রবল চাপ এখন। ছকে দেওয়া, ঐতিহ্যলালিত ভাষাভুবনের বাইরে পা রাখার গ্রহব্যাপী যৌবনের এই ঝোঁকটির জননী কি কলকাতার খেঁদিপিসি? এ বাবদও পতাকা নেড়ে সূচনা করা সম্ভব দুঃসাহসিক এক ভাষা অভিযান, যার অন্তে দেখা পাওয়া উচিত খেঁদিপিসি বা খেঁদিঠাকুমার, যে ছিল আদিতেও। রোজারিও একটা প্রেমচিমটি কেটেছিল, সেই স্পর্শবেদনাসুখেই এত কথা ভেবে ফেলতে পারে স্বাধীন, কিছুটা অবাকও সে। এই চিমটিভাষার দেখা ক্রিক রো-র দু-বেনি, হাত খোঁপা, সোডা-সাবানে আচ্ছা করে কাচা এলোচুলের গন্ধবাহিত হয়ে স্বাধীনের সামনে এখনই হুট করে চলে এল--- ‘দেব নাকি’। সে একটু ধন্দে পড়ে যায়। আচরণের গায়ে লেপটে থাকা দেশকাল-সংস্কৃতি-শ্রেণিসম্প্রদায়ের বিভেদের পরতের পর পরত ঠেলে এ যেন অদ্বৈত ব্রহ্মময়ীর আবির্ভাব। স্বাধীনের দ্বিধা-দ্বন্দ-ঘোরে বরফঠান্ডা জল ঢেলে দিল রোজারিও, ‘আমি ইন্দিরা গান্ধী সম্পর্কে অনেক তথ্য ঘেঁটে শেষ পর্যন্ত ধাঁধা-য় পড়ে গেছিলাম।’


নরম ও আরামপ্রদ উচ্চতায়, যে স্মৃতিমেদুরতার বায়বীয় বৃত্তে স্বাধীন একটু আগে ছিল এক হ্যাঁচকা টানে সেখান থেকে দূরে ছুঁড়ে ফেলা হল এবং সামনে এখন এক সময়ের এশিয়ার মুক্তিসূর্য। যাকে এভাবে এত সামনে দেখে, এরকম এবং অন্যরকম আরও সব ঐতিহাসিক, অতিমহৎ, বিপুল গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাঁরা চরিত্র হিসাবে চিহ্নিত, যে-জিনিসটা সাধারণে, নাগরিকত্বে, বহুত্বে ও তার সাধনায় বিশেষ খুঁজে পাওয়া সম্ভব নয়, অথচ সাধারণের ব্যক্তিগত, গোষ্ঠীগত জীবনে অতীত মূর্তিতে শুধু নয়, নিত্য নব-নব বেশে এনাদের আগ্রাসন ঘটতেই থাকে--- তখন তুমি এক দাস, বা দাসমহাপাত্র।


আহা শোনোই না।


ওকে। বলে ফেল ডার্লিং।


রোজারিও মুখ খোলার আগেই কথায় পাওয়া স্বাধীন পিঁপড়ে বিষয়ক তার মৌলিক চিন্তা, কল্পনা, ফ্যানটাসি যা প্রায় ফেনার মতো, গাঁজলার মতো মুখ রতি হয়ে আছে, তার কিছু দানা, বিন্দু, বাতাসে উড়িয়ে দিতে, বা শূন্য ক্যানভাসে এঁকে ফেলতে চাইছিল।
মহাত্মার চেপে যাওয়া গল্প এটা, যা পিঁপড়ে চরিতকথা হিসাবে মহাত্মা, চিন্তানায়ক, বিপ্লবের দূত--- মানুষের মুক্তিকামীদের যে শোভাযাত্রা দুনিয়াভর যুগের পর যুগ পেরিয়ে চলেছে, মহামানবী-মহাপুরুষদের সেই মিছিলের প্রত্যেকে জানত, ভবিষ্যতের মহানরাও তা জানতে পারবে।


সময়স্রোতে ভাসমান দেশ বহু উত্থানপতনে, রক্তপাতে, বারবার জেগে ওঠার আহ্বানে সাড়া দিয়েও কেন বারবারই কুম্ভীপাকে পড়ে থাকে, বারবার কেন একই আবর্ত, কেন জার-কে ছুঁড়ে ফেলার দীর্ঘ সংগ্রাম, বিশ্ব বিপ্লবের স্বপ্ন অনেক রক্তপাতের পর আত্মসমর্পণ করে নব্য কোনও জারের কাছেই। রোজারিও ইন্দিরা প্রসঙ্গ তোলাতেই সম্ভবত, এখান-ওখান থেকে, দেওয়াল ও ফাটল থেকে বিন বিন করে দেখা দিল পিঁপড়ে সভ্যতা। কয়েক দশক, শতক আগে যা করেছে ঠিক সেই জিনিসই তো ফিরে ফিরে করে চলেছে। ক্রিক রো-র মধ্যবিত্ত জীবন যেমন, শতকের পর শতকব্যাপী পোশাক, ভোগ্যপণ্য, খাদ্যসংস্কৃতি, কর্মস্থলের আকার, অবয়ব, বাথরুমে, কিচেনে, পরিবহণে যতটুকু যা অদল-বদল ঘটতে দিয়েছে। না হলে সেই বাল্যশিক্ষা (এখন প্রি-স্কুল স্টেজ থেকে শুরু), শরীর-মন ফিট রাখতে সামান্য খেলাধুলো, কলেজ, চাকরি, ব্যাবসা, একটু-আধটু রাজনীতি, প্রেম-ভালোবাসা-বিয়ে এবং সংসার, বিচ্ছেদ ও আবার বিয়েটা অবশ্য আগে এত আকছার ঘটত না--- আধুনিক ফ্ল্যাট, ডুপ্লে, টেরেস, লিফট ও ল্যান্ডিং, গ্যারেজ--- যেখানেই থাক না কেন--- সেই এক শ্যাওলা গজানো, ফাটলের বটচারা, ছাতে শুকোতে দেওয়া শাড়ি ও ট্রাউজার, কিচেন, বাথরুম, বেডরুম থেকে আসছে ম-ম করা সেই প্রাচীন গন্ধ--- নোনা, ঘামে ভেজা, মাছ-মাংস-সবজির।


হাঁউ মাঁউ খাঁউ
মানুষের গন্ধ পাঁউ


পিঁপড়ে রেখা, ভেঙে, জুড়ে, বারবার বারবার এক থেকে যায়, এর ভিতরে ঘাপটি মেরে বসে থাকা প্রাণভোমরাকে স্বাধীন ‘বোরডোম’ শব্দে শনাক্ত করল। বলল, ‘ইন্দিরাজির মতো চরিত্রদের মূলধন, এটাই। এবার তোমার কথা শুনি, আমি জাস্ট নেত্রীর জন্য আসন পেতে দিলাম।’


না, না তুমি চালিয়ে যাও, ইন্দিরাজি হতে থাকুন, পরে হবে, বরং তোমার সেই ফুলমেসোর কথা একটু বলো, সেই যে ফরাসি গার্লফ্রেন্ড। এভাবে চললে তো জমা কথা বেড়েই চলবে। আমাদের তো কোনো তাড়া নেই, সামার ভেকেশন বলে কথা।


বসে আছি উড়ন্ত পাখির পেটে বা জাদু-গালিচায়। আরও অন্তত দু’ঘণ্টা লাগবে। হুড়মুড় করে উগরে দেওয়ার মধ্যে শিল্পের কণা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, এ প্রসঙ্গে তারা রতি ভাবল, শৃঙ্গার মনে করল এবং প্রেমের কাছে হাঁটু গেড়ে বসল। ঘটনার পর ঘটনার পিঠে সওয়ার হয়ে, টানটান উত্তেজনায় হিচককের ছবি দেখে, দুবাই এয়ারপোর্ট থেকে মরু বালুরাশির নির্জনে তাঁবুর মধ্যে বেলি ড্যান্স, নাভির কাঁপনে ব্রহ্মাণ্ড কাঁপতে দেখা এক জিনিস আর বিদ্যাপতি পাঠ আর এক রকম।


চিকুরে গরএ জলধারা
মুখশশী ভয়ে কিয় কাঁদে আঁধিয়ারা?


এই দুটি লাইনের ইংরেজি তর্জমা করা অসাধ্য, এসব ক্ষেত্রে রোজারিও বলে, কানে যেমন বাজছে তা থেকে যতটা অনুভব করা যায় সেটাই যথেষ্ট। স্বাধীন ঘাড় নেড়ে বলল, ‘ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা, তাৎপর্য শুনলে তোমার মনের চোখে ছবিটা দেখতে পাবে আর যেমন সব কিছুরই ডালপালা-লতা-শিকড় জড়ানো-পেঁচানো একটা কাণ্ড থাকেই, বিদ্যাপতিই-বা কী করে অদৃশ্য, আদি অন্তহীন সময়জাল থেকে মুক্ত হবেন?’


বাংলার শিক্ষক বিরিঞ্চিবাবুর বর্ণনা কতটা জরুরি ছিল সেকথা না ভেবে, আগডুম বাগডুম ঘোড়া ডোম সাজে-র, বা এলাটিং বেলাটিং সই লো কীসের খবর আইল-র মতো, সমস্তই যেন প্রসঙ্গ, কিছুই ফেলনা নয়, তুচ্ছ নয়, কথাস্রোতে যে বা যারা এসে পড়ছে, আসতে উন্মুখ স্বাধীন তাদের হত্যাকারী হতে পারে না। হত্যাকারী সে নয়। হত্যার, রক্তের উচ্ছ্বাসের সময় তার দেশত্যাগের পিছনেও হয়তো রয়ে গেছে এক প্রেমানুভব, যা ভয় বলে চিনেছিল তার বন্ধুরা।


ধুতি পাঞ্জাবি পরনে রোগা লম্বা বিরিঞ্চিস্যার হিন্দু স্কুলে আজীবন ছিলেন। এই স্কুলটির বাইরে যেন তাঁকে ভাবাই সম্ভব নয়। (কর্মরত অবস্থায় মৃত্যু হয় ক্যানসারে। যেহেতু তিনি মদ-সিগারেট-চা-কফি বা অন্য কোনোভাবেও কোনো নেশাই করতেন না, বরং রোজ ভোরবেলা দু’থেকে সাতবার হনহন করে হেদো চক্কর দিতেন, তথাপি মাত্র আটচল্লিশ বছর বয়সে লাং ক্যানসারে তাঁর মৃত্যু হওয়াটা ছিল বিস্ময়কর এবং ১৯৬৯ সালের শীত-রাতে নিমতলা ঘাটে স্বাধীন স্কুলের বন্ধুদের সঙ্গে বৃত্তাকারে বসে গাঁজা খেতে খেতে ভেবেছে, কেবলই ভেবেছে, মাথার চুল ছিঁড়েছে--- মৃত্যুর কারণ কী? যদি জিনগত কারণ হয়, তাহলে জীবনের অতগুলো ভোরবেলা বিরিঞ্চিস্যার হেঁটে ঘেমে কেন নষ্ট করলেন? তাহলে কি প্রতিটি ভোর-ই স্যারকে একটু-একটু করে ঠুকরে খাচ্ছিল? ভোরবেলা তাঁকে পোকা হয়ে কাটল? নষ্ট করে দিল? সেই প্রথম কুড়ি বছর বয়সে স্বাধীন মৃত্যুর একটা স্পর্শ পেল, তারপর অনেকবার, তারপর তো সেই বিস্ময়, সেই ভয়, সেই অমোঘ, অনিবার্যকে সে জীবনের যমজ হিসাবে বুঝতে, অনুভব করতেও পেরেছে যেমন এখন চিকুরে গরএ জলধারা।)
বিরিঞ্চিস্যার অলংকারশাস্ত্র পড়াচ্ছিলেন, ‘প্রকৃত বা যেটা বাস্তব যাকে তুলনা করা হচ্ছে অন্য কারও সঙ্গে, সেই প্রকৃত বা বাস্তব হচ্ছে উপমেয়...’ যার সঙ্গে তুলনা করা হয় সে অবাস্তব বা অপ্রকৃত--- উপমান। কবি এখানে দোলাচলে, তিনি গভীর সংশয়ে পড়েছেন, এই সংশয় থেকেই প্রতিভাবলে কবি ওই দু’টি লাইন পেলেন, সন্দেহ অলংকার রচিত হল।


গল্পটা কীই-বা এমন, রাধা চান করে এসেছে তার ভেজা চুল, সেই চুল বেয়ে নেমেছে জলের ধারা। কিন্তু প্রেমাবিষ্ট কবি বিদ্যাপতি দেখছেন, রাধার কৃষ্ণকুন্তলরাশি অন্ধকার যামিনী, রাধার মুখখানি চন্দ্র। তাহলে এ কি কৃষ্ণকুন্তলরাশি নির্ঝরিত জলধারা? নাকি, রাধার মুখ যা চন্দ্র, সেই চন্দ্রের ভয়ে ভীত রাধার কুন্তল যা আঁধারের চোখের জল?


ইতালিয়ান বেনিতো অঁদ্রে মুসোলিনির সঙ্গে স্পেনের জড়িয়ে যাওয়া, বা মুসোলিনির ফ্রান্সেসকো ফ্রাঙ্কো বাহামোন্দের কাঁধে হাত রাখা, পিঠ চাপড়ে বলা, ‘গুলিগোলা, সেনা, কামান কিচ্ছুটার অভাব হবে না’--- ঐতিহাসিক এই জোট, তারও আগে প্রথম বিশ্বযুদ্ধে সমাজতন্ত্রের সঙ্গে মুসোলিনির তালাক এবং ১৯১৯ নাগাদ বেছে বেছে বেকার, বাচ্চা ছেলেদের মাথা চিবিয়ে তাদের নিয়ে সশস্ত্র বাহিনী বানিয়ে সব্বাইকে কালো জামায় মুড়ে দেওয়া--- এই সবকিছুর সঙ্গে রোজারিওর যোগটা প্রত্যক্ষ, পারিবারিক। ঠাকুরদা অ্যামব্রোস রোগোবার্তো ছিলেন বেজায় ধার্মিক, তবে তার ধর্মাচার প্রকট করে তোলা দূরের কথা, ক্রুশে চুমো খেতেন গোপনে, রবিবার গির্জায় যেতেন ঠিকই কিন্তু বসতেন একেবারে শেষ বেঞ্চে, যতক্ষণ বাইবেল পাঠ চলত, মাথাটা যেন খুলে সামনের বেঞ্চে রেখে দিতেন।
অ্যামব্রোস না আলফানসো? কে যে রোজারিওদের পরিবারকে স্পেনের গৃহযুদ্ধ, ফ্র্যাঙ্কো, বা মুসোলিনির সঙ্গে এমনভাবে জুড়ে দিল যে গর্বের কারণে না-হলেও, শোকের এক দীর্ঘ রেখার কারণে, দু’চোখের অবিরত জলধারার কারণে তাদের পরিবারের কেউ অনাগত ভবিষ্যতেও ভুলতে পারবে না এই যোগ। স্পেনের কোনো সন্তানের পক্ষেই সম্ভব নয় ভুলে যাওয়া--- গের্নিকা।


গোটা বিশ্ব চিনেছে তাকে, স্পেনেরই এক সন্তান ওই হাহাকার ও ধ্বংসকে চিত্রিত করার পর কেউ-কেউ এমন আশঙ্কা প্রকাশ করেছিল, গের্নিকায় যা ঘটেছে তা এই চিত্রের নকল, বা ঘটনা যেন ভবিষ্যতের চিত্রটির রং, ব্রাশের দাগ, আলো, অন্ধকার আর ত্রিমাত্রা নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল অস্ত্র আর আর্তনাদের এক বীভৎস সংগীত সমেত। পৃথিবীর সমস্ত শহর, সমস্ত দেশ নানা নামে ও বিবরণে এই হত্যালীলাকে কখনও-না-কখনও ঝড়-ঝঞ্ঝা-ভূমিকম্প-বন্যা-দুর্ভিক্ষ-মহামারির মতোই আছড়ে পড়তে দেখেছে।


এ এক ভাষাতীত দুঃখ
নরক থেকে শ্যাওলা-সিঁড়ির উঠে আসা
রামচন্দ্রের ছেড়ে দেওয়া সেই ঘোড়া যে বিশ্বভ্রমণ করছে একথা ঘোষণা করতে, ‘আমাকে বলি দেওয়া হবে, বাঁচাও, বাঁচাও আমাকে।’


রামায়ণের সংক্ষিপ্ত বাল্য-ভাষ্য পড়েছে। চিত্রের উন্মত্ত ভবিষ্যদ্বাণী সে কবুল করে না, তবু অশ্বমেধের ঘোড়া যেন তাই, সেজন্য সে কল্পনাপ্রবণ এবং যুক্তির তোয়াক্কা না ক’রে ঘোড়াটিকে স্মরণ করল, সেই ঘোড়া পর্যটনে মগ্ন হয়েও আসলে মৃত এবং ভবিষ্যৎ যুদ্ধের একটা চিরকুট বা ঘোষণাপত্রের মতো উড়ে যাচ্ছে ধুলো উড়িয়ে, ধুলোয় চরাচর ঢেকে এই ঘোড়া অন্ধকারের তীব্র প্রার্থনা করছিল। এজন্য যে, তার দু’চোখ অন্ধকারের ধারা। এরকমই নির্জনতা, মৃত্যুর সাম্রাজ্য নাকচ করছে কাঁটাতার, প্রহরা, সার্বভৌমত্বের কাল্পনিক রেখা। এই বিশ্বে মানুষের জন্ম, তার প্রথম চিহ্ন কি প্রতিটি দেশে পাওয়া সম্ভব, সে তো কোনো একটা বিন্দু থেকে পর্যটন শুরু করে যা আজও চলমান, মানবযাত্রার সেই ইতিহাস যা ঝড়-ঝঞ্ঝা-বাদল-হিমযুগ-উষ্ণযুগ অন্তে চলেছে, আশঙ্কা এই যে সামনেই কালাপানি, মৃত্যুসমুদ্র, আবার, আরও কোটিগুণ জোরদার এক উষ্ণযুগ-হিমযুগ তাকে ফিরতি যাত্রায় ফসিল দেহ দেবে।


অ্যামব্রোস রোগোবার্তোর জীবিকা সবজির পাইকারি ব্যাবসা, যা সে শুরু করেছিল পঁয়ত্রিশ বছর বয়সে। ষোলো বছর বয়সেই মাঠে খাটতে শুরু করে এবং কুড়ি বছর বয়সে লা তাতানিয়া থেকে প্রায় কুড়ি মাইল দূরের দশ-বিশটা গ্রাম অ্যামব্রোসের শক্তপোক্ত লোমশ হাত দু’টোকে চিনেছিল সৎ, পরিশ্রমী চাষির হাত হিসেবে। চাষবাস এবং লোকজনের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদ-আপদে বুক দিয়ে ঝাঁপিয়ে পড়া আর বেহালা বাজানো--- এতেই তার দিন কেটে যেত। পরিশ্রম এবং নির্মল মনের মনিব হওয়ায় দুনিয়ার সর্বত্র সৎ চাষিরা রাত আটটা বাজতে না বাজতে যেমন গভীর ঘুমে ঢলে পড়ে এবং পুবের আকাশে ঈষৎ গোলাপি আভা দেখা দেওয়ার আগেই যেমন মাঠমুখো হয়, অ্যামব্রোসের দিনও এভাবেই কাটত। ব্যাবসায় সে নেমেছিল পড়শিদের অনুরোধে, ফড়েদের হাত থেকে চাষিদের রক্ষা করতে এবং কিছুটা স্বস্তি দিতে। রূপকথার গল্পের নায়কের মতোই অ্যামব্রোস তার চরিত্র অমলিন রেখেছিল।


পরিবহণ খরচ, তার নিজের শ্রম আর লগ্নি অর্থের জন্য টাকা কেটে রেখে চাষিদের প্রাপ্য মিটিয়ে দিত। হিসেব কষে চাষিরা দেখেছিল এতে আগের থেকে কুড়ি শতাংশ বেশি আয় হচ্ছে। এরকমটা চলায় সে নেতা হয়ে ওঠে। রোজারিও এরপর সেই মিরাকল প্রসঙ্গ কীভাবে বলবে ভেবে কূলকিনারা করতে পারছিল না।


কীসের মিরাকল?


বেহালার এবং যিশুর।


খুলে না বললে...


হয়তো তুমি বিশ্বাসই করবে না।


যা ঘটেছে তা তো ঘটেইছে তাই না? বিশ্বাস-অবিশ্বাস চুলোয় যাক।


তবু। বেশ, বলছি।


ঠাকুরদা বেহালা বাজানো শিখতে সপ্তাহে তিন দিন ত্রিশ মাইল ঠেঙিয়ে বৃদ্ধ জন টেব্বাটের কাছে যেত, এই লোকটা খুবই রহস্যময়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের উইন্ডসোর শহরে সদ্যোজাত টেব্বাট (নামকরণ তো পরে হয়েছে) প্রথম কেঁদে উঠেছিল ১৮৩৪ খ্রিস্টাব্দে। সেই লোক যে কীভাবে, কত ঘটনা-দুর্ঘটনা পেরিয়ে স্পেনে এসে সেটল করল সেই কাহিনি ও তার সমস্ত অনুষঙ্গ, ভাঙা ও গোটাগল্প জন টেব্বাটের মৃতদেহের সঙ্গেই কফিনবন্দি হয়ে অনেককাল হল মাটির তলায় চিরঘুমে মগ্ন। যেটুকু জানা যায় এই লোকটা পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের জাদুকর ছিল আর অ্যামব্রোস তার সেরা ছাত্র এবং গুরুর মতোই ধর্মপ্রাণ।


গল্প অনেক বড়ো এবং যেজন্য এর অবতারণা, তা থেকে এখনও বেশ দূরে থাকায় একটু কাটছাঁট করে বলাই ভালো। এমন তো হতেই পারে শ্রুত, অশ্রুত এবং বিস্মৃত যে কাহিনি-ব্রহ্মাণ্ড, যা আছে মাটির নীচে, খুলির চোখে, তারা সবাই কল কল করে উঠলে, চেঙ্গিজের অস্ত্রের মরচে, সক্রেতিসের বিষপাত্র, গার্গীর প্রায় খসে পড়া জিভ স্পন্দিত হলে, কথার ঘূর্ণিঝড়, প্লাবনে মানবজীবনের এই সামান্য ক’টা দিন শুকনো পাতার মতো ঝরে পড়বে। রোজারিওকে সামলাতে স্বাধীন বলল, ‘তোমার ঠাকুরদার গল্প থেকে ছিটকে যেয়ো না।’
না, না, তবে জ্যাঠার কথাও বলতে হবে।


আর স্পেন?


সে গুটিয়ে আসবে, লোগো-র মতো সিলমোহরের মতো, আলফানসোর বুকে, মেয়েদের কপালের লাল টিপের মতো।


ঠাকুরদা বেহালাবাদক হিসাবে বিস্তর নাম করে, সোলো এবং কনসার্ট দু’রকম অনুষ্ঠানেই অনেক ডাক পেত। এই সূত্রে রোজগার যা হচ্ছিল তাতে ওই সবজির ব্যাবসা, মাঠে চাষাগিরি হাতের ময়লার মতো ঝেড়ে ফেলতে পারত। ব্যাবসাটা গ্রামেরই এক চটপটে বুদ্ধিমান তরুণের ওপর ছেড়ে দিল, তার নাম জোসে মিয়াজা, নামটা মনে থাকার কারণ ওই ছোকরা পরে রিপাবলিকানদের এক মস্ত নেতা হয়েছিল।


অ্যামব্রোস যে বেজায় খাপছাড়া, উদ্ভট টাইপের লোক ছিল তার বিস্তর নজির আছে, তবে সেটা পাহাড়-সমুদ্র-সবুজের এই স্বর্গে দিব্যি মানিয়ে যেত। এখানকার লোকজন যত গরিবই হোক না কিপ্টেমি তাদের চোখের বিষ। বাঁচাটাও তারা বেশ আয়েশ করে, চুটিয়ে, বারবার খাত বদলে, ঝুঁকির চুড়োয় উঠে নাচের মুদ্রায়, বেহেড মাতাল হয়ে, প্রেমে পাগল হয়ে উপভোগ করতে চায়--- তাদের জ্ঞানের পরিধির মধ্যে ‘মাত্রা’ নামের শব্দটি কোনোদিন আঙুল তুলতে পারেনি। বেহালাবাদক ঠাকুরদা মাদ্রিদ-বার্সিলোনা এবং আর আর শহর মাত করার সঙ্গে সঙ্গে সুন্দরী, অভিজাত মহিলারা, তাদের যুবতী মেয়েরা ‘রোগোবার্তো রোগোবার্তো’ ধ্বনিতে এমন ঝড় তুলত, তাকে একবার স্পর্শ করার জন্য তাদের আঙুলগুলো ছুটতে শুরু করত, তাদের ঠোঁট গুচ্ছ গুচ্ছ প্রজাপতি হয়ে এমন শিসধ্বনিতে উড়ে আসত, যে শেষপর্যন্ত বেহালার জাদুকরের মুখটি হয়ে উঠত প্রজাপতির অর্ধবৃত্তাকার এক বিমূর্ত চিত্রশালা।


এইসব ধকল, অনুরাগ তেমন বড়ো কথা কিছু নয়। ঠাকুরদা ছিল বেজায় রসিক, তার মনের স্বাস্থ্যও ছিল তেমনই, আনন্দময়। বিটকেল কাণ্ড ঘটে স্বপ্নে,  রোগোবার্তো স্বপ্ন দেখল, অনুরাগীদের এই বিপুল জনস্রোত যে-সুর চুম্বকের মতো টেনে আনছে, ঘূর্ণিঝড়ে উড়িয়ে আনছে, খরস্রোতা ঝরনার জল ভাসিয়ে নিয়ে আসছে তা অলৌকিক, স্বর্গীয়। স্বর্গ কোথায় জিজ্ঞেস করলে গোটা পৃথিবীর ধার্মিক মানুষ সূর্য-তারা-গ্রহ-নক্ষত্র যেখানে বিরাজ করছে সেই আকাশ, আকাশের পর আকাশ পেরিয়ে যে মহাকাশ সেইদিকেই আঙুল দেখাবে।


রোজারিও বৃত্তান্তটির এই জায়গায় নিজে ঢুকে পড়তে চাইল, এই প্রবেশ অনধিকার তো নয়ই, বরং জরুরি। কৌতূহল তার ছিলই, কিন্তু কৌতূহল জিজ্ঞাসা ইত্যাদিকে শৃঙ্খলার মধ্য দিয়ে গবেষণার দিকে টেনে নিয়ে যেতে গেলে যে অধ্যবসায়, ধৈর্য, চিন্তা ও কল্পনার শক্তি দরকার তা তো সবার থাকে না।


রোজারিওর এসবে কোনোই খামতি ছিল না। গবেষণায় সে যা জানতে পেরেছিল তা একটা সম্ভাবনার বেশি কিছু নয়, ইতিহাসে তার গুরুত্ব নেই বললেই চলে। কিন্তু কাহিনি সমুদ্রের মতো বিশাল ও শেষহীন--- তার সেই স্রোতে সব্বাই ভাসতে পারে, দুলতে পারে, ঘুমিয়ে পড়া, ঝিমোনো সবই সম্ভব।


রোগোবার্তো বলেছিল ‘ধূমকেতুর স্মৃতিকথা পড়া দরকার।’


বলেছিল, ‘জিসাস, জিসাস।’


এইটুকু সম্বল করে যে অনুসন্ধান, তার অন্তে জানা সম্ভব হয়, সুরের সূক্ষ্ম পথে সে যে বিস্তর টাকা রোজগার করেছিল তার অনেকটাই জ্যোতির্বিজ্ঞানের দু’চারজন গবেষককে অর্থ জোগাতে গিয়ে খরচ হয়েছে, এ ছাড়া গির্জায় নিয়মিত দান তো ছিলই। ঠাকুরদার রোজগারের সমস্ত টাকা তাদের পরিবারের কাজে লাগালে বিশাল ভিলায় বসবাস এবং অন্তত তিন-চার প্রজন্ম ফুর্তি-বিলাসিতা এবং উচ্ছন্নে যাওয়ার উড়ন্ত পারস্য-কার্পেট পায়ের তলায় অনায়াসে পেয়ে যেত। তারা বেশ অনুভব করত নরম কার্পেটের চুমো, পায়ের তলায় সুড়সুড়ি লাগত। রোগোবার্তো এভাবে টাকা খরচ করায় (অনেকের মতে উড়িয়ে দেওয়ায়) রোজারিওদের ক্ষতি বলতে দাঁড়াল পায়ের তলায় আশ্চর্য সুড়সুড়ির বেপাত্তা হওয়া। যা নিয়ে কেউ কখনও হতাশা, বিরক্তি প্রকাশ করেছে বলে রোজারিও অন্তত জানে না। উলটে বলতে শুনেছে, মাত্র তিন পেগ মদ গলায় ঢাললেই ওই সুড়সুড়ি পায়ের তলায় ফিরে আসে পোষা বেড়ালের মতো।


আসল ক্লু অবশ্য অন্য, রোগোবার্তোর সংগীতগুরু। তার নাম এবং এইটুকু তথ্য যে সে জন্মেছিল অস্ট্রেলিয়ায়, শুধু তাই নয় জন্মসাল, জন্মস্থান সবই মিলে যাচ্ছে। জানা যাচ্ছে না শুধু তারিখটা। তবে গুরু যে তাকে বলেছিল ‘তোমার বেহালা থেকে যে সুর আমরা শুনতে পাই তা আসছে সুদূর নীহারিকালোক থেকে’--- ঠাকুমার মুখেই এই তথ্য শোনা গেছে। আর কেউই এ নিয়ে টুঁ শব্দ করেনি। এর মধ্যে চেপে যাওয়ার যে ঝোঁক তার কারণ কী জানা যায়নি তা-ও। অবশ্য অতি দীর্ঘজীবন ঠাকুমা লুক্রেশিয়াকে ভীমরতি, বিস্মৃতি, আজগুবি দেখা ও শোনার ক্ষমতা দু’-হাত ভরে উপহার দিয়েছিল। এই বচনটি যে তারই ফল নয় সে ব্যাপারে নিশ্চিত হওয়া কঠিন। লুক্রেশিয়া তো এ কথাও বলেছিল, গির্জাকে টাকা দিতে রোগোবার্তো যে বারবার ছুটে ছুটে যেত তার মূলে ছিল এক অসম্ভব সাংঘাতিক স্বপ্ন। পাদারিদের অনুরোধ করত একটা ধর্মসভা ডেকে গর্ভপাতের অনুমতি, তাকে নৈতিকভাবে সমর্থনের সাহস চার্চ দেখাক। লুক্রেশিয়া এই তথ্য পেশ করার সময় সোনা দিয়ে বাঁধানো মাড়ির দুটো দাঁত-ও আলোয় নিয়ে আসত--- সে প্রায় অট্টহাসি, আর সঙ্গে এইরকম মন্তব্য, ‘ক্যাথলিক চার্চের কাছে কী ব্যাপারে আবদার আবেদন করা হচ্ছে ভাব একবার।’ তবে, এই গল্পের অনেকটাই লুক্রেশিয়ার প্রায় সর্বক্ষণ বুঁজে থাকা বাদামি চোখে বন্দি প্রায় তিন দশক আগের একটি দৃশ্যের কারণেই বিশ্বাসযোগ্য বলে চালানোটা নাতি-নাতনিরা কেউই মেনে নিতে পারেনি। কী দেখেছিল লুক্রেশিয়া? পঞ্চাশ-বাহান্ন বছরের রোগোবার্তো এক অষ্টাদশীকে জাপটে শূন্যে তুলে পাক্কা দশ মিনিট গভীর চুমোয় (লুক্রেশিয়া এমনভাবে বলত যেন চুম্বনবদ্ধ ওই দু’জন কোমায় চলে গিয়েছিল) আত্মবিস্মৃত, পরস্পরে লীন।


রোজারিও এই গল্পকে পাশ কাটায়। কিন্তু ভাষায়, আখ্যানে, বা স্মৃতিকথায় যে-সাক্ষ্য পাওয়া যাচ্ছে প্রত্নবস্তু বা দলিল-দস্তাবেজের সাক্ষ্য তার থেকে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য। মুখে তো কিছুই আটকায় না, সত্যমিথ্যে যা হোক বলে দিলেই হল। আবার এ-ও তো সত্যি যে অতীত-ভবিষ্যৎ, পাহাড়-সমুদ্র, মরু ও নগর সর্বত্র হাজির থেকে তথ্য, প্রমাণের ভিত্তিতে ইতিহাসসিদ্ধ বিবরণ রচনা অসম্ভব, যদি অনুমান থেকে কল্পনা পর্যন্ত লাগামছুট না-হওয়া যায়। বোঝাই তো যাচ্ছে এই ব্যক্তি প্রকৃত হিরো, এ একটা চরিত্র, যা পুরাণে, মধ্যযুগে বিস্তর, প্রায় গিজগিজ করলেও সভ্যতার রথ ও কামান সাধারণ নামে এক পরিচিতি নির্মাণ করে সমতার নজির খাড়া করেছে। এর মধ্যে ঘাপটি মেরে আছে ব্যক্তি, কিন্তু চরিত্র তো প্রায় প্রাগৈতিহাসিক। রোগোবার্তোর চমকপ্রদ, বীরত্বব্যঞ্জক, উদার, সংবেদনশীলতার সমস্ত নজির রোজারিও এখনও পেশ করে উঠতে পারেনি।


এখন তো স্পেনের আকাশে পন্স-উইন্নিকের ধূমকেতু।


মহাপুরুষদের অবয়ব এমন যে, তাদের চামড়ার নীচে আলো শুয়ে থাকে— সেই দ্যুতি এবং মাথার পিছনের পূর্ণিমার চাঁদ কোনোদিন রাহুগ্রাসে পড়েনি, ওইখানে চির শুক্লপক্ষ। রোজারিও স্পষ্টই বুঝতে পারে ঠাকুমা ঈর্ষা ও ব্যর্থতা থেকে মৃত মহাপ্রাণটিকে কালিমালিপ্ত করতে চাইছে। তা ছাড়া, প্রেম অবাধ, প্রেমের আবার বয়স কী!


এই যে রোজারিও-স্বাধীন এবং তাদের মধ্যে বিরাজমান বিশ্ব সংসারের মধুর-মধুরতম শ্রেষ্ঠ বোকামি, তা কি তাদের নতুন মাধুর্যময় বোকামি করার পথে পাঁচিল তুলবে? এমন পিঞ্জরে কে বাস করবে ডার্লিং?


দু’জনের ভ্রমি শুধু ভ্রমি, ভ্রমর-ভ্রমর, কূজন, গুঞ্জন, ইশারা ও আধখানা কথা, ভাব-অবগাহন, স্বপ্নরচনা, শোকযাপন, তর্কে-আলোচনায়, বইমুখো হওয়া, পর্দায় চোখ রাখা... কথাসমুদ্রে অবগাহন, পর্যটন ও ভাবসন্তরণে যে সখাধর্ম যা বিস্তৃত হতে পারে বাউল-বাউলনি, ভবঘুরে, বিপ্লবী, নৈরাজ্যবাদী, ভৈরব-ভৈরবী পর্যন্ত, তবেই না পণ্যকামের ঝলসানো আলোর মধ্যে, ভোগবাদের প্রবল শিহরণ, দাপট ও সংক্রমণের মধ্যেও চিরসখার জন্য তৃষ্ণা কিছুতেই শুকিয়ে চিতার কাঠ হয়ে উঠবে না।


রাধে! রাধে!


অষ্টাদশীচুম্বন থেকে রোগোবার্তো এখন নক্ষত্রলোকে।


১৮৮০ থেকে ১৮৯০ এই এক দশক জন টেব্বাটের দুর্গতির অন্ত ছিল না। মাঝবয়সে এসে একরকম বেরোজগেরে হয়ে পড়ে ধূমকেতু বাতিকের জন্য, আকাশমুখো হওয়ার জন্য। তার মধ্যেই বেজায় কিপ্টেমি করে যা জমিয়েছিল টেলিস্কোপ কিনতেই শেষ, যদিও পরে দু’দুটো বছর হন্যে হয়েও কোনো ধূমকেতুর দেখা পায়নি। আমেরিকার ধনকুবের এইচ এইচ ওয়ার্নার ঘোষণা করেছিল, যে-কেউ ধূমকেতু আবিষ্কার করলে দু’শো ডলার পাবে। মোট উনিশটা ধূমকেতু আবিষ্কার করে বার্নাড নামে এক নক্ষত্রবিদ তিন হাজার আটশো ডলার পায় এবং একটা বাড়ি বানিয়ে ফেলে। বাড়িটির ফলকে লেখা ছিল, ‘ধূমকেতুর অবদান’।


এই মানুষটি সামান্য নয়, এডওয়ার্ড এমারসন বার্নাড যতটুকু যা পড়াশুনো করেছিল সবটাই তার মায়ের কাছে। আমেরিকার গৃহযুদ্ধের সময় বা তার সামান্য পরে এডওয়ার্ডের বাবা মারা যায়। ন্যাসভিলি-তে ফোটোগ্রাফের এক মিউজিয়ামে মাত্র ন’বছর বয়সে শিশুমজুর হিসাবে কাজ করতে শুরু করে এডওয়ার্ড। যখন তার বয়স উনিশ বছর তখন তার কোলে উড়ে এল একটি জাদু-কেতাব।


এডওয়ার্ড উড়তে শিখে গেল, শিশুরা যেমন আকাশে ওড়ার স্বপ্ন দেখে ঠিক সেরকমটি নয়। তার নীল চোখ দু’টি আঁখিপাখি তখন। কোটর ত্যাগ করে ঊর্ধ্বগতি তারা উড়ছিল, যেন পেরিয়ে যাবে আকাশের পর আকাশ।


রোজারিওর এই সংক্রান্ত গবেষণা বেশি দূর এগোতে পারেনি, জ্যোতির্বিজ্ঞান তার পাঠ্য ছিল না, সে মাস্টার্স করেছে নৃতত্ত্বে, পরে আরও নির্দিষ্টক্ষেত্র সাংস্কৃতিক নৃতত্ত্ব সম্পর্কেই পড়েছে, এখনও সে এই বিষয়েই মাথা ঘামায়। নক্ষত্র, টেলিস্কোপ, নীহারিকালোক থেকে আসা সুর এবং ঠাকুরদার গুরুজি সম্পর্কে সে যা যা জানতে পেরেছিল সেসবের থেকে এই বিষয়ে তার না-জানা বা অজ্ঞাত জগৎটি প্রায় ব্রহ্মাণ্ডসদৃশ (যেমন, জন টেব্বাটের প্রসঙ্গ তো হারিয়েই গেল।) তথ্যের মধ্যে, কালানুক্রমিক ইতিহাসে মহাদেশ পরিমাণ ফাঁক থাকায়, সেইসব শূন্যস্থানে, অজ্ঞানের অজস্র ফাটল থেকে নানারকম আজগুবি, উদ্ভট আবির্ভূত হতে থাকে। আঁখিপাখি তেমনই একটি।


এখানে স্বাধীন একটু সংযোজন করতে চাইল, সে জানত, পড়েছিল কোথাও একটা, কলকাতায় যেমন সিনেমা দেখানোর বাক্স নিয়ে ঘুরে ঘুরে বাচ্চাদের ছবি দেখিয়ে রোজগারের রেওয়াজ ছিল, ঠিক সেইরকম দূরবিন নিয়ে সন্ধ্যার পর ন্যাসভিলি-তে গ্রহ-নক্ষত্র দেখিয়ে রোজগার করত কিছু লোক। রোজারিও সংশোধন, বা সংযোজনটি হাত পেতে নিয়ে সঙ্গে সঙ্গে বলল, ‘একটা জিনিস মনে রাখা দরকার, গুরুজি রোগোবার্তোকে জ্যোতির্বিদ্যা চর্চার পিছনে অর্থব্যয় বা অনুদানে উৎসাহিত করতে গিয়ে ঠিক কী বলেছিল তা আমরা জানি না। অনুমান করা যেতে পারে, অস্ট্রেলিয়ার যে-জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোনোমিক্যাল মেময়ার্স নামে বিখ্যাত বইটি লিখেছিল গুরুজি সেই ব্যক্তি নয়, একই বছরে একই অঞ্চলে একই নামধারী দু’জনের জন্মানো কি এমন অসম্ভব?’


রোগোবার্তো ভাবতেই পারে, এডওয়ার্ড এক পবিত্র পুথি পাঠ করেছিল, তার মন্ত্র উচ্চারণ ও আনুষঙ্গিক মুদ্রা, আচার ইত্যাদি সে সম্পন্ন করেছিল বলেই, তার চোখের নীল তারা দুটি অন্যান্য তারার কাছাকাছি চলে যায়, এ সেই নক্ষত্রলোক, সেই রহস্যলোক যেখান থেকে সুর আসে। সামান্য টেলিস্কোপ যন্ত্রটির সাধ্য কি সেখানে নাক গলায়। সে তাই দরাজ হাতে টাকা ঢালত নক্ষত্রসাধনায়--- এ যেন একটা ধর্ম, জিসাস যেখানে বিরাজমান, তাঁরই অজস্র রক্তবিন্দু-নির্মিত নক্ষত্রলোক।


এইসব পাগলামি জ্ঞান-বিজ্ঞান-বিশ্বাস-ভক্তি-ভয় ও সংশয়ের কোটি কোটি মাইল তো মানুষকে পাড়ি দিতেই হয়েছে। রোগোবার্তো যে-পাগলামির জন্য ফ্র্যাঙ্কো বাহিনী এবং নৈরাজ্যবাদীদের সন্দেহের তালিকায় চলে আসে তার কাছে এই নক্ষত্রবিলাস কিচ্ছুটি নয়। আর এখানে মনে রাখা দরকার রিপাবলিকান দলের এক বড়ো নেতা রোগোবার্তোর কাছে ঋণী থাকায় সুবিধে যেমন, অন্যপক্ষের বিষ নজরে পড়াটা আবার সেই কারণেই অনিবার্য। নৈরাজ্যবাদীরা পাদরি দেখলেই বন্দুক তাক করে প্রায়, এমন অবস্থায় ধর্মপ্রাণ রোগোবার্তো-ও তাদের সন্দেহের তালিকায় ছিল।


সুরের জাদুকর সর্বজনপ্রিয়, আজকের বিচারে বিশাল সেলিব্রিটি, যেজন্য গায়ে আঁচড় লাগেনি। বিপদকে অর্ঘ্য সাজিয়ে আহ্বান করবে যে তাকে রক্ষা করা বোধহয় পরমপিতারও সাধ্য নয়।


রোগোবার্তো দুঃস্বপ্ন দেখে ঘেমে-নেয়ে একশা, আঁতকে উঠেছে সে। কী ভয়ংকর ব্যাপার! সে স্পষ্ট দেখেছিল শহরের একেবারে মাঝখানটায়, ফোয়ারা আর দেবশিশুদের পবিত্র নগ্নমূর্তি পেরিয়ে যেখানে মেরির কোলে যিশু চারদিক আলো করে রেখেছে, সেই মূর্তির দিকে, আরও নির্দিষ্টভাবে বললে যিশুর বুকের দিকে যুদ্ধে জড়িয়ে থাকা সব ক’টি পক্ষ কামান তাক করে আছে। অপেক্ষা নির্দেশের। কেউ একজন নির্দেশ দেবে।


রাত তখন সওয়া-দুটো। চাষের সরঞ্জাম থাকে দেড়তলার যে ঘরটিতে, সেখানে নরুন, বাটালি, করাত তো ছিলই, তীক্ষ্ণ বেজায় মজবুত লোহার গুটিকয় ফলা-ও ছিল। এইসব অস্ত্রে নিজেকে সাজিয়ে রোগোবার্তো হাজির হল মেরি ও যিশুর শ্বেত পাথরের সেই মূর্তিটির কাছে।


অস্ত্র ও ওইসব যন্ত্রের দরুনই কি না সেটা বলা যাচ্ছে না। কেন-না, পারিবারিকসূত্রে রোজারিও যা জেনেছিল, লুক্রেশিয়া-ও বলেছিল, ‘হ্যাঁ, তাই’। মেরির কোল থেকে ছোটো একটা লাফ দিয়ে যিশু রোগোবার্তোর কোলে উঠে তার গলা জড়িয়ে ধরে।
এই ঘটনার ডালপালা গজায়, কামান ও গুলিগোলার, রক্তের সেই হোলির মধ্যে শহর থেকে গ্রাম, শহরের পর শহর, গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ে এই অলৌকিক ঘটনা এবং এক-একটা পাড়া, মহল্লা টপকে যেতে-যেতে নতুন কথা, গল্প, পত্রপল্লবে ফুলেফেঁপে ওঠে। এবং ফ্র্যাঙ্কোর দূত রোগোবার্তোর সঙ্গে দেখা করতে এসে তার পায়ে চুমু খেল।


এর থেকে সাংঘাতিক কিছু ঘটা সম্ভব ছিল না। ফ্র্যাঙ্কোর জোটে নাম না লেখালে এই শিল্পীর হাঁড়ির হাল হবে। রিপাবলিকান, নৈরাজ্যবাদী, কমিউনিস্ট এবং পাদরির দল সব্বাই আসছে তার কাছে, সকলেরই আর্জি­ আমাদের দলে এসো, তুমি তো আমাদের, আমাদেরই লোক। রোজ, সকাল-বিকেল টানা সাতদিন এরকম চলার পর, রোগোবার্তো মেরি মূর্তির কোল ছেড়ে আসা নগ্ন শিশুটিকে বেদিতে রেখে তার সামনে হাঁটুমুড়ে বসল, ‘প্রভু বলে দাও, আমাকে নির্দেশ দাও।’


নির্দেশ নাকি পেয়েছিল, কিন্তু তা বিশ্বাস করা শুধু কঠিন নয় অসম্ভব। কেন না প্রভু কখনও কাউকে হত্যার, আত্মহত্যার অনুমতি দেননি। রোগোবার্তো বন্দুক দু’পায়ের মাঝখানে রেখে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ট্রিগারে চাপ দিল। আওয়াজ হল, গুলি ছুটল। কিন্তু রোগোবার্তো অক্ষত রইল। যেন তার চারদিকে নিরাপত্তার এক অদৃশ্য বলয় রচিত হয়েছিল। যদিও নিক্ষিপ্ত গুলি প্রাণসন্ধান ও সংহারে একটুও ঢিলেমি, একটুও দোনামোনা করেনি, পাঁচ বছরের শিশু আলফানসোর বুকে সে একটি রক্তফুল রচনা করে। রোজারিওর জ্যাঠা, পাঁচ বছরের সেই শিশু, আলফানসোর মৃত্যুর পর রোগোবার্তো বছর দশেক বেঁচেছিল। এই দশ বছরে সে একবারের জন্যও বেহালায় হাত দেয়নি।


কামারের ছেলে মুসোলিনি চওড়া টাক আর খাড়া নাক সমেত যখন রোজারিওদের বাড়িতে কড়া নেড়েছিল, তাকে দেখামাত্র সব্বাইর মনে হয়েছে, ‘হ্যাঁ ঠিকই তো, একেবারে লোহার মানুষ, নিখুঁত লোহার।’ বসন্তের হাওয়ায়, শীতের রেশ যখন শরীরে পালকের মতো ছুঁয়ে যাচ্ছে, এমনই একদিনে আততায়ীর হাতে খুন হওয়ার পর তার এভাবে আসাটা অতৃপ্ত আত্মার বিচরণ বলেই ধরা হয়েছিল। হারিয়ে যাওয়া সেই চিঠিটি পাওয়া না গেলেও, তা যে আলফানসোর মৃত্যুকে উপলক্ষ্য করে গভীর সহানুভূতিতে রচিত হয়েছিল, সেটুকু বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়।


মুসোলিনির সংবেদনশীলতার নজির প্রায় নেই বললেই চলে, এই চিঠিটি সেদিক থেকে দুর্লভ নথি, যা ডাকের ব্যর্থতায় কোথায় কোন কোণে পড়ে আছে কে জানে!


স্বাধীন এই প্রসঙ্গে বলে ফেলেছিল, ‘নথির দিকে আমাদের দেশের লোকদের আগে কোনো নজরই ছিল না।’


তুমি তো তোমার ঠাকুমার কথা বলেছিলে।


হ্যাঁ ধোপার খাতায় কত কী যে লিখে রেখেছিল।


তোমার ফুলমেসোর কাছে একটা কপি ছিল না?


দু-চারটে পৃষ্ঠা পেয়েছিল তার ওপর ভিত্তি করে একটা


গল্প লিখেছিল, যা অসম্পূর্ণ।


ঠাকুমার ধোপার খাতা।


হ্যাঁ।


এরপর রোজারিও গল্পটা শুনবে, গল্পটা ‘সমসাময়িক’ পত্রিকায় ছাপাও হয়েছিল। পরের অধ্যায়ে সেই গল্পটি টুকে দেওয়া হল।


ঠাকুমার ধোপার খাতা
বাড়িবিন্যাস, গলি, রোয়াক ইত্যাদিতে মধ্য কলকাতা ও উত্তর কলকাতার লোকের মগজে যে-মানচিত্র ছিল, সেখানে নম্বরের বদলে পেশা ও খ্যাতি দিয়েই পাড়ার লোক এক-একটা বাড়ি চিনে নিত। উকিল বাড়ি, ডাক্তার বাড়ি, প্রফেসর বাড়ি থেকে নাপিত বাড়ি পর্যন্ত গড়িয়ে যাওয়া এই চিহ্নিতকরণে যখন পেশা বা খ্যাতি-কুখ্যাতি দিয়ে কিছুতেই কুলত না, তখন একটা কোনো ঘটনা যেমন গলায়-দড়ি বাড়ি, জেল বাড়ি ইত্যাদি তকমা জুটত।


আমাদের ক্ষেত্রে প্রফেসর বাড়ি হওয়াটাই নাম-বিচারের এই পদ্ধতি অনুসারে যথাযথ হলেও, পদ্ধতি মানা হল না। বই বাড়ি নাম হয়ে গেল। আমার ঠাকুমা নামটা পছন্দ করেছিল তো বটেই, প্রথমবার শোনার পর পাড়ার ছিঁচকে মস্তান ভাল্লুক-কে ডেকে নকুড়ের মিষ্টি খাইয়ে, সেই আমলে পাঁচটা টাকাও বুক পকেটে গুঁজে দেয়। এর পিছনে কী গূঢ় কারণ ছিল তা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি।


ঠাকুমা স্বয়ং এক বিচিত্র বই রচনা করেছিল, স্কুলের হাফখাতা টাইপের একটা মোটা খাতা বানায়, অর্ডার দিয়ে বাঁধিয়ে আনা হয় সেই খাতা, আর ঠাকুমার নির্দেশে সেই খাতার ওপর সোনার জলে লেখানো হয়েছিল ধোপার খাতা। সাধারণত, ক্লাসিক সাহিত্য যেরকম সযত্নে বাঁধিয়ে রাখা হয়, আইনের বই যেভাবে বাঁধানো হয়, অনেকটা সেইরকম। ঠাকুমাকে যখন-তখন এই খাতা, বা বইটিতে কিছু না কিছু লিখতে দেখেছি আবার ধোপাকে দিয়ে জামাকাপড় কাচানোর হিসাবও এই খাতাতেই থাকত বলে একে আমরা ‘বহুমুখী’ বলতাম কিন্তু ‘প্রতিভা’র স্পর্শ লাগাইনি সচেতনভাবেই।


বইবাড়ি আর ধোপার খাতা-কে ঘিরে চক্কর কেটে, চক্কর কেটে কেটে আমার দিন যায়, ঝিমোই, দিন গুনি, গুনি না, খোয়াব দেখি, দেখি না। ঘোরে থাকি। ভাবি কত কথা, দেখি কত ছবি, ভাবা আর দেখা মেশাই, তখন না-দেখা, না-ভাবা-ও দেখতে পাই, ভাবতে পারি।
মায়ের পেট থেকে সব্বাই জন্মায় কিন্তু আমি জন্মেছিলাম ঠাকুমার ঝুলি থেকে, ঠাকুমার ইচ্ছেয় এবং জন্মেই কেঁদে উঠিনি বলে শঙ্কা ছিল মালটা এম আর (মেন্টালি রিটার্ডেড) নয়তো, ঠাকুমা আমার ন্যাংটো পোঁদে রাম চিমটি কেটে সব্বার ভয়-শঙ্কা মুহূর্তে হাওয়া করে দেয়, আর আমি ‘ওঁয়া ওঁয়া’ করে পাড়া মাথায় তুলি। যে-আমলে লোকে স্বপ্নে গোপাল পেত, সেই আমলে একটার পর একটা পাশ দিয়ে সরকারি দফতরে বড়ো অফিসার হন শুভসাধিনী। বাঙালি বাবুবিবিদের মধ্যে বংশগৌরব নিয়ে দেখানেপনা এবং আদেখলেপনা আগের চে বেড়েছে বই কমেনি, ঠাকুমা শুভসাধিনীকে আই-সিএস বলে চালিয়ে দেওয়ার একটা ঝোঁক আমাদের ফ্যামিলিতে ছিল। তবে সেটা খুব ইমপর্ট্যান্ট ব্যাপার নয়, শুভসাধিনী অঙ্ক এবং সাহিত্য দুটোতেই বেজায় দড় এবং বাবার কাকা-জ্যাঠারা সব্বাই খুব চমকাত আমার এই ঠাকুমাটিকে। এখনকার বাজারে ওই জিনিস যে কী দর পেত ভাবলেও রোমাঞ্চ হয়--- আসলে তখন তো আর সবকিছু ওরকম হাট করে খুলে যায়নি--- সেটা ছিল কালাপানির যুগ। যে-ধরনের ফর্ম ভাঙা, এক্সপেরিমেন্টাল লেখালিখি শুভসাধিনী বাঁ-হাতে করে গেছে সোশ্যাল কনটেন্টকে কলা দেখিয়ে, তাতে সেরকম মেন্টর, ট্রানস্লেটর জুটলে রবীন্দ্রনাথের আগেই নোবেল প্রাইজ নেচে নেচে এসে তাকে একটা সেক্সি হাগ দিত (কেন-না উপনিষদ, প্রেম, শান্তি, মৈত্রী ইত্যাদি বড়ো-বড়ো ব্যাপার শুভসাধিনীর লেখাতেও ভুরি-ভুরি ছিল)--- এ আমি বাজি ফেলে বলতে পারি। যেহেতু আমি পঁচাশি বছরের এক ব্যর্থ লেখক তাই এমনটা ভাবা নিশ্চয়ই অসম্ভব নয় যে, কে সি দাশের রসগোল্লা, নকুড়ের সন্দেশ, আনন্দবাজার পত্রিকার মতো আমারও একটা ক্লেইম থাকছে ---আমরা তিন জেনারেশনের লেখক রে ঢ্যামনা! অর্থাৎ, এইসব গল্প ফাঁদার পেছনে হয় ভীমরতি, না হয় ষড়যন্ত্র কাজ করছে। আমার আশ্চর্য লাগে ‘ভীমরতি’-র মধ্যে আত্মগোপনকারী ‘রতি’-কে লক্ষ করে।


আমাদের বংশে সঞ্চরণশীল দীর্ঘ জীবনের জিন, সাতানব্বই বছর পর্যন্ত বেঁচে মাত্র তিন রানের জন্য শুভসাধিনী সেঞ্চুরি করতে পারল না--- এই জিনিসটা কেউ ভালোভাবে নেয়নি। কুট্টিপিসি বলেছিল, ‘শেষ জীবনে গুটখা ধরাই কাল হল’— কেউ কেউ এমন আশাও করে এই ফ্যামিলিতেই দেড়শো বছর আয়ুর প্রথম বাঙালির দেখা মিলবে। এরকম আশা করার অনেক কারণ আছে, যার মধ্যে সব থেকে মজবুত হল তথ্যের সাপোর্ট, প্রথম বিধবা বিবাহ, ডেপুটিগিরিতে সেকেন্ড পজিশন তো ছিলই, ১৯৬৪ সালে চাঁদু সারওয়াতের সঙ্গে ওভালে লাস্ট উইকেটে ২৪৯ রান তুলেছিল যে, সেই সুঁটে ব্যানার্জি বাস করত আমাদেরই ফ্যামিলি ট্রি-তে, প্রথম পাইলট, প্রথম, প্রথম। প্রথমব্যাধিতে বিশেষভাবে আক্রান্ত পত্র-পত্রিকা, চ্যানেল থেকে হরবখত ফোন আসছে:


স্যর প্রথম বাঙালি কুস্তি?


ওহ নো।


প্রথম বাঙালির ইংলিশ চ্যানেল?


আরে ও তো সেন, বদ্যির বাচ্চা।


ইংরেজিতে প্রথম উপন্যাস?


সেটাই তো ট্র্যাজেডি, সেই সূত্রেই ধোপার খাতা চাঁদু।


সার্ন-এ যা ঘটল মানে সত্যেন বোসের সঙ্গে আপনাদের? বেহালার যোগ ছাড়া কোনো কানেকশন নেই, ঠাকুমার এক ভাই সুবীর চন্দন এক নম্বর বেহালাবাদক তখন, যার আবার বুদ্ধিজীবী দুর্বলতা সাংঘাতিক বলে সত্যেন বোস-কে গায়ে পড়ে বেহালা শেখাতে যায় এবং আড্ডাবাজ মানুষটার সঙ্গে তার সম্পর্ক একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছিল।


চ্যানেল অ্যাঙ্কর, খবরের কাগজের রিপোর্টার এবং এইসব পরিসর লিখে বা বচনে, যারা হেগে-মুতে ভাসিয়ে দেয়, তাদের সক্কলের মধ্যে একটা জিনিস কমন: জ্ঞান-সংশয়ের অভাব। মতলব, এরা সর্বজ্ঞ। যেমনটা অ্যাদ্দিন দাবি করে এসেছে স্কুল-কলেজের মাস্টাররা। শুধু সর্বজ্ঞই নয়, যা জানেন তা টু হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল---হ্যাঁ, না, আলো, আঁধার, এক্কেবারে সাফসুতরো। এত ডেফিনিট, এত কংক্রীট, পারফেক্ট---নির্ভুল---যে, এরা মানুষ কি না সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক।


কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কে? চট করে কেন, মাথা চুলকে, নাক খুঁটে, ঢেঁকুর তুলে, কিছুতেই হদিশ করতে পারবে না। আরে বাঞ্চোৎ-রা জানেই না, উনিশ শতক কোনোদিন বাঙালির পিছু ছাড়বে না, হেয়ার সাহেব যে কালীতলায় পাঠশালা গড়েছিল জানে না সেকথা--- এই না-জানা, নাদান বাঙালিতে বেজায় খচে গিয়ে বইপোকা, সার্চ ইঞ্জিনের সঙ্গে সংগ্রামরত কেলোর দাদা দু’টি শব্দ মাত্র খরচ করে--- ‘কিসসু জানে না’।


কিন্তু হরচন্দ্র যিনি উপাধ্যায় হতে চাননি বলে বাঁড়ুজ্জে বা বন্দো, বন্দোঃঘটি লেখাই পছন্দ করতেন এবং সেই আমলেই বলতেন, ‘নাম তো স্রেফ একটা চিহ্ন, সারনেম তার ন্যাজ, ব্যাঙাচি ব্যাং হলে ন্যাজ আপনি খসে যায়। নাম রূপম্ কর্ম ত্রয়ম্, অর্থাৎ নাম, রূপ আর কর্ম---পদার্থ এই তিন প্রকার। বাক্ নামক শব্দ সামান্য থেকেই নিখিল বিশ্বের সমস্ত নামের উৎপত্তি। সুতরাং যতক্ষণ তা নিখিল বিশ্বের ততক্ষণই মহৎ, সকলের আত্মা। আবার নাম নেবে কী করে, জিভেই বসেন বাক্ দেবী। রস রূপ নামক অতিগ্রহ জিভকে বশ করেছে, সুতরাং জিভ নামের গ্রহ চোখ আর হাতের মতোই যেমন গ্রহ, তেমনই এরা সবাই-ই মৃত্যুর ভোগ, তার অন্ন।’ যাচ্চলে, সেকুলারিজমের বাপরে বাপ এই হরচন্দ্র চাপা পড়ে যান কৃষ্ণমোহনের প্রভাবে, না হলে গল্প তো একেবারে ডিটো। আবার ফ্যামিলির রেসপেক্টে সম্পূর্ণ উলটোও বটে।


শিরোনামে আছে উপনিষদ ‘ধোপার খাতা’ যা এখনও খোলাই হয়নি, প্যাঁচাল পাড়ার এই হল দস্তুর। সমস্যা আরও একটা আছে, আফিমসেবী ঝিমন্ত ষুঢ্‌ডার যে আর্কিটাইপ তা ভাঙা বেজায় কঠিন— কালের নছল্লা-নখরায় কৃষ্ণবর্ণের ওই মণিমুক্তো এখন পাওয়া অসম্ভব এবং এখনকার কালচার সাপোর্ট না-করাতে ব্যাপারটা গর্হিতও বটে। কিন্তু আমার ঝিমোনোর ব্যক্তিগত অধিকার যেহেতু মানবাধিকারের তালিকার অন্তর্গত সেকারণে কমলাকান্তের সঙ্গে আধখানা দোস্তি ঠেকায় কে। আফিমের অভাবে গুল, ঢপ মারা, সত্য-মিথ্যে একশা করা বা রিজনের বেড়া টপকানো যাচ্ছে না এই যা। একটা কথা কবুল না করলে বৃত্তান্তটি অসৎ হয়ে পড়বে, তা হল সময় আমার কাছে এখন ত্রিশূল নয় দ্বিশূল--- মানে ভবিষ্যৎ ভাবনা, অপেক্ষা-উৎকণ্ঠা আমার নেই। অস্তিবাদীরা নির্ঘাত বলবেন, তাহলে তো মালটা টেঁসে গেছে— এখন, বাঁচা মরার কথা কে বলতে পারে। এই দেখলুম দিব্যি জ্বল জ্বল করছে, দাপটে ভুবন অন্ধকার, পরমুহূর্তে দেখি একতাল কাদার মতো পড়ে আছে। আবার দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু ভেতরে জান-এর জ পর্যন্ত নেই। এ-দু’য়ের মাঝখানে কোথাও একটা আছি কিংবা নেই। বর্তমান আর অতীতের মধ্যে, আবার বর্তমান এখন ফিকে লাগায় হয়তো অচিরে সময়-শূল মাত্রা হ্রাস পেয়ে একে দাঁড়াবে। সে যখন হবে তখন হবে। এখনকার মোদ্দা যে-দু’টো কথা বলে রাখতে চাই---


ধোপার খাতা ওরকম হুট করে খোলা যায় না, বয়সের সঙ্গে সঙ্গে মণি কওল নির্মিত ‘উসকী রোটি’ ফিল্মি সিনড্রোম দেখা দেয়, অন্তত আমার ক্ষেত্রে তা ঘটেছে। রিয়েল টাইম আর সেলুলয়েডের টাইমে ফারাক না রাখলে কী ঘটতে পারে সেই সূক্ষ্ম শিল্প ওই ফিল্মে সম্পদ। আমার হয়েছে আর এক জ্বালা তার নাম ধরা যাক শিবের গীত যা শুধু ধান ভানতে নয়, সর্ব ব্যাপারেই ঘটবে। কোনও একটা ঘটনাকে হাজার একটা আলফাল ঘটনা থেকে যে আলাদা করব, ছাড়িয়ে নেব সে ক্ষ্যামতা নেই। এটা একরকম ফ্যামিলি ডিজিজ, ঠাকুমার ঝুলি থেকে নিষ্ক্রমণের বিধিলিপি। আমরা বড্ডো গোপ্পে, গল্প পেলে, গল্পে পেলে বিশ্বসংসার ভুলে যাই। এখুনি কত সব ঘটনা মনে পড়ে যাচ্ছে, স্রেফ গল্পদোষে কত যে খেসারত দিতে হয়েছে, বিড়ম্বনায় পড়তে হয়েছে--- ভয় নেই নিজেকে সামলেছি, সেসব গল্পের ঝাঁপি মোটেই খুলছি না।


অতীতকাণ্ড, যা স্মরণ করা হচ্ছে, হবে। সেসবই বেজায় পুরোনো, প্রবল, ভয়ংকর, প্রাণদায়ী ও প্রাণঘাতী ঘটনা, এমন রোমাঞ্চকর, থ করে দেওয়ার মতো যে, মেসমেরাইজড হওয়া ছাড়া রাস্তা নেই। তবে হ্যাঁ ইতিহাসকে যারা ক্যালেন্ডারে লটকে রাখতে বদ্ধপরিকর, তাদের কাছে নিবেদন এই, ম্যাডাম/স্যার দয়া করে এই প্যাঁচালে সাল-তারিখের গরমিল বা মিল বা ক্রনোলজিক্যাল অর্ডার কিংবা ডিজঅর্ডার খুঁজতে যাবেন না। ওসব জিনিসকে প্যাঁচাল এক প’হা দাম দেয় না।


রামজয় বিদ্যাভূষণের নাতি কেরেস্তান হওয়ায় তাকে দূর দূর করে খেদিয়ে দেয় হিঁদু বাপ--- এই ঘটনা ইতিহাস, যে-ইতিহাসে লেখা নেই রামজয়ের নাতির স্বপ্নের কথা— হতে পারে গোয়েন্দা-গবেষকদের ব্যর্থতা কিংবা ইতিহাস নামের শাস্ত্রটির সিস্টেমেই কিছু ইন বিল্ট লিমিটেশন আছে, যেজন্য স্বপ্ন, কল্পনা ও নথিভুক্ত নয় এমন স্মৃতির ব্যাপার-স্যাপারে ইতিহাস হাত গুটিয়ে নেবে। সে তখন নুলো, ঠুঁটো জগন্নাথ।


তখন একটা তর্ক চলছিল, হরচন্দ্রের টাইমে, তার হাত ধরেই আমাদের হেঁসেলে ইতিহাস-চালান ঘটেছিল। তর্কটা আসলে বেশ সূক্ষ্ম বিচার দাবি করলেও ঘোঁট পাকানো, দলাদলির মাদুলির ফাঁসে আজন্ম আটকে থাকা বাঙালি কী গরিব মাস্টার, কেরানি কী বড়োলোক (আমলা-ব্যারিস্টার ব্যবসায়ী বাঙালি এ-পাড়ায় কেউ কখনও দেখেনি), সব্বাই তর্কটাকে এমন ফিকে করে দিলে যে বলবার নয়।


১৮২৩ সালে এক পত্র মারফত রামমোহন নবযুগের ও ‘প্রথম আধুনিক হওয়ার শঙ্খধ্বনি’ শোনালেন­


তাকাও পশ্চিম দিকে


হরচন্দ্রের এবং সেইসূত্রে আমাদের ফ্যামিলিতে এই বজ্র-নির্ঘোষের পরিণামে কী কী ঘটেছিল তার সবটা বলা যাবে না। এজন্য যে, দু’ একটা ধাক্কার পর পশ্চিম বেচারা-ও কিছু বোলচাল বদলে একেবারে ঘরের হয়ে ওঠায়, আলাদা করে সেসব চেনার কোনো জো রইল না। অথচ, ওই তর্কের বিষয়টাকে বাজারে এভাবে ন্যাংটো করল এতদ্দেশীয়রা---


প্রাচীন দেখলেই ভেঙে একেবারে গুঁড়িয়ে দাও


নতুনের ন পেলেই মাথায় তুলে নাচো হে


শুভসাধিনীর স্বামী ডেপুটিগিরি করে নাম-ইজ্জত কম কামাননি, তবে তার সঙ্গে মানানসই টাকা তার ছিল না, কর্মজীবনের একেবারে শুরুতে (১৮৯৪) প্রণাম করে এসেছেন বঙ্কিমকে। সে-বছর যেদিন বঙ্কিম ‘কম্পানিয়ন অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার’ খেতাব পান, সেইদিনই পেচ্ছাপের নালি-তে টিউমার ধরা পড়ায় বিখ্যাত সার্জন ওব্রায়েন বঙ্কিমকে দেখতে আসে। আশ্চর্যের কথা কত বলব, ঠিক সেইদিনই আমার ঠাকুরদাও যান আশীর্বাদ নিতে। এতসব ভজঘটের মধ্যে দয়াশঙ্করকে (শুভসাধিনীর স্বামী) বঙ্কিম ডেপুটিগিরি সংক্রান্ত কী পরামর্শ দিয়েছিলেন জানা না গেলেও, আমাদের ফ্যামিলিতে সব্বাই বিশ্বাস করে বঙ্কিম বলেছিলেন--- ন্যায়পথে থাকবে, তবে দুর্বলকে রক্ষা করতে আইনি ফিকির কাজে লাগাবে।


ঠাকুরদা নানারকম সব ইংরেজি কেতাব পড়তেন, সাহেব পণ্ডিতদের মতো গোছগাছ করে তিন তলার হলঘরটা লাইব্রেরি বানান।


 সেই প্রথম। কৃত্তিবাস, কাশীরাম, দাশরথি, কালিদাস আর দু-চারখানা এলেবেলে বই ছাড়া কিসসুটি ছিল না। হঠাৎ একটা লাইব্রেরি বানিয়ে অমন সাধের হলঘরটাকে গুদোম করার যে কী দরকার পড়ল উদয়শঙ্কর ও তার পত্নী হরিমতি (দয়াশঙ্করের বাপ-মা) ভেবে কিনারা করতে পারেনি। হরিমতি বলেছিল ‘এ বাড়ি সে বাড়ি, কত রকমের বাড়ির কথা শুনিচি---এমন ছিষ্টি ছাড়া কতা বাপের জন্মে শুনিনি---- লাইবাড়ি---ছ্যাঃ ছ্যাঃ।


ওই হলঘরে আগে নিকি এসে নেচে গেছে। আরও আছে, দোলের সময় মেটেবুরুজের নবাব কানা উঁচু থালায় আবির ঢেলে, থালার দু’দিকে দু’পা রেখে নাচতে-নাচতে আবির ছড়িয়ে রাধাকৃষ্ণের যুগলমূর্তি এঁকেছে--- কী সব দিন ছিল! কবে এবং কীভাবে অবক্ষয় শুরু হল— সম্ভ্রান্ত, অভিজাত পরিবার থেকে আমরা পাতি মধ্যবিত্ত হয়ে গেলাম সেই ইতিহাস তোলা থাক। তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠানামার অঙ্ক আজও বালবাচ্চারা নিশ্চয়ই কষে--- ওরই নাম মবিলিটি, এখন অঙ্কে যেমন বাঁদর নায়ক, ঠিক তেমনি এই সোশ্যাল মবিলিটির মধ্যে কোনো বাঁদরামি নেই, এ কথা বুক ঠুকে বলা যাবে না। ঠাকুরদা নাইট গাউন পরে পাইপ হাতে লাইব্রেরিতে পায়চারি করেছে মৃত্যুর ত্রিশ বছর পরেও, যা দেখে তিনকড়ি কখনও আঁতকে ওঠেনি, উলটে পা টিপে টিপে গিয়ে বাবুর জন্য গরম চায়ের কাপ রেখে এসেছে।
আমাদের ফ্যামিলিতে সাক্ষাৎ ইউরোপের প্রবেশ ঘটে অবশ্য ঠাকুরদার বড়ো শ্যালক হরচন্দ্রের সৌজন্যে। লাইব্রেরির বিন্যাস নিয়ে পরামর্শ তো বটেই, প্রতিটি বই চিহ্নিতকরণ থেকে ক্যাটালগ পর্যন্ত সব নিজে তদারকি করে সম্পন্ন করায় এবং কবে কোন সাহেব নেটিভ-কাণ্ড, দিশি মেয়েছেলে সব কিছু চুকিয়ে, দেনা-পাওনা মিটিয়ে রওনা দিচ্ছে হোম, সুইট হোমের দিকে--- জলের দামে বই-আলমারি, বাহারি আসবাব গাড়ি সর্বস্ব বেচে--- সেসব খবর হরচন্দ্রের আগে কেউ পেত না। ফলে এই শ্যালকটি দয়াশঙ্করের আত্মার দোসর হয়ে ওঠে।


হরচন্দ্রের বাবা পশ্চিমে চোখ বড়ো বড়ো করে তাকিয়েছেন দিনের পর দিন কিন্তু গঙ্গাস্নান-গায়ত্রীমন্ত্র জপে ভাটা পড়েনি, যদিও আসলে ঝগড়ুটে, কুসংস্কারের কাদায় সমাধিস্থ নিজের দেশবাসীর দিকে করুণার দৃষ্টিতে পর্যন্ত তাকাতে পারতেন না। তাঁর গা জ্বলে যেত। বিরক্তির শেষ ধাপে পৌঁছে কতবার ভেবেছেন এইসব ভোজনবিলাসী, নিন্দামন্দগীতে মত্ত দেশি বন্ধু, আত্মীয়-কুটুমকে জীবন থেকে একেবারে ছেঁটে ফেলে দেবেন। পিতৃদেবের এহেন সংকটকালে হরচন্দ্রের খ্রিস্টান ধর্ম গ্রহণ কাকতালীয় হলেও, বাপ ছেলেকে জড়িয়ে ধরে বলেছিল, ‘ধমমো ধমমো করে জাতটা গেছে, খ্রিস্ট-ই কেষ্ট কেষ্টই খ্রিস্ট--- কলমের গাছে তাড়াতাড়ি ফল ধরে। যা করেছিস বেশ করেছিস, তবে ইংরেজি ভাষাটা এবার ভালো করে শেখ বাপ--- কলেজে পড়ছিস কিন্তু এত সিলি মিসটেক করিস যে কী বলব!’
হরচন্দ্রের জিভ কাটা গেল এমন নয়, জিভটি এরপর দু’ফালা হয় এবং দু’দিকে সমান ধার। হরচন্দ্রের এক-একটা পিটিশন পড়ে সাহেব-জজের চেয়ার পর্যন্ত দুলে উঠত: মাই গড! হারু চন্ডর ইজ কোটিং চসার! কেউ যদি
কখনও ‘হরচন্দ্র-স্মরণী’ রচনা করত, তাহলে সেই বইয়ের প্রথম পৃষ্ঠায় নির্ঘাত লেখা থাকত:


ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাঙ্গালাদেশে এক ক্ষণজন্মা কর্মবীর জন্মগ্রহণ করিয়াছিলেন। রামমোহনের বিরুদ্ধে ব্যঙ্গের বিষ উদগীরণ করিয়া ভবানীচরণ পার পাইলেও, হরচন্দ্রের কারণে যোগেন্দ্রচন্দ্র কেশব সেনের পশ্চাতে নিরন্তর কাঠি করিতেন। উন্মুক্তমনা, উদারচেতা এবং কিঞ্চিৎ ব্রহ্মাণ্ড ভাবাপন্ন হরচন্দ্র কেশব সেনের পক্ষাবলম্বন করেন। বিদ্যাশিক্ষার গোড়ায় এমনকী কলেজ জীবনের শুরুতেও চাঞ্চল্য ও অস্থির মতির কারণে তাঁহার রেজাল্ট খারাপ হইত। প্রথমবার এফ এ পরীক্ষায় ফেল করেন। সেই সময় তাঁহার পিতা গৌরীশঙ্কর পুত্রের পিঠে দুই জোড়া খড়ম ভাঙেন এবং তৎপর যাহা বলিয়াছিলেন বাঙ্গালি ভদ্রলোক প্রজাতি যতদিন জীবিত থাকিবে ততদিন সেই বক্তব্য ধ্রুব সত্য হইয়া থাকিবে। কুত্রাপি, কদাচ, মালিন্য তাহাকে স্পর্শ করিতে পারিবে না।
গৌরীশঙ্কর বলিয়াছিলেন:


কত বড়ো পণ্ডিত সেই বিচারের প্রয়োজন দেখি না, কত নম্বর পাইয়াছ তাহাই তোমার পরিচয়। ভবিষ্যতে কী হইবে ইহাই তাহার গোড়া, রেজাল্ট হইল তোমার ভাগ্যলিপি, যাহা তুমি যত্ন করিয়া রচনা-সক্ষম, আবার ক্ষণিকের ফুর্তির নিমিত্ত অবহেলা অযত্নে অক্লেশে স্বীয় সর্ব্বনাশ খোদিত করিতে যদি প্রতিজ্ঞা করিয়া থাক, তাহা হইলে অদ্যই এই বাটী ত্যাগ করিয়া যাইবে। একখানি মন্ত্র তোমাকে প্রদান করিব যদি তাহা অনুসরণ করিতে পার তাহা হইলে তোমার জীবন কুসুমাস্তীর্ণ হইবে, কন্টকশয্যা তোমার প্রিয় হইলে আমি নিরুপায়। যাহা হউক মনে রাখিবে সর্ব বিষয়ে পরীক্ষায় কেবল উত্তরই চাওয়া হয় না, চাওয়া হয় সদুত্তর, তুমি তাহার কিছুই জান না, জানেন তোমার শিক্ষক-পরীক্ষক। হলে বসিয়া সীমিত সময়ের মধ্যে সদুত্তর বা আদর্শ-উত্তর ভাবিয়া ভাবিয়া রচনা করা অসম্ভব। পরীক্ষার প্রস্তুতি বলিতে ইহাই বুঝিবে---


কমিট টু মেমরি অ্যান্ড ভমিট টু পেপার


‘হরচন্দ্র-স্মরণী’তে এর পরের পরিচ্ছেদ বমনপর্ব ছিল কি না তা বলা যাবে না, বইটার তো বাস্তবে অস্তিত্বই নেই, এখানে একটা সংশয় অবশ্য থেকে যাচ্ছে, এইসব অভিজাত ও মোটের ওপর ধনী পরিবারে মাঝারি-সফল কেউ টেঁসে গেলে, তার গুণকীর্তন করে ‘শ্রদ্ধাঞ্জলি’ বা ‘স্মরণিকা’ নাম দিয়ে পুস্তিকা ছাপার রেওয়াজ ছিল। কখনও কখনও বিখ্যাত লেখকদের পকেটে টাকা গুঁজে তাঁদের দিয়েও অনেক ভালো ভালো কথা লিখিয়ে নেওয়া হত। এটা যে নেহাতই একটা খামখেয়ালি, হুজুগ, বা বড়োলোকি ব্যাপার তা কিন্তু নয়।
আসলে নীলরক্ত, বংশমর্যাদা এসব যাদের তেমন নেই তারাও কপালগুণে বা বায়োলজিক্যাল কারণে পাওয়া বংশগৌরবকে বেজায় দর দেয় (এরকম কোনো গন্ধবাস পেলে, অকুলীনরা আহ্লাদে ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাতে থাকে--- পেয়েছি! পেয়েছি!)। জন্ম সংক্রান্ত এই আশ্চর্য ঘটনা-দুর্ঘটনাকে এভাবে স্মরণ করা হয়---


অমুকের নাতি! না, না, ওকেই নিতে হবে।


অমুকের ছেলে যখন অ্যাপ্লাই করেছে...


বিদেশ সফর, পুরস্কার, খেতাব, সরকারি ফ্ল্যাট, জমি যেদিকে হাত বাড়াবে--- স্মরণিকা-শ্রদ্ধাঞ্জলির সেপিয়া রঙের ফ্যামিলি অ্যালবামে সব্বাই হামলে পড়ে এবং বেশ খুঁটিয়ে দেখার পরই ডিসিশন নেবে। এইখানে অকপটে বলে রাখি, আমার মতো নির্গুণ ব্রহ্মেরও ব্রহ্মাস্ত্র এটাই, যেজন্য এখন সুকিয়া স্ট্রিটের চারতলা বাড়িটির লাইব্রেরিতে বসে ভীমের রতি করতে পারছি, জাবর কাটছি, বিচি চুলকোচ্ছি। বংশের কার্ড আর তার সঙ্গে মানানসই রেজাল্ট এই দুয়েই কেল্লাফতে, বসেবসে পেনশনে খাই, রোজ সন্ধেয় দু’পেগ সিঙ্গল মল্ট-ও জোটে।


ধোপার খাতাটি এবং ঠাকুমার দেখা নেই।


নেই তো নেই।


তোমার দেখা নেই গো তোমার দেখা নেই।


এইরকম স্মৃতিস্রোতে ভেসে গেলে কেলো হয়ে যাবে, একটু নড়েচড়ে বসি। একটু চেষ্টা।


বমনপর্বেরই রকমফের একটা ঘটনার কথা মনে পড়ে গেল, হরচন্দ্র স্রেফ ধান্দায়, সুযোগ-সুবিধা জোটানো যাবে আঁচ করেই খ্রিস্টান হয়নি, বাঁচতে গেলে, বিশেষ করে কেউ যদি গুছিয়ে আয়েশ করে বাঁচতে চায়, আজকের ভাষায় যাকে কোয়ালিটি লাইফ বা ওই গোত্রের কিছু বলা হয়, ফিকির ছাড়া তা কীভাবে সম্ভব, হরচন্দ্রে ফিকির-অতিরিক্ত কিছু ছিল। প্রতি রবিবার গির্জায় ঠিক হাজিরা দিত, শুধু তাই নয়, প্রায়ই পাদরিকে সাক্ষী রেখে ঈশ্বরের কাছে কনফেশন দিত। এই আধ্যাত্মিক-বমন প্রত্যক্ষ করার আগে ২/১টি তথ্য:­
প্রেসিডেন্সি কলেজকে এক নম্বর ইউনিভার্সিটি হিসাবে গড়ে তোলার জন্য ক’দিন আগেও দুনিয়া জুড়ে তুলকালাম মেধা-অন্বেষণ চলছিল, সাহেবের চোখের মণি এই কলেজটির স্থাপনপর্বেও কিন্তু কম হুজ্জোত হয়নি। কলেজ গড়ার আগে বাংলা সরকার একখানি প্রস্তাব পেশ করে--- papers relating to the establishment of Presidency College of Bengall--- ওই প্রস্তাবে কোন কোন বিদ্যা কতটা-কতটা শিক্ষা দেওয়া হবে তার ডোজও বলে দেওয়া হয়। এর মধ্যে জেনারেল ব্রাঞ্চের অন্তর্গত বিবিধ বিষয়ের মধ্যে ছিল­
Language and Literature.


''হিন্দু প্যাট্রিয়ট' দাবি করে ভাষা বিভাগে ল্যাটিনচর্চা আবশ্যক করা হোক। লর্ড ডালহৌসি এতে খচে বোম--- প্রশাসনিক কাজে দড় হতে গেলে ল্যাটিন শিখতে হবে কেন, গাঁড়মাজাকির আর জায়গা পেলে না। ডালহৌসি সাম্রাজ্যের দায়ে ফেঁসে থাকায় হিন্দু প্যাট্রিয়ট-এর মহৎ উদ্দেশ্য ধরতেই পারেনি। যে-উদ্দেশ্য যাত্রা শুরু করেছিল রামমোহন-বচনে---


পশ্চিমে তাকাও


পশ্চিম মানে কী? নতুন চিন্তা, শিল্প-কলা-সাহিত্য-বিজ্ঞান, জ্ঞানের এক উন্মুক্ত ভাণ্ডার, প্রাচীন ইউরোপের ক্ল্যাসিক না পড়লে মনখোলা দিলখোলা উদারনৈতিক শিক্ষা ডানা মেলবে কী প্রকারে।


হরচন্দ্রের কনফেশনের সঙ্গে হিন্দু প্যাট্রিয়ট-এর আবদারের একটা সূক্ষ্ম যোগ ছিল বলেই প্রসঙ্গটির অবতারণা। হরচন্দ্র গোড়ায় যা-ই করে থাকুক বাপের প্যাঁদানিতে সিধে হয়ে যায় ও পরে দুর্দান্ত রেজাল্ট করতে থাকে, যদিও সাফল্যের মন্ত্রটি সে ফাঁস করেনি। যেমন এখনকার আমলেও ফার্স্ট হওয়া ছেলেমেয়েরা ডান্ডাধারী সাংবাদিক (টিভি রিপোর্টার) থেকে কলমধারী সাংবাদিক সব্বাইকেই এক গৎ শোনায়: আমি তো গল্পের বই-ই বেশি পড়ি, সিলেবাসের পড়াশুনো দিনে বড়োজোর চার ঘণ্টা করতাম। বাঙালি মানসে স্কুল-কলেজে দুর্দান্ত রেজাল্ট করাটা প্রতিভার সঙ্গে একেবারে কুইক ফিক্স দিয়ে সাঁটা।


ও আর পড়ে কখন!


আমি তো ভেবেছিলুম ফেল করবে, ওমা!


নবীন বঙ্গসন্তান, একুশ শতকের মধ্যবিত্ত বাঙালির ছানাপোনারা বেজায় ভদ্র, নম্র--- ঠিক ততদিন পর্যন্ত, যতদিন না মোটা পে-প্যাক পাকাপোক্ত হচ্ছে--- হলেই খই ফুটবে--- আমার নাতি-নাতনিও তাই, এমন সবজান্তা হয়েছে যে জানা বা পড়া বা ভাষার কথা তুললে মুখে ঝামা ঘষে দিয়ে বলছে, ‘ওসব এখন পাশে’ বা প্যাসে, সব, সব অস্তমিত, সব দিন ফুরোনো কাঙাল, বাসি,
তয় টাটকা কী?


কী ডা?


সম্ভবত বাঙালি লাইফের একুশ শতকী যে মেড-ইজি সেইটেই নতুন, আমার দেখতাই এর গোড়াপত্তন আগে ঘটে থাকলেও ‘বাঙালি জাগো এবং ভাগো’ লাইন নেওয়া সাড়ে তিন দশকী বামফ্রন্ট একে পোক্ত করেছে। আবার, চাষা মজুর ছোটোলোকের এই ফ্রন্টের নীলরক্তের পুনঃপ্রতিষ্ঠাতেও হাতযশ কম নয়।


এলিটিজমের অ্যায়সি কি ত্যায়সি করার প্রতিজ্ঞা ও আদর্শে খাড়া বামফ্রন্ট, ছোটোলোকের রাজ কায়েমের স্বপ্নে বিভোর বামফ্রন্ট, শ্রমিক-কৃষককে পার্টির ন্যাজে বেঁধে ফেলা বামফ্রন্ট (শালা কেষ্টার শতনামের মতো ফুরোয় আর না), পুরোনো কংগ্রেসি ট্র্যাডিশনে পার্টির, ফ্রন্টের এবং সমস্ত ইম্পর্ট্যান্ট জায়গায় অভিজাতদের পুনর্বাসন দেওয়া এবং মধ্য-মেধার বিজয় সংগীতে, চাকর-বুদ্ধিজীবীদের মাথায় তুলে নাচায় মত্ত বামফ্রন্ট গোপনে চাঁদ সওদাগরের মতো---


যে হাতে পূজি গো আমি শিব শূলপাণি


সেই হাতে পূজিব আমি চ্যাঙমুড়ি কানি?


বলে বাঁ হাতে পুষ্পার্ঘ্য নিক্ষেপ নয়--- পদ, খেতাব, পুরস্কারের ফুল বেল পাতার ধারাবর্ষণ করে গেছে বংশমর্যাদা ও নীলরক্তের রাতুল পদে--- যখন দলিত পদদলিতই থেকে গেছে এবং প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলা হয়েছে--- এই রাজ্য ছুঁত-অচ্ছুত জাতপাতের অনেক-অনেক ঊর্ধ্বে, এখানে অন্তর্জলীর একজন চণ্ডাল-ও নেই।

 

(চলবে)