ভারতীয় সংস্কৃতিতে জ্ঞানচর্চার ধারায় বিতর্কের এক গভীর প্রবাহ আবহমান কাল থেকেই চলে আসছে। ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত যে প্রাচীন ভারতীয় দর্শন, তার মোতাবেক আস্তিকতা ও নাস্তিকতার নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। বেদ প্রামাণ্যে বিশ্বাসী দর্শন আস্তিক্যবাদী এবং বিপরীত পক্ষ নাস্তিক্যবাদী দর্শন হিসেবে চিহ্নিত হয়েছে। বেদান্ত, সাংখ্য, ন্যায়, বৈশেষিক, পূর্বমীমাংসা ও উত্তরমীমাংসা – এই ছটি আস্তিক্যবাদী দর্শন প্রস্থান বেদ প্রামাণ্যে বিশ্বাসী কিন্তু পরস্পর পরস্পরের প্রামাণ্যে বিশ্বাস করে না। বেদান্তের নানা শাখার ভেতরেও মতবিরোধ রয়েছে। এত বিরোধ সত্ত্বেও কোনো দর্শন প্রস্থানেরই নিজস্ব অস্তিত্ব রক্ষায় ও জ্ঞানচর্চায় কখনো অসুবিধে হয়নি। তর্ক-বিতর্কের আলোবাতাসময় একটা পরিসর আমাদের সংস্কৃতির ঐতিহ্য।
এই ঐতিহ্যের কথা মাথায় রেখে আমরা যদি উনিশ শতকে বাংলা গদ্য চর্চার দিকে তাকাই তাহলে দেখব বাংলা গদ্য গোড়া থেকেই তর্ক-ভঙ্গিমাকে আত্মস্থ করেছে। বাংলার প্রথম দুটি গদ্য গ্রন্থের একটি হল ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সম্বাদ’ (১৭৪৩)। এক্ষেত্রে ‘সম্বাদ’ বা সংবাদ অর্থে একটি তার্কিক পরিসর বা সন্দর্ভ (ডিসকোর্স)। ব্রাহ্মণ ও রোমান ক্যাথলিকের তর্ক এই বইয়ের বিষয়। কেন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম অপেক্ষা শ্রেয়, এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে তর্কের মাধ্যমে এবং বলা বাহুল্য যে এই তর্কযুদ্ধে লেখক দোম আন্তোনিও রোমান ক্যাথলিককে জিতিয়ে দেন। ড. অসিত কুমার বন্দ্যোপাধ্য্যয়ের মতে এই বইটি সহজিয়া বৈষ্ণবদের প্রশ্নোত্তরমূলক কড়চা ধরনের রীতিতে লেখা। লেখক ছিলেন হিন্দু বাঙালি, ভূষণার রাজপুত্র, পরে ধর্মান্তরিত হন; একারণে হিন্দু ধর্মের আপাত ত্রুটিবিচ্যুতির প্রতি তাঁর আক্রমণ ছিল অত্যন্ত তীব্র। উনিশ শতকের গোড়ায় বাংলা তথ্যভিত্তিকে সাহিত্যিক গদ্যের (নন ফিকশনাল) ঝোঁক ছিল তর্কের প্রতি। তাই কোনো বইয়ের নাম হয়ে ওঠে ‘কথোপকথন’(১৮০১)। আবার ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ (১৮২২) জাতীয় বইয়ের নাম থেকে বিতর্কের আভাস পাওয়া না গেলেও এর মধ্যে রয়েছে নারীশিক্ষা বিষয়ে দুজন মহিলার আলাপ-আলোচনা, প্রশ্ন-প্রতিপ্রশ্ন। এই সকল অনামা বইয়ের তর্কভঙ্গিমার উত্তরাধিকার বহন করেই উনিশ শতকের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্নকে গ্রন্থবদ্ধ করেছিলেন রামমোহন রায় এবং বিদ্যাসাগর - যা আমাদের আলোচনায় মুখ্য বিবেচ্য বিষয়।
সহমরণ রদ এবং বিধবা বিবাহ প্রচলন - উভয় ক্ষেত্রেই উদ্যোক্তা পুরুষদের এসে দাঁড়াতে হয়েছিল উনিশ শতকের একটি শাস্ত্রীয় বিতর্কের পরিসরে। সতীদাহ ও বৈধব্যোত্তর ব্রহ্মচর্য পালনের শাস্ত্রীয় শুদ্ধতাকে খণ্ডন করতে হয়েছিল শাস্ত্রের অনুমোদন দিয়েই। রামমোহন ও বিদ্যাসাগরের তর্কপদ্ধতি সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে আমরা এঁদের শাস্ত্রীয় হাতিয়ারগুলি সম্পর্কে দু চার কথা বলে নিতে চাই। বড় অর্থে যাকে আমরা ‘হিন্দু ধর্ম শাস্ত্র’ বলে থাকি তা একটি খোলা উঠোনের মতো। একক কেন্দ্রহীনতাই হিন্দু ধর্মের একটি কেদ্রীয় বৈশিষ্ট্য। পরস্পর বিরোধী নানা চিন্তা-ভাবনা, মতবাদ হিন্দু ধর্মের বহুকেন্দ্রিকতার পরিসরে এঁটে গিয়েছে। এই হিন্দু ধর্ম শাস্ত্রের আওতার মধ্যেই পড়ে ‘মনুসংহিতা’ । বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত আইনের বই। আইন প্রণেতা অবশ্য শিখণ্ডী হিসেবে সামনে দাঁড় করিয়েছেন স্বয়ং ব্রহ্মাকে এবংএই ‘ব্রহ্মা’র ধারণাকে কেউ যাতে প্রশ্ন না করতে পারে সেজন্য চতুর্থ অধ্যায়ে হৈতুকীদের মুখদর্শন পর্যন্ত না করার বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ একটা নিষ্প্রশ্নতার ,আঙুল না তোলার মসৃণ পটভূমি তৈরি করে নেওয়া হয়েছে প্রথমেই। যে বর্ণ বিভাজন হিন্দু সমাজে নানা মাত্রায় অনেক আগে থেকেই ছিল ,তাকে ‘মনুসংহিতা’য় যেভাবে দগদগে করে তোলা হয়েছে তার কো্নো সীমা-পরিসীমা নেই। কোনো শূদ্র যদি ব্রাহ্মণের সঙ্গে এক পঙক্তিতে খেতে বসে তবে তার পশ্চাতদেশ এমনভাবে কেটে নিতে হবে যাতে তার মৃত্যু না হয় - এমন বর্বর নির্দেশও উচ্চারিত হয়েছে এই বইয়ে। ‘পরাশর সংহিতা’র প্রথম অধ্যায়ে বলা হয়েছে, মনু নিরূপিত ধর্ম সত্যযুগের, গৌতম নিরূপিত ধর্ম ত্রেতাযুগের, শঙ্খ নিরূপিত ধর্ম দ্বাপরযুগের এবং পরাশর নিরূপিত ধর্ম কলিযুগের ধর্ম। এ যেন মনু, গৌতম, পরাশর ইত্যাদি নামধারী ক্ষমতাতন্ত্রের এক একটি সশব্দ বিজ্ঞাপন। এই বইগুলির সঙ্গে কার্যত আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। ধর্মশাস্ত্র নামের আড়ালে এগুলি গভীরভাবে সামাজিক ,রাজনৈতিক পাঠ। ধর্মের প্রাতিষ্ঠানিক রূপটা কী করে শাসকের অস্ত্র হয়ে ওঠে, সংহিতাগুলি সেটাই প্রমাণ করে। তবে একথাও বলতে হয়, এই সংহিতাগুলির বিপরীতে আছে আমাদের একাধিক উপনিষদ যেখানে বিপুল দার্শনিক প্রজ্ঞার ছাপ দেখা যায়। কঠোপনিষদে রয়েছে বালক নচিকেতার কথা যে যমরাজের কাছে জানতে চেয়েছে ‘আমি কে’। বালক নচিকেতার এই জ্ঞানতৃষ্ণা সত্যিই আমাদের ভাবায়। আদত অস্তিত্ববাদী প্রশ্নটি নিয়ে আড়াই তিন হাজার বছর আগের একজন মানুষ কী ভাবছেন, সেই ভাবনার সঙ্গে আজ আমরা হয়ত তর্ক করতে পারি, কিন্তু সেই জানার ইচ্ছেটাকে শ্রদ্ধা না করে পারা যায় না। ঋকবেদের দশম মণ্ডলের একশো উনত্রিশ সংখ্যক সূক্তটি ‘নাসদীয় সূক্ত’ নামে পরিচিত। এর চোদ্দটি বাক্যে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের কথা রয়েছে। এখানে বলা হয়েছে দেবতারাও সৃষ্টির পরেই এসেছেন। হয়তো দেবতাদের উপরেও কোন নামহীন একক সত্তা আছেন যিনি সৃষ্টিকর্তা, তিনি সম্ভবত জানেন এই মহাবিশ্ব কবে কীভাবে সৃষ্টি হয়েছে। কিন্তু নাসদীয় সূক্তের শেষ বাক্য হল “অথবা তিনিও না জানিতে পারেন”। চার হাজার বছর আগের একজন তাপসের এই প্রশ্নভরা মন এবং সুস্পষ্ট কোনো উত্তর না পাওয়ার বেদনা ও অতৃপ্তি আমাদের বিস্মিত করে। আমরা বলতে পারি সংহিতাগুলি যদি হিন্দু ধর্মশাস্ত্রের একটি মুখ হয়, আরেকটি মুখ তবে 'নাসদীয় সূক্ত'।
সতীদাহ বিষয়ক একটি প্রতিবেদন-চিত্র
কিন্তু উনিশ শতকে রামমোহন ও বিদ্যাসাগরের ট্র্যাজেডি হল, তাঁরা যখন সমাজ ও মেয়েদের অবস্থান নিয়ে তর্ক করতে আসছেন তখন তাঁদের হাতে অস্ত্র হিসেবে উপনিষদ বা ‘নাসদীয় সূক্ত’ ছিল না। কারণ এর আগের একশ বছর জুড়ে বাঙালি হিন্দুর মনন ও চর্চা থেকে ঋকবেদ ও উপনিষদ বাদ পড়ে গিয়েছে। উনিশ শতকের গোড়াকার বাঙালি হিন্দু এদের অস্তিত্ব সম্পর্কেই ওয়াকিবহাল নয় (রামমোহন যখন উপনিষদ্গুলি বাংলায় অনুবাদ করেন তখন পণ্ডিতরা এবং তাঁদের সুর ধরে সাধারণ মানুষ বলেছেন এগুলি রামমোহনের জাল করা বই)। ফলত উপনিষদের যে বড় অর্থে জ্ঞানচর্চা ও উদারতা তা বিতর্কের গদ্যে রামমোহন বিদ্যাসাগরদের হাতিয়ার হয়ে উঠতে পারে নি। উনিশ শতকে তাঁদের হাতে ‘হিন্দু শাস্ত্র’ বলতে সংহিতাগুলিই ছিল। যে শাস্ত্রের বিরুদ্ধে তাঁরা লড়তে চান সেই শাস্ত্রই তাঁদের হাতিয়ার। এই সংকটের সঙ্গে এঁদেরকে যুঝতে হয়েছে, বের করে নিতে হয়েছে এক অভিনব সমাধান।
রামমোহন রায় তাঁর ‘সহমরণ বিষয় প্রবর্ত্তক ও নিবর্ত্তকের সম্বাদ’ (১৮১৮) বইয়ে প্রবর্তকের বকলমে বিরোধী পক্ষের যুক্তি বিস্তৃতভাবে উল্লেখের পর তা খণ্ডনের দিকে এগিয়েছেন। বিশেষভাবে উল্লেখ্য তিনি যখন প্রবর্তকের হয়ে কলম ধরেন তখন বিরোধীদের কথার ভার এতটুকু কমে যায় না। ফলে প্রবর্তক ও নিবর্তক উভয় পক্ষের পাণ্ডিত্যের লড়াইটা অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। রামমোহনের এই বইয়ের প্রথম দেড় পাতা জুড়ে প্রবর্তক অঙ্গিরা সংহিতা ও বশিষ্ঠ সংহিতা থেকে দীর্ঘ বচন উল্লেখের মাধ্যমে সহমরণ ও অনুমরণের শাস্ত্রীয় স্বীকৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এর বিপরীতে দাঁড়িয়ে রামমোহন ব্যবহার করেন হিন্দু ধর্মের বহুমুখিতাকে। নিবর্তকের বয়ানে তাঁকে বলতে হয়, এই সমস্ত শাস্ত্রের উদ্ধৃতি নিঃসন্দেহেই যথাযথ কিন্তু মনু সংহিতা হল কলির শাস্ত্র এবং একারণে তা শ্রেষ্ঠ। মনুসংহিতার নবম অধ্যায়ে বলা হয়েছে-“পতির মৃত্যু হইলে পবিত্র যে পুষ্পমূল ফল তাহার ভোজনের দ্বারা শরীরকে কৃশ করিবেন এবং অন্য পুরুষের নামও করিবেন না। … সাধ্বী স্ত্রী তাঁহাদের যে ধর্ম আকাঙ্ক্ষা করিয়া যাবজ্জীবন ব্রহ্মচর্য্যের অনুষ্ঠান পূর্ব্বক থাকিবেন।’’ বিধবা অবস্থায় জীবনযাপনের মান রামমোহনের বিবেচ্য বিষয় নয়, তাঁর লক্ষ্য স্বামীর মৃত্যুর পর একটি মেয়ের জীবন্ত অস্তিত্বের স্বীকৃতি, যা তিনি খুঁজে পান মনুসংহিতার নবম অধ্যায়ে। রামমোহন কি জানতেন না এই সেই কুখ্যাত নবম অধ্যায় যেখানে বলা হয়েছে মেয়েরা ‘মিথ্যার ন্যায় অশুভ’ (৯।১৮); অকালে নিদ্রা, ঘুরে বেড়ানো ইত্যাদি কারণে তারা ব্যভিচারিণী হয় (৯।১৩ ) এবং এর শাস্তি হিসেবে যক্ষ্মা ও কুষ্ঠের মতো ‘পাপ রোগে’ আক্রান্ত হয়! অথচ রামমোহনকে এই মনুসংহিতাকেই শ্রেষ্ঠ শাস্ত্র বলতে হয় কারণ এখানেই তিনি খুঁজে পেয়েছেন সহমরণের বিকল্প প্রস্থানের উল্লেখ। তাই আপাতত একেই খড়কুটোর মতো আঁকড়ে চোখ ফিরিয়ে নিতে হবে মেয়েদের জন্য উচ্চারিত নিষ্ঠুরতম মনুবাক্যগুলির থেকে । যদিও এরপরেও লড়াইটা সহজ ছিল না।
প্রবর্তক বলেন , “মনু যে কর্ম করিতে বিধি দেন নাই, তা অন্য স্মৃতিকারেরা দিলে মনুর বিপরীত হয় না”। এ যুক্তি কিন্তু অব্যর্থ। কোনো শাস্ত্রকার যদি মনু-বক্তব্যের অতিরিক্ত কিছু বলে থাকেন, তবে তাকে মনুর বিপরীত না ভেবে সংযোজন বা প্রবর্ধক ধরা হবে না কেন; যেমন - মনু সন্ধ্যাহ্নিকের বিধি দিলেও হরিসংকীর্তনের বিধি দেন নি। ব্যাস সেই নির্দেশ দিয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে তাঁরা বিপরীত মার্গগামী। তেমনি মনু বৈধব্যযাপনের বিধি নির্দেশ দিচ্ছেন মানেই এই নয় যে তিনি অঙ্গিরা, বশিষ্ঠ প্রমুখের দ্বারা অনুমোদিত সতীদাহকে নস্যাৎ করছেন। এর প্রত্যুত্তরে রামমোহন নিবর্তকের প্রতিযুক্তি সাজান এই আলোচনা-পরিসরে প্রবর্তক নির্দেশিত উদাহরণটির অযাথার্থ্যকে চিহ্নিত করে। সন্ধ্যাহ্নিক ও হরিসংকীর্তন পরস্পর বৈপরীত্যমূলক অবস্থান নয়, কিন্তু সহমরণ ও বৈধব্য-ব্রহ্মচর্য পালন সম্পূর্ণ বিরোধী প্রস্থান। একটির অস্তিত্ব অন্যটিকে বাতিল করে দেয়। এরপরও প্রবর্তক পরম্পরা হিসেবে সতীদাহের মান্যতার দাবী ঘোষণা করলে নিবর্তক বলেন আমাদের এই বিপুল বৈচিত্রময় দেশে এমন অনেক পরম্পরা রয়েছে যা উনিশ শতকে কলকাতার বুকে দাঁড়িয়ে পালন করা অসম্ভব, নতুবা আরণ্য উপজাতির দস্যুবৃত্তি ও নরবলিও প্রবর্তকের যুক্তি মোতাবেক পরম্পরার স্বীকৃতিতে অনুসরণীয়। রামমোহন বারবার মনে করিয়ে দিতে চান যে এই বিতর্ককে শাস্ত্রীয় পরিসরেই সীমাবদ্ধ রাখতে হবে। হোক সে শাস্ত্র চরম নারীঘাতী , বিছিয়ে রাখুক একটি বিধবার নিঃশ্বাসে প্রশ্বাসে হাজার হাজার ‘না’ এর কাঁটাতার – তবু তো নিয়মে মোড়া সে জীবন ঝলসে যাবে না চিতার আগুনে সতীত্বের পরাকাষ্ঠা হয়ে! এই আবিষ্কারটুকুর জন্যই ‘মনুসংহিতা’র মতো একটি আদ্যন্ত প্রত্যাবর্তী পাঠকে সহায় করে মেয়েদের জন্য লড়তে হয়েছে উনিশ শতকের অন্যতম যুক্তি–পুরুষকে, যিনি কোরান শরীফ ও বেদান্ত অনুশীলন করে অনুরাগী হয়েছিলেন একেশ্বরবাদের, প্রভাবিত হয়েছিলেন ইসলাম ধর্মের মুতাজিলা সম্প্রদায়ের যুক্তিবাদ ও আপেক্ষিক সংস্কারমুক্ত দৃষ্টিভঙ্গি দ্বারা। ফলে সহমরণ বিষয়ক লেখার মধ্যে তাঁর ব্যক্তিগত বেদনার জায়গাটি বুঝতে আমাদের অসুবিধা হয় না।
চিত্রঋণ:
https://www.tbsnews.net/bangla/মতামত/সমাজ-সংস্কারক-রামমোহন-ও-সাম্প্রদায়িক-বঙ্কিম
https://bn.wikipedia.org/wiki/রামমোহন_রায়
.webp)

মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।