বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ নিয়ে কথা বলতে এলেন তখন প্রথমেই  নিজের সীমাবদ্ধতা ও অসহায়তাটির কথা স্বীকার করে নেন: “যদি যুক্তিমাত্র অবলম্বন করিয়া ইহাকে কর্তব্ব্য কর্ম্ম বলিয়া প্রতিপন্ন করো, তাহা হইলে, এতদ্দেশীয় লোক কখনই ইহা কর্তব্ব্য কর্ম্ম বলিয়া স্বীকার করিবেন না। যদি শাস্ত্রে কর্তব্ব্য কর্ম্ম বলিয়া প্রতিপন্ন করা থাকে, তবেই তাঁহারা কর্তব্ব্য কর্ম্ম বলিয়া স্বীকার করিতে ও তদনুসারে চলিতে পারেন”। সুতরাং প্রথমেই নিজস্ব শাস্ত্রীয় হাতিয়ারটিকে খুঁজে নিতে হল তাঁকে এবং অবশ্যই সেটি মনুসংহিতা নয়। কারণ একটু আগেই আমরা দেখলাম মনুসংহিতায় বিধবাদের আজীবন ব্রহ্মচর্য পালনের বিধি নির্দেশিত হয়েছে। শুধু তাই নয়, অপুত্রক ব্যক্তি বিধবার গর্ভ কার্যত ভাড়া করে সন্তান উৎপাদন করতে পারে এবং সন্তান জন্মের পর তার ওপর বিধবা মায়ের কোনো অধিকার থাকবে না; এমনকি সন্তানের পিতাকে আজীবন জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে দেখতে হবে - এমন কথাও বলা হয়েছে (৯।১৬৮)। ফলত স্বাভাবিকভাবেই যিনি একজন বিধবাকে নতুন জীবন দিতে চাইছেন মনুসংহিতা তাঁর তর্কের আধার হতে পারে না। বিদ্যাসাগর তাঁর ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব’ (১৮৫৫)  বইয়ে বলেন, অর্বাচীনত্বের দাবিতে পরাশর সংহিতাই কলির শ্রেষ্ঠ শাস্ত্র। বিদ্যাসাগরের এই দাবির পেছনে এক এবং একমাত্র কারণ হল পরাশর সংহিতার চতুর্থ অধ্যায়ে এই শ্লোকটি:

নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ।

পঞ্চস্বাপৎসু নারীণাং পতিরন্য বিধীয়তে।

অর্থাৎ স্বামী অনুদিষ্ট, মৃত, পতিত কিংবা সংসার পরিত্যক্ত হলে স্ত্রীর পুনর্বিবাহ শাস্ত্রবিহিত (এ কথা অন্য কোনো সংহিতায় খুঁজে পেলে বিদ্যাসাগর নিঃসন্দেহে তাকেই শ্রেষ্ঠ বলতেন)। কিন্তু যে অস্ত্র নিয়ে বিদ্যাসাগর লড়তে এসেছেন সেটা যে কতখানি আত্মঘাতী তা বোঝা যায় উক্ত শ্লোকটির অব্যবহিত পরবর্তী চারটি শ্লোকের দিকে তাকালে। সেখানে বলা হয়েছে বিধবার পুনর্বিবাহ অপেক্ষা ব্রহ্মচর্য পালন শ্রেয় এবং সর্বাপেক্ষা বাঞ্ছনীয় হল সহমরণ: “যে নারী স্বামীর মৃত্যু হইলে ব্রহ্মচর্য্য অবলম্বন করিয়া থাকে, সে দেহান্তে ব্রক্ষ্মচারীদিগের ন্যায় স্বর্গ লাভ করে। মনুষ্য শরীরে যে সার্দ্ধ ত্রিকোটি লোম আছে, যে নারী স্বামীর সহগমন করে, ততসমকাল স্বর্গে বাস করে” (ঠিক একারণেই পরাশর সংহিতা ছিল রামমোহন-বিরোধীদের আশ্রয়)। দেখা যাচ্ছে পরাশর কেবল তিনটি নির্বাচন রাখেননি, তরতমের মানদণ্ডে তাদের বিন্যস্তও করেছেন। তাই বিদ্যাসাগরকে যেন খানিক কাঁচুমাচু মুখ করেই বলতে হয় শ্রেষ্ঠ শাস্ত্র নির্দেশিত বিধবার পালনীয় শ্রেয়তম বিধিটি ইংরেজ সরকার আইন করে বন্ধ করে দিয়েছে (যেন এতে তিনি অত্যন্ত দুঃখিত)। ফলে এখন বিধবার জন্য রয়েছে দুটিমাত্র নির্বাচন, কিন্তু সেক্ষেত্রেও তো ব্রক্ষ্মচর্য পালনকেই মহিমান্বিত করেছেন পরাশর। এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদ্যাসাগরকে বলতে হয়, “কলি যুগে ব্রহ্মচর্য্য অবলম্বন করিয়া দেহযাত্রা নির্ব্বাহ করা বিধবাদিগের পক্ষে অত্যন্ত কঠিন হইয়া উঠিয়াছে। এই নিমিত্তই লোকহিতৈষী ভগবান পরাশর সর্ব্বপ্রথম বিবাহেরই বিধি দিয়াছেন”। পরাশরের মূল শ্লোকে কিন্তু এহেন কোন লোকহিতৈষণার চিহ্নমাত্র নেই, বরং সেখানে বিধবার পুনর্বিবাহকে সর্বনিকৃষ্ট বলে প্রথমে উল্লেখ করে পরবর্তী দুটি অধিক কাম্য পন্থার কথা বলা হয়েছে। বিদ্যাসাগর অত্যন্ত কৌশলী ভঙ্গিতে পরাশরের চূড়ান্ত নারীঘাতী বক্তব্যের এমন তাৎপর্য নিষ্কাশন করেন যা তাঁর উদ্দেশ্য সিদ্ধির সহায়ক হতে পারে। তবু যুক্তিটা যে খেলো হয়ে যাচ্ছে সেটা যে তাঁর নিজের কাছেই গোপন নেই তা বোঝা যায় যখন তড়িঘড়ি তিনি পৌঁছে যান সিদ্ধান্ত বাক্যে: “সে যাহা হউক, স্বামীর অনুদ্দেশ প্রভৃতি পাঁচ প্রকার বৈগুণ্য ঘটিলে স্ত্রী লোকের পক্ষে বিবাহের স্পষ্ট বিধি প্রদর্শিত হওয়াতে, কলিযুগে, সেই সেই অবস্থায়, বিধবার পুনর্ব্বার বিবাহ করা শাস্ত্রসম্মত কর্তব্ব্য কর্ম্ম বলিয়া অবধারিত হইতেছে”। বাক্যের শুরুতে “সে যাহা হউক”- এই তিনটি শব্দ তীব্রভাবে বিদ্যাসাগরের অসহায়তাকে নির্দেশ করে। বোঝা যায় এই তর্কপদ্ধতিটা তাঁর মনমত নয়। কারণ এ যুদ্ধক্ষেত্র তিনি নির্বাচন করেন নি, সমাজ তাঁকে বেছে দিয়েছে। ফলে একটা জং ধরা হাতিয়ার নিয়েই লড়াইয়ে নামতে হয় তাঁকে।

 

বম্বেতে বিধবাদের আশ্রম, ১৯১০

বম্বেতে বিধবাদের আশ্রম, ১৯১০

বিধবাবিবাহ বিষয়ক দ্বিতীয় প্রস্তাবের শেষে এসে শাস্ত্র ও যুক্তির নিরেট বাঁধুনির মধ্যে থেকেও বিদ্যাসাগরের মানবিক বেদনাটুকু ছলছলিয়ে ওঠে: “দুর্ভাগ্যক্রমে বাল্যকালে যাহারা বিধবা হইয়া থাকে তাহারা যাবজ্জীবন যে অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহা যাঁহাদের কন্যা, ভগিনী, পুত্রবধূ প্রভৃতি অল্পবয়সে বিধবা হইয়াছেন, তাঁহারা বিলক্ষণ অনুভব করিতেছেন”। মেয়েদের এই যন্ত্রণা, এই মানবিকতার যুক্তিই উনিশ শতকে দাঁড়িয়ে সতীদাহ রদ এবং বিধবা বিবাহ প্রচলনের একমাত্র যুক্তি হওয়া উচিত ছিল ,এই আদত কথাটি জেনেও (হয়ত জানার যন্ত্রণা স্বীকার করেও) যুক্তি হিসেবে তুলে আনতে হল বিধবা মানেই সম্ভাব্য কলঙ্ক, এমন একটি সমাজ অনুমোদিত সহজ সমীকরণকে: “কত বিধবা ব্রহ্মচর্য নির্বাহে অসমর্থ হইয়া ব্যভিচার দোষে দূষিত ও ভ্রূণহত্যা পাপে লিপ্ত হইতেছে এবং পতিকুল, পিতৃকুল ও মাতৃকুল কলঙ্কিত করিতেছে। বিধবা বিবাহের প্রথা প্রচলিত হইলে ব্যভিচার দোষ ও ভ্রুণহত্যার নিবারণ ও তিনকুলের কলঙ্ক হইতে নিবারণ পাবে”। বাংলার অন্যতম প্রধান মনীষা যেন‌ ‘বিধবা’ নামক একটি সামাজিক দূষকের দৌরাত্মে রাশ টানতেই পুনর্বিবাহের ব্যবস্থা চান। নারীমুক্তির প্রকল্পটি তৈরি করতে গিয়ে, অনিচ্ছা সত্ত্বেও, সেই সমাজ-মতাদর্শগুলিকেই আরো খানিক স্বীকৃতি জানাতে হল আধুনিকতার প্রবাদ-পুরুষকে, যা মেয়েদের বন্ধনেরও কারণ। নানা বিরোধ-সংঘর্ষ, ঘাত-প্রতিঘাতময় উনিশ শতকে দাঁড়িয়ে এই আপাত-বৈপরীত্যের দায়ভার বহন হয়ত ঐতিহাসিক শর্তও ছিল।

রামমোহন, বিদ্যাসাগররা  যে গোঁড়া শাস্ত্রান্ধ (স্মৃতিশাস্ত্র ও সংহিতাপন্থী) বিরোধীদের মুখোমুখি হয়েছিলেন সেখানে মেয়েদের নিজস্ব মানবিক স্বর অনস্তিত্বময়। এমনকি পুরুষ যখন তার হয়ে কথা বলে তখনো পিতৃতন্ত্রের চাটুকারিতা করেই তাদের নির্মিত ‘অপর’ লিঙ্গটির জন্য নূন্যতম অধিকারটুকু আদায় করতে হয়। পূতিগন্ধময় কিছু শাস্ত্র থেকেই নির্বাচন করতে হয় বিরুদ্ধ-বাচন। বস্তুত, শাস্ত্র সংহিতার মতো পিতৃতন্ত্রের আইনসংশ্রয়গুলি, যেগুলি তার বলপ্রয়োগেরও সংস্থা, সেগুলোকে সামনে রেখেই বাংলার মেয়েদের চোখের জল মোছানোর জন্য একটা সামাজিক-রাজনৈতিক খেলা খেলেছেন রামমোহন বিদ্যাসাগররা। জিতে এনেছেন জয়-স্মারক। একারণেই এঁরা প্রাতঃস্মরণীয় ।

চিত্রঋণ: উইকিমিডিয়া কমনস