ভিয়েতনাম ২০১৮ : সংক্রমিত উত্তরাধিকার
একটি স্বাধীন দেশ, কমিউনিস্ট সরকার, আর বাজার অর্থনীতির পতাকা। রাজপথে প্রায়-নিরবচ্ছিন্ন, অগণন মোটরবাইক। ইতিহাসের তমসা কাটিয়ে, সমাজতন্ত্র আর ধণতন্ত্রের বিবাদ পেরিয়ে, ১৯৭৫ সালে অর্জিত প্রকৃত স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী পর ভিয়েতনাম এখন অন্য একটি দেশ। এদেশের মানুষ এখন রুজিরোজগারে, সান্ধ্য আড্ডায়, আর সাধারণ দুঃখে ভালো থাকতে চায়। হো চি মিন সিটিকে তার পুরোনো ঔপনিবেশিক নামে অনেক স্থানীয় মানুষ এখনও ডাকে। অনেক ব্র্যান্ডের, কোম্পানির আর বিল্ডিং-এর নামে এখনও ‘সায়গন’ বেঁচে আছে। বহু আমেরিকান, অস্ট্রেলিয়ান, সাউথ কোরিয়ান মানুষ তাদের যুদ্ধে হারানো প্রিয়জনদের খোঁজে বা স্মৃতিতে প্রতিবছর আসে এখানে। ভিয়েতনামিরা এদেরকে দুঃখী মানুষ হিসেবেই গ্রহণ করে।

এই ভিয়েতনামই ছিল ১৯৬০ আর ১৯৭০-এর দশকে সারা পৃথিবী তোলপাড় করা শব্দ । শৈশবের শেষপ্রান্তে এসে জানছিলাম সেইখানে এক ভয়ানক যুদ্ধ চলেছে। আরেকটু বড়ো হয়ে জেনেছি তার প্রেক্ষিত।
বহুযু্গের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৫৫ সালে ভিয়েতনামিরা অর্জন করেছিল তাদের স্বাধীনতা, ফরাসি ঔপনিবেশিকদের থেকে। কিন্তু ততদিনে সেখানে, বিশেষত দক্ষিণ ভিয়েতনামে, গড়ে উঠছিল আরেকটি উপনিবেশ – অমিতবিক্রম মার্কিন সাম্রাজ্যের। মার্কিন রাষ্ট্রযন্ত্রের ভয় ছিল হো চি মিনের হাত ধরে কমিউনিজমের ‘ডমিনো’ প্রভাব ঢুকে পড়বে ভিয়েতনামে, আর আমেরিকার ক্ষমতাবলয় থেকে বেরিয়ে যাবে একটি দেশ, যাকে সে চায় তার ধনতান্ত্রিক সাম্রাজ্যের অঙ্গ হিসাবে। দক্ষিণ ভিয়েতনামের সামরিক শাসক নো দিন দিয়েম (Ngo Dinh Diem)-কে রাষ্ট্রপ্রধানের আসনে বসিয়ে সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনামের বিপরীতে দক্ষিণ ভিয়েতনামে আমেরিকা তৈরি করল তার উপনিবেশ। এই উপনিবেশে দক্ষিণ ভিয়েতনামি মানুষ পরাধীন হল আরও একবার। বিদেশি শাসকের সঙ্গে যুক্ত হল স্বদেশের সামরিক শাসকদের অত্যাচার। মার্কিন পরামর্শদাতাদের ‘শান্তি পরিকল্পনা’ অনুযায়ী ‘জাতীয় নীতি’ প্রণীত হল, তৈরি হল ১৬০০ টি ‘স্ট্র্যাটেজিক হ্যামলেট’। এগুলি নতুন যুগের ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’, যেখানে মানুষকে ব্যক্তি-স্বাধীনতা হারিয়ে রাষ্ট্রশক্তির অতন্দ্র নজরদারির মাঝে কাটাতে হবে রাত্রিদিন। বিরুদ্ধ স্বর, ভিন্ন স্বর নিক্ষিপ্ত হতে থাকল কারান্তরালে কিংবা বধ্যভূমিতে। শুরু হল আরেকটি সংগ্রামের ইতিহাস। সৃষ্টি হল ন্যাশনাল ফ্রন্ট ফর লিবারেশন অফ সাউথ ভিয়েতনাম আর তাদের ভিয়েতকং গেরিলা বাহিনী। উত্তর ভিয়েতনামের ভিয়েতমিন বাহিনীও সামিল হল সংগ্রামে। পৃথিবী দেখল ভিয়েতনামি যোদ্ধাদের সংকল্প, আত্মত্যাগ, ধৈর্য, ধী আর ভিয়েতনামের জলবায়ু ও দুর্ভেদ্য অরণ্য-মাটির কাছে পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর রাষ্ট্রশক্তির পরাজয়। ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনাম দখল নেয় দক্ষিণ ভিয়েতনামের, সৃষ্টি হয় এক অখন্ড দেশ।
এই জয়-পরাজয়ের মাঝে পড়ে থাকে ধ্বংস, মৃত্যু, আর হারিয়ে যাওয়ার স্মৃতি। এই যুদ্ধ সাক্ষী মৃত্যুর -- দশ লক্ষ ভিয়েতনামি যোদ্ধা, আটান্ন হাজারেরও বেশি মার্কিন সৈন্য, অজানা সংখ্যার অস্ট্রেলীয় ও কোরিয়ান সৈন্য, আর কুড়ি লক্ষ সাধারণ ভিয়েতনামি মানুষ। হারিয়ে যাওয়া মানুষ – তিন লক্ষ। এছাড়া ধ্বংস হওয়া বাড়িঘর, স্কুল, হাসপাতাল, সেতু, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রেল, জলাধার, সেচ প্রকল্প। আর পশুপাখি, অরণ্য, জল, মাটি।
প্রায় অর্ধশতাব্দী পর ২০১৮-র এই নভেম্বরের রাতে হো চি মিন সিটির রাজপথ দিয়ে আশ্চর্য শৃঙ্খলায় সারিসারি অজস্র মোটরবাইক এগিয়ে যেতে দেখে মনে হচ্ছিল পঞ্চাশ বছর আগের আকাশ থেকে মার্কিন সাঁজোয়া বোমারু বিমানগুলি নেমে এসেছে মাটিতে। হয়তো ভিয়েতনাম যুদ্ধই এদের পূর্ববর্তী চতুর্থ প্রজন্মকে শিখিয়েছিল এই শৃঙ্খলা, যা এরা বহন করে চলেছে চার প্রজন্মাবধি উত্তরাধিকারে।
এই উত্তরাধিকার তাদের আরও দিয়েছে রাসায়নিক যুদ্ধবাহিত আরোগ্যাতীত রোগ, যা চাড়িয়ে গেছে আন্তঃপ্রজন্ম ভ্রূণসঞ্চারে। দক্ষিণ ভিয়েতনামের দুর্ভেদ্য জঙ্গল নির্মূল করে ভিয়েতকং গেরিলাদের ঘাঁটি উন্মুক্ত করার অভিপ্রায়ে আমেরিকান সৈন্যরা ১৯৬০ থেকে এক দশকেরও অধিক কাল জুড়ে আকাশ থেকে দক্ষিণ ভিয়েতনামের এক চতুর্থাংশ মাটির উপর ছড়িয়েছিল ৮ কোটি লিটার পল্লবঘাতক মারণ রাসায়নিক, যার ৬১ শতাংশই ছিল কুখ্যাত ‘এজেন্ট অরেঞ্জ’-এর ডায়ক্সিন। রেহাই কেউই পায় না - গাছ, মাটি, জল কিংবা মানুষ। তিরিশ লক্ষ ভিয়েতনামি এর শিকার হন। তাঁদের স্নায়ুতন্ত্রে, চামড়ায়, ফুসফুসে, খাদ্যনালী ও অন্ত্রে, যকৃতে, থাইরয়েড ও অন্তঃস্রাবী গ্রন্থিতে আর রক্তে ছড়িয়ে যায় নিরাময়হীন অসুখ।
ডায়ক্সিনের জেনটক্সিক প্রভাব ছড়িয়ে পড়ে পরবর্তী প্রজন্মগুলিতে । পঙ্গুত্ব, অন্ধত্ব বা বধিরতা নিয়ে জন্মায় কেউ, কেউ জন্মায় স্নায়ু বা মনোবৈকল্য নিয়ে, কারো দেহে জন্মকালেই উপ্ত হয়ে যায় ক্যানসারের বীজ। এজেন্ট অরেঞ্জ আক্রান্ত করেছে যুদ্ধপরবর্তী তিন প্রজন্মকে। দ্বিতীয় প্রজন্মের দেড় লক্ষাধিক, তৃতীয় প্রজন্মের পঁয়ত্রিশ হাজার, আর চতুর্থ প্রজন্মের দু-হাজার মানুষ তাদের শরীর দিয়ে বহন করছে, করেছে, পূর্বপ্রজন্মে
ঘটে যাওয়া যুদ্ধের প্রভাব।
আরও ছিল জাপান ও কোরিয়ায় পরীক্ষোত্তীর্ণ ন্যাপাম বোমা । এই আগুনবর্ষী বোমা প্লাস্টিক পলিস্টিরিন, হাইড্রোকার্বন বেঞ্জিন আর গ্যাসোলিনের এক বিধ্বংসী সমাহার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বোমা যতটা ব্যবহৃত হয়েছিল, এই গরিব দেশটির উপর বর্ষিত হয়েছিল তার তিনগুণেরও বেশি।
ওয়ার রেমন্যান্ট মিউজিয়ামের দোতলার একটি দেয়ালে যেন স্তব্ধ হয়ে আছে বহুদূর অতীতের সেই নির্মম মুহূর্ত। পিছনে কিছু দূরে যেখানে তাদের গ্রাম ছিল, সেখানে ন্যাপাম বোমার কালো ধোঁয়া ঢেকে দিচ্ছে মাটি, ঢেকে দিচ্ছে আকাশ, তার কালো ছায়া সামনে রাস্তায় ও মাঠে তৈরি করছে এক অপার্থিব গোধূলি, আর তৃতীয় বিশ্বের এই দারিদ্র্যভারাতুর দেশের সেই অলৌকিক মসৃণ রাস্তা জুড়ে, ভৌতিক আলোয়, উদভ্রান্ত ত্রাসে ছুটে চলেছে পাঁচটি বালক-বালিকা। মাঝের বালিকাটি নিরাবরণ; প্রাণভয়ে দৌড়ের সময় সে কি লজ্জা ভুলেছিল ত্রাসে, না কি ন্যাপাম বোমার দেহে লেপ্টে যাওয়া রাসায়নিকই নৃশংস দগ্ধতায় জড়িয়ে ছিল তার শরীর? নিক উট-এর তোলা বিশ্ববিখ্যাত এই সাদাকালো আলোকচিত্র ‘ন্যাপাম গার্ল’-এর সামনে দাঁড়িয়ে থাকতে হল বহুক্ষণ। ছবির কেন্দ্রবিন্দুর নির্মমতা চুঁইয়ে পড়ছে ফ্রেম জুড়ে, পৌঁছে যাচ্ছে রাস্তার সবচেয়ে ডানদিকে ছুটে চলা শিশুটির দিকে, যে হয়তো হাঁটতে শিখেছে আগের বছর, এখন যে দৌড়চ্ছে ধ্বংস থেকে আপাত দূরে, যুদ্ধের ঝড় যাকে উড়িয়ে নিয়ে আসছে সামনের দিকে, কিন্তু পল ক্লী-র অসহায় দেবদূতটির[1] মতোই যার মুখ ফেরানো পিছনে, যেদিকে সৈন্য, যেদিকে আকাশজুড়ে ধ্বংস উড্ডীন ।
আলোকচিত্রের ফ্রেমগুলি প্রজন্ম পেরিয়ে পেরিয়ে এসে পড়ে বর্তমানে। যুদ্ধের আগুন, ভয়, আর নৃশংসতা শেষ হলে পড়ে থাকে এক মৃত্যুধূসর উপত্যকা, সেখানে মাইলের পর মাইল গাছের কঙ্কাল দাঁড়িয়ে থাকে। মানবদেহে প্রবিষ্ট হয়ে যায় অন্য যুগের, অন্য মানুষের পাপ।
কাঠের খাঁচায় সারাক্ষণ বন্দি থাকে ২১ বছরের মেয়ে গুয়েন থি মেন (Nguyen Thi Men), বাবাকে চিনতে পারে, হাত বাড়িয়ে ছুঁতে চায়। বাবা লড়েছিল ট্রুয়ং সন পাহাড়ে, যেখানে ছড়ানো হয়েছিল ‘এজেন্ট অরেঞ্জ’-এর ডায়ক্সিন স্প্রে। থি মেনের জন্ম সেই ডায়ক্সিন মাখা ভ্রূণ থেকে। জন্মাবধি সে যা কিছু হাতের নাগালে পায় তাই মুখে নিয়ে চিবোয় আর গিলে নিতে চায়। তাকে আটকিয়ে রাখতে হয় খাঁচায়।[2] কুড়ি আর আঠারো বছরের দুই ভাই ট্রুয়ং (Truong) আর ল্যান (Lanh)-এর বিরতিহীন কান্না আর অসংলগ্ন চিৎকার তাদের ছোটো মাটির ঘর থেকে রাত্রিদিন ভেসে আসে। হঠাৎ কখনো তারা পরস্পরকে আঁকড়ে ধরে। যেন সান্ত্বনা চায়, দেয়।[3] চোদ্দো বছরের দোয়ান ভান দোয়ান (Doan Van Doan) বসতে পারে, কিন্তু হাঁটতে পারে না, কথা বলতে পারে না। সহজ কিছু কথা বুঝতে পারে, শব্দে সাড়া দেয়।[4]
স্নায়ুতন্ত্রের বৈকল্যপীড়িত এইসব ভাগ্যহীন ভেষজ জীবনের নিমিত্তমাত্র যারা, সেইসব জনক-জননী এইসব আলোকচিত্রের ফ্রেমে কখনো কখনো ঢুকে যায়। কখনো বাবার শুধুমাত্র তিনটি আঙুল দেখা যায়, ছুঁয়ে আছে খাঁচাবন্দি মেয়ের আঙুল । চোদ্দো বছরের মেয়ে দোয়ানকে কোলে নিয়ে বসে থাকে চিত্রার্পিত মা, চিরকালের ব্যথার ছবি হয়ে। আত্মজর জরজীবন দিয়ে এরা বয়ে চলেছে কবেকার যুদ্ধভার।

থুই লিন (Thuy Linh)-এর দাদু যুদ্ধে হেলিকপ্টার মেকানিকের কাজ করতেন; আট বছর ‘এজেন্ট অরেঞ্জ’-এর দূষণ-প্রভাবে কাটিয়ে ১৯৭২-এ লিউকেমিয়ায় মারা যান। থুই লিনের জন্মাবধি একটিও হাত নেই। ছবির পর ছবি এঁকে চলে প্রতিভাবান, শিল্পীজন্মাভিলাষী কিশোরী, তার ডান পায়ের দুটি আঙ্গুলের মাঝে প্যাস্টেল ধরে। তার জন্মলাঞ্ছিত দেহের উপর এসে পড়ে ভবিষ্যতের আলো।[5] ১৯৯১-এ জন্মানো নুয়েন হোয়াং অ্যান (Nguyen Hoang Anh)- এর হাত-পায়ের সংখ্যা যদিও হিসাবমত চারই, তবু তারা তাকে দাঁড়াতে বা বসতে সাহায্য করে না একটুও। হোয়াং অ্যান তবু এক তির্যক আধশোয়া ভঙ্গিতে তার চোখ নিয়ে এসেছে দুই হাত দিয়ে আপ্রাণ চেষ্টায় খোলা বইয়ের পাতায়। ফ্রেমের নীচে লেখা আছে ‘Desire for learning’.[6]

ওয়ার রেমন্যান্ট মিউজিয়ামের দোতলার দেয়ালে টাঙানো এইসব আলোকচিত্রের বিষাদে হাঁটতে হাঁটতে একসময় এসে পড়লাম একটি প্রদর্শনী-বিপণিতে। সেখানে কয়েকজন প্রাপ্তবয়স্কের তত্ত্বাবধানে যে কিশোর কিশোরীরা তাদের শিল্পসম্ভার নিয়ে বসে আছে, বুঝতে অসুবিধে হল না একটু আগে এদেরই মতো অনেকের আলোকচিত্র দেখছিলাম এই ঘরের বাইরের লবিতে। আমার সামনের এইসব রক্তমাংসের ছেলেমেয়েগুলিই অর্ধশতাব্দী আগে ছোঁড়া রাসায়নিক অস্ত্রের নবীন শিকার। কেউ বানিয়েছে ভিয়েতনামি টুপি পরা ফ্রিজ ম্যাগনেট, কেউ এঁকেছে ফুটবল খেলার ছবি, কেউ-বা এঁকেছে অঙ্কনরত নিজেদেরই ছবি। যারা যুদ্ধ আঁকেনি, তাদের ইজেলেও যুদ্ধের ধবংস লেগে আছে। ফুটবল আছে, কিন্তু পুরো হাত নেই খেলোয়াড়ের। ছবির ভিতর বসে যে আঁকে, তারও হাত নেই। যেন চিত্রশিল্পী থুই লীনকেই এঁকেছে ১২ বছরের ন্যুয়েন থি থু হিয়েন। আর ১৫ বছরের দিন কোয়াইন নু (Dinh Quynh Nhu) জলরঙে এঁকেছে ‘এজেন্ট অরেঞ্জ’। ইউ এস এ নামাঙ্কিত দুটি বিমান থেকে নেমে আসছে গাঢ় কমলা, আর সেই রঙে ঝলসানো গাছগুলি মাথা তুলে আছে সমর্পণের ভঙ্গিতে।



এই বিপণি থেকে কিছু স্মারক কিনলাম। কিন্তু জন্ম নিল এক জটিল অস্বস্তি । এই ক্রয়সিদ্ধান্তে শিল্পমূল্যের কোনো বিচার করিনি। ছিল শুধু সাহায্যের অভিপ্রায়। এইসব বিক্রয়লব্ধ অর্থ দিয়ে হয়তো কঠিন রোগগুলির চিকিৎসা হবে। হয়্তো দৈনন্দিন ক্ষুন্নিবৃত্তি হবে। এরাও কি সেই আশাতেই তাদের সামগ্রী সাজিয়ে বসে থাকে দিনের পর দিন? আজ এতদিন পরেও ঘরটার স্তব্ধতার কথা মনে পড়ে। যেন যুদ্ধাপরাধীর কাছে ন্যায্য ক্ষতিপূরণের দাবি এক প্রতিকারহীন পৃথিবীতে ক্লান্ত হতে হতে মিউজিয়ামের এক নিস্তব্ধ বিপণির ক্যাস মেশিনে পড়ে আছে। দুটি ঘর আগে একটি নিদর্শনে লেখা আছে কয়েক বছর আগে ভিয়েতনাম সফরে এসেছিলেন আমেরিকার রাষ্ট্রপ্রধান বারাক ওবামা। ভিয়েতনামকে সাহায্যের উদ্যোগের কথা বলেছেন তিনি।
'সাহায্য' এক আশ্চর্য শব্দ। যেন ইতিহাস মুছে গেছে, যেন অপরাধ ছিল না কোথাও, যেন ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই তাই।
প্রকৃত প্রস্তাবে তিনি এসেছিলেন সেই কারণে যে কারণে তাঁর পূর্বসূরিদের সৈন্য এসেছিল এই হতভাগ্য দেশে, কমিউনিজমের ‘ডমিনো প্রভাব’ রুখতে। তাই ‘সাহায্য’ও একটু বেশিই বলা হয়ে গেল। যুদ্ধের বিকল্পই হয়তো বলা সমীচীন একে। বিকল্প, কেননা নতুন বিশ্বে সেই যুদ্ধ হয়তো আর সম্ভব নয়। বিকল্প, কেননা মার্কিন রাষ্ট্রশক্তির পক্ষে সম্ভব নয় ভুলে যাওয়া ভিয়েতনাম যুদ্ধে মৃত আমেরিকানদের ক্ষুব্ধ, বেদনাহত পরিজনদের থেকে আসা আভ্যন্তরীণ প্রতিরোধ ও অভিশাপ।
ফেরার দিন ট্যান সন ন্যাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে ওড়ার সময় ভাবছিলাম মাটির কথা। পর্যটকরা একসময় উড়ে চলে যায়। কিন্তু তাদের ঘটিয়ে যাওয়া যুদ্ধের বিষাক্ত ডায়ক্সিন আর বিস্ফোরক বুকে নিয়ে মাটি পড়ে থাকে, আগামী তিন প্রজন্মের তিন লক্ষ সন্তানের ব্যাধি ও মৃত্যুর দূত হয়ে, চোদ্দো বছরের মেয়ে দোয়ানকে কোলে নিয়ে বসে থাকা তার মায়ের মতো।

চিত্রঋণ: হো চি মিন সিটির ওয়ার রেমন্যান্ট মিউজিয়াম আর বুই ভ্যুয়েন স্ট্রিটের নৈশ দৃশ্য।
[1]ওয়ালটার বেঞ্জামিন, : Theses_on_History,অনুবাদ: Dennis Redmond
[2] আলোকচিত্র: দোয়ান দুক মিন (Doan Duc Minh)
[3]আলোকচিত্র: দোয়ান দুক মিন (Doan Duc Minh)
[4]আলোকচিত্র: ফিলিপ জোন্স গ্রিফিথস (Philip Jones Griffiths), ১৯৯৪
[5]আলোকচিত্র: দোয়ান দুক মিন (Doan Duc Minh)
[6]আলোকচিত্র: ন্যুয়েন দিন ক্যুয়ক ভান (Nguyen Dinh Quoc Van)


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।